১২:১৮ পি.এম
বরিশালের গৌরনদীতে এক নারীকে জোরপূর্বক অর্ধউলঙ্গ করে ভিডিও ধারণের অভিযোগ উঠেছে মাহিলাড়া ইউনিয়ন যুবদলের এক কর্মীর বিরুদ্ধে। ঘটনার একটি ৫৪ সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অভিযুক্ত যুবদল কর্মী আত্মগোপনে রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ঘটনাটি গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বিল্বগ্রাম এলাকার। অভিযুক্ত যুবদল কর্মীর নাম শাহিন মৃধা। তিনি মাহিলাড়া ইউনিয়ন যুবদলের একজন সক্রিয় কর্মী বলে স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে।
স্থানীয় সূত্রগুলোর দাবি, প্রায় এক মাস আগে শাহিন মৃধা ও তার কয়েকজন সহযোগী বিল্বগ্রাম এলাকার একটি বসতঘরের ভেতর ওই নারীকে এক যুবকের সঙ্গে আটক করেন। এরপর ওই নারীকে যৌন হয়রানি ও হেনস্তার পাশাপাশি জোরপূর্বক ভিডিও ধারণ করা হয় বলে অভিযোগ রয়েছে।
সম্প্রতি ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ওই নারী নিজের ওড়না দিয়ে শরীর ও মুখ ঢেকে লজ্জা নিবারণের চেষ্টা করছেন। এ সময় একজন ব্যক্তি তার শরীর থেকে ওড়না সরিয়ে দিয়ে তাকে অর্ধউলঙ্গ অবস্থায় ভিডিও ধারণ করছেন। ভিডিওতে ওই নারীকে হেনস্তা করার দৃশ্যও দেখা যায় বলে অভিযোগ উঠেছে।
শুক্রবার (৭ আগস্ট) দিবাগত রাতে ৫৪ সেকেন্ডের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পরপরই অভিযুক্ত শাহিন মৃধা এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান বলে স্থানীয়রা জানিয়েছেন।
অভিযোগের বিষয়ে শাহিন মৃধার ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়। ফলে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে গৌরনদী উপজেলা যুবদলের সদস্য সচিব মনির হোসেন আকন বলেন, বিষয়টি খোঁজখবর নেওয়ার জন্য ঘটনাস্থল পরিদর্শন করা হবে। ভিডিওটি কোন প্রেক্ষাপটে ধারণ করা হয়েছিল, তা জানার পর অভিযোগের সত্যতা পাওয়া গেলে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। একই সঙ্গে ভুক্তভোগী নারীর ব্যক্তিগত মর্যাদা ও গোপনীয়তা রক্ষায় ভিডিওটি পুনরায় ছড়িয়ে না দেওয়ার আহ্বান জানিয়েছেন সচেতন মহল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন