১২:৫১ পি.এম
রাজশাহী, ১৮ নভেম্বর, ২০২৬ : শীতকালীন সবজির সরবরাহ রাজশাহীর বাজারগুলোতে বৃদ্ধি পেতে শুরু করেছে শীতের আগমনের সাথে সাথে।
উৎপাদন ও সরবরাহের বৃদ্ধি ঘটায় অধিকাংশ সবজির দাম ক্রেতাদের জন্য সাশ্রয়ী হয়ে উঠেছে। এর ফলে নিম্ন আয়ের জনগণের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। ক্রেতারা প্রয়োজন অনুযায়ী সবজি কিনতে সক্ষম হচ্ছেন।
তথ্য অনুসন্ধান করে জানা গেছে, নভেম্বরের শুরু থেকেই নিত্যপ্রয়োজনীয় সব ধরনের সবজির দাম কমতে শুরু করেছে। আলু, বেগুন, টমেটো, ফুলকপি, বাঁধাকপি, পেঁয়াজ, মুলা, লালশাক, পালংশাক, শিম, শালগম, ফুলকপি, মটরশুঁটি, গাজর, ধনিয়াপাতা ও ব্রকলিসহ বিভিন্ন সবজি এখন তুলনামূলক কম দামে বিক্রি হচ্ছে।
আরও পড়ুন: বগুড়ার আদমদিঘীতে সাইবার সুরক্ষা মামলায় আওয়ামী লীগ, যুবলীগসহ ৩ জন গ্রেফতার
রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুর, সাহেববাজার, কোর্ট স্টেশন বাজার, হড়গ্রাম, নওদাপাড়া, উপশহর, নিউমার্কেট, তালাইমারী, বিনোদপুর, খড়খড়ি, শালবাগান, বউবাজার, তেরখাদিয়া ও মালদা কলোনিসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি বেগুন ৮০ টাকা, আলু ২০ টাকা, ফুলকপি ২০ টাকা, লাউ ২৫ থেকে ৩০ টাকা, মুলা ২০ থেকে ৩০ টাকা, লালশাক ২০ থেকে ২৫ টাকা, বাঁধাকপি ২০ থেকে ২৫ টাকা, পেঁয়াজ ৪০ থেকে ৪৫ টাকা, টমেটো ৭০ থেকে ৮০ টাকা, পেঁয়াজের ফুলকা ২০ থেকে ৩০ টাকা, মিষ্টিকুমড়া ৫০ টাকা, করলা ৬০ থেকে ৭০ টাকা এবং শিম ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। ব্রকলি প্রতিটি ৩৫ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে।
বর্তমানে বাজারে শিম, করলা ও বেগুনের দাম কিছুটা বেশি থাকলেও অন্যান্য অধিকাংশ সবজির দাম ক্রেতাদের নাগালের মধ্যে রয়েছে।
নগরের লক্ষ্মীপুর বাজারে সবজি কিনতে আসা কয়েকজন ক্রেতা জানান, গত মাসেও এসব সবজির দাম বেশি ছিল। নভেম্বরের শুরু থেকে ধীরে ধীরে দাম কমতে শুরু করে। চলতি সপ্তাহে সবজির দাম আরও কমেছে। শীতকালে সবজির উৎপাদন বেশি হওয়ায় বাজারে সরবরাহ বেড়েছে এবং সবজির দাম কমেছে।
সবজি কিনতে আসা সুমাইয়া নামের এক নারী ক্রেতা বলেন, এখন প্রায় সব ধরনের সবজির দাম কম। প্রয়োজন অনুযায়ী কেনা যাচ্ছে। কিছুদিন আগেও সবজির দাম অনেক বেশি ছিল।
আরও পড়ুন: ডিসেম্বরে দেশজুড়ে জাতীয় সাংস্কৃতিক উৎসবের আয়োজনের পরিকল্পনা
রবিন নামের আরেক ক্রেতা বলেন, সবজির দাম কমায় এখন প্রয়োজন অনুযায়ী কেনাকাটা করতে পারছেন। তবে গত বছরের মতো যাতে আবার দাম বেড়ে না যায়, সেজন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর বাজার মনিটরিং জোরদার করা প্রয়োজন।
খুচরা বাজারের ব্যবসায়ী সেলিম বলেন, এখন বাজারে প্রচুর পরিমাণে সবজি আসছে। পাইকারি বাজারে সরবরাহ বেশি থাকায় দাম কমেছে। আগামীতে দাম আরও কমবে। যত সরবরাহ বাড়বে দাম তত কমবে।
আরেক ব্যবসায়ী সাইদুর রহমান বলেন, সবজির দাম কমেছে, আরও কমবে। কয়েকটি সবজির দাম এখনো কিছুটা বেশি রয়েছে। এসব সবজির সরবরাহ বাড়লে দামও কমে আসবে। বর্তমানে বাজারে বেচাকেনাও ভালো হচ্ছে। তাই লাভও বেশি হচ্ছে।
শুধু মহানগরীর বাজারেই নয়, রাজশাহীর গ্রামাঞ্চলের হাট-বাজারেও সবজিসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমেছে। গ্রামাঞ্চলে পর্যাপ্ত পরিমাণে সবজি চাষাবাদ হওয়ায় স্থানীয় বাসিন্দারা তুলনামূলক কম দামে এসব সবজি কিনতে পারছেন।
আরও পড়ুন: রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক
রাজশাহী মহানগর পাইকারি কাঁচামাল ব্যবসায়ী সমিতির সভাপতি আনোয়ার হোসেন বাসসকে বলেন, মাঠ থেকে প্রচুর পরিমাণে সবজি বাজারে আসছে।
উৎপাদন ভালো হওয়ায় সরবরাহ বেড়েছে। ফলে পাইকারি বাজারে কম দামে সবজি কেনা যাচ্ছে। আগামীতে দাম আরও কমতে পারে।
রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) মিতা সরকার বাসসকে বলেন, এবার জেলায় প্রচুর পরিমাণে সবজি চাষাবাদ হয়েছে এবং উৎপাদনও বেড়েছে। বর্তমানে বাজারে সবজির পর্যাপ্ত সরবরাহ রয়েছে। আগামীতে সরবরাহ আরও বাড়তে পারে।
আরও পড়ুন: রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন