এস. এম. সাইফুল ইসলাম কবির স্টাফ রিপোর্টার:
সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং
০৭:৩০ পি.এম
প্রথমবার সুন্দরবনে জাহাজে বসছে ‘সেভ’-এর বার্ষিক সম্মেলন; ১০ দেশের ৩০ গবেষক ও সরকারি প্রতিনিধি অংশ নেবেন, আলোচনায় সংরক্ষণ ও বংশবৃদ্ধির পরিকল্পনা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বখ্যাত ম্যানগ্রোভ বনাঞ্চল ও মৎস্যসম্পদের আধার সুন্দরবন উপকূলেএকসময় দেশের আকাশে ও বনাঞ্চলে পরিচিত দৃশ্য ছিল শকুনের উড়াউড়ি। মৃত প্রাণীর দেহাবশেষ পরিষ্কার করে পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই পাখির সংখ্যা চার দশক আগেও বাংলাদেশে ছিল প্রায় অর্ধলাখ। কিন্তু আবাসস্থল সংকট, খাদ্যে বিষক্রিয়া ও নানা প্রতিকূলতায় বিপন্ন হতে হতে দেশে শকুনের সংখ্যা এখন নেমে এসেছে মাত্র ২৪৮টিতে। প্রকৃতির পরিচ্ছন্নতাকর্মী হিসেবে পরিচিত এই পাখি এখন আগের মতো সহজে চোখেও পড়ে না।
মহাবিপন্ন এই পাখির বিলুপ্তি ঠেকানো, সংখ্যা পুনরুদ্ধার এবং সংরক্ষণ কার্যক্রমের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে প্রথমবারের মতো সুন্দরবনে জাহাজে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘সেভিং এশিয়ান ভালচার্স ফ্রম এক্সটিংশন’ (এসএভিই—SAVE)-এর ২০২৬ সালের বার্ষিক সভা। ২৪ থেকে ২৬ নভেম্বর তিন দিনব্যাপী এ সভার আয়োজন করেছে বাংলাদেশ বন বিভাগ। এতে এশিয়ার ছয় দেশসহ বিশ্বের ১০টি দেশের প্রায় ৩০ জন প্রাণী গবেষক ও সরকারি প্রতিনিধি অংশ নেবেন।
বন বিভাগ সূত্রে জানা গেছে, সভায় বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তান, মিয়ানমার, কম্বোডিয়া, ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর ও কানাডার প্রতিনিধিরা অংশ নেবেন। শকুন সংরক্ষণে এশিয়ার দেশগুলোর অগ্রগতি, বিদ্যমান চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হবে। বিশেষ গুরুত্ব পাবে শকুনের জন্য ক্ষতিকর ভেটেরিনারি ওষুধ নিয়ন্ত্রণ, শকুন-নিরাপদ অঞ্চল গড়ে তোলা, সংখ্যা পর্যবেক্ষণ, কৃত্রিম প্রজনন, প্রকৃতিতে অবমুক্তকরণ এবং আন্তদেশীয় সহযোগিতা।
এশিয়ায় শকুনের বিলুপ্তি প্রতিরোধ ও সংখ্যা পুনরুদ্ধারের লক্ষ্যে ২০১১ সালে প্রতিষ্ঠিত হয় ‘সেভিং এশিয়ান ভালচার্স ফ্রম এক্সটিংশন’ (সেভ) জোট। বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তান, মিয়ানমার ও কম্বোডিয়ায় শকুন সংরক্ষণে কাজ করছে এই উদ্যোগ। আইইউসিএন বাংলাদেশ, স্কোপ ফাউন্ডেশন, বার্ডলাইফ ইন্টারন্যাশনাল, রয়্যাল সোসাইটি ফর দ্য প্রোটেকশন অব বার্ডস এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের সহযোগিতায় বাংলাদেশ বন বিভাগ এবারের সভার আয়োজন করছে।
আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ (আইইউসিএন) বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার সারওয়ার আলম দিপু জানান, মহাবিপন্ন শকুনের বিলুপ্তি ঠেকাতে ২০১১ সাল থেকে কাজ করছে ‘সেভ’। ২০১৪ ও ২০১৭ সালে বাংলাদেশে এ জোটের বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছিল। ২০২৫ সালে শ্রীলঙ্কার কলম্বোয় সভাটি হয়। ২০২৬ সালের বার্ষিক সভা এবার সুন্দরবনে জাহাজে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
তিনি জানান, বাংলাদেশে বর্তমানে শকুনের সংখ্যা ২৪৮টি। সুন্দরবনের ঢাংমারী, ঘাগড়ামারী ও লাউডোবসহ বিভিন্ন এলাকায় শকুনের দেখা মেলে। এবারের সভায় শকুনের সংখ্যা বৃদ্ধি, নিরাপদ আবাসস্থল নিশ্চিত করা এবং সংরক্ষণ কার্যক্রমকে আরও কার্যকর করার বিষয়ে আলোচনা হবে।
বন বিভাগ সূত্রে জানা গেছে, আগামী ২৫ নভেম্বর সুন্দরবনে জাহাজে অনুষ্ঠিতব্য সভার উদ্বোধন করবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফাহমিদা খানম। বাংলাদেশ বন বিভাগের প্রধান বন সংরক্ষক (সিসিএফ) মো. আমির হোসাইন চৌধুরীর সভাপতিত্বে সভায় বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত থাকবেন।
সুন্দরবন বিভাগের খুলনা অঞ্চলের বন সংরক্ষক (সিএফ) ইমরান আহমেদ বলেন, শকুন রক্ষায় ‘সেভিং এশিয়ান ভালচার্স ফ্রম এক্সটিংশন’-এর ২০২৬ সালের বার্ষিক সভা প্রথমবারের মতো সুন্দরবনে অনুষ্ঠিত হচ্ছে। এটি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এ সভা থেকে শকুনের আবাসস্থল সুরক্ষা, বিলুপ্তি প্রতিরোধ ও বংশবৃদ্ধির জন্য বাস্তবমুখী পরিকল্পনা ও সিদ্ধান্ত আসবে বলে আশা করা হচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, শকুন পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মৃত প্রাণীর দেহ দ্রুত পরিষ্কার করার মাধ্যমে রোগজীবাণু ছড়িয়ে পড়ার ঝুঁকি কমাতেও সহায়তা করে পাখিটি। তাই শকুনের সংখ্যা কমে যাওয়া শুধু একটি প্রজাতির অস্তিত্বের সংকট নয়, এটি পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্যও উদ্বেগের বিষয়। সুন্দরবনে আয়োজিত আন্তর্জাতিক এ সভা শকুন সংরক্ষণে আঞ্চলিক সহযোগিতা জোরদার এবং কার্যকর উদ্যোগ গ্রহণে নতুন দিকনির্দেশনা দেবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।(ছবি সংযুক্ত আছে)
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যশোর, ২৩ নভেম্বর ২০২৬ : যশোরের কেশবপুরে পাঁচ গুণীজনকে জাতীয় কবি নজরুল পদক-২০২৬ প্রদান করা হয়েছে, যা সাহিত্য, গবেষণা, চিকিৎসাসেবা ও আর্থসামাজিক উন্নয়নে তাদের অবদানের স্বীকৃতি হিসেবে দেওয়া হয়েছে।
গতকাল রোববার বিকেলে কেশবপুর প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে ‘জাতীয় কবি নজরুল স্মরণোৎসব ও গুণীজন সম্মাননা’ অনুষ্ঠানে এ পদক তাদের হাতে তুলে দেওয়া হয়। স্থানীয় সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন ‘বাংলাদেশ সাহিত্য সেবা সংসদ’ এই অনুষ্ঠানের আয়োজন করে, যেখানে ‘এসো মন ভুবনে, সত্য সুন্দর কল্যাণে’ স্লোগান ছিল।
পদকপ্রাপ্তদের মধ্যে রয়েছেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. রিজাউল ইসলাম, যশোর শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক হাফিজুর রহমান, নাট্যকার খায়রুল বাসার, রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের চক্ষু বিভাগের সাবেক প্রধান অধ্যাপক ডা. মো. মোখলেছুর রহমান এবং উন্নয়ন সংস্থা সমাধানের নির্বাহী পরিচালক রেজাউল করিম।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে অধ্যাপক ড. মো. রিজাউল ইসলাম এবং সভাপতির দায়িত্ব পালন করেন বাংলাদেশ সাহিত্য সেবা সংসদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কবি ও নাট্যকার মুহম্মদ শফি। তারা পদকপ্রাপ্তদের হাতে ফুল, পদক, উত্তরীয় ও সনদ তুলে দেন।
এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ও কেশবপুর প্রেসক্লাবের সহসভাপতি মোতাহার হোসেন, কোষাধ্যক্ষ মানব মণ্ডল, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক তাপস মজুমদার এবং কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দিন আলা।
অনুষ্ঠানের শেষ পর্বে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতা আবৃত্তি এবং নজরুলসংগীত পরিবেশন করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
শুরুতে বাংলাদেশ দলের জন্য একটি আশাব্যঞ্জক পরিস্থিতি তৈরি হয়েছিল। ওপেনিং জুটিতে সাইফ হাসান ও পারভেজ হোসেন ইমনের ব্যাটিংয়ে ভালো কিছু করার সম্ভাবনা দেখা দিয়েছিল। তবে শ্রীলঙ্কা ‘এ’ দলের স্পিন আক্রমণ শুরু হওয়ার সাথে সাথে ম্যাচের চিত্র পরিবর্তিত হয়ে যায়। একের পর এক উইকেট হারিয়ে বাংলাদেশ শেষ পর্যন্ত এশিয়া কাপ রাইজিং স্টার্সে ৪২.৫ ওভারে ১৪৫ রানে অলআউট হয়ে যায়। শ্রীলঙ্কা ‘এ’ দলের জন্য জয়ের লক্ষ্য দাঁড়িয়েছে ১৪৬ রান।
দোহায় গ্রুপ পর্বের ম্যাচে টস জিতে বাংলাদেশ আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। সাইফ ও ইমনের উদ্বোধনী জুটিতে ৫০ রানের বেশি সংগ্রহ আসে। ইমন ৩২ রান করে দলের সর্বোচ্চ রান সংগ্রাহক হন। সাইফের ব্যাট থেকে আসে ২৮ রান, আর শাহাদাত হোসেন করেন ১৩ রান। কিন্তু স্পিনারদের আক্রমণ শুরু হওয়ার পর বাংলাদেশের টপ অর্ডার আর দাঁড়াতে পারেনি।
অভিজ্ঞ ব্যাটার আফিফ হোসেন ও সাব্বির রহমানও দ্রুত ফিরে যান। মাঝের সারিতে ইফতি, বাসির ও রিজওয়ান কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। তাঁদের মধ্যে ইফতি ৩১ রান করেন। ঘূর্ণি বলে ডিফেন্স করতে গিয়ে তিনি উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরে যান। রিজওয়ানের সংগ্রহ ১৫, আর বাসির করেন ১০ রান।
শ্রীলঙ্কার স্পিনারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের কারণে বাংলাদেশের জন্য মাঝের ওভারগুলোতে রান তোলা কঠিন হয়ে পড়ে। ব্যাটারদের তাড়াহুড়ো করে শট খেলার প্রবণতা এবং বলের গুণাগুণ বুঝে ব্যাটিং না করার দুর্বলতা স্পষ্ট হয়ে ওঠে। টানা ১৩১ বল কোনো বাউন্ডারি না পাওয়াই বাংলাদেশের ব্যাটিং দুর্দশার বড় প্রমাণ।
শ্রীলঙ্কার হয়ে রাভিন্দু ফার্নান্দো ২৮ রান দিয়ে ৪ উইকেট নেন। সাহান ৩টি, ভিয়াসকান্ত ২টি এবং সামুথিথা ১টি উইকেট নেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নেত্রকোনার মদনে টোল আদায়ের প্রেক্ষিতে জুলাইযোদ্ধা আব্দুল বারেক (৭০) হত্যার ঘটনায় কঠোর অবস্থান গ্রহণ করেছেন নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর। তিনি উল্লেখ করেছেন, অপরাধী যদি তার গ্রামের লোক বা আত্মীয় হয় কিংবা তার দলের সদস্য হয়—কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। আইন অনুযায়ী এর বিচার করা হবে।
সোমবার দুপুরে মদন-কেন্দুয়া সড়কে সিএনজিচালিত অটোরিকশার চালককে মারধর করে টোল আদায়কারীরা। এ সময় গাড়িতে উপস্থিত যাত্রী জুলাইযোদ্ধা আব্দুল বারেক বিষয়টি সমাধান করতে এগিয়ে গেলে তাকেও মারধর করা হয়। পরে তাকে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আব্দুল বারেক চানগাঁও ইউনিয়নের চকপাড়া গ্রামের মৃত আব্দুল গণির পুত্র। ২০২৪ সালের জুলাই আন্দোলনে পুলিশের গুলিতে তিনি এক চোখ হারিয়েছিলেন। এই ঘটনায় টোল আদায়কারী আতিকুল ইসলাম (১৯)-কে আটক করেছে মদন থানা-পুলিশ।
লুৎফুজ্জামান বাবর বলেন, ‘সে যেই হোক, সে আমার গ্রামের হোক বা আমার আত্মীয় হোক, কিছু আসে যায় না। অপরাধী অপরাধী হিসেবে চিহ্নিত হবে। আমার দলের হলেও কিছু আসে যায় না।’
ঘটনার পরপরই মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন করিমসহ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে ফোনে কথা বলেন সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর।
এমই
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাগেরহাট, ২৩ নভেম্বর ২০২৬ : মোল্লাহাট উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন।
এ সভায় উপস্থিত ছিলেন মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাৎ হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জে. এইচ. খান লেলীন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ হাসান আলী, উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইমরান হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রাজীব রায়, উপজেলা জামায়াতের আমির মো. হেদায়েত উল্যাহ, পল্লী বিদ্যুতের ডিজিএম বিশুদ্ধনন্দ পূরা ব্রাহ্মণ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুনীয়া আক্তার, বীর মুক্তিযোদ্ধা আমির আলী ফকির ও ফকির দিন মোহাম্মদ, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান এবং সহ-সভাপতি আব্দুল্লাহ ফারুকসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সভায় সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ, চোরাচালান দমন, নারী ও শিশু নির্যাতন এবং বাল্যবিয়ে প্রতিরোধ, যৌতুক প্রতিরোধ, ভোক্তা অধিকার সংরক্ষণ, গ্রাম আদালত ব্যবস্থাপনা, ফরমালিন নিয়ন্ত্রণ এবং খাদ্যে রাসায়নিক দ্রব্য ও ভেজাল মিশ্রণ প্রতিরোধের কার্যক্রমের সমন্বয় ও তদারকি নিয়ে সংশ্লিষ্ট কমিটির সভাও অনুষ্ঠিত হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ