প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছেন যাতে রোহিঙ্গা শরণার্থীদের নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের পরিবেশ নিশ্চিত করা হয়। তিনি রোহিঙ্গাদের ওপর সংঘটিত গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জবাবদিহি নিশ্চিত করার গুরুত্বও তুলে ধরেছেন।
গুতেরেস সোমবার ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় ১৬তম আসিয়ান-জাতিসংঘ শীর্ষ সম্মেলনে বক্তব্য রাখার সময় এসব কথা বলেন। তিনি উল্লেখ করেন, প্রায় এক দশক আগে জোরপূর্বক বাস্তুচ্যুত হওয়ার পরও রোহিঙ্গারা এখনো নিরাপদে নিজ দেশে ফেরার উপযুক্ত পরিবেশের অপেক্ষায় রয়েছেন।
মহাসচিব বলেন, প্রত্যাবাসন প্রক্রিয়া অবশ্যই নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই হতে হবে। তিনি সতর্ক করেন যে, এসব শর্ত পূরণ না হওয়া পর্যন্ত সহিংসতা ও নিপীড়ন থেকে পালিয়ে আসা মানুষের সুরক্ষা নিশ্চিত করা রাষ্ট্রগুলোর দায়িত্ব।
২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর দমন-পীড়নের কারণে প্রায় ১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসেন। তাদের একটি বড় অংশ এখনো কক্সবাজারের বিভিন্ন শরণার্থী শিবিরে বসবাস করছে। এছাড়া, বাংলাদেশে আগে থেকেই আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।
গুতেরেস মিয়ানমারের চলমান সংকট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি মানবিক পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরে সব পক্ষকে বেসামরিক নাগরিকদের সুরক্ষা, আন্তর্জাতিক আইন মেনে চলা এবং নিরাপদ ও নিরবচ্ছিন্ন মানবিক সহায়তা প্রবেশের সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান।
তিনি বলেন, মিয়ানমারের সংকটের মূল কারণগুলো সমাধান, দেশজুড়ে সহিংসতা বন্ধ এবং একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক সমাধান প্রতিষ্ঠায় জাতিসংঘ আসিয়ানের পাঁচ দফা ঐকমত্য বাস্তবায়নে সমর্থন অব্যাহত রাখবে। একই সঙ্গে নির্বিচারে আটক ব্যক্তিদের অবিলম্বে ও নিঃশর্ত মুক্তির আহ্বান জানান তিনি।
গুতেরেসের ভাষ্য, মিয়ানমারের জনগণ যেন স্বাধীনভাবে ও শান্তিপূর্ণভাবে নিজেদের অধিকার চর্চা করতে পারেন, সে পরিবেশও নিশ্চিত করতে হবে।
এদিকে সম্মেলনে জাতিসংঘ মহাসচিব বিশ্বজুড়ে চলমান সংঘাত, জলবায়ু পরিবর্তন, মানবিক সংকট ও অর্থনৈতিক চাপ নিয়েও আলোচনা করেন। গাজা, ইয়েমেন, ইউক্রেন ও সুদানের সংঘাতের কথা উল্লেখ করে তিনি বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বহুপক্ষীয় সহযোগিতা জোরদারের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
তিনি আরো বলেন, বর্তমান বহুমেরুকেন্দ্রিক বিশ্বব্যবস্থায় উদীয়মান অর্থনৈতিক ও রাজনৈতিক শক্তিগুলোর যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিত করতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ও আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর সংস্কার প্রয়োজন।
সূত্র: প্রেস টিভি ও আনাদোলু এজেন্সি
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন