ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

ট্রাম্পের দাবি, জেলেনস্কিকে সরিয়ে ইউক্রেনে নতুন প্রেসিডেন্ট নির্বাচন হোক


ট্রাম্পের দাবি, জেলেনস্কিকে সরিয়ে ইউক্রেনে নতুন প্রেসিডেন্ট নির্বাচন হোক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতা নির্বাচনের আহ্বান জানিয়েছেন, যাতে রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধে সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়।

শনিবার হোয়াইট হাউসে ট্রাম্প মন্তব্য করেন, ইউক্রেনের জন্য এমন একজন নেতা প্রয়োজন, যিনি রাশিয়ার সঙ্গে চুক্তি করতে সক্ষম হবেন। তিনি রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের হামলার সমালোচনা করেন এবং যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের আগে ডিজেলের দাম বাড়ানোর জন্যও ইউক্রেনের হামলাকে দায়ী করেন।

ট্রাম্প বলেন, “আমি পরামর্শ দেব, তারা যেন এমন একজন নতুন নেতা বেছে নেয়, যিনি একটি চুক্তিতে পৌঁছাতে পারবেন।” তিনি অভিযোগ করেন, “কোনো এক কারণে জেলেনস্কি কখনোই তা করেন না।”

আরও পড়ুন: রাশিয়া-ইউক্রেন যুদ্ধে প্রাণ হারালেন চান্দিনার সাগর

জেলেনস্কির নেতৃত্বে ইউক্রেনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করে ট্রাম্প জানান, দেশটি তার ৩০ শতাংশ ভূখণ্ড হারিয়েছে। তিনি জানান, রাশিয়া ও ইউক্রেন মিলিয়ে ২০ লাখের বেশি মানুষ নিহত হয়েছেন। ট্রাম্পের মতে, এই যুদ্ধ কখনোই শুরু হওয়া উচিত ছিল না এবং এখন ইউক্রেনের নতুন প্রেসিডেন্ট পাওয়ার সময় এসেছে।

ট্রাম্পের বক্তব্যের প্রতিক্রিয়ায় ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা বলেন, জেলেনস্কির প্রতি ইউক্রেনের জনগণের সমর্থন রয়েছে এবং কে তাদের নেতা হবে, সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকারও তাদের।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি উল্লেখ করেন, বিদেশ থেকে আসা এ ধরনের বক্তব্য বরং প্রমাণ করে, জেলেনস্কি তাঁর দায়িত্ব ঠিকভাবেই পালন করছেন। তাঁর সমর্থন পাওয়া উচিত।

রাশিয়ার ডিজেল কেনার চুক্তি

আরও পড়ুন: সৌদি-হুথি সংঘাত সমাধানে সহযোগিতার জন্য প্রস্তুত ইরান

শুক্রবার ট্রাম্প জানান, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ডিজেল কেনার একটি চুক্তিতে পৌঁছানোর কথা। তিনি জানান, যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম কমানোর উদ্দেশ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে তিনি জেলেনস্কিকে রাশিয়ার জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করার আহ্বান জানিয়ে আসছিলেন।

যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম রেকর্ড পর্যায়ে পৌঁছানোর জন্যও ট্রাম্প ইউক্রেনকে দায়ী করছেন। তবে ইরানে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন যুদ্ধের কারণে বিশ্ববাজারে জ্বালানির দাম বেড়েছে। ট্রাম্পের বক্তব্যে সেই প্রভাবের বদলে ইউক্রেনের হামলাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।

শনিবার ট্রাম্প বলেন, ২০২২ সালে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকলে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুই হতো না। তিনি দাবি করেন, অযোগ্যতার কারণে এ যুদ্ধ শুরু হয়েছিল এবং এটি শুরু হওয়ার কোনো কারণ ছিল না।

ট্রাম্পের এসব বক্তব্যের কয়েক ঘণ্টা আগে ইউক্রেনের জাপোরিঝঝিয়া অঞ্চলে রাশিয়ার হামলায় অন্তত ২০ জন নিহত হন, ইউক্রেনের কর্মকর্তাদের বরাত দিয়ে জানানো হয়েছে। গত চার দিনে রাশিয়ার হামলায় ইউক্রেনে অন্তত ৬০ জন নিহত হয়েছেন। ক্রমবর্ধমান হামলা মোকাবিলায় দেশটি হিমশিম খেতে হচ্ছে। মস্কোর পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর সাড়ে চার বছরের বেশি সময় পরও দুই দেশের যুদ্ধ চলছে। দূরপাল্লার বিমান হামলা অব্যাহত থাকলেও স্থলযুদ্ধে সম্মুখসারিতে বড় ধরনের অগ্রগতি নেই।

আরও পড়ুন: কলকাতার পূজামণ্ডপে পদদলনে ২০ জন নিহত, আহত অনেকে

ডিজেল চুক্তিতে ক্ষুব্ধ জেলেনস্কি

শুক্রবার ট্রাম্প জানান, রাশিয়া তাৎক্ষণিকভাবে ৩ লাখ টনের বেশি ডিজেল সরবরাহ করবে। এরপর নভেম্বরে আরো ৫ লাখ টন এবং তার পরপরই ১০ লাখ টন সরবরাহ করা হবে। এর অল্প সময়ের মধ্যে আরো ৩০ লাখ টন ডিজেল দেওয়ার কথাও তিনি জানান।

এ ঘোষণায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন জেলেনস্কি। শনিবার জাপোরিঝঝিয়া অঞ্চলে রাশিয়ার হামলার পর এক্সে দেওয়া পোস্টে তিনি লেখেন, “আজ রাশিয়া ডিজেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছে জাপোরিঝঝিয়ায় আবাসিক ভবনে পাঁচটি গ্লাইড বোমা ফেলে।”

জেলেনস্কির অভিযোগ, রাশিয়ার ওপর চাপ কমানো হলে মস্কো সেটিকে যুদ্ধ চালিয়ে যাওয়ার এবং শহরগুলোতে বোমা হামলা অব্যাহত রাখার সুযোগ হিসেবে দেখবে। তিনি বলেন, রপ্তানি থেকে রাশিয়ার আয় বাড়লে সেই অর্থ অস্ত্রের যন্ত্রাংশ কেনা, ড্রোনের সক্ষমতা বাড়ানো, ক্ষেপণাস্ত্র তৈরি এবং ভাড়াটে যোদ্ধা নিয়োগে ব্যয় করা হবে। রাশিয়ার যুদ্ধ চালানোর সক্ষমতা কমানো না গেলে মস্কো যুদ্ধ বন্ধ করতে প্রস্তুত হবে না বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন: বেনজির-নওয়াজের মতো ইমরান খানকে দেশ ছাড়ায় বাধ্য করার চেষ্টা

জেলেনস্কি জানান, রাশিয়ার বাড়তি আয় মোকাবিলায় ইউক্রেন বিভিন্ন পদক্ষেপ সমন্বয় করছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করার বিষয়ে তিনি ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর সঙ্গে কথা বলেছেন। আগামী কয়েক দিনে আরও ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকি বাড়তে পারে বলেও সতর্ক করেন তিনি।

ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেক্সান্ডার স্টাবের সঙ্গেও এ বিষয়ে আলোচনা করেছেন জেলেনস্কি। তিনি জানান, শাহেদ ড্রোন প্রতিহত করতে ব্যবহৃত এফ-১৬ যুদ্ধবিমানের জন্য আগামী কয়েক দিনের মধ্যে ইউক্রেন গোলাবারুদ পাবে।

রাশিয়ার সঙ্গে ডিজেল কেনার চুক্তিতে ইউরোপের মিত্ররা হতাশা প্রকাশ করেছে। তারা জানিয়েছে, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বজায় রাখার প্রতিশ্রুতিতে তারা অটল রয়েছে।

ট্রাম্পের এ চুক্তির ঘোষণা তার আগের নীতির সঙ্গেও সাংঘর্ষিক। গত মাসেই তিনি রাশিয়ার বিরুদ্ধে ব্যাপক নিষেধাজ্ঞা আরোপের একটি আইনে স্বাক্ষর করেছিলেন। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালাতে মস্কো যে তেল ও গ্যাস থেকে আয় করে, তা কমানোই ছিল ওই আইনের লক্ষ্য।

আরও পড়ুন: সারের অতিরিক্ত দাম নিয়ে প্রতিবাদ, বিহারের সাংবাদিক মোঈদ আলম গ্রেপ্তার

শুক্রবার ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও তার জামাতা জ্যারেড কুশনার মিয়ামিতে ইউক্রেনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। যুদ্ধ বন্ধের একটি প্রস্তাব নিয়ে আলোচনা করতেই তাঁদের এ বৈঠক হয়। একই দিনে রাশিয়া থেকে ডিজেল কেনার চুক্তির ঘোষণা দেন ট্রাম্প।

এএম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফ্রান্সে ভারতীয় রোহান রানেকে ২০ বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

১০:২৮ এম


ফ্রান্সে ভারতীয় রোহান রানেকে ২০ বছরের কারাদণ্ড

ফ্রান্সের একটি আদালত ভারতীয় নাগরিক রোহান রানেকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন। তিনি আন্তর্জাতিক অপরাধচক্র গড়ে তুলে বিভিন্ন দেশের অপ্রাপ্তবয়স্ক কিশোরীদের যৌন নির্যাতন, ব্ল্যাকমেইল ও শারীরিক নিপীড়নে বাধ্য করার দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন।

গত শুক্রবার (৯ অক্টোবর) প্যারিসের আদালত এই রায় ঘোষণা করে। এর আগে সরকারি কৌঁসুলিরা তাঁর জন্য ৩০ বছরের কারাদণ্ডের আবেদন করেছিলেন।

২৯ বছর বয়সী রোহান ‘সিভিএলটি’ নামের একটি সহিংস অনলাইন গোষ্ঠীর অন্যতম নেতা ও প্রশাসক ছিলেন।

ফরাসি সংবাদমাধ্যম ও আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, গোষ্ঠীটির সদস্যরা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডাসহ বিভিন্ন দেশের অপ্রাপ্তবয়স্ক কিশোরীদের অনলাইনে লক্ষ্যবস্তু বানাতেন। প্রথমে তারা যোগাযোগ করে ব্যক্তিগত ছবি সংগ্রহ করতেন। পরে সেসব ছবি প্রকাশের হুমকি দিয়ে যৌন কর্মকাণ্ডে বাধ্য করা হতো এবং নিজেদের শরীরে আঘাত করতে নির্দেশ দেওয়া হতো। নির্যাতনের দৃশ্য ধারণ করে অনলাইনে আদানপ্রদানের তথ্যও তদন্তে উঠে এসেছে।

যুক্তরাষ্ট্রের সূত্র ধরে তদন্ত

২০২০ সালের নভেম্বরে যুক্তরাষ্ট্রের শিশু সুরক্ষাবিষয়ক সংস্থা ন্যাশনাল সেন্টার ফর মিসিং অ্যান্ড এক্সপ্লয়টেড চিলড্রেন অনলাইনে ১২ বছর বয়সী এক শিশুর নির্যাতনসংক্রান্ত ছবি শনাক্ত করে। শিশুটিকে নিজের শরীরে ‘রোহান’ নামটি খোদাই করতে উৎসাহিত করার তথ্য পাওয়া গেলে তদন্ত শুরু হয়। মার্কিন কর্তৃপক্ষের দেওয়া তথ্যের ভিত্তিতে ফরাসি তদন্তকারীরা রোহান ও তাঁর সংশ্লিষ্ট গোষ্ঠীর কর্মকাণ্ড অনুসন্ধান করেন।

তদন্তে দেখা যায়, গোষ্ঠীটির সদস্যরা ডিসকর্ডসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে যোগাযোগ রাখতেন। সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন ফোরাম থেকে ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে থাকা কিশোরীদের খুঁজে বের করে তাঁদের ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হতো। কিছু ক্ষেত্রে ভুক্তভোগীদের বাড়িতে পুলিশ পাঠানোর ভয় দেখিয়েও মানসিক চাপ সৃষ্টি করা হতো।

অন্তত ২০ ভুক্তভোগী শনাক্ত

ফরাসি সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, তদন্তে অন্তত ২০ জন ভুক্তভোগীকে শনাক্ত করা হয়েছে। তাঁদের মধ্যে ছয়জন মামলায় আনুষ্ঠানিকভাবে ভুক্তভোগী পক্ষ হিসেবে অংশ নেন। অধিকাংশ ভুক্তভোগী নির্যাতনের সময় অপ্রাপ্তবয়স্ক ছিলেন। সবচেয়ে কম বয়সী ভুক্তভোগীর বয়স ছিল ১২ বছর।

তদন্তে ভুক্তভোগীদের নিজেদের শরীরে আঘাত করা, ত্বকে নাম বা নাৎসি প্রতীক খোদাই করতে বাধ্য করা এবং নির্যাতনের দৃশ্য ধারণের মতো ঘটনার তথ্য পাওয়া যায়। তদন্তকারীদের মতে, যৌন ব্ল্যাকমেইলের পাশাপাশি ভুক্তভোগীদের ওপর চরম নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা ও সহিংসতার মাধ্যমে আধিপত্য বিস্তার ছিল গোষ্ঠীটির কর্মকাণ্ডের অংশ।

রোহান ২০২১ সালে পুনে থেকে ফ্রান্সে পড়াশোনার জন্য যান। দক্ষিণাঞ্চলীয় আন্তিব শহরের একটি ব্যবসায় শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা শেষে তিনি শরীরচর্চার প্রশিক্ষক হিসেবে কাজ শুরু করেন। ২০২১ সালে আন্তিব থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদন অনুযায়ী, রোহান অনলাইন গোষ্ঠীটির প্রশাসক হিসেবে নিজের ভূমিকার কথা স্বীকার করেছিলেন। তাঁর কম্পিউটার ও মুঠোফোনে পাওয়া ভিডিওসহ বিভিন্ন তথ্য-উপাত্ত তদন্তে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে ব্যবহৃত হয়।

তদন্তকারীরা গোষ্ঠীটির সঙ্গে নব্য নাৎসিবাদ, বর্ণবাদ, ইহুদিবিদ্বেষ, নারীবিদ্বেষ ও চরম সহিংসতার যোগসূত্র পেয়েছেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রেও গোষ্ঠীটির অন্য সদস্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

পাঁচ দিনের বিচার শেষে আদালত রোহানকে ২০ বছরের কারাদণ্ড দেন। সরকারি কৌঁসুলিরা তাঁর ৩০ বছরের কারাদণ্ড চেয়েছিলেন। মামলায় পাঁচ মার্কিন ভুক্তভোগীর প্রতিনিধিত্বকারী আইনজীবী এপিকে জানান, নির্যাতনের প্রভাব ভুক্তভোগীদের জীবনে গভীর ও দীর্ঘস্থায়ী হয়েছে।

ফরাসি কর্তৃপক্ষের অবস্থান অনুযায়ী, যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের বিষয়টি বিবেচনার আগে ফ্রান্সে রোহানের বিচারপ্রক্রিয়া সম্পন্ন করা হবে। তাঁকে যুক্তরাষ্ট্রে বিচারের মুখোমুখি করার সম্ভাবনার কথা সংবাদমাধ্যমে এসেছে। তবে প্রত্যর্পণের চূড়ান্ত সিদ্ধান্তের বিষয়ে বিস্তারিত তথ্য এখনো নিশ্চিত নয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রিয়াদে হুতিদের হামলার নিন্দা জানালো বাংলাদেশ, নিহতদের পরিবারের প্রতি সমবেদনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৪৪ এম


রিয়াদে হুতিদের হামলার নিন্দা জানালো বাংলাদেশ, নিহতদের পরিবারের প্রতি সমবেদনা

বাংলাদেশ সৌদি আরবের রাজধানী রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবার (১০ অক্টোবর) হুথিদের দ্বারা সংঘটিত প্রাণঘাতী হামলার তীব্র ও দ্ব্যর্থহীন নিন্দা জানিয়েছে। এই হামলায় প্রাণহানির ঘটনা ঘটেছে, যার মধ্যে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। এছাড়া, বহু মানুষ আহত হয়েছেন, যাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে রোববার (১১ অক্টোবর) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নিহত ও আহত বাংলাদেশিদের বিস্তারিত তথ্য সংগ্রহের জন্য এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার লক্ষ্যে রিয়াদে অবস্থিত বাংলাদেশ মিশন সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, নিহতদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি, বিশেষ করে বাংলাদেশি নিহতদের পরিবারের প্রতি বাংলাদেশ গভীর শোক ও আন্তরিক সমবেদনা জানাচ্ছে। একই সঙ্গে আহত সবার দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করা হয়েছে। বেসামরিক মানুষের জীবন বিপন্ন করে এবং বেসামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু বানিয়ে পরিচালিত হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের হামলা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানানো হয়েছে। এই হামলার পরিপ্রেক্ষিতে সৌদি আরবের সরকার ও ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি বাংলাদেশ তার দৃঢ় সংহতি পুনর্ব্যক্ত করছে।

এতে আরো বলা হয়েছে, আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতার স্বার্থে বাংলাদেশ চলমান সংকটের একটি শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে অবিলম্বে সব ধরনের শত্রুতামূলক কর্মকাণ্ড বন্ধ করতে, বেসামরিক জনগণ ও বেসামরিক অবকাঠামোর সুরক্ষা নিশ্চিত করতে এবং সংলাপ ও কূটনৈতিক আলোচনার মাধ্যমে সংকট নিরসনের আহ্বান জানাচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাওয়ালপিন্ডিতে ১৪৪ ধারা জারি, পিটিআইয়ের লংমার্চ ঘিরে উত্তেজনা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৪৬ এম


রাওয়ালপিন্ডিতে ১৪৪ ধারা জারি, পিটিআইয়ের লংমার্চ ঘিরে উত্তেজনা

পাকিস্তানের রাওয়ালপিন্ডি জেলায় নিরাপত্তা স্থাপনা ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর হামলার আশঙ্কা দেখা দেওয়ার কারণে ৩০ দিনের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে। শনিবার (১০ অক্টোবর) এই ঘোষণা দেন জেলার ডেপুটি কমিশনার (ডিসি)। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) লংমার্চকে কেন্দ্র করে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

১৪৪ ধারা জারির ফলে জেলাটিতে পাঁচজনের বেশি মানুষের জমায়েত, মিছিল, সমাবেশ ও অবস্থান কর্মসূচি নিষিদ্ধ করা হয়েছে। এর পাশাপাশি প্রকাশ্যে অস্ত্র বহন এবং জননিরাপত্তার জন্য বিপজ্জনক বিভিন্ন সরঞ্জাম বহনের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

বর্তমানে পিটিআইয়ের লংমার্চ খাইবার পাখতুনখোয়া প্রদেশের মধ্যে সীমাবদ্ধ রয়েছে। তবে দলটি শুরুতে এ কর্মসূচি নিয়ে কেন্দ্রীয় রাজধানী ইসলামাবাদের দিকে যাওয়ার পরিকল্পনা করেছিল। শনিবার খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তিনি নিজেই বহরের নেতৃত্ব দিয়ে ইসলামাবাদের দিকে যাবেন।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের হাতে আসা একটি বিজ্ঞপ্তি অনুযায়ী, শনিবার জেলা গোয়েন্দা কমিটির (ডিআইসি) এক বৈঠকে রাওয়ালপিন্ডির ডেপুটি কমিশনারকে সম্ভাব্য নিরাপত্তা হুমকির বিষয়ে সতর্ক করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, জেলার গুরুত্বপূর্ণ নিরাপত্তা স্থাপনা, প্রধান সড়ক ও অন্যান্য অবকাঠামোর ওপর হামলার আশঙ্কা রয়েছে। এতে মানুষের জীবন, সরকারি-বেসরকারি সম্পদ এবং জেলার সামগ্রিক শান্তিশৃঙ্খলা গুরুতর ঝুঁকিতে পড়তে পারে।

গোয়েন্দা কমিটি জানিয়েছে, কিছু গোষ্ঠী ও ব্যক্তি বড় জমায়েত, বিক্ষোভ এবং বিশৃঙ্খল সমাবেশের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর উদ্দেশ্যে সক্রিয়ভাবে লোকজনকে সংগঠিত করছে। তারা গুরুত্বপূর্ণ স্থাপনা ও স্পর্শকাতর এলাকায় হামলা চালাতে পারে—এমন ব্যক্তিদেরও জড়ো করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

১৪৪ ধারা জারি করে রাওয়ালপিন্ডির ডেপুটি কমিশনার অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন নাদিম নাসির পাঁচজনের বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ করেছেন।

একই সঙ্গে প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন, ঘরে তৈরি বিস্ফোরক, ধারালো স্পাইক, ভারী লাঠি, গুলতি, ধাতব বল, পেট্রলবোমা এবং মানুষের শারীরিক ক্ষতি করতে পারে—এমন অন্যান্য সরঞ্জাম বহনের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

এ ছাড়া ড্রোন ব্যবহার এবং সমাবেশ ও যান চলাচল নিয়ন্ত্রণে পুলিশের আরোপ করা বিধিনিষেধ তুলে দেওয়ার যেকোনো প্রচেষ্টাও নিষিদ্ধ করা হয়েছে। আগামী ৮ নভেম্বর এ আদেশের মেয়াদ শেষ হওয়ার কথা।

ইসলামাবাদ ও লাহোরেও ১৪৪ ধারা

পাকিস্তানের আরও কয়েকটি এলাকায় আগে থেকেই ১৪৪ ধারা জারি রয়েছে। গত ১৮ সেপ্টেম্বর জারি করা এক বিজ্ঞপ্তিতে ইসলামাবাদে দুই মাসের জন্য এ বিধিনিষেধ আরোপ করা হয়।

ওই আদেশে রাজধানীর রেড জোনসহ জেলার রাজস্ব প্রশাসনিক সীমানার মধ্যে সব জনসমাগমস্থলে পাঁচজন বা তার বেশি মানুষের জমায়েত, মিছিল, র‍্যালি ও বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে।

অন্যদিকে, লাহোরে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত ১৪৪ ধারা কার্যকর থাকবে। জনশান্তি, স্থিতিশীলতা এবং মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তার জন্য গুরুতর হুমকির কথা উল্লেখ করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পাঞ্জাবের স্বরাষ্ট্র দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, লাহোরের জনসমাগমস্থল, সড়ক ও খোলা জায়গায় পাঁচজন বা তার বেশি মানুষের জমায়েত, মিছিল ও সমাবেশের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা রয়েছে।

তবে বিয়ের অনুষ্ঠান, জানাজা, দাফন, মসজিদ ও অন্যান্য উপাসনালয়, আদালত এবং সরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।

তথ্যসূত্র: দ্য ডন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১৩ বছর আগের কীর্তি ছুঁয়ে রেকর্ডের পথে বার্সেলোনা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৪৬ এম


১৩ বছর আগের কীর্তি ছুঁয়ে রেকর্ডের পথে বার্সেলোনা

বার্সেলোনা গেতাফেকে ৩-০ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করে স্প্যানিশ লা লিগায় তাদের জয়ী ধারাকে বজায় রেখেছে। এই অসাধারণ জয়ে ক্লাবটির ইতিহাসে সেরা শুরুর ঐতিহাসিক রেকর্ডে অংশীদার হলো হান্সি ফ্লিকের শিষ্যরা। চলতি লিগ মৌসুমে এখন পর্যন্ত তারা শতভাগ জয় ধরে রেখেছে এবং টানা আট ম্যাচে জয়লাভ করেছে কাতালান ক্লাবটি।

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মুন্দো দেপোর্তিভো’-এর তথ্য অনুযায়ী, বার্সেলোনার এই টানা আট ম্যাচ জয়ের রেকর্ডটি ২০১৩-১৪ মৌসুমে তৎকালীন আর্জেন্টাইন কোচ জেরার্ডো ‘টাটা’ মার্তিনোর অধীনে অর্জিত সাফল্যের কথা স্মরণ করিয়ে দেয়। সেবার নবম রাউন্ডে ওসাসুনার সঙ্গে গোলশূন্য ড্র করে মার্তিনোর দল হোঁচট খেয়েছিল। যদিও তারা ১৪তম রাউন্ড পর্যন্ত অপরাজিত ছিল, সান মেমেসে অ্যাথলেটিক বিলবাওর কাছে ১-০ ব্যবধানে হারিয়ে তাদের সেই অপরাজেয় যাত্রা থেমে যায়।

এখন টাটা মার্তিনোর সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়ার সুযোগ রয়েছে হান্সি ফ্লিক ও তার শীর্ষ তারকাদের সামনে। তবে টানা নবম ম্যাচ জয়ের পথটি সহজ হবে না, তা বলার অপেক্ষা রাখে না। কারণ আগামী শনিবার লা কার্তুজায় পয়েন্ট টেবিলের চার নম্বরে অবস্থানরত শক্ত প্রতিদ্বন্দ্বী রিয়াল বেতিসের মুখোমুখি হবে কাতালানরা।

রেকর্ডের এই মাইলফলকে পৌঁছানো নিয়ে বার্সা কোচ হান্সি ফ্লিক পা মাটিতেই রাখছেন। তিনি মন্তব্য করেন, ‘আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সামনের ম্যাচটি নিয়ে ভাবা, যা চ্যাম্পিয়নস লিগে গ্যালাতাসারেইর বিপক্ষে অনুষ্ঠিত হবে। আমরা অবশ্যই ইতিহাস রচনা করতে চাই; তবে তার চেয়ে বড় কথা হলো, আমাদের খেলোয়াড়রা পুরো মনোযোগ বজায় রেখে মাঠে তাদের সেরাটা দিয়ে যাচ্ছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%