প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ২০ নভেম্বর, ২০২৬ : লেবানন সীমান্তে সংবাদ সংগ্রহের সময় ইসরাইলি হামলায় একটি পা হারানো এএফপির সাংবাদিক ক্রিস্টিনা আসিকে সম্মাননা প্রদান করেছে সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করা আন্তর্জাতিক সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে)।
এই সম্মাননা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে সোচ্চার ভূমিকা রাখার জন্য বৃহস্পতিবার দেওয়া হয়।
এটি খবর বার্তা সংস্থা এএফপি’র।
২০২৩ সালের অক্টোবরে ইসরাইল সীমান্তের কাছে সংঘাতের খবর সংগ্রহের সময় রয়টার্সের সাংবাদিক ইসাম আবদুল্লাহ নিহত হন। এই ঘটনার সময় আহত হন আরও ছয়জন, যাদের মধ্যে এএফপির সাংবাদিক ক্রিস্টিনা আসি ও ডিলান কলিন্সও ছিলেন।
এএফপির নিজস্ব তদন্তে উল্লেখ করা হয়েছে, উত্তর ইসরাইলের জর্দেইখ এলাকা থেকে দুটি ১২০ মিলিমিটার কামানের গোলা ছোড়া হয়েছিল।
রয়টার্স, সিপিজে, হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং রিপোর্টার্স উইদাউট বর্ডারসহ একাধিক আন্তর্জাতিক সংস্থার পৃথক তদন্তেও এএফপির তদন্তের ফলাফলগুলোর সঙ্গে মিল পাওয়া গেছে।
হামলার পর থেকে লেবাননের আলোকচিত্রী ও ফটো এডিটর আসি নিহত সহকর্মীর হত্যার বিচার, যুদ্ধক্ষেত্রে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং দায়িত্ব পালনকালে আহত সাংবাদিকদের সহায়তায় একটি কর্মসূচি চালুর দাবিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
২০২৪ সালের জুলাইয়ে প্যারিস অলিম্পিকে দায়িত্ব পালনকালে নিহত সাংবাদিকদের প্রতি শ্রদ্ধা জানাতে তিনি অলিম্পিক মশাল বহন করেন।
সম্মাননা অনুষ্ঠানের আগে এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে আসি বলেন, ‘আমি আনন্দিত ও সম্মানিত বোধ করছি। তবে একই সঙ্গে এই সম্মাননা পাওয়ার পেছনের কারণগুলো আমাকে ক্ষুব্ধ ও দুঃখিতও করছে।’
তিনি আরও বলেন, ‘গত তিন বছরে আমরা অনেক সহকর্মীকে হারিয়েছি। এখন পর্যন্ত আমরা যা করেছি এবং সাংবাদিকদের অধিকারের পক্ষে যেসব প্রচার-প্রচারণা চালিয়েছি, সেগুলোও যথেষ্ট মনে হচ্ছে না।’
এএফপির সংবাদ পরিচালক ফিল চেউইন্ড পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আগে বলেন, ‘ক্রিস্টিনা ও তার সাংবাদিক সহকর্মীদের ওপর হামলা স্পষ্টতই একটি যুদ্ধাপরাধ।’
তিনি আরও বলেন, ‘এ বিষয়ে জবাবদিহি নিশ্চিত করার জন্য এএফপি বারবার ইসরায়েলের কাছে ব্যাখ্যা চেয়েছে। কিন্তু কোনো জবাব পাওয়া যায়নি। দায়মুক্তির সংস্কৃতিকে কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’
বৃহস্পতিবার সিপিজের প্রেস ফ্রিডম অ্যাওয়ার্ড পাওয়া অন্য সাংবাদিকদের মধ্যে রয়েছেন হাঙ্গেরির অনুসন্ধানী সাংবাদিক সাবোলচ পানই এবং কলম্বিয়ার সাংবাদিক এস্তেফানি রদ্রিগেজ।
ভিক্টর অরবানের শাসনামলে দুর্নীতি নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন করার জন্য হাঙ্গেরির সাংবাদিক পানইকে এ সম্মাননা দেওয়া হয়। অন্যদিকে, যুক্তরাষ্ট্রে অভিবাসন আইন প্রয়োগসংক্রান্ত কার্যক্রম নিয়ে প্রতিবেদন তৈরির সময় গ্রেপ্তার হয়েছিলেন কলম্বিয়ার সাংবাদিক রদ্রিগেজ।
সিপিজে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি স্বাধীন আন্তর্জাতিক সংস্থা। এই সংগঠন বিশ্বজুড়ে সংবাদমাধ্যমের স্বাধীনতা রক্ষা এবং সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন