০৪:৪২ পি.এম
ঢাকার কেরানীগঞ্জে বাবরি মসজিদের স্মৃতি সংরক্ষণের উদ্দেশ্যে একই নামে একটি মসজিদ নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। কলাতিয়ায় প্রায় ২০ বিঘা জমির উপর মসজিদ-মাদরাসা কমপ্লেক্স গড়ে তোলার কাজ চলছে। এই প্রকল্পের আওতায় আধুনিক কওমি মাদরাসা এবং মসজিদের পাশাপাশি অন্যান্য অবকাঠামো নির্মাণের পরিকল্পনা রয়েছে।
উদ্যোক্তাদের তথ্য অনুযায়ী, নির্মিতব্য মসজিদটির স্থাপত্য অযোধ্যার বাবরি মসজিদের আদলে তৈরি করা হবে। এতে থাকবে তিনটি গম্বুজ এবং মোগল স্থাপত্যের বিভিন্ন বৈশিষ্ট্য। আধুনিক স্থাপত্যশৈলীর সঙ্গে এর সমন্বয় করা হবে।
কলাতিয়ায় জামিয়াতুত তারবিয়া আল ইসলামিয়া নামে কওমি মাদরাসার কার্যক্রম এক যুগেরও বেশি সময় ধরে চলছে। এই প্রতিষ্ঠানকে কেন্দ্র করে বড় পরিসরে কমপ্লেক্সটি গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পটির মূল উদ্যোক্তা হলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
আরও পড়ুন: মালয়েশিয়ায় পাচারকালে লাবণী পয়েন্টে ট্রলার থেকে ২৮ জন উদ্ধার
মামুনুল হকের উদ্যোগে ২০২০ সালের ২৬ ফেব্রুয়ারি মসজিদটির ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণকাজের উদ্বোধন করেন হেফাজতে ইসলামের তৎকালীন আমির আল্লামা শাহ আহমদ শফী (রহ.)। তবে ২০২১ সালের রাজনৈতিক পরিস্থিতির কারণে মাদরাসা ও মসজিদ কমপ্লেক্সের কার্যক্রম বন্ধ হয়ে যায়, উদ্যোক্তাদের দাবি অনুযায়ী, ওই সময় মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীসহ আটজনকে গ্রেপ্তার করা হয় এবং প্রায় চার বছর নির্মাণকাজ স্থগিত ছিল।
২০২৪ সালের ৫ আগস্টের পর আবার প্রকল্পের কার্যক্রম শুরু হয়েছে। ইতোমধ্যে মাটি ভরাটের কাজ সম্পন্ন হয়েছে এবং কমপ্লেক্স থেকে ৭০০ ফুট সংযোগ সড়ক নির্মাণ করা হয়েছে।
মামুনুল হক বলেন, "অযোধ্যার বাবরি মসজিদের স্মৃতি ও এর ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে একই নাম রাখা হয়েছে।" তিনি জানান, দক্ষ প্রকৌশলীদের তত্ত্বাবধানে মূল প্রকল্পের নকশা তৈরির কাজ চলছে এবং চলতি বছরেই মূল মসজিদের নির্মাণকাজ শুরু করার পরিকল্পনা রয়েছে।
এদিকে, অস্থায়ীভাবে ৫ হাজার বর্গফুটের একটি মসজিদ ও সমপরিমাণ উন্মুক্ত বারান্দা নির্মাণের পরিকল্পনা রয়েছে। স্থানীয় মুসল্লি ও শিক্ষার্থীদের নামাজের পাশাপাশি শিক্ষার্থীদের আবাসনের ব্যবস্থা সেখানে থাকবে। প্রকল্প বাস্তবায়নে দেশের ধর্মপ্রাণ মানুষ ও প্রবাসীদের আর্থিক সহযোগিতা চেয়েছেন উদ্যোক্তারা।
আরও পড়ুন: সুনামগঞ্জের সেলবরস ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আগুন
উদ্যোক্তারা জানিয়েছেন, প্রকল্পের পরবর্তী কাজ এগিয়ে নিতে বর্তমানে সাধারণ মানুষের কাছ থেকে অনুদান সংগ্রহ করা হচ্ছে। অনলাইনে অনুদান দিতে tagleebedin.com/babri-masjid ওয়েবসাইটে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।
এছাড়া, বিকাশ ও নগদের মাধ্যমে 01737241621 নম্বরে অনুদান পাঠানো যাবে। ব্যাংকের মাধ্যমে অনুদানের জন্য হিসাবের নাম Babri Masjid Dhaka এবং অ্যাকাউন্ট নম্বর 20506640200295607। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, কলাতিয়া বাজার সাব-শাখা, ঢাকা ব্যাংক হিসেবে উল্লেখ করা হয়েছে।
অনুদানসংক্রান্ত তথ্যের জন্য উদ্যোক্তাদের পক্ষ থেকে 01339-491061 নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলা হয়েছে।
আরও পড়ুন: আজ যেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন