ঢাকা শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৮শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ইং ২৮শে কার্তিক, ১৪৩২বাং

মহেশখালীতে নতুন এলএনজি টার্মিনাল স্থাপনের উদ্যোগ, ব্যয় ১২ হাজার ৩২৪ থেকে ১৩ হাজার ১৬১ কোটি টাকা


মহেশখালীতে নতুন এলএনজি টার্মিনাল স্থাপনের উদ্যোগ, ব্যয় ১২ হাজার ৩২৪ থেকে ১৩ হাজার ১৬১ কোটি টাকা

দেশের গ্যাস সরবরাহ বৃদ্ধির লক্ষ্যে ২০২৭ সালে ওমান ও মালয়েশিয়া থেকে পাঁচটি কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির পাশাপাশি কক্সবাজারের মহেশখালীতে একটি নতুন ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপন করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। নতুন এই টার্মিনাল নির্মাণের জন্য ১৫ থেকে ২০ বছর মেয়াদে ব্যয় হবে ১২ হাজার ৩২৪ কোটি থেকে ১৩ হাজার ১৬১ কোটি টাকা।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এই প্রস্তাবগুলো অনুমোদন করা হয়েছে।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৭ সালে ওমানের প্রতিষ্ঠান ওকিউ ট্রেডিং লিমিটেডের (ওকিউটি) কাছ থেকে তিনটি কার্গো এবং মালয়েশিয়ার পেন্টিটিউড এনার্জি এসডিএন বিএইচডির কাছ থেকে দুইটি কার্গো এলএনজি আমদানি করা হবে। এর ফলে আগামী বছর এলএনজি সরবরাহ নিশ্চিত করার জন্য বিদ্যমান চুক্তির পাশাপাশি নতুন সরবরাহকারীর কাছ থেকেও গ্যাস কেনার উদ্যোগ নেওয়া হচ্ছে।

আরও পড়ুন: মহেন্দ্রনগর খালকে বহুমাত্রিক ব্যবহারের উপযোগী করার ঘোষণা আসাদুল হাবিব দুলুর

ওমানের ওকিউ ট্রেডিংয়ের কাছ থেকে তিনটি কার্গো এলএনজি আমদানি করা হবে বাংলাদেশের বিদ্যমান দীর্ঘমেয়াদি ও স্বল্পমেয়াদি চুক্তির আওতায়। এই উদ্দেশ্যে তিনটি পৃথক সাইড লেটার চুক্তি স্বাক্ষরের প্রস্তাব অনুমোদনের জন্য কমিটি সুপারিশ করেছে। সরকার থেকে সরকার (জিটুজি) ভিত্তিতে এসব এলএনজি আমদানি করা হবে।

অন্যদিকে, মালয়েশিয়ার পেন্টিটিউড এনার্জির কাছ থেকে দুইটি কার্গো এলএনজি কেনার প্রস্তাবেও সায় দেওয়ার সুপারিশ করা হয়েছে। এই ক্ষেত্রে প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট (এমএমবিটিইউ) এলএনজির দাম নির্ধারণ করা হয়েছে জাপান-কোরিয়া মার্কার (জেকেএম) দামের চেয়ে শূন্য দশমিক ১৮ ডলার কম। তবে দুই পক্ষের সম্মতির ভিত্তিতে কার্গোর সংখ্যা কমানো বা বাড়ানোর সুযোগ রাখা হয়েছে।

এলএনজি আমদানির পাশাপাশি সংরক্ষণ ও পুনঃগ্যাসীকরণের সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনাও করছে সরকার। এই উদ্দেশ্যে কক্সবাজারের মহেশখালীর কুতুবজোমে নতুন একটি ভাসমান এলএনজি সংরক্ষণ ও পুনঃগ্যাসীকরণ টার্মিনাল (এফএসআরইউ) স্থাপনের প্রস্তাব অনুমোদনের জন্য সুপারিশ করা হয়েছে।

চীনের প্রতিষ্ঠান চায়না ন্যাশনাল এনার্জি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড (সিএনইই) জিটুজি পদ্ধতিতে এ প্রকল্পের প্রস্তাব দিয়েছে। প্রতিষ্ঠানটির প্রস্তাব অনুযায়ী, ১৫ বছর মেয়াদে প্রকল্পের ব্যয় হবে প্রায় ১২ হাজার ৩২৪ কোটি টাকা। আর ২০ বছর মেয়াদে ব্যয় দাঁড়াবে প্রায় ১৩ হাজার ১৬১ কোটি টাকা।

আরও পড়ুন: ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কর্মচারীদের সম্মানী বাড়ল

এফএসআরইউ বা ভাসমান টার্মিনালের মাধ্যমে জাহাজে করে আমদানি করা এলএনজি সংরক্ষণ করা হয়। পরে সেটিকে পুনরায় গ্যাসে রূপান্তর করে পাইপলাইনের মাধ্যমে জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়। ফলে এলএনজি আমদানির পাশাপাশি টার্মিনালের সক্ষমতাও দেশের গ্যাস সরবরাহ ব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।

ওমান ও মালয়েশিয়া থেকে এলএনজি আমদানির প্রস্তাব এবং মহেশখালীতে নতুন টার্মিনাল স্থাপনের উদ্যোগ দুটিই দেশের আমদানিনির্ভর গ্যাস সরবরাহ ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনার অংশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় জামায়াতের তীব্র নিন্দা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৫৯ পি.এম


নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় জামায়াতের তীব্র নিন্দা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জাতীয় নারী শক্তির সদস্যসচিব, দলের যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামের বাড়িতে ১১ নভেম্বর রাত ১২টার দিকে পেট্রলবোমা হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামী তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের এই প্রতিবাদ জানান।

বিবৃতিতে তিনি উল্লেখ করেন, "একজন সংসদ সদস্যের গ্রামের বাড়িতে গভীর রাতে পেট্রলবোমা হামলা ও অগ্নিসংযোগের ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক, কাপুরুষোচিত ও উদ্বেগজনক। এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।" তিনি আরও বলেন, এই ঘটনা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নাগরিকদের নিরাপত্তা নিয়ে জনমনে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে।

তিনি দাবি করেন, অবিলম্বে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হামলার সঙ্গে জড়িত দুর্বৃত্তদের চিহ্নিত করে আইনের আওতায় আনা উচিত এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। নাগরিকদের জানমালের নিরাপত্তা বিধান করা সরকারের সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব। তিনি সতর্ক করে বলেন, "সরকার এ দায়িত্ব পালনে ব্যর্থ হলে তার দায় সরকারকেই বহন করতে হবে।" এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে নীরব থাকার কোনো সুযোগ নেই।

জুবায়ের আরো বলেন, রাজনৈতিক মতপার্থক্য ও ভিন্নমত কখনোই সহিংসতা, হামলা কিংবা অগ্নিসংযোগের অজুহাত হতে পারে না। দেশে আইনের শাসন, গণতান্ত্রিক পরিবেশ ও নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অপরাধের বিরুদ্ধে সরকারকে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

বিবৃতিতে তিনি নুসরাত তাবাসসুম জ্যোতি ও তার পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘স্যান্ডপেপারগেট’ অভিযোগের জবাব দেবেন অস্ট্রেলিয়ার অধিনায়ক কামিন্স

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:১৬ পি.এম


‘স্যান্ডপেপারগেট’ অভিযোগের জবাব দেবেন অস্ট্রেলিয়ার অধিনায়ক কামিন্স

ঢাকা, ১২ নভেম্বর ২০২৬ : অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স জানিয়েছেন, ২০১৮ সালের বল টেম্পারিং কেলেঙ্কারি সম্পর্কে উসমান খাজার ‘দীর্ঘ অভিযোগের তালিকার’ জবাব তিনি দেবেন। তবে অভিযোগগুলো সঠিকভাবে বুঝে নেওয়ার জন্য তিনি কিছুটা সময় নিচ্ছেন।

গত সপ্তাহে খাজা তার আত্মজীবনী প্রকাশের আগে আট বছর আগের এই বিতর্ক নতুন করে সামনে আনেন। এরপর থেকেই কামিন্সের ওপর সংবাদমাধ্যমের মুখোমুখি হওয়ার জন্য চাপ বৃদ্ধি পেয়েছে।

বইয়ে খাজা অভিযোগ করেছেন যে, ২০১৮ সালে কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় টেস্টে স্যান্ডপেপার দিয়ে বলের ঘষামাজা করে সুইং করানোর পরিকল্পনার বিষয়ে পুরো দল জানত। তিনি দাবি করেছেন, অধিনায়ক কামিন্সও এ বিষয়ে অবগত ছিলেন।

এছাড়া, পোর্ট এলিজাবেথে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টেও একই কৌশল প্রয়োগ করা হয়েছিল বলে খাজা উল্লেখ করেছেন।

তবে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) তদন্তে বলা হয়েছিল, কেবল ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ ও ক্যামেরন ব্যানক্রফটই এ পরিকল্পনার বিষয়ে জানতেন। পরবর্তীতে তিনজনকেই অসম্মানজনকভাবে দেশে ফেরত পাঠানো হয় এবং নিষিদ্ধ করা হয়।

২০২১ সালে কামিন্স এবং দলের অন্য তিন বোলার মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড ও নাথান লায়ন প্রকাশ্যে দাবি করেছিলেন যে, তারা এ পরিকল্পনার বিষয়ে কিছুই জানতেন না।

ঘরোয়া শেফিল্ড শিল্ডের পরবর্তী রাউন্ড শুরুর আগে শুক্রবার কামিন্স তার বক্তব্য তুলে ধরবেন বলে জানিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেন, “এ সপ্তাহের ঘটনাবলি নিয়ে যেকোনো সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে আমি প্রস্তুত।

“উজির অভিযোগের দীর্ঘ তালিকা এবং সেগুলোর পুরো ব্যাপ্তি ভালোভাবে বোঝার জন্য কিছুটা সময় নিয়েছি, যাতে যথাযথভাবে জবাব দিতে পারি।”

বুধবার স্টার্কও তার অবস্থান পুনর্ব্যক্ত করেছেন।

সাংবাদিকদের তিনি বলেন, “অন্য বোলারদের হয়ে কথা বলতে চাই না। তবে আমার অবস্থান থেকে বলছি, আমার মতামত বদলায়নি। ২০২১ সালে আমরা যা বলেছিলাম, সে বিষয়ে আমার স্মৃতিও বদলায়নি।”

‘মাঠে কী ঘটেছে, তা আমরা জানতাম না’

স্টার্ক আরও বলেন, “আমাদের বিবৃতিতে যেমন বলা হয়েছিল, মাঠে বল নিয়ে কিছু করা হচ্ছে, এ বিষয়ে আমরা অবগত ছিলাম না। এ পর্যন্তই বলতে চাই।”

এখন পর্যন্ত স্মিথ ও ব্যানক্রফট এ বিষয়ে নীরব রয়েছেন।

অভিযোগ যাই হোক, কামিন্সের চাকরি নিরাপদ বলে আশ্বস্ত করেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান ডেভিড বুন।

দ্য অস্ট্রেলিয়ান পত্রিকাকে বুন বলেন, “আমরা প্যাটকে পুরোপুরি সমর্থন করি।” তিনি আরও বলেন, দলের উচিত অতীত নিয়ে পড়ে না থেকে সামনের দিকে এগিয়ে যাওয়া।

তিনি বলেন, “উসমানের দৃষ্টিভঙ্গি এবং সে সময়ের ঘটনা সম্পর্কে তার স্মৃতিকে আমি সম্মান করি। সেগুলো তার নিজস্ব স্মৃতি। তবে আমরা ‘একজন বলেছে, আরেকজন বলেছে’- এমন বিতর্কে জড়াতে চাই না।

“কিছু সমর্থক তার সঙ্গে একমত হবেন, আবার এমন খেলোয়াড়ও থাকবেন, যাদের স্মৃতি একই রকম নয়। তাই এ বিতর্কে জড়ানোর কোনো উদ্দেশ্য আমি দেখি না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিবিসি গাজার সংবাদে ইসরাইলের পক্ষ নিচ্ছে: প্রতিবেদন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:১৭ পি.এম


বিবিসি গাজার সংবাদে ইসরাইলের পক্ষ নিচ্ছে: প্রতিবেদন

গাজায় ইসরাইলের যুদ্ধ সংক্রান্ত সংবাদ প্রচারে বিবিসি ধারাবাহিকভাবে ইসরাইলের পক্ষে অবস্থান নিচ্ছে, এমন একটি তথ্য উঠে এসেছে এক অনুসন্ধানে। সংবাদ বিশ্লেষণবিষয়ক প্ল্যাটফর্ম নিউজকর্ডের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ফিলিস্তিনিদের তুলনায় ইসরাইলের অবস্থান ছয় গুণেরও বেশি বার তুলে ধরেছেন বিবিসির উপস্থাপকরা।

‘বিবিসি: উড স্যে ফাইলস’ শীর্ষক অনুসন্ধানে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ২০২৬ সালের ৪ নভেম্বর পর্যন্ত বিবিসিতে প্রচারিত ৫১ হাজার ৩০৩টি নিউজ অনুষ্ঠান এবং ১ হাজার ৬১৮টি সংবাদ প্রতিবেদন বিশ্লেষণ করা হয়েছে।

অনুসন্ধানে দেখা যায়, গাজায় ইসরাইলের কর্মকাণ্ডের সমালোচকদের সাক্ষাৎকার নেওয়ার সময় বিবিসির উপস্থাপকরা ২৫২ বার ইসরাইলের পক্ষে যুক্তি তুলে ধরেছেন। অন্যদিকে, ইসরাইলের পক্ষের ব্যক্তিদের সাক্ষাৎকারে ফিলিস্তিনিদের বক্তব্য তুলে ধরা হয়েছে মাত্র ১৫ বার।

প্রতিবেদন অনুযায়ী, ইসরাইলের সমালোচকদের সাক্ষাৎকারের ৯ দশমিক ৮ শতাংশ ক্ষেত্রে উপস্থাপকরা ইসরাইলের যুক্তি তুলে ধরেছেন। এদিকে, ইসরাইলের সমর্থকদের সাক্ষাৎকারে ফিলিস্তিনিদের যুক্তি তুলে ধরার হার মাত্র ১ দশমিক ৫ শতাংশ।

নিউজকর্ডের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা নিমা আকরাম মন্তব্য করেন, বিবিসি শুধুমাত্র ইসরাইলের বক্তব্য প্রচার করছে না, বরং অনেক ক্ষেত্রে ইসরাইলের পক্ষে নিজেদের যুক্তি তুলে ধরছে। প্রতিবেদনে আরও দেখা গেছে, ‘ইসরাইল হয়তো বলবে’ এবং ‘ফিলিস্তিনিরা হয়তো বলবে’—এ ধরনের শব্দবন্ধ ব্যবহারের ক্ষেত্রেও ব্যাপক বৈষম্য বিদ্যমান।

ইসরাইলের কোনো দাবির বিপরীতে ফিলিস্তিনি বা জাতিসংঘের বক্তব্য যুক্ত করা হয়েছে মাত্র ২৫ শতাংশ ক্ষেত্রে। বিপরীতে, ইসরাইলের সমালোচনার পর দেশটির পাল্টা বক্তব্য যুক্ত করা হয়েছে ৪৯ শতাংশ ক্ষেত্রে।

অনুসন্ধানে আরও বলা হয়েছে, ইসরাইলের শীর্ষ নেতাদের বিতর্কিত বক্তব্য যথাযথভাবে তুলে ধরতে ব্যর্থ হয়েছে বিবিসি। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বক্তব্য বিশ্লেষণ করে দেখা যায়, ২৫২টি সাক্ষাৎকারের মধ্যে মাত্র একটিতে বিবিসির উপস্থাপক সরাসরি এসব বক্তব্যের একটি উল্লেখ করেছেন।

আকরাম বলেন, নিরপেক্ষতার কথা বললে ইসরাইল ও ফিলিস্তিন—উভয় পক্ষের জন্য একই মানদণ্ড অনুসরণ করা উচিত। ইসরাইলের সমর্থকদের কাছে যেমন ফিলিস্তিনিদের বক্তব্য তুলে ধরা প্রয়োজন, তেমনি ইসরাইলের বক্তব্য প্রচারের সময় দেশটির নেতাদের নিজস্ব মন্তব্যও যাচাই করা উচিত।

এদিকে, গাজা নিয়ে সংবাদ পরিবেশনে পক্ষপাতের অভিযোগে বিবিসি দীর্ঘদিন ধরেই সমালোচনার সম্মুখীন হচ্ছে। ২০২৪ সালে সাংবাদিক ও লেখক ওয়েন জোন্সের এক অনুসন্ধানী প্রতিবেদনে বিবিসির ১৩ জন বর্তমান ও সাবেক কর্মীর অভিযোগ তুলে ধরা হয়। এতে মধ্যপ্রাচ্যবিষয়ক সম্পাদক রাফি বার্গের বিরুদ্ধে ইসরাইলের দায় আড়াল করার অভিযোগও ছিল। তবে বার্গ ও বিবিসি এসব অভিযোগ অস্বীকার করেছে।

সূত্র: দ্য নিউআরব

আরএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শক্তিশালী রাষ্ট্রের প্রশ্রয়ে দেশে নাশকতার চেষ্টা চলছে : রিজভী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:১৮ পি.এম


শক্তিশালী রাষ্ট্রের প্রশ্রয়ে দেশে নাশকতার চেষ্টা চলছে : রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন যে, দেশে পরিকল্পিতভাবে নাশকতার চেষ্টা চলছে শক্তিশালী কোনো রাষ্ট্রের প্রশ্রয়ে।

তিনি বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর বসুন্ধরায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে এ মন্তব্য করেন।

এ সময় রিজভী আরও বলেন, অপশক্তি কখনোই চুপ করে থাকে না। বর্তমানে বিভিন্ন দিক থেকে অনেকেই ফ্যাসিবাদের পক্ষে কথা বলছে। একটি অস্থিতিশীলতা তৈরি করার প্রচেষ্টা চলছে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুন দেয়ার ঘটনায় তিনি নিন্দা জানিয়ে বলেন, এসব কর্মকাণ্ড দীর্ঘস্থায়ী হবে না। জনসমর্থন ছাড়া অপতৎপরতা চালিয়ে কোনো লাভ হবে না।

ফ্যাসিবাদকে প্রতিরোধ করতে শক্তিশালী গণতান্ত্রিক কাঠামো গঠনের গুরুত্বও তুলে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।

এদিকে, দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ফ্যাসিস্ট হটাও দেশ বাঁচাও নামের একটি সংগঠনের আয়োজিত অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, পৃথিবীর ইতিহাসে কোনো ফ্যাসিস্ট শাসক আবার ক্ষমতায় আসতে পারেনি।

তিনি আরও বলেন, জার্মানির হিটলারের দল কখনো সেদেশে রাজনীতি করতে পারেনি। বাংলাদেশের ২০ কোটি মানুষ যাদের প্রত্যাখ্যান করেছে, তাদের রাজনীতিতে ক্ষমতায় আসার সুযোগ নেই।

দুলু জানান, এ ফ্যাসিস্টদের বিরুদ্ধে সরকার ও বিরোধীদল সবাই ঐক্যবদ্ধ এবং তিনি সবাইকে তাদের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%