বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং
০৪:৩৬ পি.এম
ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটাগং (ইউএসটিসি)-এর উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান মারা গেছেন।
তিনি বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোর ৫টার দিকে নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার পর ক্যাম্পাসসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে আসে।
ইউএসটিসির সহকারী রেজিস্ট্রার শহীদুল্লাহ মোহাম্মদ সিকান্দার এক শোক বার্তায় উল্লেখ করেন, ইউএসটিসি পরিবার একজন সম্মানিত শিক্ষাবিদ, নিবেদিতপ্রাণ শিক্ষক ও অভিভাবককে হারিয়েছে। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও প্রাতিষ্ঠানিক অগ্রগতিতে তার অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে। তার কর্মনিষ্ঠা, নেতৃত্ব ও শিক্ষার প্রতি আন্তরিক অঙ্গীকার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
ড. মোহাম্মদ সোলায়মান ১৯৫৫ সালে চট্টগ্রামের সীতাকুণ্ডের মছজিদ্দা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক এবং ইউআইটিএস’র সাবেক উপাচার্য ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সউদী আরব নেতৃত্বাধীন জোট দাবি করেছে যে, ইসলাম ধর্মের অন্যতম পবিত্র নগরী মদিনা অঞ্চলে একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি 'এক্স' (পূর্বের টুইটার)-এ জানিয়েছেন, ‘মদিনা অঞ্চলে একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করে ধ্বংস করা হয়েছে।’
এটি উল্লেখযোগ্য যে, চলতি মাসের শুরুর দিকে সউদী জোট জানিয়েছিল যে, ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি মিলিশিয়া পবিত্র মদিনা নগরীর একটি বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন হামলা চালিয়েছে।
এই বিদ্যুৎ কেন্দ্রটি মদিনার ঐতিহাসিক মসজিদে নববীতে বিদ্যুৎ সরবরাহকারী গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর মধ্যে অন্যতম।
সূত্র: আল আরাবিয়া
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) কর্তৃক আয়োজিত চতুর্থ ইন্টারন্যাশনাল কনফারেন্স অন কম্পিউটিং অ্যাডভান্সমেন্ট (আইসিসিএ) শুরু হয়েছে। এই সম্মেলনটি দুই দিনব্যাপী অনুষ্ঠিত হবে ১৫ ও ১৬ অক্টোবর।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আইসিসিএ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা জানান, এবারের সম্মেলনে ১৭টি দেশের পক্ষ থেকে ৯০০টিরও বেশি গবেষণাপত্র জমা পড়েছে, যার মধ্যে ২১৪টি গবেষণাপত্র উপস্থাপনার জন্য নির্বাচিত হয়েছে।
আয়োজকরা আশা প্রকাশ করেছেন যে, এই আয়োজনের মাধ্যমে বিভিন্ন দেশের গবেষক ও প্রযুক্তিবিদদের মধ্যে জ্ঞান বিনিময়, আন্তর্জাতিক সহযোগিতা এবং যৌথ গবেষণার নতুন সুযোগ সৃষ্টি হবে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এআইইউবির প্রতিষ্ঠাতা সদস্য ও ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন।
আইসিসিএ ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ট্রাস্টি বোর্ডের সদস্য ড. কারমেন জেড লামাগনা, উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম, এফএসটি অনুষদের ডিন, প্রফেসর এবং শিক্ষার্থীরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সৌদি আরবের একটি ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমানে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে। তাদের দাবি অনুযায়ী, ইয়েমেনের উত্তরাঞ্চলের আকাশে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবহার করে বিমানটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে। তবে বিমানটি ক্ষতিগ্রস্ত হয়েছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে হুতিদের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি দাবি করেন, সৌদি আরবের তাইফ বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করা একটি টাইফুন যুদ্ধবিমানকে ইয়েমেনের উত্তরাঞ্চলীয় সাদা প্রদেশের আকাশে লক্ষ্যবস্তু করা হয়েছে।
তিনি আরও জানান, ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের সরাসরি আঘাতে বিমানটি বিধ্বস্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে। তবে সৌদি আরবের পক্ষ থেকে এ বিষয়ে কোনো নিশ্চিত বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে রাতের আকাশে দূরবর্তী একটি সংঘর্ষের নিম্নমানের ভিডিও ছড়িয়ে পড়েছে। কয়েকটি সংবাদমাধ্যমও ভিডিওটি প্রকাশ করেছে। কিন্তু ঘন অন্ধকারে ধারণ করা ফুটেজটি থেকে ঘটনাটি যে কোনো যুদ্ধবিমানকে ঘিরে ঘটেছে, তা নিশ্চিতভাবে বোঝা যায় না।
ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তাইজ শহরের বিভিন্ন এলাকায় সরকারি বাহিনী ও হুতি যোদ্ধাদের মধ্যে তুমুল সংঘর্ষ চলছে। তীব্র সংঘাতের মধ্যে সৌদি যুদ্ধবিমানে হামলার দাবি করেছে হুতিরা।
গত মাসের মাঝামাঝি (১৬ সেপ্টেম্বর) সৌদি আরবের একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করে হুতি বিদ্রোহীরা। তারা প্রমাণ হিসেবে প্রায় চার মিনিটের একটি ভিডিও প্রকাশ করে, যেখানে যুদ্ধবিমানটি লক্ষ্যবস্তু করার দৃশ্য, দুর্ঘটনাস্থলে আগুন ও ধোঁয়া এবং পরে বিমানটির ধ্বংসাবশেষ দেখা যায়।
প্রায় এক যুগ ধরে সংঘাত চললেও গত মাস থেকে হুতি ও সৌদি নেতৃত্বাধীন জোটের মধ্যে সংঘাত আরও তীব্র হয়েছে। হুতিরা লোহিত সাগর উপকূলের মোখা শহরসহ বাব আল-মানদেব প্রণালির আশপাশের কৌশলগত এলাকাগুলোর নিয়ন্ত্রণ নেওয়ার পর উত্তেজনা বেড়ে যায়। হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ার প্রেক্ষাপটে এসব এলাকা সৌদি আরবের জ্বালানি রফতানির জন্য আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।
চলতি মাসের শুরুতে সৌদি আরব ও ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার হারানো ভূখণ্ড পুনর্দখলে পাল্টা অভিযান শুরু করে। জবাবে, হুতিরা সৌদি আরবের বিভিন্ন শহর ও গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা জোরদার করে।
সম্প্রতি সৌদি রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরেও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় হুতিরা। পাশাপাশি পূর্বাঞ্চলীয় শহর ধাহরানে সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি প্রশাসনিক ভবনে হামলার দায়ও স্বীকার করে গোষ্ঠীটি।
হুতিদের দাবি, ইয়েমেনের রাজধানী সানার আল-সাবাহ এলাকায় তাদের নিয়ন্ত্রণাধীন একটি তেল স্থাপনায় সৌদি হামলার প্রতিশোধ হিসেবে এসব আক্রমণ চালানো হয়েছে।
অন্যদিকে, ইয়েমেনের সরকারপন্থি বাহিনীকে সহায়তা দিতে সৌদি আরব নিয়মিত হুতিদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালাচ্ছে। ফলে দুই পক্ষের পাল্টাপাল্টি আক্রমণে সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তালাশ বিডি/মিডিয়া লিঃ