মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং
০৪:৫৩ পি.এম
পাকিস্তানের জাতীয় পরিষদের সাবেক সদস্য ও পশতুন অধিকারকর্মী আলী ওয়াজির ২০২৪ সালের ৪ আগস্ট থেকে বিচার-পূর্ব আটক অবস্থায় রয়েছেন। ২০২৬ সালের ১৬ মার্চ তিনি মুক্তি পেলেও একই দিন তার বিরুদ্ধে আবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পশতুন, যারা পাঠান নামেও পরিচিত, দক্ষিণ ও মধ্য এশিয়ার একটি প্রধান পূর্ব-ইরানীয় নৃগোষ্ঠী, যারা মূলত আফগানিস্তান এবং পাকিস্তানে বসবাস করে।
গত ২১ অক্টোবর সিন্ধুর দাদু এলাকার একটি সেশন আদালত তাকে একটি মামলায় খালাস দেন। তবে অন্যান্য মামলাগুলোর বিচারাধীন থাকার কারণে তিনি এখনো কারাগারে রয়েছেন। কর্তৃপক্ষ তার বিরুদ্ধে একের পর এক নতুন অভিযোগ আনছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সিন্ধু কর্তৃপক্ষের প্রতি অবিলম্বে আলী ওয়াজিরকে মুক্তি দেওয়ার এবং তার বিরুদ্ধে আনা সব অভিযোগ প্রত্যাহারের আহ্বান জানিয়েছে। সংস্থাটি অভিযোগ করেছে যে, শান্তিপূর্ণ কর্মকাণ্ডে অংশ নেওয়ার কারণে তাকে বারবার লক্ষ্যবস্তু করা হচ্ছে।
আলী ওয়াজির, যিনি ৫০ বছর বয়সী একজন বিশিষ্ট পশতুন মানবাধিকারকর্মী এবং ‘পশতুন তাহাফুজ মুভমেন্ট’ (পিটিএম)-এর অন্যতম নেতা, ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত পাকিস্তানের জাতীয় পরিষদের সদস্য ছিলেন। পিটিএম খাইবার পাখতুনখোয়া থেকে গড়ে ওঠা একটি নাগরিক অধিকার আন্দোলন, যা বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম এবং পশতুন সংখ্যালঘুদের ওপর বৈষম্য ও সহিংসতার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে।
আলী ওয়াজির পাকিস্তানে তালেবানের তৎপরতার বিরুদ্ধে বরাবরই সোচ্চার ছিলেন, যার ফলে তার পরিবারও বারবার জঙ্গি হামলার শিকার হয়েছে। এসব হামলায় তার বাবা, দুই ভাই, দুই চাচা এবং তিন চাচাতো ভাই নিহত হয়েছেন। ২০১৮ সালের জুনে দক্ষিণ ওয়াজিরিস্তানের ওয়ানায় একটি হামলায় পিটিএমের দুই সদস্য নিহত হন, যেখানে আলী ওয়াজিরকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। পাকিস্তানের সাধারণ নির্বাচনের ঠিক আগে এ হামলার ঘটনা ঘটে।
২০২০ সালের ১৬ ডিসেম্বর পেশোয়ার থেকে প্রথমবার আলী ওয়াজিরকে গ্রেপ্তার করে পাকিস্তানের কর্তৃপক্ষ। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়, যেখানে বলা হয়, করাচিতে তিনি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দিয়েছেন। এরপর তিনি দুই বছরের বেশি সময় কারাগারে ছিলেন। ২০২৩ সালের ১৪ ফেব্রুয়ারি একটি মামলায় আদালত তাকে খালাস দেন এবং একই ধরনের আরো তিনটি মামলায় জামিন মঞ্জুর করেন। এরপর তাকে মুক্তি দেওয়া হয়।
২০২৩ সালের আগস্টে পিটিএমের অন্য সদস্যদের সঙ্গে আলী ওয়াজিরকেও আবার গ্রেপ্তার করা হয়। একই সময় মানবাধিকার আইনজীবী ইমান মাজারি-হাজিরকেও গ্রেপ্তার করা হয়। কয়েক মাস পর আলী ওয়াজির মুক্তি পান। ২০২৪ সালের ৪ আগস্ট একটি সড়ক দুর্ঘটনার ঘটনায় ইসলামাবাদ থেকে তাকে আবার গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে তিনটি মামলা করা হয়, যার মধ্যে সড়ক দুর্ঘটনা, পুলিশ কর্মকর্তাদের সঙ্গে অসদাচরণ এবং মাদকদ্রব্য রাখা অন্তর্ভুক্ত ছিল।
প্রায় এক মাস পর তিনটি মামলাতেই তিনি জামিন পান। তবে তাকে মুক্তি না দিয়ে পাঞ্জাবের রাওয়ালপিন্ডির একটি কারাগারে পাঠানো হয়। এজন্য ‘মেইনটেন্যান্স অব পাবলিক অর্ডার’ (এমপিও) অধ্যাদেশের আওতায় পরপর দুটি আটকাদেশ জারি করা হয়। এসব আদেশের ফলে কোনো অভিযোগ গঠন বা বিচার ছাড়াই তাকে সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত আটক রাখার সুযোগ পায় কর্তৃপক্ষ।
পরে কর্তৃপক্ষ আলী ওয়াজিরকে পাঞ্জাবের বিভিন্ন কারাগারে স্থানান্তর করে, যার মধ্যে গুজরাট, ভাক্কার ও সারগোধা অন্তর্ভুক্ত ছিল। এ সময় তার বিরুদ্ধে আরো কয়েকটি এমপিও আটকাদেশ জারি করা হয়। পাশাপাশি ডাকাতির অভিযোগে করা একটি মামলায় তাকে কারাগারে আটকে রাখা হয়। ২০২৪ সালের ডিসেম্বরে তাকে বেলুচিস্তান প্রদেশের গাদানি কারাগারে স্থানান্তর করা হয়। ২০২৩ সালে দায়ের করা একটি মামলায় জামিন পেলেও সন্ত্রাসবিরোধী আইনে করা অন্য একটি মামলায় তাকে কারাগারে থাকতে হয়। ওই মামলায়ও জামিন পাওয়ার পর কর্তৃপক্ষ আলী ওয়াজিরকে চোকির একটি কারাগারে পাঠায়। সেখানে আরো দুটি এমপিও আটকাদেশের আওতায় তাকে আটক রাখা হয়।
আদালতের রায় সত্ত্বেও কারাবাস অব্যাহত
২০২৫ সালের ফেব্রুয়ারিতে আলী ওয়াজিরকে সিন্ধু প্রদেশে স্থানান্তর করা হয়। সেখানে সন্ত্রাসবিরোধী মামলায় জামিন পাওয়ার পরও তার মুক্তি ঠেকাতে কর্তৃপক্ষ এমপিও আইনে নতুন করে আটকাদেশ জারি করে। পরে তাকে নওশেরা ফিরোজ ও নবাবশাহর বিভিন্ন কারাগারে স্থানান্তর করা হয়। কারাগারে থাকা অবস্থায় ভিডিও লিংকে বক্তব্য দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে দুটি মামলা করা হয়।
২০২৫ সালের ১৩ আগস্ট একটি আদালত তার বিরুদ্ধে দায়ের করা একটি এফআইআর বাতিল করেন। একই বছরের ২৩ আগস্ট ও ১৯ সেপ্টেম্বর আরও দুটি মামলা থেকে তিনি খালাস পান।
২০২৬ সালের ১০ মার্চ সিন্ধু হাইকোর্টের একটি বেঞ্চ সর্বশেষ মামলায়ও তাকে জামিন দেন। এরপর ১৬ মার্চ তিনি সুক্কুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। কিন্তু চার ঘণ্টারও কম সময়ের মধ্যে তাকে আবার গ্রেপ্তার করা হয়।
প্রায় দুই দিন আলী ওয়াজিরের কোনো খোঁজ পাওয়া যায়নি। পরে ১৮ মার্চ তাকে আদালতে হাজির করা হয়। কর্তৃপক্ষ জানায়, নতুন একটি এফআইআরের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে, যেখানে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে ঘৃণা ও সহিংসতা উসকে দেওয়ার মতো বক্তব্য দেওয়ার অভিযোগ আনা হয়। পরে দাদু ও জামশোরোতেও আলী ওয়াজির বিরুদ্ধে একই ধরনের আরো দুটি মামলা করা হয়।
২০২৬ সালের ২১ অক্টোবর দাদুর একটি সেশন আদালত তাকে একটি মামলা থেকে খালাস দেন। তবে অন্য মামলাগুলো বিচারাধীন থাকায় তিনি এখনো কারাগারে রয়েছেন। একই দিন তার বিরুদ্ধে নতুন একটি সন্ত্রাসবিরোধী মামলা করা হয়।
আটক অবস্থায় চিকিৎসা থেকেও বঞ্চিত
বর্তমানে আলী ওয়াজির দাদু জেলা কারাগারে রয়েছেন। ২০২৬ সালের এপ্রিলে রক্তচাপ বেড়ে গেলেও চিকিৎসা না পাওয়ার প্রতিবাদে তিনি ৪৮ ঘণ্টার অনশন করেন। বারবার আদালত থেকে জামিন ও খালাস পাওয়ার পরও তাকে আটক রাখা, বিভিন্ন কারাগারে স্থানান্তর এবং নতুন মামলা দায়েরের ঘটনায় উদ্বেগ জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটির মতে, শান্তিপূর্ণ কর্মকাণ্ডের কারণে আলী ওয়াজিকে লক্ষ্যবস্তু করা হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ১৭ নভেম্বর, ২০২৬ : প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে সুপ্রিম কোর্টের ‘বার্ষিক প্রতিবেদন-২০২৫’ উপস্থাপন করেছেন।
আজ মঙ্গলবার দুপুরে বঙ্গভবনে প্রধান বিচারপতির নেতৃত্বে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন সম্পাদনা কমিটির সদস্যরা রাষ্ট্রপতির কাছে আনুষ্ঠানিকভাবে এই প্রতিবেদন তুলে ধরেন।
রাষ্ট্রপতির প্রেস উইং এর একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এ সময় প্রধান বিচারপতির সঙ্গে ছিলেন সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন সম্পাদনা কমিটির চেয়ারম্যান ও আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলাম, কমিটির সদস্য আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হক, হাইকোর্ট বিভাগের বিচারপতি কে. এম. হাফিজুল আলম, বিচারপতি মো. বজলুর রহমান, বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. বশির উল্লাহ।
সাক্ষাৎকালে প্রধান বিচারপতি রাষ্ট্রপতিকে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন-সংক্রান্ত বিভিন্ন বিষয় এবং বিচার বিভাগের সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।
এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব এবং হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ নুরুল আমিন বিপ্লব উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্লোভেনিয়া, এস্তোনিয়া, গিনি ও ঘানার প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ থেকে তৈরি পোশাক, ওষুধ এবং অন্যান্য পণ্য আমদানি করার জন্য, পাশাপাশি দক্ষ কর্মী নিয়োগের জন্যও।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে বঙ্গভবনে ঘানার নবনিযুক্ত অনাবাসিক হাইকমিশনার এবং গিনি, এস্তোনিয়া ও স্লোভেনিয়ার নবনিযুক্ত অনাবাসিক রাষ্ট্রদূতগণ রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করার সময় তিনি এই আহ্বান জানান।
হাইকমিশনার ও রাষ্ট্রদূতগণ যখন বঙ্গভবনে উপস্থিত হন, তখন প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি সুসজ্জিত দল তাদের গার্ড অব অনার প্রদান করে। পরিচয়পত্র পেশের আনুষ্ঠানিকতা শেষে রাষ্ট্রপতি তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বাংলাদেশ থেকে তৈরি পোশাক, ওষুধ, চামড়াজাত পণ্য, পাটজাত পণ্য, সিরামিক, হিমায়িত মাছ, হালকা প্রকৌশল পণ্য এবং আইসিটি সেবার আমদানি বাড়ানোর জন্য দেশগুলোর প্রতি আহ্বান জানান।
রাষ্ট্রপতি উল্লেখ করেন, বাংলাদেশ তুলনামূলক সুলভ মূল্যে মানসম্মত তৈরি পোশাক ও ওষুধ উৎপাদন ও রপ্তানি করে। তিনি সংশ্লিষ্ট দেশগুলোর বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশাধিকার বাড়ানোর পাশাপাশি প্রয়োজনীয় ক্ষেত্রে ওষুধ রেজিস্ট্রেশন প্রক্রিয়া সহজ করার আহ্বান জানান।
রাষ্ট্রপতি বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের জন্য এবং আইসিটি, বস্ত্র, ওষুধ ও নবায়নযোগ্য জ্বালানি খাতে দেশগুলোকে আমন্ত্রণ জানান। তিনি স্লোভেনিয়া ও এস্তোনিয়ার প্রতি আহ্বান জানান যাতে তারা প্রকৌশল, নির্মাণ, আতিথেয়তা, স্বাস্থ্যসেবা, নার্সিং ও পরিবহন খাতে আরও বেশি বাংলাদেশি পেশাজীবী ও দক্ষ কর্মী নিয়োগ করে। গিনি ও ঘানাকে তিনি বাংলাদেশের দক্ষ কৃষক ও কৃষিবিজ্ঞানী নিয়োগের মাধ্যমে কৃষি-সংক্রান্ত অভিজ্ঞতা কাজে লাগানোর জন্য বলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ১৭ নভেম্বর, ২০২৬ : মধ্যাঞ্চলের চাদের মঙ্গো কারাগার থেকে ৩০ জন বন্দি পালিয়ে গেছে সপ্তাহের শেষে। এই ঘটনায় দুইজন নিহত হয়েছেন এবং তিনজন আহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ সোমবার এএফপিকে এই তথ্য জানিয়েছে।
গুয়েরা প্রদেশের সরকারের প্রতিনিধি আবদুলায়ে ইব্রাহিম সিয়াম এএফপিকে জানান, রোববারের বিশৃঙ্খলায় তিনজন আহত হয়েছেন।
তিনি আরও বলেন, "আমরা ৩০ জন বন্দির পালিয়ে যাওয়ার খবর পেয়েছি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিচার বিভাগের সদস্যরা তাদের খুঁজে বের করার চেষ্টা করছেন।"
মঙ্গো শহরের উপ-প্রশাসক আহমাত তাগাল এএফপিকে বলেন, পালানোর চেষ্টা করা প্রায় ২২ জন বন্দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুনরায় আটক করেছে।
কর্তৃপক্ষ জানায়, বন্দিদের পালানোর সময় কারাগারের বেশ কয়েকটি দপ্তরে আগুন লাগানো হয়।
ঘটনার সময় কারাগারটিতে ৫১০ জন বন্দি ছিলেন।
এর আগে ২০২৫ সালের এপ্রিলে একই কারাগারে ভয়াবহ বন্দিবিদ্রোহের ঘটনা ঘটে, যেখানে চারজন নিহত হন।
ওই ঘটনায় আরও তিনজন আহত হন, তাদের মধ্যে প্রাদেশিক গভর্নরও ছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করার সময় তিনি আহত হন।
সে সময় কয়েকজন বন্দি কারারক্ষীদের অস্ত্র ছিনিয়ে নিতে সক্ষম হয়। এর ফলে ব্যাপকভাবে বন্দি পালানোর ঘটনা ঘটে এবং শতাধিক বন্দি কারাগার থেকে পালিয়ে যেতে সক্ষম হন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ১৭ নভেম্বর, ২০২৬ : সোমবার সৌদি আরব হুতিবিরোধী জোটের কমান্ডারকে বরখাস্ত করেছে।
এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে যখন ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা ইয়েমেনের সরকারপ্রধানের অবস্থানস্থল এডেনের দিকে অগ্রসর হচ্ছে।
সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) রাজকীয় ফরমানের উদ্ধৃতি দিয়ে জানায়, লেফটেন্যান্ট জেনারেল ফাহদ বিন হামাদ বিন আবদুল আজিজ আল-সালমানকে প্রতিরক্ষামন্ত্রীর সামরিক উপদেষ্টা হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।
এছাড়া, সেনাপ্রধান জেনারেল ফাইয়াদ বিন হামেদ বিন রুকাদ আল-রুওয়াইলিকে হুতিবিরোধী জোটের নতুন কমান্ডার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ