মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং
০৪:১৮ পি.এম
ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় কৌশলগত শহর এডেন এবং এর আশপাশের গুরুত্বপূর্ণ এলাকা সমূহে হুথি বিদ্রোহীদের অগ্রযাত্রার কারণে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকার সমর্থিত বাহিনী চরম বিপর্যয়ের শঙ্কায় রয়েছে।
গত রোববার ইয়েমেনের সরকারি বাহিনী জানিয়েছে, তারা দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৌশলগত বাব আল-মান্দেব প্রণালীর নিকটবর্তী ধুবাব বিমানবন্দর এবং তাদের নিয়ন্ত্রণাধীন আশপাশের এলাকা থেকে সেনা প্রত্যাহার করে নিয়েছে, যাতে সরকারের অস্থায়ী রাজধানী এডেনকে রক্ষা করা যায়।
লেবাননের অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এবং সামরিক ও কৌশলগত বিশেষজ্ঞ হাসান জুনি মনে করেন, বর্তমান লড়াইটি মূলত দক্ষিণ ইয়েমেনের একটি পার্বত্য ত্রিভুজাকার অঞ্চলের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে চলছে, যা এই যুদ্ধের চূড়ান্ত ফলাফল নির্ধারণ করতে পারে।
এই অঞ্চলটি একদিকে এডেনকে হুথিদের দ্বারা অবরুদ্ধ সরকার-নিয়ন্ত্রিত আরেক শহর তাইজের সঙ্গে যুক্ত করেছে, অন্যদিকে লোহিত সাগর ও এডেন উপসাগরের সংযোগস্থল গুরুত্বপূর্ণ নৌপথ বাব আল-মান্দেবের সঙ্গেও এর সংযোগ রয়েছে। জুনি বলেন, সামগ্রিকভাবে ইয়েমেন যুদ্ধের কৌশলগত কেন্দ্রবিন্দু এখন এই ত্রিভুজাকার এলাকা।
বিশ্লেষকদের মতে, উপকূলীয় অঞ্চলে হুথিদের আসন্ন অবরোধ এড়াতে এবং এডেনের প্রতিরক্ষা জোরদার করতেই রোববার ধুবাব থেকে সরকারি বাহিনী সরিয়ে নেওয়া হয়েছে। উল্লেখ্য, গত সেপ্টেম্বরেই সরকারি বাহিনী হুথিদের কাছ থেকে এলাকাটি পুনর্দখল করেছিল। হাসান জুনি সতর্ক করে বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলে হুথিদের এই অগ্রযাত্রা এখন সরকারি বাহিনীর উপকূলীয় সরবরাহ পথগুলো পুরোপুরি বিচ্ছিন্ন করে দেওয়ার হুমকি তৈরি করেছে।
যুদ্ধের পটভূমি ও সাম্প্রতিক উত্তেজনা ২০১৪ সালের সেপ্টেম্বরে ইরান-সমর্থিত জাইদি শিয়া গোষ্ঠী হুথিরা রাজধানী সানা দখল করলে ইয়েমেন যুদ্ধের সূচনা হয় এবং সরকার দক্ষিণের শহর এডেনে পালিয়ে যেতে বাধ্য হয়। পরবর্তীতে ২০১৫ সালের মার্চে সরকারকে সহায়তা করতে সৌদি আরবের নেতৃত্বে আরব জোট হুথিদের বিরুদ্ধে হাজার হাজার বিমান হামলা শুরু করে।
কয়েক বছর তুলনামূলক শান্ত থাকার পর গত জুলাই মাসে একটি হুথি প্রতিনিধিদলের অবতরণ ঠেকাতে সরকারি বাহিনীর যুদ্ধবিমান সানা আন্তর্জাতিক বিমানবন্দরে বোমা হামলা চালালে নতুন করে সংঘাত শুরু হয়। এরপর সেপ্টেম্বরে হুথিদের পাল্টা অভিযানে গুরুত্বপূর্ণ বন্দরনগরী মোখাসহ লোহিত সাগর উপকূলের নিয়ন্ত্রণ হারায় সরকার এবং তাইজ শহরটি পুরোপুরি অবরুদ্ধ হয়ে পড়ে।
তীব্র হচ্ছে পাল্টাপাল্টি হামলা
ধুবাব থেকে পিছু হটার বিষয়টিকে বৃহত্তর কৌশলগত পদক্ষেপ হিসেবে দাবি করেছেন ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র মাজেদ আল-নুজাইলি। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি জানান, অস্থায়ী রাজধানী এডেন রক্ষায় গণপ্রতিরোধ ও দক্ষিণাঞ্চলীয় বাহিনীর বীরত্বপূর্ণ অবস্থানের অংশ হিসেবেই এই সেনা পুনর্বিন্যাস করা হয়েছে।
তবে সামরিক বিশেষজ্ঞ হাসান জুনি সরকারি বাহিনীর পরিস্থিতি বেশ নাজুক বলে মনে করছেন। তার মতে, হুথিরা ইতিমধ্যে এডেন থেকে মাত্র ৮০ কিলোমিটার (৫০ মাইল) দূরে তোর আল-বাহা এলাকায় পৌঁছে গেছে, যা সরাসরি এডেনের প্রথম প্রতিরক্ষা বলয়ের অন্তর্ভুক্ত।
কৌশলগত বিষয়ক বিশেষজ্ঞ আলি আল-দাহাবও সরকারের দাবির চেয়ে ভিন্ন চিত্র তুলে ধরেছেন। তার ভাষ্যমতে, এটি কোনো সেনা পুনর্বিন্যাস নয়, বরং স্পষ্ট পশ্চাদপসরণ—যার ফলে সৃষ্ট বিশাল শূন্যস্থান হুথিরা দ্রুত দখল করে নিচ্ছে।
এদিকে পরিস্থিতি সামাল দিতে সরকারি বাহিনীর ‘অপারেশন ইয়েমেন ডন’-এর আওতায় ২৪ ঘণ্টার মধ্যে হুথিদের অবস্থানে ৯০০টি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। এর জবাবে হুথিরাও সৌদি আরবের মক্কা, রিয়াদ এবং পূর্বাঞ্চলীয় প্রদেশ লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। ‘অবরোধের বদলে অবরোধ, বিমানবন্দরের বদলে বিমানবন্দর এবং উত্তেজনার বদলে উত্তেজনা’—এই নীতিতে অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে গোষ্ঠীটি।
বিশেষজ্ঞ আলি আল-দাহাবের মতে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের জেরে হরমুজ প্রণালী কার্যত বন্ধ হয়ে যাওয়ায় বৈশ্বিক সমুদ্র বাণিজ্যে বাব আল-মান্দেব প্রণালীর গুরুত্ব বহুগুণ বেড়ে গেছে। এই উপকূলীয় অঞ্চল ও সমুদ্রপথের নিয়ন্ত্রণ নেওয়ার মাধ্যমে হুথিরা বড় ধরনের ভূ-রাজনৈতিক সুবিধা অর্জন করেছে, যা মূলত ইরানের স্বার্থকেই শক্তিশালী করবে। সূত্র: আল জাজিরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যুক্তরাজ্যের লন্ডনে এনসিপি নেতা ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের অনুষ্ঠানে হামলার ঘটনায় আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে কড়া মন্তব্য করেছেন বিএনপি নেত্রী ও সংসদ সদস্য মানসুরা আলম।
তিনি মঙ্গলবার (১৭ নভেম্বর) নিজের ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে এসব কথা বলেন।
মানসুরা আলম বলেন, ‘এই এয়ারপোর্ট টেররিজমের ফলে ইন্টারপোলের রেডলিস্টে আসার পর আপাসহ একমাত্র ডেস্টিনেশন হবে সাহারা মরুভূমি। এরপর বালির সঙ্গে মিশে কেয়ামত পর্যন্ত রাজনীতির সাধ শেষ।’
পোস্টের সঙ্গে লন্ডনে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার একটি ভিডিও শেয়ার করেন মানসুরা আলম।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাহরাইনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের পথ অনুসরণ করে সাম্প্রদায়িক উত্তেজনা উসকে দেওয়ার অভিযোগ তুলেছে তেহরান। ইরানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ৬০ জনের বেশি ব্যক্তিকে কারাদণ্ড দেওয়ার ঘটনায় এই অভিযোগ করা হয়েছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাহরাইনের শাসকরা যুক্তরাষ্ট্রের প্রশাসনের মতোই উত্তেজনা বৃদ্ধি করার নীতি গ্রহণ করেছেন। একই সঙ্গে, মানুষের অধিকার আদায়ের প্রচেষ্টাকে দমনে দেশটির বিচারব্যবস্থাকে হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগও তোলা হয়েছে।
বাহরাইনের আদালত ৬০ জনের বেশি ব্যক্তিকে ১৫ বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছে। তাদের বিরুদ্ধে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) সঙ্গে সংশ্লিষ্ট একটি ‘সন্ত্রাসী গোষ্ঠী’ গঠন ও পরিচালনার অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে।
আদালতের এই রায়ের বিরুদ্ধে নিন্দা জানিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতিতে বলেছে, তুচ্ছ অজুহাতে বাহরাইনের একদল ধর্মীয় নেতা ও নাগরিকের বিরুদ্ধে অন্যায্য সাজা দেওয়া হয়েছে।
তেহরান এই ঘটনার জন্য মানবাধিকার লঙ্ঘনের একটি পদ্ধতিগত ও ব্যাপক ঘটনা হিসেবে অভিহিত করেছে। বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাম্প্রতিক বক্তব্যেরও উল্লেখ করা হয়েছে। রুবিও বলেছিলেন, মধ্যপ্রাচ্যের প্রতিটি বড় সমস্যার পেছনে ইরানের শিয়া নেতারা রয়েছেন।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় আরো বলেছে, সম্পূর্ণ ভিত্তিহীন ও মনগড়া অভিযোগ আনার মাধ্যমে স্পষ্ট হয়েছে, বাহরাইনের শাসকেরা মানুষের অধিকার আদায়ের যেকোনো প্রচেষ্টাকে দমনে বিচারব্যবস্থাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন।
এএম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে তৈরি পোশাক শিল্পে চলমান শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে শ্রমিকদের দাবি-দাওয়া নিয়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়নের উদ্যোগে এই গোলটেবিল বৈঠকটি অনুষ্ঠিত হয়।
এই আলোচনায় প্রতি বছর ১৫ শতাংশ নিয়মিত মজুরি বৃদ্ধির পাশাপাশি ৩০ হাজার টাকা নূন্যতম বেতনসহ ৩০টিরও বেশি দাবি-দাওয়া উঠে এসেছে।
শ্রমিক নেতাদের অভিযোগ, ক্ষমতাসীন দলের ব্যক্তিরা শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলন দমনের জন্য চাপ সৃষ্টি করছেন। তারা নভেম্বরের মধ্যেই নতুন মজুরি কাঠামো বাস্তবায়নের দাবি জানিয়েছেন।
অন্যদিকে, পোশাক শিল্পের মালিক পক্ষের সংগঠনগুলো চলমান শ্রমিক আন্দোলনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলছে। তাদের বক্তব্য, মজুরি নির্ধারণে গঠিত বোর্ড যথাসময়ে সিদ্ধান্ত নেবে।
বিকেএমইএর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান মন্তব্য করেছেন, "মজুরি বোর্ডের ওপর চাপ তৈরি করা ঠিক নয়। শ্রমিকরা যেভাবে চাপ দিচ্ছেন, মজুরি বোর্ড ঠিকভাবে কাজ করতে পারছে না।"
এদিকে, সরকার শ্রমিকদের অধিকার ও ন্যায্য দাবি নিশ্চিতের আশ্বাস দিয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছেন যাতে রোহিঙ্গা শরণার্থীদের নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের পরিবেশ নিশ্চিত করা হয়। তিনি রোহিঙ্গাদের ওপর সংঘটিত গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জবাবদিহি নিশ্চিত করার গুরুত্বও তুলে ধরেছেন।
গুতেরেস সোমবার ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় ১৬তম আসিয়ান-জাতিসংঘ শীর্ষ সম্মেলনে বক্তব্য রাখার সময় এসব কথা বলেন। তিনি উল্লেখ করেন, প্রায় এক দশক আগে জোরপূর্বক বাস্তুচ্যুত হওয়ার পরও রোহিঙ্গারা এখনো নিরাপদে নিজ দেশে ফেরার উপযুক্ত পরিবেশের অপেক্ষায় রয়েছেন।
মহাসচিব বলেন, প্রত্যাবাসন প্রক্রিয়া অবশ্যই নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই হতে হবে। তিনি সতর্ক করেন যে, এসব শর্ত পূরণ না হওয়া পর্যন্ত সহিংসতা ও নিপীড়ন থেকে পালিয়ে আসা মানুষের সুরক্ষা নিশ্চিত করা রাষ্ট্রগুলোর দায়িত্ব।
২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর দমন-পীড়নের কারণে প্রায় ১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসেন। তাদের একটি বড় অংশ এখনো কক্সবাজারের বিভিন্ন শরণার্থী শিবিরে বসবাস করছে। এছাড়া, বাংলাদেশে আগে থেকেই আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।
গুতেরেস মিয়ানমারের চলমান সংকট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি মানবিক পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরে সব পক্ষকে বেসামরিক নাগরিকদের সুরক্ষা, আন্তর্জাতিক আইন মেনে চলা এবং নিরাপদ ও নিরবচ্ছিন্ন মানবিক সহায়তা প্রবেশের সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান।
তিনি বলেন, মিয়ানমারের সংকটের মূল কারণগুলো সমাধান, দেশজুড়ে সহিংসতা বন্ধ এবং একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক সমাধান প্রতিষ্ঠায় জাতিসংঘ আসিয়ানের পাঁচ দফা ঐকমত্য বাস্তবায়নে সমর্থন অব্যাহত রাখবে। একই সঙ্গে নির্বিচারে আটক ব্যক্তিদের অবিলম্বে ও নিঃশর্ত মুক্তির আহ্বান জানান তিনি।
গুতেরেসের ভাষ্য, মিয়ানমারের জনগণ যেন স্বাধীনভাবে ও শান্তিপূর্ণভাবে নিজেদের অধিকার চর্চা করতে পারেন, সে পরিবেশও নিশ্চিত করতে হবে।
এদিকে সম্মেলনে জাতিসংঘ মহাসচিব বিশ্বজুড়ে চলমান সংঘাত, জলবায়ু পরিবর্তন, মানবিক সংকট ও অর্থনৈতিক চাপ নিয়েও আলোচনা করেন। গাজা, ইয়েমেন, ইউক্রেন ও সুদানের সংঘাতের কথা উল্লেখ করে তিনি বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বহুপক্ষীয় সহযোগিতা জোরদারের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
তিনি আরো বলেন, বর্তমান বহুমেরুকেন্দ্রিক বিশ্বব্যবস্থায় উদীয়মান অর্থনৈতিক ও রাজনৈতিক শক্তিগুলোর যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিত করতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ও আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর সংস্কার প্রয়োজন।
সূত্র: প্রেস টিভি ও আনাদোলু এজেন্সি
তালাশ বিডি/মিডিয়া লিঃ