০৮:২৫ পি.এম
বগুড়ার ধুনট উপজেলায় মাদক কেনার জন্য টাকা না পেয়ে মা-বাবাকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে রাকিবুল হাসান রাকিব (২৫) নামের এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি, তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে, এবং জরিমানা না দিলে আরো তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।
রবিবার (১৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার সময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মীর আল মনসুর শোয়াইব এই দণ্ডাদেশ প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত রাকিবুল হাসান গোসাইবাড়ি ইউনিয়নের পূর্বগুয়াডহরী গ্রামের আব্দুল মান্নানের পুত্র।
আরও পড়ুন: খুলনা নগর ভবনে পেট্রল বোমা নিক্ষেপ, বড় ক্ষতি হয়নি
স্থানীয় সূত্র থেকে জানা যায়, রাকিবুল হাসান গাঁজা ও ইয়াবাসহ বিভিন্ন মাদকে আসক্ত হয়ে পড়েছেন। তার বাবা আব্দুল মান্নান ও মা রুমানা খাতুন তাকে মাদক থেকে ফিরিয়ে আনার চেষ্টা করেও সফল হননি। প্রায়ই মাদক কেনার জন্য তিনি বাবা-মায়ের কাছে টাকা চাইতেন। টাকা না পেয়ে তিন দিন আগে তাদের মারধর করার অভিযোগ রয়েছে।
অভিযোগ অনুযায়ী, এ সময় রাকিবুল দা, বটি ও চাকু নিয়ে বাবাকে কোপানোর চেষ্টা করেন। একই সঙ্গে তিনি মাকে গলা চেপে শ্বাসরোধে হত্যার চেষ্টা করেন। ছেলের নির্যাতন থেকে মুক্তির জন্য রবিবার সকালে ওই দম্পতি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন করেন। পরে বিকেলে ভ্রাম্যমাণ আদালতের একটি দল তাদের বাড়িতে গিয়ে রাকিবুলকে আটক করে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর আল মনসুর শোয়াইব বলেন, ‘মা-বাবার লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে নিজ বাড়ি থেকে রাকিবুল হাসানকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি মাদক সেবনের কথা স্বীকার করেন। পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরো তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।’
আরও পড়ুন: ব্রাহ্মণপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শরীফুল ইসলাম গ্রেপ্তার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন