ঢাকা বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ইং ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

দাবি না মানলে ১ ডিসেম্বর থেকে কর্মবিরতির হুঁশিয়ারি


দাবি না মানলে ১ ডিসেম্বর থেকে কর্মবিরতির হুঁশিয়ারি

স্থায়ী ট্রাক টার্মিনাল নির্মাণ, যাত্রীবাহী যানবাহনে বাণিজ্যিকভাবে পণ্য পরিবহন বন্ধসহ চার দফা দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন পরিবহন শ্রমিকরা। আগামী ৩০ নভেম্বরের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে ১ ডিসেম্বর থেকে স্বেচ্ছায় কর্মবিরতিসহ কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।
‎
‎বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় সুনামগঞ্জ শহরের নতুন বাসস্টেশন এলাকায় ‘সুনামগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন’ (রেজি. নং চট্ট-২৬২২)-এর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
‎
‎সংগঠনের সাধারণ সম্পাদক নূর উদ্দিন মিয়ার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের সভাপতি মো. ফয়জুর নূর, সাংগঠনিক সম্পাদক আব্দুল জাহান এবং সিএনজি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলামিন কালা প্রমূখ । এ সময় শ্রমিক ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দসহ দুই শতাধিক শ্রমিক উপস্থিত ছিলেন।
‎
‎মানববন্ধনে বক্তারা বলেন, সড়ক পরিবহন খাতের অব্যবস্থাপনা ও অস্থিতিশীল পরিস্থিতির কারণে পণ্য পরিবহনশিল্প বর্তমানে সংকটের মুখে পড়েছে। যাত্রীবাহী যানবাহনে বাণিজ্যিকভাবে পণ্য পরিবহনের ফলে পণ্যবাহী যানবাহনের মালিকরা ব্যবসায় আগ্রহ হারাচ্ছেন। এতে অনেক শ্রমিক কর্মহীন হয়ে পড়ছেন। অন্যদিকে, মহাসড়কে ধীরগতির ও অনুমোদনহীন যানবাহন চলাচলের কারণে সড়ক দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটছে।
‎
‎বক্তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন সভা-সমাবেশে এসব সমস্যা ও দাবি তুলে ধরা হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বারবার আশ্বাস দেওয়া হলেও বাস্তবে তার প্রতিফলন দেখা যাচ্ছে না। তাই শ্রমিকদের স্বার্থ রক্ষা এবং পরিবহন খাতের শৃঙ্খলা ফিরিয়ে আনতে তাঁদের চার দফা দাবি দ্রুত বাস্তবায়ন করতে হবে।
‎
‎শ্রমিক ইউনিয়নের চার দফা দাবি হলো—অনতিবিলম্বে স্থায়ী ট্রাক টার্মিনাল নির্মাণের উদ্যোগ গ্রহণ, সব ধরনের যাত্রীবাহী যানবাহনে বাণিজ্যিকভাবে পণ্য পরিবহন বন্ধ, বালু-পাথরের কোয়ারিগুলোতে সনাতন পদ্ধতিতে উত্তোলনের কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং আঞ্চলিক মহাসড়কে ব্যাটারিচালিত ইজিবাইক, অনুমোদনবিহীন করিমন, নসিমন, ভটভটিসহ সব ধরনের অযান্ত্রিক যানবাহন চলাচল বন্ধ করা।
‎
‎মানববন্ধন শেষে শ্রমিক ইউনিয়নের নেতারা জেলা প্রশাসক মো. মিনহাজুর রহমানের হাতে চার দফা দাবি সংবলিত স্মারকলিপি তুলে দেন। স্মারকলিপিতে আগামী ৩০ নভেম্বরের মধ্যে দাবিগুলো বাস্তবায়নের অনুরোধ জানানো হয়। অন্যথায় ১ ডিসেম্বর থেকে পণ্য পরিবহন শ্রমিকরা স্বেচ্ছায় কর্মবিরতিসহ কঠোর কর্মসূচি পালন করবেন বলে উল্লেখ করা হয়। এতে কোনো ধরনের পরিস্থিতির অবনতি ঘটলে তার দায়ভার শ্রমিক ইউনিয়ন বহন করবে না বলেও স্মারকলিপিতে উল্লেখ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মজুরি বোর্ডের সিদ্ধান্তে গ্রেডভেদে পোশাক শ্রমিকদের মজুরি ৩৬-৪৩% বৃদ্ধি: মাহ্দী আমিন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০২:২৪ পি.এম


মজুরি বোর্ডের সিদ্ধান্তে গ্রেডভেদে পোশাক শ্রমিকদের মজুরি ৩৬-৪৩% বৃদ্ধি: মাহ্দী আমিন

২০২৩ সালের সর্বশেষ বেতন বৃদ্ধির পর, মাত্র তিন বছরের মধ্যে গ্রেডভেদে ৩৬ থেকে ৪৩ শতাংশ পর্যন্ত ন্যূনতম মজুরি বৃদ্ধিকে শ্রমিকদের আয়, জীবনমান ও আর্থসামাজিক নিরাপত্তা উন্নয়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা মাহ্দী আমিন। তিনি আরও জানান, বর্ধিত ন্যূনতম মজুরির পাশাপাশি শ্রমিকেরা তাঁদের প্রাপ্য ওভারটাইম এবং বোনাসও পাবেন। এর ফলে, মূল বেতনের বাইরেও তাঁদের অতিরিক্ত আর্থিক প্রাপ্তি যুক্ত হবে, যা মাস শেষে মোট আয়কে আরও বৃদ্ধি করবে।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র হিসেবে মাহ্দী আমিন তাঁর ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এসব কথা বলেন।

স্ট্যাটাসে তিনি লেখেন, "বাংলাদেশের গার্মেন্টস শিল্পের বিশ্বজয়ের পেছনে রয়েছে শ্রমিক ভাই-বোনদের নিরলস পরিশ্রম, দক্ষতা, ত্যাগ ও নিষ্ঠা। তাঁদের ঘাম ও শ্রমে তৈরি ‘মেড ইন বাংলাদেশ’ আজ বিশ্ববাজারে বাংলাদেশের সক্ষমতা, সাফল্য ও মর্যাদার প্রতীক। এ শিল্পের প্রতিটি অর্জনের সঙ্গে জড়িয়ে রয়েছে তাঁদের জীবন, পরিবারের সংগ্রাম ও কারখানার ভবিষ্যৎ। তাই তাঁদের ন্যায্য মজুরি, প্রাপ্য মর্যাদা, নিরাপত্তা ও উন্নত জীবনমান নিশ্চিত করা শুধু অর্থনৈতিক প্রয়োজন নয়, আমাদের নৈতিক ও সমন্বিত দায়িত্ব।"

তিনি আরও বলেন, "এ দায়িত্ববোধ থেকেই তৈরি পোশাকশিল্পের নিম্নতম মজুরি বোর্ডের সব পক্ষের ঐকমত্যের ভিত্তিতে শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়, প্রয়োজন ও ন্যায্য প্রত্যাশার সঙ্গে সংগতিপূর্ণ একটি নতুন মজুরি কাঠামো নির্ধারণ করা হয়েছে। বর্তমান মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয়, শিল্পের আর্থিক সক্ষমতা এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগী দেশগুলোর মজুরি কাঠামোসহ সামগ্রিক অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় নিয়েই এ ভারসাম্যপূর্ণ সিদ্ধান্তে পৌঁছানো হয়েছে।"

মাহ্দী আমিন জানান, নতুন এ কাঠামো অনুযায়ী, গ্রেড-১-এর অধীনে সেলাই, কাটিং, আয়রনিং ও ফিনিশিংয়ের সিনিয়র অপারেটর, প্যাটার্ন মেকার, স্যাম্পল মেকার, স্ক্রিন প্রিন্টার এবং সিনিয়র ডাইং অপারেটরদের মাসিক ন্যূনতম মজুরি ২১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। পূর্বে এ গ্রেডের মজুরি ছিল ১৫ হাজার ৩৫ টাকা; ফলে মজুরি বেড়েছে ৪৩ শতাংশ।

তিনি বলেন, গ্রেড-২-এর অধীনে সেলাই, কাটিং, ফিনিশিং ও কোয়ালিটি কন্ট্রোল অপারেটর, সিনিয়র হেলপার, সিনিয়র কলার জয়েন্টার এবং সিনিয়র কাফ মেকারদের মাসিক ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা। পূর্বে এ মজুরি ছিল ১৪ হাজার ২৭৩ টাকা; অর্থাৎ বেড়েছে ৪০.১১ শতাংশ।

তিনি আরও বলেন, গ্রেড-৩-এর অধীনে জুনিয়র অপারেটর, অভিজ্ঞ হেলপার, ফোল্ডার, প্যাকার, ট্যাগিংম্যান এবং সুইং সহকারীদের মাসিক ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে ১৯ হাজার ২০০ টাকা। পূর্বে এ মজুরি ছিল ১৩ হাজার ৫৫০ টাকা; ফলে মজুরি বেড়েছে ৪১.৭০ শতাংশ। অন্যদিকে, সর্বনিম্ন গ্রেড-৪-এর অধীনে হেলপার, থ্রেড কাটার এবং লাইন অ্যাসিস্ট্যান্টদের মাসিক ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে ১৭ হাজার টাকা। পূর্বে এ মজুরি ছিল ১২ হাজার ৫০০ টাকা; ফলে মজুরি বেড়েছে ৩৬ শতাংশ।

মাহ্দী আমিন বলেন, "আমরা বিশ্বাস করি শ্রমিকেরা দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি এবং রপ্তানি সাফল্যের অন্যতম প্রধান ভিত্তি। একই সঙ্গে মনে রাখতে হবে, শ্রমিকের কল্যাণ এবং শিল্পের সমৃদ্ধি একে অপরের পরিপূরক। একটি শক্তিশালী ও প্রতিযোগিতামূলক শিল্পখাতই দীর্ঘমেয়াদে শ্রমিকদের কর্মসংস্থান, ন্যায্য মজুরি ও অধিকতর সুযোগ নিশ্চিত করতে পারে। শিল্পের সক্ষমতা ও স্থিতিশীলতা বজায় থাকলেই কর্মসংস্থান, বিনিয়োগ এবং রপ্তানি প্রবৃদ্ধি সুরক্ষিত থাকবে।"

তিনি বলেন, "আমরা এমন একটি তৈরি পোশাকশিল্প গড়ে তুলতে চাই, যেখানে শ্রমিক তাঁর ন্যায্য অধিকার, প্রাপ্য মর্যাদা ও উন্নত জীবনমান পাবেন; উদ্যোক্তারা বিনিয়োগ ও উৎপাদনে আস্থা পাবেন; বেকারত্ব না বেড়ে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে; আর বাংলাদেশ আন্তর্জাতিক বাজারে আরও শক্তিশালী ও সুদৃঢ় অবস্থান তৈরি করবে।"

মাহ্দী আমিন বলেন, "শ্রমিকের ন্যায্য মজুরি, মালিকপক্ষের সক্ষমতা এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক স্বার্থের সুষম সমন্বয়ই আমাদের মূল লক্ষ্য। শ্রমিকের মুখে স্বস্তি, কর্মক্ষেত্রে মর্যাদা এবং শিল্পের টেকসই অগ্রগতির মধ্য দিয়েই বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও উন্নত ভবিষ্যৎ নিশ্চিত করা সম্ভব।"

জনপ্রত্যাশার সঙ্গে সংগতিপূর্ণ ও গ্রহণযোগ্য নতুন মজুরি কাঠামো প্রদানের জন্য মজুরি বোর্ড, শ্রমিক পক্ষ ও মালিক পক্ষকে ধন্যবাদ জানিয়ে মাহ্দী আমিন বলেন, "শ্রমিক-মালিক ভাইবোনদের প্রতি আমাদের আন্তরিক আহ্বান- পারস্পরিক শ্রদ্ধাবোধ, আস্থা, সহনশীলতা ও সহযোগিতার মাধ্যমে কর্মক্ষেত্রে উৎপাদনমুখী ও আন্তরিক পরিবেশ বজায় রাখুন। কোনো ধরনের অপপ্রচার, উসকানি বা বিভ্রান্তিতে প্রভাবিত না হয়ে নিজ নিজ কর্মস্থলে উৎপাদনের স্বাভাবিক ধারা অব্যাহত রাখুন এবং দায়িত্বশীল ভূমিকা পালন করুন।"

শ্রমিক-মালিকের পারস্পরিক আস্থা ও সম্মিলিত প্রচেষ্টাই গার্মেন্টস শিল্পকে আরও এগিয়ে নেবে এবং আগামীর স্বনির্ভর বাংলাদেশের অর্থনীতিকে সমৃদ্ধ করবে বলেও স্ট্যাটাসে উল্লেখ করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%