ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

জুলাই চেতনাকে পুঁজি করে ব্যবসা করা উচিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী


জুলাই চেতনাকে পুঁজি করে ব্যবসা করা উচিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই চেতনা নিয়ে কোনো ধরনের ব্যবসায়িক বা রাজনৈতিক ফায়দা না তোলার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানিয়েছেন, জুলাই চেতনা নিয়ে ব্যবসা কাম্য নয়। কোনো চেতনারই ব্যবসা ভালো কিছু বয়ে আনে না। তাই এই চেতনাকে রাজনীতির ঊর্ধ্বে রেখে দেশের কল্যাণে কাজে লাগাতে হবে।

শনিবার (৪ জুলাই) রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত জুলাই জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, জুলাইয়ের স্বপ্ন ও চেতনাকে ধারণ করে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। এই চেতনা বাস্তবায়নের মাধ্যমেই দেশ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবে।

পতিত স্বৈরাচারের ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক করে সালাহউদ্দিন আহমদ বলেন, বিদেশে বসে গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র করছে পতিত স্বৈরাচার। তারা দেশের স্থিতিশীলতা নষ্ট করতে মরিয়া। শিগগিরই রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার হওয়া তরীকায় দাঁড় করানোর অঙ্গীকারও করেছেন তিনি। আইন অনুযায়ী বিচার নিশ্চিত করা হবে।

আরও পড়ুন: জাপান বাংলাদেশে সাড়ে ৭৭ হাজার কোটি টাকা বিনিয়োগের ঘোষণা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খামেনির দাফন ঘিরে ইরানকে ‘এক সপ্তাহ সময়’ দেওয়ার দাবি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০২:০০ পি.এম


খামেনির দাফন ঘিরে ইরানকে ‘এক সপ্তাহ সময়’ দেওয়ার দাবি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে আগ্রহী। একই সঙ্গে, তিনি জানিয়েছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফন ও শোকানুষ্ঠানের জন্য ওয়াশিংটন তেহরানকে ‘এক সপ্তাহ সময়’ দিয়েছে।

স্থানীয় সময় শুক্রবার (৩ জুলাই) রাতে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উদ্‌যাপনের উদ্বোধনী অনুষ্ঠানে, সাউথ ডাকোটার মাউন্ট রাশমোরে দেওয়া তার ভাষণে ট্রাম্প এসব মন্তব্য করেন।

ভাষণে তিনি যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি ও বৈশ্বিক প্রভাবের কথা তুলে ধরে বলেন, ‘আমরা একদিনেই ভেনেজুয়েলাকে হারিয়েছি এবং ইরানকেও কঠোরভাবে আঘাত করেছি। তারা এখন সমঝোতা করতে মরিয়া।’

ট্রাম্প আরও দাবি করেন, ‘আমরা ভালো মানুষ বলেই তাদের অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য এক সপ্তাহ সময় দিয়েছি।’ আজ শনিবার (৪ জুলাই) আন্তর্জাতিক গণমাধ্যমে ট্রাম্পের এই বক্তব্য প্রকাশ করা হয়েছে।

ট্রাম্পের এই বক্তব্য এমন সময়ে এলো, যখন তেহরানে খামেনির রাষ্ট্রীয় শেষ বিদায় অনুষ্ঠান চলমান। যেখানে লাখ লাখ মানুষ অংশ নিচ্ছেন এবং বিশ্বের বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরাও উপস্থিত রয়েছেন।

তবে ট্রাম্পের ‘ইরানকে এক সপ্তাহ সময় দেওয়া’ সংক্রান্ত দাবির বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। এছাড়া যুক্তরাষ্ট্রও এ বিষয়ে আলাদা কোনো সরকারি ব্যাখ্যা প্রকাশ করেনি।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ আগ্রাসনের প্রথম দিন নিহত হন ৮৬ বছর বয়সি খামেনি। ওই হামলায় তাঁর পরিবারের কয়েকজন সদস্যও প্রাণ হারান। এসময় তিনি তেহরানে তার আবাসিক ভবনে ছিলেন।

গত মার্চে খামেনির দাফন হওয়ার কথা ছিল, তবে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে তীব্র সংঘাতের কারণে তা পিছিয়ে দেওয়া হয়। যুদ্ধবিরতির অবসরে চার মাস পর রাষ্ট্রীয়ভাবে তার জানাজা ও দাফন অনুষ্ঠিত হচ্ছে। খামেনির দাফনের আনুষ্ঠানিকতা সাত দিন ধরে চলবে যা গত শুক্রবার (৩ জুলাই) শুরু হয়েছে।

আজ শনিবার (৪ জুলাই) সকালে রাজধানী তেহরানের ইমাম খোমেনি গ্রান্ড মোসাল্লা কমপ্লেক্স-এ খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা শুরু হয়। এ সময় গ্রান্ড মোসাল্লা ও এর আশপাশের এলাকায় রীতিমতো জনসমুদ্র তৈরি হয়।

অনুষ্ঠান শুরুর আগেই পুরো প্রাঙ্গণ শোকার্ত মানুষের উপস্থিতিতে পূর্ণ হয়ে যায়। অনেককে কয়েক কিলোমিটার পথ হেঁটে অনুষ্ঠানস্থলে পৌঁছাতে দেখা গেছে। তেহরানের বিভিন্ন মেট্রো স্টেশনেও সকাল থেকে দীর্ঘ সারিতে অপেক্ষা করেন হাজারো মানুষ।

অনুষ্ঠানস্থলে বহু শোকাহত লাল পতাকা বহন করেন, যা ইরানে প্রতিশোধের প্রতীক হিসেবে পরিচিত। তাদের মধ্যে অনেককে ‘আমেরিকার মৃত্যু’ এবং ‘প্রতিশোধ, প্রতিশোধ’ স্লোগান দিতে দেখা যায়।

খামেনির রাষ্ট্রীয় শেষ বিদায় অনুষ্ঠানে ইরানের বিভিন্ন প্রদেশ থেকে লাখো মানুষ অংশ নিয়েছেন। একই সঙ্গে পাকিস্তান, ইরাক, তুরস্ক, সৌদি আরব, কাতার, রাশিয়া, চীন, বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল এবং সাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও), ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) ও ডেভেলপিং-৮ (ডি-৮)-এর প্রতিনিধিরাও উপস্থিত রয়েছেন।

শেষ বিদায় অনুষ্ঠান ঘিরে ইরানজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং রাজধানী তেহরানের বিভিন্ন সড়কে যান চলাচলে বিশেষ নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘মাকে যদি একবার জিজ্ঞেস করতে পারতাম’ জুলাই জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০২:০৫ পি.এম


‘মাকে যদি একবার জিজ্ঞেস করতে পারতাম’ জুলাই জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী

‘আমি যদি মাকে জিজ্ঞেস করতে পারতাম, গেল ১৭ বছর আপনার ওপর যে অন্যায়-অত্যাচার হয়েছে, আমি কি সেই নির্যাতনের প্রতিশোধ নেব? সেই ক্ষমতা আমার আছে। তবে আমার বিশ্বাস, আমার মা আমাকে বলতেন–প্রতিশোধ নয়, দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাও। আমার ছোট ভাইকেও একই প্রশ্ন করলে সে-ও মায়ের মতোই একই উত্তর দিতো।’

শনিবার (৪ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘জুলাই জাতীয় সম্মেলন’-এ প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান এসব কথা বলেন। এই সম্মেলন জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে এবং তাদের আত্মত্যাগকে সম্মান জানাতে আয়োজন করা হয়। সম্মেলনে শহীদ ও আহত পরিবারের সদস্যদের আবেগঘন বক্তব্যের পর প্রধানমন্ত্রী তাঁর পরিবার ও দেশের রাজনৈতিক প্রেক্ষাপট টেনে কথা বলেন।

প্রধানমন্ত্রী জানান, জুলাই অভ্যুত্থানের প্রতিটি আত্মত্যাগ রাষ্ট্রীয়ভাবে মূল্যায়ন করা হবে। তবে তিনি প্রতিশোধের রাজনীতির ঊর্ধ্বে উঠে নিয়মতান্ত্রিক বিচারের ওপর জোর দেন। প্রধানমন্ত্রী বলেন, ‘যারা হত্যা ও নির্যাতনের জন্য দায়ী, তাদের অবশ্যই বিচার করা হবে। কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে বিচারের নামে আমরা যেন কোনো অবিচার না করি। স্বৈরাচারী সরকার যেভাবে বিচার ব্যবস্থা ব্যবহার করে মানুষের ওপর অবিচার করেছে, আমরা যেন সেই পথ অনুসরণ না করি।’

শহীদদের প্রতি সম্মান প্রদর্শনের বিষয়ে তিনি বলেন, ‘যে শহীদ হয়েছে, সে যদি ওপর থেকে দেখে যে তার হত্যার বিচার করতে গিয়ে আমরা অন্য কারো ওপর অন্যায়-অবিচারের আশ্রয় নিচ্ছি, তাহলে সেই শহীদ কষ্ট পাবে। আইন অনুযায়ী হত্যাকারীদের সঠিক বিচার করা হবে, প্রয়োজনে বিচার প্রক্রিয়ার জন্য সময় নেয়া হবে।’

দেশে দীর্ঘমেয়াদি জাতীয় ঐক্যের ডাক দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘জাতিকে বিভক্ত করে দেশকে কোনোভাবেই সামনের দিকে এগিয়ে নেয়া যায় না। দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই গণ-অভ্যুত্থানে প্রত্যেকের ত্যাগের মূল্যায়ন করা হবে, তবে তার মানে এই নয় যে কাউকে বঞ্চিত করে তা করা হবে।’

তিনি আরও বলেন, ‘জুলাই অভ্যুত্থানে যে অর্জন এসেছে তা কোনো একক ব্যক্তি বা একক দলের নয়; এ অর্জন দেশের প্রতিটি শান্তিপ্রিয়, প্রতিটি গণতান্ত্রিক মানুষের। জুলাইয়ে যারা শহীদ ও আহত হয়েছেন, তাদের লক্ষ্য ছিল এ দেশের ব্যবস্থার পরিবর্তন, মানুষের ভাগ্য পরিবর্তন ও গণতন্ত্র প্রতিষ্ঠা করা। সেই লক্ষ্যেই আমাদের সবাইকে একসঙ্গে এগিয়ে যেতে হবে।’

উপস্থিত শহীদ পরিবার ও সাধারণ মানুষের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘আজ জুলাই শহীদদের সত্যিকারের সম্মান করতে হলে আমাদের কাজের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। দেশকে যদি আমরা সমৃদ্ধির পথে এগিয়ে নিতে পারি, তবেই ভবিষ্যতে আপনারা গর্ব করে বলতে পারবেন যে নিজেদের সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে আপনারা দেশের ভাগ্য পরিবর্তন করতে পেরেছেন। সবার কাছে আমার এটাই প্রত্যাশা।’

জাতীয় সংসদের প্রধান হুইপ নুরুল ইসলাম মনির সভাপতিত্বে এই স্মরণ সভায় জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের পরিবারের সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, দেশের শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং বিভিন্ন দেশের কূটনীতিকরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হঠাৎ আগুনে তিন পরিবারের বসতঘর পুড়ে ছাই

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০২:০৭ পি.এম


হঠাৎ আগুনে তিন পরিবারের বসতঘর পুড়ে ছাই

রংপুরের পীরগঞ্জে বড় আলমপুর ইউনিয়নের ছোট উজিরপুর গ্রামের একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে তিন পরিবারের পাঁচটি বসতঘর পুড়ে গেছে। ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন, এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছে।

শনিবার (৪ জুলাই) সকালে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনাস্থলে থাকা ক্ষতিগ্রস্তরা হলেন, ওই গ্রামের মৃত্যু আব্দুস সামাদের ছেলে বেলাল মিয়া, রাশেদুল ইসলাম এবং তার মা আসমা বেগম। তারা সবাই পৃথকভাবে একই বাড়িতে বসবাস করছেন।

স্থানীয় বাসিন্দা মালেক মিয়া জানায়, আগুন লাগার পরে মুহূর্তের মধ্যেই তা পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন পানি ও বিভিন্ন উপায়ে আগুন নেভানোর চেষ্টা করলেও, আগুনের তীব্রতায় তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

অন্যদিকে, স্থানীয় বাসিন্দা মাহবুর রহমান বলেছেন, আগুনে কয়েক মিনিটের মধ্যেই পাঁচটি বসতঘর সম্পূর্ণরূপে পুড়ে যায়। বর্তমানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো খোলা আকাশের নিচে বসবাস করছে। তাদের পাশে দাঁড়ানো জরুরি বলে মনে করেন স্থানীয়রা।

স্থানীয়দের ধারণা, বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত ঘটেছে। খবর পেয়ে পীরগঞ্জ ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কিন্তু এর আগেই পাঁচটি বসতঘর পুরোপুরি পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত রাশেদুল ইসলাম কান্না জড়িয়ে বলেছেন, "অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা সব হারিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছি। যদি সরকারি সহায়তা এবং সমাজের বিত্তবান মানুষ সহযোগিতা করেন, তাহলে হয়তো বাঁচতে পারব।"

পীরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নাজমুল হক জানিয়েছেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছানো হয় এবং স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে তদন্ত শেষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান বলেছেন, "আমি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে শুকনো খাবারসহ প্রয়োজনীয় জিনিস দেওয়ার নির্দেশ দিয়েছি।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খামেনির শেষ বিদায়ে লাল পতাকা উত্তোলন, বিশেষ বার্তা দিল ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০২:১১ পি.এম


খামেনির শেষ বিদায়ে লাল পতাকা উত্তোলন, বিশেষ বার্তা দিল ইরান

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও শেষ বিদায়ের আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হয়েছে। এই ছয় দিনের কর্মসূচি স্থানীয় সময় শনিবার সকালে শুরু হয়েছে বলে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে।

আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় নিয়ে রাজধানী তেহরানে তার সমর্থকদের প্রতিশোধের প্রতীক হিসেবে লাল পতাকা বহন করতে দেখা গেছে। এসব পতাকা প্রতিপক্ষের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার আহ্বান জানানোর প্রতীক হিসেবে প্রদর্শন করা হচ্ছে।

তেহরান বিশ্ববিদ্যালয়ের গবেষণা ফেলো মোহাম্মদ এসলামি কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে বলেন, খামেনির অনুসারীরা লাল পতাকা তৈরি ও বহন করছেন উদ্দেশ্য হচ্ছে প্রতিশোধের আহ্বান জানান।

তিনি বলেন, “তারা ইরান সরকারের কাছে দাবি জানাচ্ছেন, যারা তাদের সর্বোচ্চ নেতাকে হত্যা করেছে, তাদের বিরুদ্ধে কঠোর প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হোক।”

এসলামি আরও বলেন, “আমাদের বিবেচনায় রাখতে হবে, প্রয়াত সর্বোচ্চ নেতা কেবল রাষ্ট্রপ্রধানের মতো একজন ব্যক্তি ছিলেন না; তিনি ছিলেন রাষ্ট্রের রাজনৈতিক, ধর্মীয় ও আদর্শিক নেতৃত্বের কেন্দ্রবিন্দু।”

বিশ্লেষকদের মতে, শিয়া ঐতিহ্যে দীর্ঘদিন ধরে লাল পতাকা অন্যায় হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়ার প্রতীক হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। খামেনির শেষ বিদায়ে এই পতাকার উপস্থিতি তার সমর্থকদের আবেগ এবং প্রতিশোধের দাবিকে আরও স্পষ্টভাবে তুলে ধরছে। সূত্র: আল-জাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%