বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৭:৩১ পি.এম
বিজিবি সীমান্তে অভিযান পরিচালনা করে ৪২ কোটি টাকার ইয়াবা জব্দ করেছে।
কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে পাচারের সময় ১৪ লাখ ইয়াবাসহ দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গতকাল মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার হ্নীলা সীমান্তের জেলেপাড়া এলাকায় অভিযান চালিয়ে ইয়াবার এই বিশাল চালানটি জব্দ করা হয়।
বিজিবির দাবি, এটি তাদের আটক করা এখন পর্যন্ত অন্যতম বৃহৎ ইয়াবার চালান।
আটক দুই পাচারকারী হলেন টেকনাফের হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল এলাকার জহির হর দাশ ও মো. হোসাইন।
আজ বুধবার বিকেলে টেকনাফ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম। এ সময় কক্সবাজার রামু সেক্টরের কমান্ডার কর্নেল মো. আনোয়ার উল-আলম ও ৬৪ বিজিবির ক্যাপ্টেন মাহরাফ জামান উপস্থিত ছিলেন।
লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে প্রবেশের খবর পেয়ে বিজিবি গোয়েন্দা নজরদারি জোরদার করে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সীমান্তে অবস্থান নেয় বিজিবির একটি বিশেষ টহল দল। পরে থার্মাল প্রযুক্তির মাধ্যমে গভীর রাতে হ্নীলা সীমান্তে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশের সময় একটি নৌকায় থাকা দুই ব্যক্তিকে আটক করা হয়। তাদের কাছ থেকে ১৪ লাখ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৪২ কোটি টাকা।
সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে জানিয়ে বিজিবি অধিনায়ক বলেন, জনবল ও প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর পাশাপাশি নানা প্রতিকূলতা ও সীমাবদ্ধতার মধ্যেও পেশাদারির সঙ্গে দায়িত্ব পালন করছে বিজিবি। চোরাচালান শূন্যের কোঠায় নামিয়ে আনতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।
কক্সবাজার রামু সেক্টরের কমান্ডার কর্নেল মো. আনোয়ার উল-আলম বলেন, চোরাচালানসহ সব ধরনের অপরাধ দমনে অত্যাধুনিক ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে। তাদের দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত প্রায় আট কিলোমিটার।
তিনি জানান, চোরাকারবারিরা নানা কৌশলে সীমান্ত দিয়ে ইয়াবা পাচারের চেষ্টা করছে। বিভিন্ন সময়ে চোরাকারবারিদের আটক করে থানায় হস্তান্তর করা হয়। এরপর তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি পুলিশের এখতিয়ার।
বিজিবি সূত্র জানায়, চলতি বছর জানুয়ারি থেকে এ পর্যন্ত উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) মোট ১ কোটি ৪৩ লাখ ইয়াবা বড়ি এবং ২৪৩ জন আসামিকে আটক করেছে। সীমান্তে মাদকসহ সব ধরনের অপরাধী শনাক্ত ও আটকে বিজিবির নজরদারি অব্যাহত রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজশাহী মহানগরীর মতিহার থানার তালাইমারী এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ মোসাঃ লিলি বেগম (৬০) নামে এক পেশাদার নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার দুপুরে তাকে গ্রেফতার করে আরএমপি পুলিশের বিশেষ মাদক বিরোধী টিম।
পরে ভ্রাম্যমাণ আদালত তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেছেন।
গ্রেফতার মোছাঃ লিলি বেগম (৬০), তিনি মতিহার থানার তালাইমারী পাওয়ার হাউজ পাড়া এলাকার মৃত আব্দুল খালেকের মেয়ে এবং মোয়াজ্জেম হোসেনের স্ত্রী।
পুলিশ সূত্রে জানা গেছে, নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আরএমপির বিশেষ মাদকবিরোধী টিম মতিহার থানার তালাইমারী পাওয়ার হাউজ পাড়া এলাকায় অভিযান চালিয়ে লিলি বেগমকে করে। পরে তার কাছ থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ১৫ পুরিয়া গাঁজা উদ্ধার জব্দ করা হয়।
অভিযান শেষে লিলি বেগমকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। শুনানি শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে গাঁজা রাখার অপরাধে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।#
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজশাহীর কাটাখালী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৫৯৬ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার সকালে ১ বিজিবি, সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজিবি জানায়, মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নগরীর খিদিরপুর বিওপির একটি আভিযানিক দল কাটাখালী থানার পূর্ব বাতান এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৫৯৬ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি।
বিজিবি জানিয়েছে, জব্দকৃত মাদকদ্রব্য কাটাখালী থানায় হস্তান্তর করা রয়েছে। এ ঘটনায় জড়িত চোরাকারবারিকে শনাক্ত করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।#
তালাশ বিডি/মিডিয়া লিঃ
শিল্পীদের মানববন্ধন বাঁধনের ওপর হামলার প্রতিবাদে
দেশের বিভিন্ন শিল্পী, অভিনেত্রী আজমেরী হক বাঁধনের প্রতি ‘মব সন্ত্রাস’ এবং হামলার প্রতিবাদে মানববন্ধন আয়োজন করেছেন জাতীয় প্রেস ক্লাবের সামনে। বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে ‘আমরা শিল্পীবৃন্দ’-এর উদ্যোগে এই কর্মসূচিটি অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে বক্তারা বাঁধনের ওপর হামলার তীব্র নিন্দা জানান। তারা হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার পাশাপাশি দেশের শিল্পী ও সাংস্কৃতিককর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা রিয়াজুল রিজু মন্তব্য করেন, ‘আমরা শিল্পী, আমরা কোনো রাজনৈতিক দলের নই। দেশকে ভালোবেসে ’২৪-এর জুলাইয়ে রাস্তায় নেমেছিলাম।
তিনি আরও বলেন, কিন্তু গত দুই বছরে আমাদের ওপরই বেশি হামলা হয়েছে। শোরুম উদ্বোধন করতে দেওয়া হয়নি, বিভিন্ন জায়গায় কনসার্ট বন্ধ হয়েছে, নৌকাবাইচ বন্ধ হয়েছে। আমাদের সংস্কৃতির ইতিহাস হাজার বছরের। সংস্কৃতির ওপর আক্রমণ মানে দেশের ওপর আক্রমণ, অস্তিত্বের ওপর আক্রমণ।
বাঁধন সব সময় অন্যায়ের প্রতিবাদ করেছে। আমরা শিল্পীরাও তাই। অন্যায়ের বিরুদ্ধে সব সময় আমরা সোচ্চার আছি, থাকব।’
সংগীতশিল্পী মুহিন খান বলেন, ‘প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগকে স্বাগত জানাই। তারা সঙ্গে সঙ্গে এ ঘটনায় ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছেন।
তিনি স্পষ্ট করে বলেন, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ায় যে মব সন্ত্রাস ঘটেছে, তা আমরা আর মেনে নেব না। দেশের কোনো অংশে এমন মব হলে আমরা বসে থাকব না।’
মানববন্ধনে বক্তারা আরো উল্লেখ করেন, কোনো শিল্পী বা সাংস্কৃতিককর্মীর ওপর হামলা কিংবা মব সন্ত্রাস কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শিল্পীদের নিরাপত্তা, মর্যাদা এবং স্বাধীনভাবে সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনার পরিবেশ নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান তারা।
এদিকে চলতি সপ্তাহে ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার দলের সঙ্গে অংশ নেন বাঁধন। উৎসবের প্রতিযোগিতামূলক অরিজন্তি বিভাগে সিনেমাটি জায়গা পেয়েছে। গত ৬ সেপ্টেম্বর সালা দারসেনা থিয়েটারে সিনেমাটির বিশ্ব প্রিমিয়ার অনুষ্ঠিত হয়।
প্রিমিয়ার শেষে পরিবারের সদস্যদের সঙ্গে ঘুরতে বের হলে হামলা ও হেনস্তার শিকার হন বাঁধন।
তার ভাষ্য অনুযায়ী, তাকে পানি, কোমল পানীয় ও ডিম ছুড়ে মারা হয়। একপর্যায়ে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় এবং তার হাত থেকে মুঠোফোনও ফেলে দেওয়া হয়। ঘটনার সময় বাঁধনের ভাইয়ের স্ত্রী ও তিন বছরের শিশুসন্তানও তার সঙ্গে ছিলেন।
বাঁধন জানান, ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে তার সক্রিয় ভূমিকার কারণেই তাকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।
তার দাবি, হামলাকারীদের কয়েকজন নিজেদের আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) ও ছাত্রলীগের (নিষিদ্ধ) কর্মী এবং ‘বঙ্গবন্ধুর সৈনিক’ হিসেবে পরিচয় দিয়েছেন। এমনকি তাকে জোর করে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলতে বলা হয়। সেই দৃশ্য ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি সম্প্রচার ও প্রকাশের চেষ্টা করেন হামলাকারীরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ৯ সেপ্টেম্বর, ২০২৬ : পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ঢাকা শুধু একটি শহর নয়, এটি আমাদের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও সংগ্রামের ধারক। ৪১৬ বছরের ঢাকার ঐতিহ্যকে ধারণ করে একটি মানবিক, অন্তর্ভুক্তিমূলক ও বাসযোগ্য নগরী গড়তে সকলের সহযোগিতা প্রয়োজন।
আজ রাজধানীর শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) আয়োজিত বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।
পানিসম্পদ মন্ত্রী আরও বলেন, চিত্রাঙ্কনসহ সৃজনশীল কর্মকাণ্ড শিশুদের আত্মবিশ্বাস বাড়ায় এবং তাদের সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি করে। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রতিভাকে যথাযথ মূল্যায়ন করা আমাদের সামাজিক ও নৈতিক দায়িত্ব। ‘৪১৬ বছরে ঢাকা’ ব্যানারে মাসব্যাপী বিভিন্ন আয়োজনের মাধ্যমে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নতুনভাবে ঢাকাকে মানুষের সামনে তুলে ধরায় ধন্যবাদ জানান তিনি।
এ্যানি চৌধুরী আরও বলেন, সাংস্কৃতিক অঙ্গনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অনস্বীকার্য। তিনি শিশু একাডেমি প্রতিষ্ঠা করেছিলেন। সঠিক সংস্কৃতি চর্চার জন্য জাতীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন চারুকলা ও শিল্পকলা প্রতিযোগিতা আয়োজন করেছিলেন। জিয়াউর রহমানের ধারাবাহিকতায় বেগম খালেদা জিয়া দুস্থ শিল্পীদের অনুদান বাড়ানোসহ সাংস্কৃতিক চর্চায় বহুমুখী কার্যক্রম হাতে নিয়েছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান জিয়া পরিবারের যোগ্য উত্তরসূরি হিসেবে সংস্কৃতি অঙ্গনের উন্নয়নে প্রয়োজনীয় সকল কিছু করবেন বলে উল্লেখ করেন মন্ত্রী।
এ সময় ঢাকার ৪১৬ বছর উপলক্ষে মাসব্যাপী আয়োজনের সমাপনী অনুষ্ঠানে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী ও অংশগ্রহণকারীদের মাঝে সম্মাননা ও সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চারুশিল্পী অধ্যাপক ড. আবদুস সাত্তার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আযহারুল ইসলাম শেখ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ