শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং
১২:১৮ পি.এম
মাথা ব্যথা—একটি ক্ষুদ্র কষ্ট মনে হলেও, কখনো কখনো এই ব্যথা এতটাই তীব্র হয়ে ওঠে যে তা সহ্যের সীমা অতিক্রম করে। এই কঠিন পরিস্থিতিতে একজন মুমিনের জন্য সবচেয়ে বড় আশ্রয় হলো তার রব। কারণ তিনিই আমাদের কষ্টের একমাত্র উপশমকারী এবং অন্তরের শান্তির উৎস। রাসুল (সা.) শরীরের যেকোনো ব্যথা থেকে মুক্তির জন্য একটি দোয়া শিখিয়েছেন। দোয়াটি হলো-
أَعُوذُ بِعِزَّةِ اللَّهِ وَقُدْرَتِهِ مِنْ شَرِّ مَا أَجِدُ وَأُحَاذِرُ
উচ্চারণ : আউজু বি-ইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাজিরুহ।
অর্থ : আল্লাহর নামে আমি আল্লাহর অসীম সম্মান ও তাঁর বিশাল ক্ষমতার অসিলায় আমার অনুভূত এই ব্যথার ক্ষতি থেকে আশ্রয় প্রার্থনা করছি।
হাদিস : ওসমান বিন আবুুল আস আসসাকাফি (রা.) বলেন, আমি রাসুল (সা.)-এর কাছে মারাত্মক ব্যথা নিয়ে উপস্থিত হলাম, যে ব্যথা আমাকে প্রায় অকেজো করে ফেলেছিল। রাসুল (সা.) আমাকে বলেন, তুমি তোমার ডান হাত ব্যথার স্থানে রেখে সাতবার এই দোয়া পড়ো। (ইবনে মাজাহ, হাদিস নম্বর : ৩৫২২)
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাঙামাটির ঐতিহ্যবাহী রাজবন বিহারে ব্যাপক ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে ৫০তম দানোত্তম কঠিন চীবর দানোৎসব ও সুবর্ণজয়ন্তী। এ উপলক্ষে রাজবন বিহার পরিদর্শন করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর রাঙামাটি সদর জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ একরামুল রাহাত, পিএসসি।
শুক্রবার (২০ নভেম্বর) সকাল ৮টা ৪৫ মিনিট থেকে ৯টা ২০ মিনিট পর্যন্ত তিনি রাজবন বিহার পরিদর্শন করেন। এ সময় রাঙামাটি সদর জোনের পক্ষ থেকে রাজবন বিহারের প্রধান ভান্তেকে শুভেচ্ছা উপহার প্রদান করেন জোন কমান্ডার।
পরিদর্শনকালে রাজবন বিহারের ৫০তম কঠিন চীবর দানোত্তম ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত বিভিন্ন কার্যক্রমের খোঁজখবর নেন তিনি। একই সঙ্গে উৎসবে আগত বৌদ্ধ ধর্মাবলম্বীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, রাজবন বিহারের কঠিন চীবরদান অনুষ্ঠান সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে রাঙামাটি সদর জোনের পক্ষ থেকে সার্বক্ষণিক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উৎসবকে কেন্দ্র করে বিপুলসংখ্যক মানুষের সমাগম হওয়ায় নিরাপত্তা, যানবাহন চলাচল এবং জনসাধারণের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে সেনাবাহিনী।
এ সময় জোন কমান্ডার বলেন, রাঙামাটি সদর জোন ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের কল্যাণ, নিরাপত্তা ও শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। রাজবন বিহারের গুরুত্বপূর্ণ এই ধর্মীয় আয়োজন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় নিরাপত্তা ও সহযোগিতা অব্যাহত থাকবে।
রাজবন বিহারে অনুষ্ঠিত এবারের কঠিন চীবর দানোৎসব ও সুবর্ণজয়ন্তীকে ঘিরে সকাল থেকেই দেশের বিভিন্ন এলাকা থেকে বৌদ্ধ ধর্মাবলম্বীরা সমবেত হন। জোন কমান্ডারের পরিদর্শনের সময় রাজবন বিহার এলাকায় আনুমানিক ১০ হাজার থেকে ১২ হাজার মানুষের সমাগম ঘটে বলে জানা গেছে।
উৎসবকে ঘিরে রাজবন বিহার প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ। ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি বিভিন্ন বয়সী নারী-পুরুষের ব্যাপক উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। বিপুলসংখ্যক মানুষের সমাগমকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরাপত্তা বাহিনীর সদস্যদের তৎপরতা দেখা যায়।
পরিদর্শনের সময় রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব, পিপিএম এবং রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপু উপস্থিত ছিলেন।
কঠিন চীবর দানোৎসব বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় আয়োজন। প্রতিবছর নির্দিষ্ট সময়ের মধ্যে কঠিন চীবর তৈরি ও দান করার মাধ্যমে এ ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন করা হয়। রাজবন বিহারে দীর্ঘদিন ধরে এ আয়োজন হয়ে আসছে। এবার ৫০তম আয়োজন হওয়ায় ধর্মীয় গুরুত্বের পাশাপাশি এটি সুবর্ণজয়ন্তী হিসেবে বিশেষ তাৎপর্য বহন করছে।
আয়োজনে অংশ নিতে আসা মানুষের নিরাপত্তা, ধর্মীয় অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন করা এবং স্থানীয়ভাবে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি প্রশাসন ও সেনাবাহিনীর সমন্বিত তৎপরতা রয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, পাহাড়ি জনপদ রাঙামাটিতে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখতে পারস্পরিক সম্প্রীতি, সহযোগিতা ও নিরাপত্তা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। রাজবন বিহারের ৫০তম কঠিন চীবর দানোৎসব ও সুবর্ণজয়ন্তীকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি সবার অংশগ্রহণে উৎসবটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কক্সবাজারে পাওনা টাকার বিরোধের জেরে আপন ছোট ভাইকে গুলি করে হত্যার অভিযোগে দীর্ঘদিন ধরে পলাতক থাকা মো. ফারুক (২৬) কে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি-১৫)।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত আনুমানিক ৭টা ৫০ মিনিটে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের লিংক রোড এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
এসআরবি-১৫ এর কক্সবাজার সদর কোম্পানির একটি আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে। ফারুক দক্ষিণ জানারঘোনা এলাকার সিরাজুল হকের ছেলে। তিনি আপন ছোট ভাই আবদু শুক্কুর (১৯) হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি এবং আদালতের গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৮ বছরের পলাতক ছিলেন।
এসআরবি-১৫ এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০১৮ সালের ২৫ মে বিকেল আনুমানিক ৪টার দিকে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের জানারঘোনা ফুটখালী মসজিদের সামনে কাজের পাওনা টাকা নিয়ে বিরোধ সৃষ্টি হয়। এই সময় ফারুক তার আপন ছোট ভাই আবদু শুক্কুরকে লক্ষ্য করে পরপর তিনটি গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
নিহতের পরিবারের পক্ষ থেকে কক্সবাজার সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। পরে আদালত পলাতক আসামি ফারুকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। হত্যাকাণ্ডের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।
গ্রেফতার হওয়ার পর ফারুককে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ২০ নভেম্বর, ২০২৬ : লেবানন সীমান্তে সংবাদ সংগ্রহের সময় ইসরাইলি হামলায় একটি পা হারানো এএফপির সাংবাদিক ক্রিস্টিনা আসিকে সম্মাননা প্রদান করেছে সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করা আন্তর্জাতিক সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে)।
এই সম্মাননা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে সোচ্চার ভূমিকা রাখার জন্য বৃহস্পতিবার দেওয়া হয়।
এটি খবর বার্তা সংস্থা এএফপি’র।
২০২৩ সালের অক্টোবরে ইসরাইল সীমান্তের কাছে সংঘাতের খবর সংগ্রহের সময় রয়টার্সের সাংবাদিক ইসাম আবদুল্লাহ নিহত হন। এই ঘটনার সময় আহত হন আরও ছয়জন, যাদের মধ্যে এএফপির সাংবাদিক ক্রিস্টিনা আসি ও ডিলান কলিন্সও ছিলেন।
এএফপির নিজস্ব তদন্তে উল্লেখ করা হয়েছে, উত্তর ইসরাইলের জর্দেইখ এলাকা থেকে দুটি ১২০ মিলিমিটার কামানের গোলা ছোড়া হয়েছিল।
রয়টার্স, সিপিজে, হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং রিপোর্টার্স উইদাউট বর্ডারসহ একাধিক আন্তর্জাতিক সংস্থার পৃথক তদন্তেও এএফপির তদন্তের ফলাফলগুলোর সঙ্গে মিল পাওয়া গেছে।
হামলার পর থেকে লেবাননের আলোকচিত্রী ও ফটো এডিটর আসি নিহত সহকর্মীর হত্যার বিচার, যুদ্ধক্ষেত্রে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং দায়িত্ব পালনকালে আহত সাংবাদিকদের সহায়তায় একটি কর্মসূচি চালুর দাবিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
২০২৪ সালের জুলাইয়ে প্যারিস অলিম্পিকে দায়িত্ব পালনকালে নিহত সাংবাদিকদের প্রতি শ্রদ্ধা জানাতে তিনি অলিম্পিক মশাল বহন করেন।
সম্মাননা অনুষ্ঠানের আগে এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে আসি বলেন, ‘আমি আনন্দিত ও সম্মানিত বোধ করছি। তবে একই সঙ্গে এই সম্মাননা পাওয়ার পেছনের কারণগুলো আমাকে ক্ষুব্ধ ও দুঃখিতও করছে।’
তিনি আরও বলেন, ‘গত তিন বছরে আমরা অনেক সহকর্মীকে হারিয়েছি। এখন পর্যন্ত আমরা যা করেছি এবং সাংবাদিকদের অধিকারের পক্ষে যেসব প্রচার-প্রচারণা চালিয়েছি, সেগুলোও যথেষ্ট মনে হচ্ছে না।’
এএফপির সংবাদ পরিচালক ফিল চেউইন্ড পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আগে বলেন, ‘ক্রিস্টিনা ও তার সাংবাদিক সহকর্মীদের ওপর হামলা স্পষ্টতই একটি যুদ্ধাপরাধ।’
তিনি আরও বলেন, ‘এ বিষয়ে জবাবদিহি নিশ্চিত করার জন্য এএফপি বারবার ইসরায়েলের কাছে ব্যাখ্যা চেয়েছে। কিন্তু কোনো জবাব পাওয়া যায়নি। দায়মুক্তির সংস্কৃতিকে কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’
বৃহস্পতিবার সিপিজের প্রেস ফ্রিডম অ্যাওয়ার্ড পাওয়া অন্য সাংবাদিকদের মধ্যে রয়েছেন হাঙ্গেরির অনুসন্ধানী সাংবাদিক সাবোলচ পানই এবং কলম্বিয়ার সাংবাদিক এস্তেফানি রদ্রিগেজ।
ভিক্টর অরবানের শাসনামলে দুর্নীতি নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন করার জন্য হাঙ্গেরির সাংবাদিক পানইকে এ সম্মাননা দেওয়া হয়। অন্যদিকে, যুক্তরাষ্ট্রে অভিবাসন আইন প্রয়োগসংক্রান্ত কার্যক্রম নিয়ে প্রতিবেদন তৈরির সময় গ্রেপ্তার হয়েছিলেন কলম্বিয়ার সাংবাদিক রদ্রিগেজ।
সিপিজে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি স্বাধীন আন্তর্জাতিক সংস্থা। এই সংগঠন বিশ্বজুড়ে সংবাদমাধ্যমের স্বাধীনতা রক্ষা এবং সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পলাতক ও নিষিদ্ধ আওয়ামীলীগসহ যে কোনো সংগঠনের অপকর্ম, নৈরাজ্য এবং অপতৎপরতা মোকাবেলায় সচেতন জনগণকে বিএনপিসহ একত্রিতভাবে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে লাকসাম পৌরসভা অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা-০৯ (লাকসাম–মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক মোঃ আবুল কালাম।
সভাটি লাকসাম উপজেলা ও পৌরসভা এবং মনোহরগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজন করা হয়েছিল, যার উদ্দেশ্য ছিল নিষিদ্ধ সংগঠন কর্তৃক দেশব্যাপী পরিকল্পিত বিশৃঙ্খলা প্রতিরোধ করা। সভায় দেশ ও গণতন্ত্রের স্বার্থে সকল নেতাকর্মীকে একত্রিত হয়ে যেকোনো ধরনের নৈরাজ্য, বিশৃঙ্খলা ও অপতৎপরতা প্রতিরোধে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য আহ্বান জানানো হয়।
সভায় সভাপতিত্ব করেন লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি আলহাজ্ মোঃ মজির আহমদ। বক্তব্য রাখেন লাকসাম উপজেলা বিএনপির সহসভাপতি ডাঃ মোঃ নুর উল্লাহ রায়হান, সাধারণ সম্পাদক আবদুর রহমান বাদল, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন মুশু, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন মিলন, আলহাজ্ জসীম উদ্দিন, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক, বেলাল রহমান মজুমদার, সুভাষ সাহা, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক সরওয়ার জাহান দোলন, এবং বিএনপি নেতা শাহ সুলতান খোকন।
এছাড়া উপস্থিত ছিলেন লাকসাম পৌরসভা বিএনপির সহসভাপতি আবুল হোসেন মানু, কমান্ডার আবুল বাশারসহ লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলার সকল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ