ঢাকা শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ইং ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

মার্কিন কৃষিমন্ত্রীকে ধর্মীয় বার্তা পাঠানো বন্ধের নির্দেশ


মার্কিন কৃষিমন্ত্রীকে ধর্মীয় বার্তা পাঠানো বন্ধের নির্দেশ

যুক্তরাষ্ট্রের কৃষিমন্ত্রী ব্রুক রোলিন্সকে নির্দেশনা দিয়েছেন দেশটির এক বিচারক, সরকারি ইমেইল অ্যাকাউন্ট ব্যবহার করে কর্মীদের কাছে ধর্মীয় বার্তা পাঠানো বন্ধ করতে। রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বৃহস্পতিবার জারি করা আদেশে বিচারক বলেন, ধর্মীয় বার্তা পাঠানোর ক্ষেত্রে মন্ত্রীকে নির্দিষ্ট সীমারেখা মেনে চলতে হবে। কারণ, তার বার্তার ভাষা থেকে প্রতীয়মান হয়েছে যে, ইমেইল পাওয়া কর্মীরা তার খ্রিষ্টীয় বিশ্বাসে বিশ্বাসী।

বৃহস্পতিবারের আদেশে যুক্তরাষ্ট্রের জেলা আদালতের বিচারক ট্রিনা থম্পসন মন্তব্য করেন, ‘ধর্মীয় বার্তা দেওয়ার ক্ষেত্রে মন্ত্রীকে অবশ্যই কিছু সীমারেখা মেনে চলতে হবে।’ রোলিন্স একজন ধর্মপ্রাণ খ্রিষ্টান। তিনি প্রায়শই সরকারি ইমেইল ও সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ধর্মীয় বিশ্বাসের কথা জানিয়ে বার্তা দেন। এ নিয়ে ধর্মীয় স্বাধীনতা নিয়ে কাজ করা কয়েকটি সংগঠন ও সরকারি কর্মীরা তার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

ধর্ম ও রাষ্ট্রকে আলাদা রাখার পক্ষে থাকা অধিকারকর্মীদের অভিযোগ, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা এমন কিছু কর্মকাণ্ডে লিপ্ত রয়েছেন, যা সরকার ও ধর্মের মধ্যে সীমারেখা অস্পষ্ট করে তুলছে। এসব কর্মকাণ্ড যুক্তরাষ্ট্রের মানুষের ধর্মীয় ও সাংস্কৃতিক বৈচিত্র্যের সঙ্গেও সঙ্গতিপূর্ণ নয়। পেন্টাগনের প্রধান পিট হেগসেথও তার দৈনন্দিন কাজের অংশ হিসেবে পেন্টাগনে নিজের খ্রিষ্টীয় বিশ্বাস নিয়ে কথা বলেন। অন্যদিকে, ধর্ম ও রাজনীতি নিয়ে কাজ করা বিশেষজ্ঞদের মতে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের পক্ষে সমর্থকদের একত্রিত করতে ট্রাম্প খ্রিষ্টীয় ধর্মীয় বক্তব্য ব্যবহার করেছেন।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে ট্রেন থামিয়ে ২২ মিলিয়ন ডলারের পণ্য চুরি, ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ

যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ জানিয়েছে, আদালতের আদেশের বিরুদ্ধে দ্রুত আপিল করার পাশাপাশি অন্যান্য পদক্ষেপ গ্রহণের বিষয়টি বিবেচনায় রয়েছে। বিভাগটি এই আদেশকে ‘মন্ত্রিসভার একজন সদস্যের মুখ বন্ধ করার সম্পূর্ণ নজিরবিহীন চেষ্টা’ হিসেবে উল্লেখ করেছে। আদালতে কৃষি বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে, রোলিন্সের ইমেইল কর্মীদের ওপর কোনো চাপ সৃষ্টি করেনি। তিনি শুধু বিভিন্ন ধর্মীয় উৎসব সম্পর্কে নিজের ব্যক্তিগত মতামত প্রকাশ করেছেন। কাউকে কোনো ধর্মীয় আচার পালন করতে বা তার বিশ্বাস মেনে নিতে বাধ্য করেননি।

বৃহস্পতিবারের আদেশে বিচারক বলেন, ‘মন্ত্রী ব্যক্তিগত জীবনে কী করতে পারবেন বা পারবেন না, সে বিষয়ে আদালত কোনো মতামত দিচ্ছে না।’ মামলাকারীদের অভিযোগ, রোলিন্সের বার্তায় তার মতো খ্রিষ্টীয় বিশ্বাসের কর্মীদের প্রতি বেশি গুরুত্ব দেওয়ার ইঙ্গিত ছিল। এতে অন্য ধর্মের কর্মীরা নিজেদের বিচ্ছিন্ন মনে করতেন। তারা নিজেদের ধর্মীয় বিশ্বাস গোপন করতে বা মন্ত্রীর বিশ্বাসের সঙ্গে একমত বলে দেখাতে চাপ অনুভব করতেন। মামলার অভিযোগে আরো বলা হয়, এ বিষয়ে আপত্তি জানালে সমস্যায় পড়তে হবে বলে কর্মীদের সতর্ক করেছিলেন তাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিচারক তার আদেশে উল্লেখ করেন, রোলিন্সের বার্তায় ‘আমরা’, ‘আমাদের’ ও ‘আমাদের সবার’ মতো শব্দ ব্যবহার করা হয়েছে। তিনি অন্য ধর্মের উৎসবের কথা উল্লেখ করেননি এবং কর্মীদের ভিন্ন ধর্মীয় বিশ্বাস থাকতে পারে, সেটিও স্বীকার করেননি। এসব বিষয় থেকে প্রতীয়মান হয় যে, কৃষি বিভাগের কর্মপরিবেশ এমন যে সবাইকে মন্ত্রীর ধর্মীয় বিশ্বাসের সঙ্গে একমত হতে হবে।

নাগরিক অধিকারকর্মীদের অভিযোগ, ট্রাম্প ও তার মিত্ররা নির্বাচনী প্রচারের সময় মুসলিম ও সোমালি বংশোদ্ভূত আমেরিকানসহ বিভিন্ন জনগোষ্ঠীর বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন। পাশাপাশি অভিবাসন ও বৈচিত্র্যবিষয়ক বিভিন্ন উদ্যোগের বিরুদ্ধেও ব্যাপক পদক্ষেপ নেওয়া হয়েছে। এসব কারণে যুক্তরাষ্ট্রের বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। ধর্মীয় পরিচয় নিয়ে করা এক জরিপের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের প্রাপ্তবয়স্কদের প্রায় ৬২ শতাংশ নিজেদের খ্রিষ্টান বলে পরিচয় দেন।

আরও পড়ুন: নেতানিয়াহুর দল মসজিদে আগুন দিতে উসকানি দিয়েছিল

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রবাসী সুমন সিঙ্গাপুরের মালিককে নিয়ে আসলেন স্বপ্নের তিনতলা বাড়ি দেখাতে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

১২:১৬ পি.এম


প্রবাসী সুমন সিঙ্গাপুরের মালিককে নিয়ে আসলেন স্বপ্নের তিনতলা বাড়ি দেখাতে

সিঙ্গাপুরে ১৪ বছর ধরে কাজ করার পর, দেশে তিনি স্বপ্নের বাড়ি গড়ে তুলেছেন। এবার, সেই বাড়িটি দেখাতে প্রবাসী বাংলাদেশি সুমন তার সিঙ্গাপুরের নিয়োগকর্তাকে বাংলাদেশে নিয়ে আসেন। নিয়োগকর্তা তিনতলা বাড়িটি ঘুরে দেখে প্রশংসা করেন।

সুমন সিঙ্গাপুরে নির্মাণ খাতে কাজ করেন। দীর্ঘ প্রবাসী জীবনে সঞ্চিত অর্থ দিয়ে কুমিল্লায় প্রায় ২ হাজার ৫০০ বর্গফুটের একটি বাড়ি নির্মাণ করেছেন। এই বাড়িটির নাম ‘হোসেন ভিলা’। নির্মাণে তার খরচ হয়েছে বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ কোটি ৪২ লাখ টাকা।

সম্প্রতি, বাড়িটির একটি ভিডিও ফেসবুক পেজ ‘আল আমিন গ্রামীণ ব্লগ’-এ প্রকাশিত হয়েছে। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। এতে দেখা যায়, সুমন নিজেই তার বাড়ির বিভিন্ন অংশ ঘুরিয়ে দেখাচ্ছেন সিঙ্গাপুরের নিয়োগকর্তাকে।

বাড়িটির প্রবেশপথে বাংলাদেশের পাশাপাশি সিঙ্গাপুরের পতাকাও রাখা হয়েছে। তিনতলা বাড়িতে পাঁচটি শয়নকক্ষ, সাজানো বাগান এবং নান্দনিক নকশার প্যাঁচানো সিঁড়ি রয়েছে। সুমন ভিডিওতে জানান, সিঙ্গাপুরে বিভিন্ন অভ্যন্তরীণ নির্মাণ প্রকল্পে কাজ করার অভিজ্ঞতা থেকেই বাড়িটির নকশায় কিছুটা সিঙ্গাপুরের ছোঁয়া রেখেছেন।

বাড়িটি ঘুরে দেখে সুমনের সাফল্যে নিয়োগকর্তা তাকে অভিনন্দন জানান। তিনি সমাজের অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানোর পরামর্শও দেন। পরিবারের সবাইকে একসঙ্গে রাখার মতো একটি বাড়ি তৈরি করতে পারায় সুমনের প্রশংসা করেন নিয়োগকর্তা।

ভিডিওতে সুমন জানান, বাড়ি নির্মাণের পরও তিনি সিঙ্গাপুরে কর্মরত রয়েছেন। তার এই অর্জনে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই অভিনন্দন জানিয়েছেন।

প্রবাসে দীর্ঘদিনের পরিশ্রম, ত্যাগ এবং সঞ্চয়ের মাধ্যমে স্বপ্ন পূরণের এক উদাহরণ হয়ে উঠেছে সুমনের এই বাড়ি। সূত্র: এশিয়াওয়ান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘ডায়েটোম’: স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বোঝার নতুন ধারণা ও গবেষণার ফলাফল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

১২:১৭ পি.এম


‘ডায়েটোম’: স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বোঝার নতুন ধারণা ও গবেষণার ফলাফল

॥ মলয় কুমার দত্ত ॥

ঢাকা, ২০ নভেম্বর, ২০২৬ : মানবদেহে খাবারের প্রভাব বোঝার জন্য নতুন বৈজ্ঞানিক ধারণা ‘ডায়েটোম’ একটি ভিন্ন দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেছে। এই ধারণা অনুসারে, স্বাস্থ্যকর খাদ্য গ্রহণের বিষয়টি কেবল ক্যালরি বা পুষ্টি উপাদানের হিসাবের মধ্যে সীমাবদ্ধ নয়।

ডায়েটোম ধারণায় খাবারকে পুষ্টি উপাদান, প্রাকৃতিক যৌগ, খাদ্যের গঠন ও ঘনত্ব, স্বাদ এবং রান্নার পদ্ধতির সমন্বিত রূপ হিসেবে দেখা হয়েছে। এই বৈশিষ্ট্যগুলো কিভাবে হজম প্রক্রিয়া, অন্ত্রের অণুজীব এবং শরীরের বিভিন্ন কার্যক্রমকে প্রভাবিত করে, তা বিশ্লেষণ করা হয়।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের আমেরিকান সোসাইটি ফর নিউট্রিশনের (এএসএন) শতবর্ষী ও মর্যাদাপূর্ণ প্রধান সাময়িকী দ্য জার্নাল অব নিউট্রিশন-এ প্রকাশিত একটি গবেষণায় ডায়েটোম ধারণাটিকে ব্যক্তিভিত্তিক পুষ্টি পরিকল্পনা তৈরির সম্ভাব্য কাঠামো হিসেবে তুলে ধরা হয়েছে।

গবেষণায় ‘ইনফরমেশনাল নিউট্রিশন ফ্রেমওয়ার্ক’ (আইএনএফ) নামে একটি পদ্ধতির প্রস্তাবও দেওয়া হয়েছে। এই পদ্ধতিতে খাবার মানবদেহে কিভাবে প্রভাব ফেলে, তা পাঁচটি ধাপে ব্যাখ্যা করা হয়েছে। ধাপগুলো হলো—খাদ্যের গঠন, শরীরের ভেতরে খাদ্যের চলাচল, শরীরের খাদ্য প্রক্রিয়াকরণ, খাদ্যের প্রতি কোষের প্রতিক্রিয়া এবং অতীতে খাদ্য গ্রহণের অভিজ্ঞতা ভবিষ্যতে শরীরের প্রতিক্রিয়াকে কিভাবে প্রভাবিত করতে পারে।

সহজভাবে বললে, পুষ্টিগুণ প্রায় একই হলেও দুটি খাবার মানুষের শরীরে ভিন্ন প্রভাব ফেলতে পারে। এর কারণ হতে পারে খাবারের গঠন, রান্নার পদ্ধতি, হজম প্রক্রিয়া, অন্ত্রের ব্যাকটেরিয়া এবং ব্যক্তির শারীরিক অবস্থা।

গবেষণায় অন্ত্রের অণুজীবের ভূমিকার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এই অণুজীব খাদ্যের এমন কিছু উপাদান ভেঙে ফেলতে সহায়তা করে, যা মানবদেহ নিজে হজম করতে পারে না। এই প্রক্রিয়ায় তারা বিউটিরেট ও প্রোপিওনেটের মতো উপাদান তৈরি করে, যা অন্ত্রের স্বাস্থ্য এবং শরীরের অন্যান্য কার্যক্রমে প্রভাব ফেলতে পারে।

এই ধারণার মাধ্যমে গবেষকেরা শুধুমাত্র পৃথক পুষ্টি উপাদান নয়, বরং সম্পূর্ণ খাবারের সমন্বিত প্রভাব নিয়ে গবেষণা করতে সক্ষম হবেন। উদাহরণস্বরূপ, ওটস বা অন্যান্য পূর্ণ শস্য, ডাল, শাকসবজি এবং গাঁজন করা খাবারের সমন্বয়ে তৈরি একটি খাবারের পুষ্টিগুণ, গঠন, হজম প্রক্রিয়া, রক্তে শর্করার ওপর প্রভাব এবং দীর্ঘ সময় পেট ভরা রাখার সক্ষমতা একসঙ্গে বিশ্লেষণ করা সম্ভব।

পুষ্টিবিষয়ক গবেষণায় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সম্ভাব্য ব্যবহারের কথাও এই কাঠামোয় তুলে ধরা হয়েছে। কম্পিউটারভিত্তিক মডেলের মাধ্যমে বিভিন্ন খাবার ও খাবারের সমন্বয় মানবদেহে কী ধরনের প্রভাব ফেলে, তা বিশ্লেষণ করা এবং ব্যক্তির প্রয়োজন অনুযায়ী উপযুক্ত খাদ্যাভ্যাস চিহ্নিত করা সম্ভব হতে পারে।

গবেষণাটি পরিচালনা করেছেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ নজরুল ইসলাম ভূঁইয়া।

এ ধারণা সম্পর্কে ড. ভূঁইয়া মন্তব্য করেন, খাদ্য ও মানবদেহের জীববিজ্ঞানের মধ্যকার সম্পর্ক বোঝার ক্ষেত্রে এটি একটি নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করেছে। ভবিষ্যতে ব্যক্তিভিত্তিক পুষ্টি পরিকল্পনা এবং অধিক স্বাস্থ্যকর খাবার উদ্ভাবনে এটি গবেষণাকে সহায়তা করতে পারে।

তবে ডায়েটোম কাঠামোটি এখনো বিকাশমান একটি ধারণা এবং এর কার্যকারিতা যাচাইয়ের জন্য আরও বৈজ্ঞানিক গবেষণা প্রয়োজন। খাদ্যের বিভিন্ন উপাদান এবং দীর্ঘমেয়াদি জৈবিক প্রভাবের মধ্যে প্রস্তাবিত কিছু সম্পর্ক এখনো মানুষের ক্ষেত্রে পুরোপুরি প্রমাণিত হয়নি।

এই কাঠামো কতটা নির্ভুলভাবে মানুষের স্বাস্থ্যগত প্রতিক্রিয়া অনুমান করতে পারে এবং বাস্তবে কতটা কার্যকর সুবিধা দিতে পারে, তা নিশ্চিত করতে আরও গবেষণা প্রয়োজন।

গবেষণায় আরও বলা হয়েছে, স্বাস্থ্যকর খাবার হতে হবে সাশ্রয়ী, সহজলভ্য, সাংস্কৃতিকভাবে গ্রহণযোগ্য এবং পরিবেশগতভাবে টেকসই।

সামগ্রিকভাবে, ডায়েটোম ধারণা বিজ্ঞানীদের খাবারকে বিচ্ছিন্ন পুষ্টি উপাদান হিসেবে না দেখে একটি পূর্ণাঙ্গ ব্যবস্থা হিসেবে বিবেচনা করতে উৎসাহিত করে। একই সঙ্গে মানুষ যা খায়, তার সঙ্গে মানবদেহের পারস্পরিক সম্পর্ক কীভাবে কাজ করে, তা গভীরভাবে বোঝার নতুন পথ উন্মোচন করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাথা ব্যথা হলে পড়ুন রাসুল (সা.)-এর শেখানো দোয়া

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

১২:১৮ পি.এম


মাথা ব্যথা হলে পড়ুন রাসুল (সা.)-এর শেখানো দোয়া

মাথা ব্যথা—একটি ক্ষুদ্র কষ্ট মনে হলেও, কখনো কখনো এই ব্যথা এতটাই তীব্র হয়ে ওঠে যে তা সহ্যের সীমা অতিক্রম করে। এই কঠিন পরিস্থিতিতে একজন মুমিনের জন্য সবচেয়ে বড় আশ্রয় হলো তার রব। কারণ তিনিই আমাদের কষ্টের একমাত্র উপশমকারী এবং অন্তরের শান্তির উৎস। রাসুল (সা.) শরীরের যেকোনো ব্যথা থেকে মুক্তির জন্য একটি দোয়া শিখিয়েছেন। দোয়াটি হলো-

أَعُوذُ بِعِزَّةِ اللَّهِ وَقُدْرَتِهِ مِنْ شَرِّ مَا أَجِدُ وَأُحَاذِرُ

উচ্চারণ : আউজু বি-ইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাজিরুহ।

অর্থ : আল্লাহর নামে আমি আল্লাহর অসীম সম্মান ও তাঁর বিশাল ক্ষমতার অসিলায় আমার অনুভূত এই ব্যথার ক্ষতি থেকে আশ্রয় প্রার্থনা করছি।

হাদিস : ওসমান বিন আবুুল আস আসসাকাফি (রা.) বলেন, আমি রাসুল (সা.)-এর কাছে মারাত্মক ব্যথা নিয়ে উপস্থিত হলাম, যে ব্যথা আমাকে প্রায় অকেজো করে ফেলেছিল। রাসুল (সা.) আমাকে বলেন, তুমি তোমার ডান হাত ব্যথার স্থানে রেখে সাতবার এই দোয়া পড়ো। (ইবনে মাজাহ, হাদিস নম্বর : ৩৫২২)

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‎রাজবন বিহারে ৫০তম কঠিন চীবর দানোৎসব পরিদর্শনে সদর জোন কমান্ডার

আন্তর্জাতিক ডেস্ক

‎মোঃ সোহেল রানা, রাঙামাটি প্রতিনিধি

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

১২:১৮ পি.এম


‎রাজবন বিহারে ৫০তম কঠিন চীবর দানোৎসব পরিদর্শনে সদর জোন কমান্ডার

রাঙামাটির ঐতিহ্যবাহী রাজবন বিহারে ব্যাপক ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে ৫০তম দানোত্তম কঠিন চীবর দানোৎসব ও সুবর্ণজয়ন্তী। এ উপলক্ষে রাজবন বিহার পরিদর্শন করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর রাঙামাটি সদর জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ একরামুল রাহাত, পিএসসি।
‎
‎শুক্রবার (২০ নভেম্বর) সকাল ৮টা ৪৫ মিনিট থেকে ৯টা ২০ মিনিট পর্যন্ত তিনি রাজবন বিহার পরিদর্শন করেন। এ সময় রাঙামাটি সদর জোনের পক্ষ থেকে রাজবন বিহারের প্রধান ভান্তেকে শুভেচ্ছা উপহার প্রদান করেন জোন কমান্ডার।
‎
‎পরিদর্শনকালে রাজবন বিহারের ৫০তম কঠিন চীবর দানোত্তম ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত বিভিন্ন কার্যক্রমের খোঁজখবর নেন তিনি। একই সঙ্গে উৎসবে আগত বৌদ্ধ ধর্মাবলম্বীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
‎
‎সেনাবাহিনী সূত্রে জানা গেছে, রাজবন বিহারের কঠিন চীবরদান অনুষ্ঠান সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে রাঙামাটি সদর জোনের পক্ষ থেকে সার্বক্ষণিক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উৎসবকে কেন্দ্র করে বিপুলসংখ্যক মানুষের সমাগম হওয়ায় নিরাপত্তা, যানবাহন চলাচল এবং জনসাধারণের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে সেনাবাহিনী।
‎
‎এ সময় জোন কমান্ডার বলেন, রাঙামাটি সদর জোন ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের কল্যাণ, নিরাপত্তা ও শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। রাজবন বিহারের গুরুত্বপূর্ণ এই ধর্মীয় আয়োজন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় নিরাপত্তা ও সহযোগিতা অব্যাহত থাকবে।
‎
‎রাজবন বিহারে অনুষ্ঠিত এবারের কঠিন চীবর দানোৎসব ও সুবর্ণজয়ন্তীকে ঘিরে সকাল থেকেই দেশের বিভিন্ন এলাকা থেকে বৌদ্ধ ধর্মাবলম্বীরা সমবেত হন। জোন কমান্ডারের পরিদর্শনের সময় রাজবন বিহার এলাকায় আনুমানিক ১০ হাজার থেকে ১২ হাজার মানুষের সমাগম ঘটে বলে জানা গেছে।
‎
‎উৎসবকে ঘিরে রাজবন বিহার প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ। ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি বিভিন্ন বয়সী নারী-পুরুষের ব্যাপক উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। বিপুলসংখ্যক মানুষের সমাগমকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরাপত্তা বাহিনীর সদস্যদের তৎপরতা দেখা যায়।
‎
‎পরিদর্শনের সময় রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব, পিপিএম এবং রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপু উপস্থিত ছিলেন।
‎
‎কঠিন চীবর দানোৎসব বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় আয়োজন। প্রতিবছর নির্দিষ্ট সময়ের মধ্যে কঠিন চীবর তৈরি ও দান করার মাধ্যমে এ ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন করা হয়। রাজবন বিহারে দীর্ঘদিন ধরে এ আয়োজন হয়ে আসছে। এবার ৫০তম আয়োজন হওয়ায় ধর্মীয় গুরুত্বের পাশাপাশি এটি সুবর্ণজয়ন্তী হিসেবে বিশেষ তাৎপর্য বহন করছে।
‎
‎আয়োজনে অংশ নিতে আসা মানুষের নিরাপত্তা, ধর্মীয় অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন করা এবং স্থানীয়ভাবে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি প্রশাসন ও সেনাবাহিনীর সমন্বিত তৎপরতা রয়েছে।
‎
‎সংশ্লিষ্টরা বলছেন, পাহাড়ি জনপদ রাঙামাটিতে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখতে পারস্পরিক সম্প্রীতি, সহযোগিতা ও নিরাপত্তা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। রাজবন বিহারের ৫০তম কঠিন চীবর দানোৎসব ও সুবর্ণজয়ন্তীকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি সবার অংশগ্রহণে উৎসবটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৬ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%