০৭:৪৪ পি.এম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে গোপনে আলোচনা বা সমঝোতা করার ইতিহাস নেই বলে বিরোধীদলীয় নেতা ও দলটির আমির ডা. শফিকুর রহমান জাতীয় সংসদে স্পষ্টভাবে জানিয়েছেন। তিনি বলেন, "আমরা একটি রাজনৈতিক দল। রাজনৈতিক দলের সঙ্গে বা বন্ধুদের সঙ্গে আমরা বসব—কিন্তু কোনো এজেন্সির সঙ্গে বসার প্রশ্নই ওঠে না।"
এই বক্তব্য তিনি বুধবার জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রেক্ষিতে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে দেন। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সংসদে বক্তব্যে ইঙ্গিত করেছিলেন যে, একটি দলের শীর্ষ নেতাদের সাথে ভিনদেশি সংস্থার গোপন বৈঠকের কোনো সম্পর্ক সাম্প্রতিক অস্থিরতার পেছনে রয়েছে কি না।
ডা. শফিকুর রহমান এর কড়া জবাব দিয়ে বলেন, "বলা হয়েছে ভিনদেশি গোয়েন্দা সংস্থার সাথে একটি দলের বোঝাপড়া হয়েছে। সেই দলটা কে—তা স্পষ্ট করা হোক।" তিনি অভিযোগ করেন, সরকারের নিয়োজিত সচিব পদমর্যাদার একজন ব্যক্তি সারাদিন জামায়াতকে নিয়ে মিথ্যাচার করেন। তিনি বলেন, "৩৫০ সদস্যের এই হাউজে দাঁড়িয়ে স্পষ্টভাবে বলছি—কোনো দেশের কোনো এজেন্সির সাথে বসার ইতিহাস জামায়াতের নেই। আমরা এর আগেই চ্যালেঞ্জ দিয়েছিলাম, প্রমাণ থাকলে তা জনসমক্ষে উপস্থাপন করুন।"
আরও পড়ুন: ঢাকা মেডিকেলে দালাল ধরতে অভিযান, ১১ জন আটক, ৭ জনের কারাদণ্ড
তিনি পাল্টা অভিযোগ তুলে বলেন, বরঞ্চ যারা আমাদের দিকে আঙুল তুলছেন, তাদের নিজেদেরই দেশে ও বিদেশে বিভিন্ন এজেন্সির সঙ্গে বসার সুস্পষ্ট প্রমাণ ও রেকর্ড রয়েছে। তিনি উল্লেখ করেন, "এমনকি এজেন্সির দেশে গিয়ে তাদের সামনে অতীতের পররাষ্ট্রনীতির ভুল স্বীকার করে জনসম্মুখে বক্তব্য দেওয়ার ইতিহাসও রয়েছে।"
জামায়াত আমির স্বরাষ্ট্রমন্ত্রীর অভিযোগ নাকচ করে বলেন, "১২ আগস্টের এক সাংবাদিক সম্মেলনের কথা বলে আমাকে মিসকোট করা হয়।" তিনি বলেন, "সেই ২২ মিনিটের বক্তব্যে স্বপ্নেও আমি একবারের জন্য আওয়ামী লীগের নাম মুখে নেইনি।" তিনি জানান, "সেই পুরো ভিডিও এখনো সোশ্যাল মিডিয়ায় আছে, যে কেউ দেখে নিতে পারেন।"
দেশে মাদক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, "সরকারি দলের সংসদ সদস্যরা নিজেরাই সংসদে বলছেন যে ফ্যাসিবাদের সময়ের মাদকের সিন্ডিকেট এখন তাদের দলের কিছু নেতা নিয়ন্ত্রণ করছে।" তিনি উল্লেখ করেন, "স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির পাশ দিয়েই মাদকের বড় চালান যাওয়ার কথা সরকারি দলের সদস্যরাই উল্লেখ করেছেন।"
কুষ্টিয়ায় মাদক কারবারীদের ধরতে গিয়ে পুলিশ সরকারি দলের নেতাকর্মীদের হামলার মুখে পড়েছে বলে তিনি জানান। সীমান্তে হত্যাকাণ্ড ও পুশ-ইন প্রতিরোধ প্রসঙ্গে তিনি বলেন, "সীমান্তে বিএসএফের হত্যাকাণ্ড ২২ থেকে ১২-তে নামায় স্বরাষ্ট্রমন্ত্রী হাততালি চেয়েছিলেন।"
আরও পড়ুন: জুবাইদার বিশ্বনেতাদের সহধর্মিণীদের বাংলাদেশ জুট প্যাভিলিয়ন পরিদর্শনের আমন্ত্রণ
তিনি সংসদে হাততালি দিয়ে বলেন, "সীমান্তে হত্যাকাণ্ড শূন্যের কোঠায় নামলে আমরা সবাই মিলে প্রাণখুলে হাততালি দেব।" তিনি বলেন, "প্রতিটি নাগরিকের জীবনের মূল্য রয়েছে।" সীমান্ত সুরক্ষায় সরকারের পাশাপাশি সাধারণ জনগণ যেভাবে পাশে দাঁড়িয়েছে, তাদের কৃতিত্বও স্বীকার করা উচিত ছিল।
বক্তব্যের শেষে পারস্পরিক দোষারোপের রাজনীতি বন্ধের আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, "ইঙ্গিতপূর্ণ কথা না বললে আমি এর একটা কথাও বলতাম না।" তিনি বলেন, "ফ্যাসিবাদের বিরুদ্ধে ২০২৪ সালে যে জাতীয় ঐক্য তৈরি হয়েছিল, সেই স্পিরিট ধরে রেখেই আমাদের ঐক্যবদ্ধভাবে সামনে এগোতে হবে।" তিনি জানান, "কোনো দেশের আধিপত্য বরদাস্ত না করে বাংলাদেশকে বাংলাদেশের মতো করে গড়ে তোলাই আমাদের লক্ষ্য।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন