ঢাকা সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ইং ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

রাজধানীর আগারগাঁওয়ে স্বপ্নের বুননে সেজেছে ১৩তম জাতীয় এসএমই মেলা


রাজধানীর আগারগাঁওয়ে স্বপ্নের বুননে সেজেছে ১৩তম জাতীয় এসএমই মেলা

রাজধানীর আগারগাঁওয়ে ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা শুরু হয়েছে। সাত দিনের এই মেলায় শতভাগ দেশীয় পণ্য নিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা অংশগ্রহণ করেছেন। উদ্যোক্তাদের মধ্যে কেউ রাঙামাটির ঐতিহ্যবাহী গহনা নিয়ে এসেছেন, কেউ স্বাস্থ্য ও রূপচর্চার উপকরণ তৈরি করছেন দেশীয় কাঁচামাল দিয়ে, আবার কেউ পাটের সোনালি আঁশ, মাটি, পিতল বা বাঁশ-বেত দিয়ে তৈরি ঘর সাজানোর সামগ্রী নিয়ে এসেছেন। এসব পণ্য দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের বাজারেও পৌঁছাচ্ছে। যদিও পণ্যের ধরন ভিন্ন, উদ্যোক্তাদের লক্ষ্য এক—দেশীয় উপকরণ ও সৃজনশীলতা কাজে লাগিয়ে নতুন বাজার তৈরি করা।

মেলা ঘুরে দেখা যায়, দেশীয় ঐতিহ্য, স্থানীয় কাঁচামাল ও আধুনিক নকশার সমন্বয়ে তৈরি হচ্ছে নানা ধরনের পণ্য। উদ্যোক্তারা মেলাকে শুধু পণ্য বিক্রির সুযোগ হিসেবে দেখছেন না, বরং নিজেদের উদ্যোগের পরিচিতি বাড়ানো, ক্রেতা খুঁজে পাওয়া এবং নতুন বাজার তৈরির সুযোগ হিসেবেও দেখছেন।

গতকাল রোববার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান এ মেলার উদ্বোধন করেন। উদ্বোধনের পর সবার জন্য মেলা উন্মুক্ত করে দেওয়া হয়। প্রথম দিকে দর্শনার্থীর সংখ্যা কম থাকলেও দুপুর গড়িয়ে বিকেল হতেই ক্রেতা ও দর্শনার্থীদের ভিড় বাড়তে থাকে। কেউ পরিবারের সঙ্গে এসেছেন, কেউ প্রিয়জনকে নিয়ে এসেছেন, আবার অনেকেই একাই এসেছেন। তাদের লক্ষ্য আজ পছন্দ হলে কিনবেন অথবা পরে ফিরে এসে কিনবেন।

আরও পড়ুন: যথেচ্ছ বিও হিসাবের মাধ্যমে শেয়ার কারসাজি

ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার মেলবন্ধন

মেলায় রাঙামাটির ঐতিহ্যবাহী পণ্য নিয়ে অংশ নিয়েছেন উদ্যোক্তা রিতেশা চাকমা। তিনি পাহাড়ি অঞ্চলের ঐতিহ্যবাহী উপকরণ ও নকশাকে নতুনভাবে উপস্থাপন করেন। রাঙামাটি থেকে বিভিন্ন পণ্য ঢাকায় এনে সেগুলোতে নতুন নকশা ও উপকরণের সমন্বয় করেন। সিল্কের চুড়িসহ কিছু পণ্য রাঙামাটি থেকে সংগ্রহ করা হয় এবং কিছু গহনায় রাঙামাটির ঐতিহ্যবাহী উপকরণের সঙ্গে ঢাকার উপকরণ যুক্ত করা হয়।

রিতেশার কাজের ধরন সম্পর্কে জানা যায়, তিনি ঐতিহ্যবাহী নকশাকে হুবহু ধরে রাখার পাশাপাশি আধুনিকতার সঙ্গে মিশিয়ে নতুন পণ্য তৈরি করেন। এতে একদিকে পাহাড়ি সংস্কৃতির পরিচয় বজায় থাকে, অন্যদিকে ক্রেতাদের রুচি ও পছন্দের সঙ্গে মিলিয়ে পণ্য সাজানোর সুযোগ তৈরি হয়।

দেশীয় ঐতিহ্যকে নতুনভাবে তুলে ধরার এই উদ্যোগের পাশাপাশি মেলায় রয়েছে প্রাকৃতিক উপকরণে তৈরি স্বাস্থ্য ও রূপচর্চার সামগ্রী। চট্টগ্রামের তিন বন্ধু খালিদ হোসাইন অয়ন, আরিফুর রহমান ও নিশাদের উদ্যোগ দীঘল ও আঁচারী প্রায় দেড় লাখ টাকা দিয়ে শুরু হয়েছিল। বর্তমানে তারা বছরে প্রায় এক কোটি টাকার পণ্য বিক্রি করছেন।

আরও পড়ুন: লেনদেনের শুরুতেই দক্ষিণ কোরিয়ার শেয়ারবাজারে ৩ শতাংশ পতন

দীঘলে রয়েছে বিভিন্ন ধরনের কোল্ড প্রেসড ও এসেনশিয়াল অয়েল, হারবাল হেয়ার অয়েল, হেয়ার প্যাক, মেহেদি গুঁড়া, কাঠের চিরুনি, নারিকেল, তিল, তিসি, কালোজিরা ও মেথিসহ বিভিন্ন উপাদানের তেল। তাদের কাঠের চিরুনির সংখ্যা প্রায় ৩০ ধরনের। কিছু পণ্য তারা নিজেদের তৈরি করেন, আবার বাংলাদেশে পাওয়া যায় না—এমন কাঠের উপকরণ বিদেশ থেকে সংগ্রহ করেন।

অন্যদিকে, ‘আঁচারী’তে রয়েছে বিভিন্ন ধরনের আচার ও খাবার। তাদের সংগ্রহে কাঁচা তেঁতুলের মোরব্বা, বালাচাওসহ প্রায় ৩২ ধরনের আচার ও খাবার রয়েছে। অয়নের দাবি, তাদের বালাচাও তেল ছাড়া তৈরি করা হয়। ক্রেতাদের পণ্য চেখে দেখার সুযোগও দেওয়া হয়। মেলায় বিনামূল্যে দর্শনার্থীদের খাওয়ানোর উদ্দেশ্য সম্পর্কে অয়ন বলেন, ক্রেতারা স্বাদ ও মান যাচাই করে পছন্দ করলে পরে ওয়েবসাইট থেকে সহজেই অর্ডার করতে পারবেন।

তিন বন্ধুর এ উদ্যোগে চট্টগ্রাম ও ঢাকায় মিলিয়ে নিয়মিত সাত-আটজন করে কাজ করেন। মেলা বা বিশেষ সময়ে দুই-তিনজন কর্মী কাজে যুক্ত করতে হয়। আউটলেটের পাশাপাশি অনলাইন থেকেও ক্রেতারা অর্ডার করতে পারবেন বলে জানান অয়ন।

ছোট পুঁজি থেকে বড় উদ্যোগ

আরও পড়ুন: মেট্রোরেল স্টেশনে দোকান ভাড়া, জেনে নিন আবেদনের নিয়ম

উদ্যোক্তা হওয়ার গল্পে বড় বিনিয়োগ সব সময় মুখ্য নয়। মীর তাসমিয়ার ব্যবসা শুরুর গল্প তারই উদাহরণ। ২০১৬ সালের ডিসেম্বরে মাত্র ২,৫০০ টাকা পুঁজি নিয়ে ব্যবসা শুরু করেন তিনি। শুরুতে অল্প পরিমাণে রসুনের আচার, মুড়ি ও নাড়ুসহ কয়েক ধরনের পণ্য তৈরি করতেন। সময়ের সঙ্গে পণ্যের সংখ্যা ও ব্যবসার পরিধি বেড়েছে। বর্তমানে তার ব্যবসার আকার দুই লাখে ঠেকেছে।

তাসমিয়ার পণ্যের তালিকায় রয়েছে রসুন, জলপাই, আম, তেঁতুল, বড়ই, আলুবোখারা ও বোম্বাই মরিচের আচার, চিংড়ি মাছের বালাচাও, নারিকেল ও তিলের নাড়ু, কফি নাট, ঘি, আমসত্ত্ব, কালোজিরা, তিল, নারিকেল ও সরিষার তেল। এছাড়া ঢেঁকিছাঁটা লাল চাল, লাল চিড়া, জবের ছাতু, মাষকলাই ডালের গুঁড়া, লাল আটা, চালের গুঁড়া ইত্যাদি পণ্য তৈরি করেন তিনি।

একসময় ধানমন্ডির জয়িতা ফাউন্ডেশনে তার পণ্য বিক্রির দোকান ছিল। সেটি বন্ধ হয়ে যাওয়ার পর এখন বাসা থেকেই ব্যবসা পরিচালনা করছেন। পরিচিত ক্রেতারা বাসা থেকে পণ্য সংগ্রহ করেন, আবার প্রয়োজন অনুযায়ী পাঠাও বা কুরিয়ারে পণ্য পাঠান। মাসভেদে তার বিক্রি ২০ থেকে ৪০ হাজার টাকার মধ্যে ওঠানামা করে। অনলাইনে প্রচার ও বিক্রির সুযোগ থাকলেও সীমিত জনবল এবং সময়ের অভাবে এখনো সে পথে পুরোপুরি যেতে পারেননি তিনি।

শত শত নারীর কর্মসংস্থানে দেশীয় পণ্য

আরও পড়ুন: বাংলাদেশ-নেপাল বাণিজ্য, জ্বালানি ও যোগাযোগে সহযোগিতা বাড়াতে চায়

নারীদের কর্মসংস্থানের সুযোগ তৈরির মাধ্যমে দেশীয় পণ্য উৎপাদনে ভূমিকা রাখছে ‘অঙ্গশ্রী’। উদ্যোক্তা শিখার এ প্রতিষ্ঠানের যাত্রা শুরু ২০১৪ সালে। প্রথম দিকে পাইকারি ব্যবসা করতেন তিনি। পরে দুটি বিক্রয়কেন্দ্র চালু করেছেন। তার প্রতিষ্ঠানে গ্রামীণ ও প্রান্তিক নারীদের হাতে তৈরি পোশাক ও হোম ডেকোর পণ্য পাওয়া যায়।

শিখা জানান, গ্রামের প্রায় ৪৫০ জন নারী তাদের ঘরে বসে নিয়মিত কাজ করেন। তাদের দিয়ে কাপড়ে ছাপা, সুতা দিয়ে সেলাইসহ বিভিন্ন ধরনের কাজ করানো হয়। এছাড়া কারখানা ও শোরুম মিলিয়ে ১৫ জন কর্মী রয়েছেন। তার পণ্যের মধ্যে রয়েছে নারীদের পোশাক, মাটির ও পিতলের অলংকার, বাঁশ-বেতের ঘর সাজানোর সামগ্রী এবং রিকশা পেইন্টের নকশায় তৈরি পণ্য।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের ছাত্রী হওয়ায় নিজের পণ্যে লোকজ মোটিফ ও ঐতিহ্যের ছাপ রাখতে চান শিখা। তবে বাজারে টিকে থাকতে ক্রেতাদের সামর্থ্যের বিষয়টিও বিবেচনায় রাখেন। তাই ৫০০ থেকে ৭০০ টাকার মধ্যে দৈনন্দিন ব্যবহারের উপযোগী স্লাব কটনের পোশাকও তৈরি করেন। টাঙ্গাইলের তাঁতিদের কাছ থেকে নিজেদের নকশায় তাঁতের শাড়ি তৈরি করিয়ে এনে তার ওপর নানা ধরনের নকশা করেন। তার প্রতিষ্ঠানের কারখানা ও শোরুমে কাজ করা কর্মীদের সবাই নারী এবং তাদের অনেকেই শিক্ষার্থী।

মেলায় অংশ নেওয়া উদ্যোক্তাদের গল্পে যেমন নতুন পণ্য উদ্ভাবন, কর্মসংস্থান ও বাজার সম্প্রসারণের চিত্র রয়েছে, তেমনি আছে বিক্রি কমে যাওয়া, সীমিত পুঁজি, জনবল সংকট এবং বিপণনের সীমাবদ্ধতা।

আরও পড়ুন: রাজশাহীতে শুরু হলো মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ক্যালিফোর্নিয়া ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা, নিরাপত্তা ব্যর্থতার অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

১২:৫২ পি.এম


ক্যালিফোর্নিয়া ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা, নিরাপত্তা ব্যর্থতার অভিযোগ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করেছে, অভিযোগ আনা হয়েছে যে প্রতিষ্ঠানটি কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে এবং জননিরাপত্তা ঝুঁকিতে ফেলেছে। রবিবার ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল রব বন্টা এ তথ্য প্রকাশ করেন।

রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, রব বন্টা রবিবার একটি সাপ্তাহিক সংবাদপত্রে প্রকাশিত নিবন্ধে বলেন, ওপেনএআই ব্যবসার প্রসার ও দ্রুত কাজ করাকে নিরাপত্তার চেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। তিনি আরও উল্লেখ করেন, প্রতিষ্ঠানটি বিপদের আগাম সংকেতগুলো উপেক্ষা করেছে এবং নিজেদের এআই মডেলগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে।

তিনি জানান, এ কারণে ওপেনএআইকে জবাবদিহির আওতায় আনতে চলতি সপ্তাহে মামলা করা হয়েছে। ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য সরকার ১৬ নভেম্বর মামলাটি দায়ের করে। মামলায় রব বন্টা অভিযোগ করেন, ওপেনএআই পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা ও তদারকি ছাড়াই বিপজ্জনক প্রযুক্তিপণ্য তৈরি করেছে।

এছাড়াও, বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে যে ওপেনএআইয়ের এআই মডেলগুলো নিজেই সাইবার হামলা চালিয়েছে। এসব প্রতিবেদনের প্রেক্ষাপটে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে নিরাপত্তা ঘাটতির অভিযোগ আনা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তামিলনাড়ুর তিরুচিরাপল্লিতে অনুষ্ঠান শেষে ফেরার পথে গাড়ি গাছে ধাক্কা, নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

১২:৫২ পি.এম


তামিলনাড়ুর তিরুচিরাপল্লিতে অনুষ্ঠান শেষে ফেরার পথে গাড়ি গাছে ধাক্কা, নিহত ৮

ভারতের তামিলনাড়ুর তিরুচিরাপল্লি জেলায় একটি গাছে ধাক্কা লেগে গাড়িতে থাকা আটজন নিহত হয়েছেন এবং আরো দুজন গুরুতর আহত হয়েছেন। রবিবার (২২ নভেম্বর) বিকেলে কোথুরপট্টি চার রাস্তার সংযোগস্থলের কাছে এই দুর্ঘটনা ঘটে। প্রাণহানির এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী।

ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, নামাক্কাল জেলার এরুমাপট্টিতে একটি কান ফোঁড়ানোর অনুষ্ঠান শেষে থাঞ্জাভুর জেলার থিরুকাত্তুপল্লিতে ফেরার পথে গাড়িটি একটি নিমগাছে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই পাঁচজন আরোহী মারা যান। পরে মুসিরি সরকারি হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় বাকি তিনজনের মৃত্যু হয়।

নিহতদের মধ্যে রয়েছেন—থাঞ্জাভুরের থিরুকাত্তুপল্লীর মহারাজাপুরমের বাসিন্দা মানিকম, মুরুগান, রাজেশ, শক্তিভেল ও সুব্রামনি; থাঞ্জাভুর জেলার সাথানুরের সাঙ্গিলি; এবং ভিলুপুরম জেলার পাভাদাই (৫০) ও সীতারামন। দুর্ঘটনায় গুরুতর আহত সাথানুরের বাসিন্দা রামালিঙ্গম ও রামর বর্তমানে মুসিরি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত চলছে।

ঘটনায় শোক প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ক্ষতিগ্রস্তদের জন্য আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিবৃতি অনুযায়ী, নিহতদের প্রত্যেকের নিকটাত্মীয়কে ২ লাখ টাকা এবং আহতদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও এক্স-এ দেওয়া পোস্টে দুর্ঘটনাকে ‘অত্যন্ত দুর্ভাগ্যজনক’ আখ্যা দিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। এদিকে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয় গভীর শোক প্রকাশের পাশাপাশি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন আহত দুই ব্যক্তির বিশেষায়িত চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজ ২৩ নভেম্বর পালিত হচ্ছে জাতীয় এসপ্রেসো দিবস

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

১২:৫৩ পি.এম


আজ ২৩ নভেম্বর পালিত হচ্ছে জাতীয় এসপ্রেসো দিবস

কফিপ্রেমীদের কাছে এসপ্রেসো একটি পরিচিত পানীয়। এর ঘন স্বাদ ও তীব্র সুবাসের কারণে এটি বিশ্বব্যাপী জনপ্রিয়। আজ ২৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে জাতীয় এসপ্রেসো দিবস পালিত হচ্ছে। এই দিনটি উপলক্ষে এসপ্রেসোর ইতিহাস, প্রস্তুতপ্রণালি ও এর জনপ্রিয়তা নিয়ে আলোচনা করা হয়ে থাকে।

এসপ্রেসো কী?

এসপ্রেসো আসলে কফি তৈরির একটি বিশেষ পদ্ধতি। এই প্রক্রিয়ায় সূক্ষ্মভাবে গুঁড়া করা কফির ওপর উচ্চচাপে গরম পানি প্রবাহিত করা হয়। ফলে অল্প পরিমাণে তৈরি হয় ঘন ও তীব্র স্বাদের কফি। এর ওপর সোনালি-বাদামি রঙের যে পাতলা ফেনার স্তর তৈরি হয়, তাকে ‘ক্রেমা’ বলা হয়।

এসপ্রেসো সরাসরি পান করা যেতে পারে। আবার এটি ক্যাপুচিনো, লাটে, মক্কা ও ম্যাকিয়াতোর মতো জনপ্রিয় কফি তৈরির অন্যতম উপাদান হিসেবেও ব্যবহৃত হয়।

এসপ্রেসোর ইতিহাস

এসপ্রেসোর আধুনিক বিকাশের ইতিহাস ইতালির সঙ্গে জড়িত। ১৮৮৪ সালে ইতালির উদ্ভাবক অ্যাঞ্জেলো মোরিওন্দো দ্রুত কফি তৈরির জন্য একটি বাষ্পচালিত যন্ত্রের পেটেন্ট নেন। পরে ১৯০১ সালে লুইজি বেজ্জেরা এসপ্রেসো তৈরির যন্ত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনেন। সময়ের সঙ্গে প্রযুক্তির উন্নয়ন ঘটায় এসপ্রেসো মেশিনও আধুনিক রূপ লাভ করে।

সাধারণ কফির সঙ্গে পার্থক্য

এসপ্রেসো এবং ফিল্টার কফির মধ্যে প্রধান পার্থক্য তৈরির পদ্ধতিতে বিদ্যমান। এসপ্রেসো উচ্চচাপে গরম পানি ব্যবহার করে তৈরি করা হয়, যেখানে ফিল্টার কফি তৈরিতে গুঁড়া কফির ওপর দিয়ে ধীরে ধীরে গরম পানি প্রবাহিত করা হয়। এই কারণে এসপ্রেসোর স্বাদ তুলনামূলকভাবে ঘন ও তীব্র হয়ে থাকে।

কীভাবে দিবসটি পালন করা হয়?

জাতীয় এসপ্রেসো দিবস উপলক্ষে কফিপ্রেমীরা বিভিন্ন ধরনের এসপ্রেসোভিত্তিক পানীয় উপভোগ করেন। কফিশপগুলোতেও এ ধরনের পানীয় নিয়ে নানা আয়োজন করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে নিজেদের পছন্দের কফির ছবি ও অভিজ্ঞতা শেয়ার করেন।

এটি উল্লেখযোগ্য যে, জাতীয় এসপ্রেসো দিবস যুক্তরাষ্ট্রভিত্তিক একটি অনানুষ্ঠানিক দিবস। এটি জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক দিবস নয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিএনপি কার্যালয় পোড়ানোর ঘটনায় সাবেক ছাত্রদল নেতা আসামি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

১২:৫৪ পি.এম


বিএনপি কার্যালয় পোড়ানোর ঘটনায় সাবেক ছাত্রদল নেতা আসামি

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ওয়ার্ড বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় জেলা ছাত্রদলের সাবেক নেতা এবং তার পিতাকে আসামি হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই ঘটনার ফলে স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

অভিযোগ উঠেছে যে, দুই বলয়ের মধ্যে বিরোধের কারণে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসানকে ছাত্রলীগের সদস্য হিসেবে এবং তার পিতা আলতাফ সরদারকে আওয়ামী লীগ নেতা হিসেবে দেখিয়ে মামলায় ৫ ও ৬ নাম্বার আসামি করা হয়েছে। তাদের বসবাস ফতুল্লার রামারবাগ এলাকায়।

সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ফতুল্লার লালঁখা এলাকায় অবস্থিত কুতুবপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এর পর শনিবার (২১ নভেম্বর) রাতে ওয়ার্ডের সাধারণ সম্পাদক ফারুক মাতবর বাদী হয়ে ৬৮ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে ফতুল্লা থানায় মামলা দায়ের করেন। মামলায় ৩০ জনকে অজ্ঞাত আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।

মেহেদী হাসান মন্তব্য করেন, "২০২২ সালের নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনির কমিটির সহসাংগঠনিক সম্পাদক পদে ছিলাম। আমি দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত। মূলত মামলার বাদী ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আমাদের দূর সম্পর্কের আত্মীয়। তিনি বিএনপির এক বলয়ের রাজনীতি করেন, আমরা আরেক বলয়ের রাজনীতি করি। এই কারণেই আমাদের নামে মামলা দিয়ে হয়রানি করছেন।"

তিনি আরও বলেন, "মামলার বাদী ফারুক মাতবরের সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে বলেছেন, এটা ওপর থেকে আসছে। আমি শুধু বাদী হিসেবে সাইন করছি।"

মামলার বাদী ফারুক মাতবর বলেন, "এটা সাংগঠনিক ব্যাপার। কোন খানে কার নাম দিছে ওইটা তো বুঝা যায় না। মিসটেকও হইতে পারে দুই একটা। যারা মামলা দিয়েছে তারা হয়তো জানে না ছেলেটা বিএনপির সঙ্গে সংশ্লিষ্ট।"

ফতুল্লা থানার ওসি মাহবুব আলম জানান, "মামলায় ছাত্রদলের কেউ আছে কি না, এটা বাদী বলতে পারবেন। আমরা তো কারো দলীয় পরিচয় দেখি না। আমরা বাদীর অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করেছি। পরবর্তীতে তদন্তে বিস্তারিত বেরিয়ে আসবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%