ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

আইনশৃঙ্খলা রক্ষায় রাজনৈতিক ঐক্য ও জনগণের সহযোগিতা চান স্বরাষ্ট্রমন্ত্রী


আইনশৃঙ্খলা রক্ষায় রাজনৈতিক ঐক্য ও জনগণের সহযোগিতা চান স্বরাষ্ট্রমন্ত্রী

সংসদ ভবন, ১১ নভেম্বর, ২০২৬ : দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করার জন্য রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে জাতীয় ঐক্য ও জনগণের সহযোগিতার ওপর গুরুত্ব আরোপ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি উল্লেখ করেন, আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব এককভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নয়; এই ক্ষেত্রে রাজনৈতিক দল, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সাধারণ জনগণের সম্মিলিত ভূমিকা অপরিহার্য।

আজ জাতীয় সংসদে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ৩০০ বিধিতে দেওয়া বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এই আহ্বান জানান।

আরও পড়ুন: জুবাইদার বিশ্বনেতাদের সহধর্মিণীদের বাংলাদেশ জুট প্যাভিলিয়ন পরিদর্শনের আমন্ত্রণ

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতির স্থায়ী উন্নয়নে জনগণের অংশগ্রহণ এবং পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ উদ্দেশ্যে স্থানীয় পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে জনগণের যোগাযোগ বৃদ্ধি করা হচ্ছে।

তিনি জানান, জনসম্পৃক্ততা বাড়ানোর জন্য বিভিন্ন এলাকায় ৫০০টি ওপেন হাউস ডে এবং ৭ হাজার ৭৩৬টি উঠান বৈঠকের আয়োজন করা হয়েছে। এসব উদ্যোগের মাধ্যমে জনগণের অভিযোগ, সমস্যা ও অপরাধসংক্রান্ত তথ্য সরাসরি শোনা হচ্ছে। মাদক নিয়ন্ত্রণে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক কমিটি এবং কিশোর গ্যাং প্রতিরোধে উপজেলা পর্যায়ে কমিটি গঠনের উদ্যোগও নেওয়া হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার মানবাধিকার ও আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কোনো ব্যক্তি বা দলের বাহিনীতে পরিণত করা হবে না। বাহিনীগুলোকে পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও আইনের ভিত্তিতে দায়িত্ব পালন করতে হবে। এই ক্ষেত্রে রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।

তিনি আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশ বাহিনীর সক্ষমতা বাড়ানোর পাশাপাশি নতুন জনবল নিয়োগ, অবকাঠামো উন্নয়ন ও প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণ করছে সরকার। এর অংশ হিসেবে পুলিশের বিভিন্ন পদে ২৪ হাজার ৬৭৭টি পদ রাজস্ব খাতে সৃষ্টির প্রস্তাব প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। গত বছরের ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত দেশে খুনের ঘটনা ছিল ২ হাজার ৯৩৮টি, চলতি বছরের একই সময়ে তা কমে ২ হাজার ৬৫১টিতে দাঁড়িয়েছে।

তিনি আরও জানান, নাগরিক সেবা সহজ করতে অনলাইন ব্যবস্থার সম্প্রসারণ করা হয়েছে। গত নয় মাসে অনলাইনে ১৫ লাখ ৬৩ হাজার ৩৫৩টি সাধারণ ডায়েরি (জিডি) এবং ৭ লাখ ৭০ হাজার ৭৫৪টি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রদান করা হয়েছে।

সীমান্ত পরিস্থিতি তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্ত দিয়ে পুশইনের ঘটনা প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। ২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত ৪৮২ জনকে পুশইন করা হয়েছিল। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর ১৭ ফেব্রুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত এ সংখ্যা ৩৭-এ নেমে এসেছে।

তিনি বলেন, সীমান্তে বিএসএফ ও ভারতীয় নাগরিকদের গুলিতে ২০২৫ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ২২ জন বাংলাদেশি নিহত হন। ২০২৬ সালের একই সময়ে এ সংখ্যা ১২ জনে নেমেছে। এছাড়া সীমান্তে অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধারের কার্যক্রমও জোরদার করা হয়েছে।

আরও পড়ুন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে সভাপতি করে ১২ সদস্যের সংবিধান সংশোধন কমিটি পুনর্গঠন

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জনবল ও সক্ষমতা বাড়াতে নিয়োগ, পদোন্নতি, আধুনিক সরঞ্জাম এবং যানবাহন সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। পুলিশের জন্য ৫ হাজার ৮৩০টি যানবাহন কেনার প্রস্তাব একনেক অনুমোদন করেছে। পাশাপাশি বিভিন্ন পুলিশ স্থাপনা নির্মাণ ও সংস্কারের কাজও এগিয়ে নেওয়া হচ্ছে।

তিনি বলেন, অপরাধ ও সহিংসতা প্রতিরোধে রাষ্ট্রের সব পর্যায়ের মানুষের দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারলে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি সম্ভব হবে।

অগ্নিসংযোগ আওয়ামী লীগের পুরোনো রাজনৈতিক অপসংস্কৃতি এবং ইতিহাসের সঙ্গে গভীরভাবে জড়িত উল্লেখ করে তিনি বলেন, ২০০৪ সালের ৪ জুন আওয়ামী লীগের হরতালে ঢাকায় বিআরটিসির একটি দোতলা বাসে গানপাউডার নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় ১১ জন প্রাণ হারান।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক নেত্রী সীমান্তের ওপার থেকে অডিও-ভিডিও বার্তার মাধ্যমে দলীয় নেতাকর্মীদের জুলাই আন্দোলনকারীদের তালিকা তৈরি এবং তাদের বাড়িঘরে হামলার নির্দেশ দিচ্ছেন বলে অভিযোগ রয়েছে।

আরও পড়ুন: সরাইল থানার ওসি মোহাম্মদ মনজুর কাদের ভূঁইয়ার বদলি

তিনি বলেন, গণঅভ্যুত্থানে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট আওয়ামী লীগ শক্তি আর বাংলাদেশে রাজনীতি করতে ফিরে আসতে পারবে না।

এ ছাড়া সাম্প্রতিক অস্থিরতা ও শ্রমিক আন্দোলনে পতিত আওয়ামী লীগ সরকারের পলাতক মন্ত্রী, সংসদ সদস্য ও নেতাদের সম্পৃক্ততার অভিযোগ তুলে তিনি বলেন, এসব ঘটনায় তাদের সংশ্লিষ্টতার সুস্পষ্ট প্রমাণ সরকারের হাতে রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

ওপারের উসকানিতে ঢাকায় ‘একটি দলের’ গোপন বৈঠকের যোগসূত্র আছে কিনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩৪ পি.এম


ওপারের উসকানিতে ঢাকায় ‘একটি দলের’ গোপন বৈঠকের যোগসূত্র আছে কিনা

সাম্প্রতিক অস্থিরতার পেছনে সীমান্তের ওপার থেকে উসকানি দেওয়া হচ্ছে, এই বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদও একই মত প্রকাশ করেছেন।

তিনি বলেন, ঢাকায় একটি দলের শীর্ষ নেতাদের বিদেশি বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গে গোপন বৈঠকের সাথে এই উসকানির সম্পর্ক আছে কিনা, তা জনগণ জানতে চায়।

বুধবার (১১ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে কার্যপ্রণালি বিধির ৩০০ বিধিতে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব মন্তব্য করেন।

গত মঙ্গলবার সংসদে বিরোধীদলীয় নেতা ও বিরোধীদলীয় চিফ হুইপ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন। এর পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনৈতিক বক্তব্যের জবাব দেওয়ার পাশাপাশি ২০২৫ ও ২০২৬ সালের ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত বিভিন্ন অপরাধের তুলনামূলক পরিসংখ্যান উপস্থাপন করেন।

তিনি জানান, দেশে মবের কোনো অস্তিত্ব থাকবে না। ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ৫৫টি মবের ঘটনা ঘটলেও ২০২৬ সালের একই সময়ে তা কমে ১৬টিতে নেমেছে। তিনি বলেন, এই ১৬টি ঘটনার পুনরাবৃত্তি রোধে সরকার চূড়ান্ত ব্যবস্থা গ্রহণ করবে।

সালাহউদ্দিন আহমদ বলেন, এসব পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি বা অবনতি স্পষ্ট হবে। তার দাবি, বিভিন্ন অপরাধের পরিসংখ্যানেই আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির চিত্র পাওয়া যাচ্ছে।

তিনি উল্লেখ করেন, ফ্যাসিবাদের পতনের পর ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর ঢাকায় একটি অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতা রাজনৈতিকভাবে তাদের ওপর জুলুম-নির্যাতনকারীকে ক্ষমা করার ঘোষণা দিয়েছিলেন। আওয়ামী লীগের সাড়ে ১৫ বছরের শাসনামলে বাংলাদেশে যে নির্যাতন ও জুলুম চালানো হয়েছে, সে বিষয়ে কোনো অনুতাপ বা ক্ষমা চাওয়া ছাড়াই একতরফাভাবে ক্ষমা দেওয়ার বিষয়টি যৌক্তিক নয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২০২৪ সালের ১৩ নভেম্বর লন্ডনের একটি স্থানীয় হোটেলে ব্রিটিশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নেতাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতা বলেছিলেন, ‘আমি বারবার ফ্যাসিজম আর ফ্যাসিস্ট বলা পছন্দ করি না। এরাও তো আমাদের পরিবারের সদস্য, রাজনৈতিক পরিবারের সদস্য।’

বিরোধীদলীয় নেতা সাম্প্রতিক অস্থিরতার পেছনে সীমান্তের ওপার থেকে উসকানি দেওয়া হচ্ছে বলে যে বক্তব্য দিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী তার সঙ্গে একমত পোষণ করেন। তিনি বলেন, ঢাকায় একটি দলের শীর্ষ নেতাদের বিদেশি বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গে গোপন বৈঠকের সাথে এই উসকানির সম্পর্ক আছে কি না, তা জনগণ জানতে চায়।

সালাহউদ্দিন আহমদ অভিযোগ করেন, সীমান্তের ওপার থেকে পলাতক ফ্যাসিস্ট নেত্রী অডিও ও ভিডিও কলে তার দলের নেতাদের নির্দেশ দিচ্ছেন জুলাই আন্দোলনকারীদের তালিকা করতে এবং তাদের ঘরবাড়ি ভেঙে দিতে। তিনি বলেন, এই নেত্রী দেশে ফিরে আসলে জুলাই যোদ্ধাদের চরম শিক্ষা দেবেন বলেও হুমকি দিচ্ছেন।

তিনি বলেন, গণঅভ্যুত্থানে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা আর বাংলাদেশে ফিরতে পারবেন না এবং রাজনীতি করতে পারবেন না। এ প্রসঙ্গে তিনি জার্মানি থেকে হিটলারের নাৎসি বাহিনীর সদস্যদের পালিয়ে যাওয়ার উদাহরণ টানেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২০২৭-২০২৮ কার্যকালের ঠাকুরগাঁও জেলা জামায়াতের নির্বাচন ও মনোনয়ন সম্পন্ন

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ জিয়াউর রহমান ঠাকুরগাঁও প্রতিনিধি

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:০৪ পি.এম


২০২৭-২০২৮ কার্যকালের ঠাকুরগাঁও জেলা জামায়াতের নির্বাচন ও মনোনয়ন সম্পন্ন

২০২৭-২৮ কার্যকালের জন্য সদস্যদের প্রত্যক্ষ ভোটে ঠাকুরগাঁও জেলা আমীর নির্বাচিত হয়ে আনুষ্ঠানিক
ভাবে দায়িত্বভার গ্রহণ করেন জননেতা মোহাম্মদ আলমগীর।

শপথ অনুষ্ঠান পরবর্তী গঠনতন্ত্র অনুসরণ পূর্বক
কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্যও নির্বাচিত হউন
সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান জননেতা
মোহাম্মদ আলমগীর।

আজ(১১ নভেম্বর) ঠাকুরগাঁও জেলা জামায়াত কার্যালয়ে নির্বাচিত জেলা শুরার অধিবেশনে জেলা সেক্রেটারী
হিসেবে মনোনীত হউন অধ্যক্ষ কফিল উদ্দিন আহমাদ।

জেলা সহ-সেক্রেটারী দুজন যথাক্রমে
অধ্যাপক রফিকুল ইসলাম(গণিত) ও
মাওলানা মো:মতিউর রহমান কে মনোনীত করা হয়।

জেলা আমীর ও সেক্রেটারী কে সকল সাংগঠনিক
কার্যে সহযোগিতার জন্য নির্বাচিত শূরা সদস্যদের
উপস্থিতিতে গঠনতন্ত্রের (৪২ ও ৪৩) ধারা মোতাবেক
কর্মপরিষদ গঠন করা হয়।

২০২৭-২৮ কার্যকালে কর্মপরিষদ সদস্য
হিসেবে অধ্যাপক ফিরোজ বিশ্বাস
মাওলানা সোলাইমান হোসেন
মাওলানা ফজলে রাব্বী মর্তুজাবী
মোহাম্মদ শাহজালাল জুয়েল
মাওলানা খলিলুর রহমান
উপাধ্যক্ষ রফিকুল ইসলাম (রাণী)
ও অধ্যক্ষ শামসুজ্জামান শাহ্ শামীম সহ
সকল সদস্যদের শপথ পাঠ করান নবনির্বাচিত
জেলা আমীর মোহাম্মদ আলমগীর।

এ সময় উপস্থিত ছিলেন-
রংপুর-দিনাজপুর অঞ্চল টিমের সদস্য
ও সাবেক দিনাজপুর জেলা আমীর
অধ্যক্ষ আনিসুর রহমান, অঞ্চল টিম সদস্য
ও সাবেক ঠাকুরগাঁও জেলা আমীর
মাওলানা আব্দুল হাকিম এবং কেন্দ্রীয় ইউনিট
সদস্য ও সদ্য বিদায়ী জেলা আমীর
অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান।

উল্লেখ্য যে,ঠাকুরগাঁও জেলা আমীর জননেতা
মোহাম্মদ আলমগীর জেলা সেক্রেটারী অধ্যক্ষ কফিল
উদ্দিন আহমাদ ও জেলা এ্যাসি: সেক্রেটারী মাওলানা
মতিউর রহমান সহ এ তিন(৩) জামায়াত নেতা ঠাকুরগাঁও জেলা ছাত্র শিবিরের সভাপতির দায়িত্ব পালন করেছেন।অন্যদিকে অপর এ্যাসি: সেক্রেটারী অধ্যাপক রফিকুল
ইসলাম বৃহত্তর দিনাজপুরের জেলা ছাত্রশিবিরের
সেক্রেটারীর দায়িত্ব পালন করে আসছেন।

অতীতের ছাত্র আন্দোলনে নেতৃত্বদানের অভিজ্ঞতা
ও বিগত ১৭ বছর ফ্যাসিজমের স্বীকার এ নেতৃবর্গ
ছাত্রনেতা থেকে জননেতা'য় রুপান্তরিত হওয়ায়
এ নেতৃত্ব ঠাকুরগাঁও বাসীর কাছে এক নতুন আশার
সঞ্চার ঘটিয়েছে।দলীয় নেতা-কর্মীদের মাঝেও সৃষ্টি
হয়েছে উদ্দীপনা ও উচ্ছাস।

আজকের শুরার অধিবেশনে বক্তব্য প্রদানকালে
ইসলামী সংগঠনের এ নতুন নেতৃত্বকে সহযোগিতা
ও মহান আল্লাহ তাঁর রহমতের চাঁদরে আবৃত
রাখুন- এমন আহবান ও দোয়া করেছেন
ঠাকুরগাঁও এর প্রবীণ নেতা
মাওলানা আব্দুল হাকিম ও সদ্য বিদায়ী জেলা
আমীর অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুদ্ধ বন্ধে সমঝোতা নয়, বন্দি বিনিময়ে রাজি রাশিয়া ও ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:০৪ পি.এম


যুদ্ধ বন্ধে সমঝোতা নয়, বন্দি বিনিময়ে রাজি রাশিয়া ও ইউক্রেন

রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধের অবসানে বড় কোনো সমঝোতা না হলেও, বন্দি বিনিময়ের বিষয়ে একমত হয়েছে উভয় দেশ।

বুধবার (১১ নভেম্বর) যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে দুই দিনব্যাপী আলোচনা শেষে এই বিষয়ে সম্মতি প্রদান করে দেশ দুটি।

রাশিয়ার প্রধান আলোচক ভ্লাদিমির মেদিনস্কি জানিয়েছেন, দুই পক্ষ ব্যাপকভাবে বন্দি বিনিময়ে রাজি হয়েছে। এই বিনিময় আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে সম্পন্ন হতে পারে। তবে, কতজন বন্দি মুক্তি পাবে, তা বৃহস্পতিবার চূড়ান্ত হওয়ার কথা রয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি জ্যারেড কুশনার জানিয়েছেন, আলোচনায় কিছু বিষয়ে অগ্রগতি সাধিত হয়েছে। কিন্তু যুদ্ধ বন্ধে সবচেয়ে কঠিন বিষয় হলো ভূখণ্ড নিয়ে বিরোধের মীমাংসা করা। যুদ্ধ-পরবর্তী নিরাপত্তা কাঠামো নিয়েও আলোচনা হয়েছে।

ইউক্রেনের আলোচক ডেভিড আরাখামিয়া জানিয়েছেন, বছরের শেষ নাগাদ সমাধানে পৌঁছানোর বিষয়ে আলোচনা ইতিবাচক অগ্রগতি লাভ করেছে। পরবর্তী আলোচনায় ইউরোপীয় দেশগুলোকেও যুক্ত করার পক্ষে মত দিয়েছেন তিনি।

এদিকে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আলোচনায় সরাসরি অংশগ্রহণ করেননি। তবে, যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা পরবর্তীতে দুই দেশের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছেন।

সূত্র: আল জাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিশিরের নেতৃত্বে বাংলাদেশে কয়েক বিলিয়ন ডলারের সম্ভাবনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:০৫ পি.এম


শিশিরের নেতৃত্বে বাংলাদেশে কয়েক বিলিয়ন ডলারের সম্ভাবনা

বাংলাদেশের জন্য কয়েক বিলিয়ন ডলারের অর্থনৈতিক ও প্রযুক্তিগত সম্ভাবনা নিয়ে শিশির নামের এক তরুণ উদ্যোক্তা হাজির হয়েছেন। তার উপস্থাপিত পরিকল্পনা অনুযায়ী, চারটি প্রকল্পের মাধ্যমে প্রথম সাত দিনের মধ্যে সরকারি তহবিলে অন্তত ১,০০০ কোটি টাকা জমা দেওয়ার সুযোগ সৃষ্টি হতে পারে। এছাড়াও, আগামী এক বছরের মধ্যে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪০ বিলিয়ন ডলারে উন্নীত করার সম্ভাবনার কথাও তিনি তুলে ধরেছেন।

দীর্ঘ অনুসন্ধানের পর, ভার্চুয়াল বৈঠকের মাধ্যমে শিশিরের সঙ্গে যোগাযোগ করে চারটি প্রকল্পের বিস্তারিত তথ্য জানা গেছে। আমাদের অনুসন্ধানে প্রকল্পগুলোর সঙ্গে সম্পর্কিত কিছু প্রমাণও পাওয়া গেছে। জানা গেছে, রাশিয়ার দুটি প্রতিষ্ঠানও প্রকল্পগুলো মূল্যায়ন করেছে।

প্রকল্পগুলোর মধ্যে বিশেষভাবে আলোচনায় রয়েছে VoiceCon—৩০০ মিলিয়ন প্যারামিটারের একটি AI Voice Conversion মডেল। শিশিরের উপস্থাপনা অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে এর সম্ভাব্য মূল্য ১০০ মিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে।

এছাড়াও, প্রায় ১০ লাখ অনলাইন ক্যাসিনো ব্যবহারকারীর একটি ডেটাবেস সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের পরিকল্পনার কথাও জানিয়েছেন শিশির। এর উদ্দেশ্য হল, অবৈধ অনলাইন ক্যাসিনো নেটওয়ার্ক শনাক্তে তদন্তকারী সংস্থাগুলোকে সহায়তা করা।

প্রকল্পগুলো বিক্রি করলে অর্থ নিজের জন্য রাখবেন কি না—এমন প্রশ্নের জবাবে শিশির জানান, ব্যক্তিগত সুবিধা নেওয়ার পরিকল্পনা তার নেই। বরং তিনি দেশের উন্নয়নে ব্যয় করতে চান। একটি মেডিক্যাল কলেজে অনুদান দেওয়ার পরিকল্পনার কথাও তিনি জানিয়েছেন, যদিও প্রতিষ্ঠানের নাম প্রকাশ করেননি।

এখন বড় প্রশ্ন, শিশির কি বাংলাদেশের জন্য অপেক্ষা করছেন, নাকি আন্তর্জাতিক বাজারে প্রকল্পগুলো বিক্রির পরিকল্পনা রয়েছে তার?

চারটি প্রকল্প, কয়েক বিলিয়ন ডলারের সম্ভাবনা এবং জাতীয় স্বার্থে প্রযুক্তি ও তথ্য ব্যবহারের পরিকল্পনা—পর্দার আড়ালে থাকা এই শিশির আসলে কে? বাংলাদেশের জন্য কি অপেক্ষা করছে নতুন কোনো অর্থনৈতিক ও প্রযুক্তিগত সুযোগ?

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%