ঢাকা সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ইং ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

কানাইঘাট সীমান্তে ১২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ


কানাইঘাট সীমান্তে ১২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

সিলেট, ১৫ নভেম্বর, ২০২৬ : কানাইঘাট সীমান্তে অভিযান পরিচালনা করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১২ লাখ ৮ হাজার টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে।

গোপন তথ্যের ভিত্তিতে আজ বিজিবি সিলেট সেক্টরের অধীন জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এই অভিযানটি সম্পন্ন করে।

বিজিবি সূত্রে জানা গেছে, সুরাইঘাট বিওপির একটি বিশেষ টহলদল কানাইঘাট উপজেলার সীমান্ত থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সিংগারখাল নামক স্থানে অভিযান চালায়।

আরও পড়ুন: ঢাকা-পাবনা রুটে চলবে ভারত থেকে আনা ১৮ রেলকোচ

অভিযানের সময় মালিকবিহীন অবস্থায় পাওয়া যায় ২০০ কেজি ভারতীয় চিনি, ৩০ কেজি কিসমিস, ৬৯০ কেজি জিরা, বিভিন্ন ধরনের ১৫টি শাড়ি এবং ৬২০টি ফেসওয়াশ। জব্দ করা পণ্যের মোট মূল্য ১২ লাখ ৮ হাজার টাকা।

জকিগঞ্জ ব্যাটালিয়ন জানায়, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে এবং চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হচ্ছে। নিয়মিত বিশেষ অভিযানও চালানো হচ্ছে। সিংগারখাল এলাকায় এই অভিযান তারই অংশ।

জব্দ করা মালামাল কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। বিজিবি জানিয়েছে, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও পড়ুন: বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে নিশ্ছিদ্র নিরাপত্তা, স্থাপন হবে সিসি ক্যামেরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাধবপুরে তাহেরীর মাহফিলে বক্তব্য দেওয়া হলো না, মঞ্চে জুবায়ের কামালের অবস্থান নিয়ে বিতর্ক

আন্তর্জাতিক ডেস্ক

হবিগঞ্জ প্রতিনিধি

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

১০:১৫ এম


মাধবপুরে তাহেরীর মাহফিলে বক্তব্য দেওয়া হলো না, মঞ্চে জুবায়ের কামালের অবস্থান নিয়ে বিতর্ক

মাধবপুর (হবিগঞ্জ), ১৫ নভেম্বর: হবিগঞ্জের মাধবপুর উপজেলার কাশিমনগরে একটি ধর্মীয় মাহফিলকে কেন্দ্র করে উত্তেজনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে। খান্দুরার দরবার শরিফের উদ্যোগে আয়োজিত মাহফিলে আমন্ত্রিত বক্তা মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরী উপস্থিত হলেও শেষ পর্যন্ত মঞ্চে উঠে বক্তব্য দেননি। এ সময় পীর জুবায়ের কামালের মঞ্চে অবস্থানকে কেন্দ্র করে আয়োজক ও স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) আয়োজিত এ মাহফিলকে ঘিরে আগে থেকেই উত্তেজনা চলছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে। স্থানীয় কয়েকজনের অভিযোগ, মাহফিল আয়োজন ও তাহেরীর অংশগ্রহণ নিয়ে প্রশাসনিক পর্যায় এবং রাজনৈতিক ও ধর্মীয় বিভিন্ন পক্ষের মধ্যে আপত্তি তৈরি হয়েছিল। এমনকি মাহফিল বন্ধ বা বক্তার উপস্থিতি বাধাগ্রস্ত করার চেষ্টাও করা হয় বলে অভিযোগ উঠেছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন বা রাজনৈতিক পক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রের দাবি, বিভিন্ন বাধা ও আপত্তির মধ্যেও মাহফিলে যোগ দিতে কাশিমনগরে আসেন মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরী। কিন্তু তিনি মাহফিলস্থলে পৌঁছানোর পর পীর জুবায়ের কামালের নেতৃত্বে একটি পক্ষ মঞ্চে অবস্থান নেয়। এতে তাহেরীর মঞ্চে ওঠা ও বক্তব্য দেওয়া নিয়ে জটিলতা তৈরি হয়।

স্থানীয়দের একাংশের অভিযোগ, একই মঞ্চে বসার বিষয়ে মতপার্থক্যের কারণে শেষ পর্যন্ত বক্তব্য দেওয়া থেকে বিরত থাকেন তাহেরী। মাহফিলস্থলের কাছাকাছি এসেও তিনি মঞ্চে ওঠেননি এবং কোনো বক্তব্য না দিয়েই ফিরে যান বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে।

এদিকে, পীর জুবায়ের কামাল মোনাজাত শুরু করলে প্যান্ডেলে উপস্থিত শ্রোতাদের একটি অংশ অসন্তোষ প্রকাশ করে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন বলে কয়েকজন প্রত্যক্ষদর্শী দাবি করেছেন। এতে একপর্যায়ে প্যান্ডেলের উপস্থিতি কমে যায় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

ধর্মীয় মাহফিলে মতপার্থক্য নিয়ে প্রশ্ন

ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় সুন্নি অনুসারীদের একাংশের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। তাঁদের প্রশ্ন, একজন আমন্ত্রিত বক্তা মাহফিলস্থলে উপস্থিত হওয়ার পরও কেন তাঁকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হলো না?

তাঁদের মতে, ধর্মীয় মতাদর্শগত পার্থক্য থাকতেই পারে। তবে তা আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত। একটি ধর্মীয় আয়োজনকে কেন্দ্র করে এমন পরিস্থিতির সৃষ্টি হওয়া অনাকাঙ্ক্ষিত।

স্থানীয় কয়েকজনের অভিযোগ, ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজনৈতিক প্রভাব কিংবা ব্যক্তিগত ও গোষ্ঠীগত বিরোধের প্রতিফলন ঘটলে তা সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সহনশীলতার পরিবেশকে ক্ষতিগ্রস্ত করতে পারে।

নিরপেক্ষ তদন্তের দাবি

এ ঘটনায় প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়দের একাংশ। তাঁদের মতে, মাহফিল আয়োজন, বক্তার উপস্থিতি এবং মঞ্চে বক্তব্য দেওয়ার সুযোগ না পাওয়ার পেছনে কী পরিস্থিতি কাজ করেছে, তা সংশ্লিষ্ট আয়োজক, প্রশাসন ও পক্ষগুলোর বক্তব্যের মাধ্যমে পরিষ্কার হওয়া প্রয়োজন।

ধর্মীয় মাহফিল যেন পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সম্প্রীতির পরিবেশে অনুষ্ঠিত হতে পারে, সে বিষয়ে সংশ্লিষ্ট সবার দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করছেন সচেতন মহল।

এ ঘটনায় মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরী, পীর জুবায়ের কামাল, মাহফিল আয়োজক কমিটি এবং সংশ্লিষ্ট প্রশাসনের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে ঘটনার বিষয়ে আরও বিস্তারিত জানা যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাবিতে জাতীয় ছাত্রশক্তির ১০৬ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

১০:১৫ এম


ঢাবিতে জাতীয় ছাত্রশক্তির ১০৬ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) জাতীয় ছাত্রশক্তির ১০৬ সদস্যের একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এই কমিটিতে সভাপতি হিসেবে হাসিব আল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে ফেরদৌস আইয়ামকে মনোনীত করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সংসদের সভাপতি আবু বাকের মজুমদার ও সাধারণ সম্পাদক তাহমীদ আল মুদ্দাসসীর চৌধুরীর অনুমোদনের মাধ্যমে আগামী এক বছরের জন্য এই কমিটি গঠন করা হয়।

সংগঠনটির দপ্তর সম্পাদক সরদার নাদিম মাহমুদ শুভ স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পূর্ণাঙ্গ কমিটিতে মোট ১০৬ জন সদস্য অন্তর্ভুক্ত রয়েছে। কমিটিতে ৩১টি বিষয়ভিত্তিক সম্পাদকীয় পদ রয়েছে। এছাড়া, কমিটিতে আটজন নারী সদস্যও রয়েছেন।

কমিটির অন্যান্য সদস্যদের নামসহ পূর্ণাঙ্গ তালিকা প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, এক সপ্তাহ পর বদলি চুয়াঙাঙ্গার ডিসি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

১০:১৭ এম


ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, এক সপ্তাহ পর বদলি চুয়াঙাঙ্গার ডিসি

চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহারকে বদলি করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. আলমগীর কবীর তার স্থলাভিষিক্ত হিসেবে নিয়োগ পেয়েছেন। গত ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সরকারি অনুষ্ঠান এবং জেলা প্রশাসকের বক্তব্য নিয়ে সৃষ্ট বিতর্কের আট দিন পর তাকে প্রত্যাহার করা হয়।

গতকাল রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই বদলি ও পদায়নের আদেশ প্রদান করা হয়।

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৬৭৯৫ পরিচিতি নম্বরধারী কর্মকর্তা মো. আলমগীর কবীরকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব পদ থেকে চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হয়েছে। অন্যদিকে, বর্তমান জেলা প্রশাসক লুৎফুন নাহারকে (পরিচিতি নম্বর-১৬১০৮) চুয়াডাঙ্গার জেলা প্রশাসকের দায়িত্ব থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব (সংযুক্ত) করা হয়েছে।

চুয়াডাঙ্গায় জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকালে, গত ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজিত একটি সরকারি অনুষ্ঠানে বিতর্কের সৃষ্টি হয়। অনুষ্ঠানের ব্যানারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি না থাকায় বিএনপির নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেন। এ নিয়ে তারা অনুষ্ঠানে আপত্তি জানিয়ে অনুষ্ঠান বর্জন করেন।

একই দিন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা প্রশাসক লুৎফুন নাহারের বক্তব্যের বিভিন্ন অংশ নিয়ে বিতর্ক তৈরি হয়। তার বক্তব্যের কিছু বিষয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনা-সমালোচনা শুরু করে। বিষয়টি স্থানীয় পর্যায়ের পাশাপাশি বিভিন্ন গণমাধ্যমেও সংবাদ হিসেবে প্রকাশিত হয়।

এরপর থেকে জেলা প্রশাসককে ঘিরে সৃষ্ট বিতর্ক নিয়ে আলোচনা চলছিল। ঘটনার আট দিন পর রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে তাকে চুয়াডাঙ্গার জেলা প্রশাসকের দায়িত্ব থেকে প্রত্যাহারের আদেশ দেওয়া হয়। তবে প্রজ্ঞাপনে তার প্রত্যাহারের কারণ হিসেবে ৭ নভেম্বরের অনুষ্ঠান বা বক্তব্য নিয়ে সৃষ্ট বিতর্কের কোনো উল্লেখ করা হয়নি। ফলে ওই ঘটনার সঙ্গে বদলির আদেশের সরাসরি আনুষ্ঠানিক যোগসূত্রের বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে একই প্রজ্ঞাপনে দেশের আরও দুটি জেলার জেলা প্রশাসক পদে পরিবর্তন আনা হয়েছে। হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজকে গোপালগঞ্জের জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে। অন্যদিকে, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব জাকির হোসেনকে হবিগঞ্জের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের এ প্রজ্ঞাপনের মাধ্যমে চুয়াডাঙ্গাসহ তিন জেলায় জেলা প্রশাসক পদে পরিবর্তন কার্যকর করার আদেশ দেওয়া হলো। নতুন জেলা প্রশাসক হিসেবে মো. আলমগীর কবীরের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে চুয়াডাঙ্গার মাঠ প্রশাসনে নতুন নেতৃত্ব আসছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাবিপ্রবিতে শিক্ষকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও ফেল করানোর অভিযোগে আন্দোলন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

১০:১৮ এম


পাবিপ্রবিতে শিক্ষকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও ফেল করানোর অভিযোগে আন্দোলন

শিক্ষার্থীরা পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক হুমায়ুন কবিরের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা এবং ফেল করানোর হুমকির অভিযোগ তুলে আন্দোলন করেছেন। তারা অভিযোগ করেন, শিক্ষকের পক্ষ থেকে ক্লাস টেস্টে নম্বর না দেওয়ার পাশাপাশি বিভিন্ন অনিয়মের কারণে তারা ভোগান্তিতে পড়েছেন।

রোববার (১৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে বিভাগের সামনে এই আন্দোলন অনুষ্ঠিত হয়। আন্দোলনের সময় শিক্ষার্থীরা বিভাগের চেয়ারম্যান বরাবর একটি আবেদন জমা দেন। পরে তারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, রেজিস্ট্রার, ছাত্র উপদেষ্টা এবং প্রক্টর বরাবর লিখিত অভিযোগ ও দাবি পেশ করেন।

এই পরিস্থিতিতে শিক্ষার্থীরা দুটি দাবি করেছেন। তাদের দাবি হলো—CHE-4132 কোর্সের জন্য বিশেষ সেমিস্টার চালু করতে হবে এবং পরবর্তীতে নিয়মিত সেমিস্টারে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের ওপর নতুন কোনো অতিরিক্ত কোর্স চাপানো যাবে না। পাশাপাশি তারা ওই শিক্ষককে ভবিষ্যতে এই ব্যাচের কোনো কোর্সের দায়িত্ব না দেওয়ারও দাবি জানিয়েছেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, CHE-4132: Spectroscopic Methods in Structural Analysis কোর্সের পরিচালনায় নানা অনিয়মের কারণে তারা দীর্ঘদিন ধরে সমস্যায় রয়েছেন। তারা অভিযোগ করেন, কোর্সটির অধিকাংশ ক্লাস অনলাইনে অনুষ্ঠিত হয়েছে এবং নির্ধারিত ১০ নম্বরের সিটির পরিবর্তে ৪০ নম্বরের ক্লাস টেস্ট নেওয়া হয়েছে।

শিক্ষার্থীদের অভিযোগ, ওই শিক্ষক ক্লাসে তাদের উদ্দেশে অপমানজনক এবং ভীতিকর মন্তব্য করেছেন। এমনকি তিনি বলেছেন, ‘পাস করবি কীভাবে, দেখে নেব’—এ ধরনের হুমকিমূলক বক্তব্যও দিয়েছেন। এই কারণে শিক্ষার্থীদের মধ্যে ভীতি ও মানসিক চাপ সৃষ্টি হয়েছে।

শিক্ষার্থীরা আরও জানান, কোর্সটির ফাইনাল পরীক্ষায় অধিকাংশ শিক্ষার্থী অকৃতকার্য হওয়ার আশঙ্কা করছেন। বিশেষ করে তারা স্নাতক শেষ বর্ষে থাকায় এ কোর্সে অকৃতকার্য হলে তাদের স্নাতক সম্পন্ন করতে বিলম্ব হতে পারে। কারণ, শেষ বর্ষে কোর্স ইমপ্রুভমেন্টের সুযোগ না থাকায় তারা উদ্বিগ্ন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, স্যার পিএইচডি করতে যাওয়ার আগে বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে সমস্যা তৈরি করেছিলেন। তখন একটি ব্যাচের প্রায় ২০ জন শিক্ষার্থীকে ল্যাব পরীক্ষায় অকৃতকার্য করানো হয়েছিল। এ নিয়ে বিভাগে তালা দেওয়ার ঘটনাও ঘটেছিল। এখন শিক্ষাছুটি শেষে ফিরে এসে আমাদের ব্যাচের সঙ্গেও একই ধরনের আচরণ করছেন। আমাদের ব্যাচের শিক্ষার্থীরা প্রথমে তাকে সুপারভাইজার হিসেবে নিতে চাননি। সেই ক্ষোভ থেকে তিনি এমন আচরণ করতে পারেন বলে আমাদের ধারণা।

আরেক শিক্ষার্থী বলেন, স্যার ক্লাসে আমাদের হুমকি দিয়ে বলেন, এই কোর্সে ফেল করাব, পাস করতে পারবি না। আমি ফেল করিয়ে দিলে অন্য চিটার কোর্স নিয়ে পাস করিয়ে দেবে—এ ধরনের চিন্তা বাদ দে। আমি যত দিন রসায়ন বিভাগে আছি, এই কোর্স আমিই পড়াব। ক্লাসে তিনি নিজের স্বেচ্ছাচারী মনোভাব শিক্ষার্থীদের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন। ইচ্ছাকৃতভাবে কঠিন প্রশ্ন দেওয়া হয় পরীক্ষায়।

তবে সহকারী অধ্যাপক হুমায়ুন কবির শিক্ষার্থীদের অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, কোর্সটি তুলনামূলক কঠিন হওয়ায় শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা করতে বলেছি। পড়াশোনা না করলে পরীক্ষায় পাস করা কঠিন হবে—এমন সতর্কতা দিয়েছি। কাউকে ইচ্ছাকৃতভাবে ফেল করানোর কোনো উদ্দেশ্য আমার নেই। যারা পড়াশোনা করবে, তারা অবশ্যই ভালো নম্বর পাবে।

কোর্স পরিচালনায় অনিয়মের অভিযোগের বিষয়ে তিনি বলেন, অভিযোগগুলো বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। নির্ধারিত সময়ের চেয়ে বেশি সময় দিয়ে আমি কোর্সটি পড়িয়েছি। ৪২ ঘণ্টার ক্লাস নেওয়ার কথা থাকলেও প্রায় ৬৫ ঘণ্টা ক্লাস নিয়েছি। নিয়মিত ক্লাসের পাশাপাশি সাপ্তাহিক ছুটির দিনেও শিক্ষার্থীদের সুবিধা অনুযায়ী অনলাইনে অতিরিক্ত ক্লাস নিয়েছি।

ক্লাস টেস্টের নম্বরের বিষয়ে হুমায়ুন কবির বলেন, বিশ্ববিদ্যালয়ের বিধিমালা অনুযায়ী ১০ শতাংশ নম্বর সিটি থেকে নেওয়ার কথা বলা আছে। তবে সিটি পরীক্ষা ১০, ২০, ৪০ কিংবা ১০০ নম্বরে নিতে হবে—এমন কোনো বাধ্যবাধকতা নেই। আমি দুই অধ্যায়ের ওপর ৪০ নম্বরের একটি সিটি পরীক্ষা নিয়েছি। শিক্ষার্থীরা সেখানে যে নম্বর পেয়েছে, তা ১০ শতাংশে রূপান্তর করে চূড়ান্ত নম্বরে যুক্ত করা হবে। খাতাগুলো যথাযথভাবে মূল্যায়ন করেছি এবং কোথায় ভুলের কারণে নম্বর কমেছে, তা লাল কালিতে চিহ্নিত করে শিক্ষার্থীদের দেখিয়েছি।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের আগের সেমিস্টারের কয়েকটি ল্যাব ও ভাইভার চাপ থাকায় নির্ধারিত সময়ে তাঁরা সিটি পরীক্ষা দিতে পারেনি। পরে তাঁদের সঙ্গে বাকি সিটিগুলো নেওয়ার কথা ছিল। আমি শিক্ষার্থীদের পেছনে আন্তরিকভাবে শ্রম দিয়েছি। নিজের পারিবারিক সময় ব্যয় করেও অতিরিক্ত ক্লাস নিয়েছি। এরপরও আমার বিরুদ্ধে এমন অভিযোগ ওঠায় একজন শিক্ষক হিসেবে আমি ব্যথিত।

এ বিষয়ে বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক রতন কুমার পাল বলেন, শিক্ষার্থীরা একটি আবেদন দিয়েছে। একটি পরীক্ষা তাদের খারাপ হয়েছে। তারা যেহেতু শেষ বর্ষে রয়েছে, তাই অধিকাংশ শিক্ষার্থী অকৃতকার্য হতে পারে বলে আশঙ্কা করছে। তাদের দাবি, প্রশ্ন অনেক কঠিন হয়েছে। শেষ বর্ষে ইমপ্রুভমেন্টের সুযোগ না থাকায় তারা বিশেষ পরীক্ষা নেওয়ার আবেদন জানিয়েছে।

তিনি আরও বলেন, আমরা বর্তমান নীতিমালা অনুযায়ী বিষয়টি যাচাই করে দেখব। একাডেমিক কমিটির সভায় বিষয়টি উত্থাপন করে বিশেষ পরীক্ষার কোনো নিয়ম আছে কি না, তা পর্যালোচনা করা হবে। নীতিমালায় এ ধরনের সুযোগ না থাকলে শিক্ষার্থীদের বিষয়ে কী করা যায়, তা জানতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনা করব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%