১১:১০ এম
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের জন্য যোগদান আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) থেকে শুরু হয়েছে। প্রার্থীরা নিয়োগপত্রের শর্ত পূরণ করে যোগদান করছেন। তবে, পদায়নের জন্য অপেক্ষা বেড়ে গেছে। যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের জন্য পদায়নের সময় বৃদ্ধি করা হয়েছে। আজ রাতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একটি আদেশে এই তথ্য জানানো হয়েছে।
আদেশে উল্লেখ করা হয়েছে, নবনিযুক্ত শিক্ষকগণের পদায়ন আদেশের তারিখ ৪ অক্টোবরের পরিবর্তে ১১ অক্টোবর নির্ধারণ করা হয়েছে। সেই অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে। একই সঙ্গে, ১ অক্টোবর যোগদানকৃত শিক্ষকগণের জন্য ৪ অক্টোবর থেকে ৮ অক্টোবর পর্যন্ত ওরিয়েন্টেশন প্রশিক্ষণের আয়োজন করার নির্দেশনা দেওয়া হয়েছে।
আদেশের কপি ৩ পার্বত্য জেলা ব্যতীত অন্যান্য সব জেলা সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: পাঠ্যবইয়ের মান যাচাইয়ে হঠাৎ প্রেসে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী গিয়াস উদ্দিন রিমন
তথ্য অনুযায়ী, সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২৫-এর ফলাফলের ভিত্তিতে ৬১ জেলায় ১৪ হাজার ৩৮৪ জনকে চূড়ান্তভাবে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছিল। গত ৮ ফেব্রুয়ারি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়। যাচাই-বাছাইয়ের পর ২৪ সেপ্টেম্বর নিয়োগপ্রাপ্তদের তালিকা জেলা প্রাথমিক শিক্ষা অফিসগুলো প্রকাশ করে। তাদের ১ অক্টোবরের মধ্যে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছিল। তবে, সুপারিশ পাওয়ার পরও অনেকের নাম চূড়ান্ত নিয়োগের তালিকায় না থাকায় অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর মধ্যে কেউ কেউ পরে নিয়োগপত্র পেয়েছেন, আবার অনেকেই গতকাল পর্যন্ত নিয়োগপত্র পাননি।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চূড়ান্তভাবে সুপারিশ পাওয়া ১৪ হাজার ৩৮৪ জনের মধ্যে ৫৩০ জন নিজের ইচ্ছায় আবেদন করেননি অথবা প্রয়োজনীয় কাগজপত্র জমা দেননি। ফলে চূড়ান্ত আবেদনের সংখ্যা ১৩ হাজার ৮৫৪ জনে দাঁড়িয়েছে। এই শিক্ষকদের মধ্যে এখনো প্রায় শতাধিকের বেশি প্রার্থীকে চূড়ান্ত নিয়োগপত্র দেওয়া হয়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন