০৮:৩৪ পি.এম
সাম্প্রতিক অস্থিরতার পেছনে সীমান্তের ওপার থেকে উসকানি দেওয়া হচ্ছে, এই বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদও একই মত প্রকাশ করেছেন।
তিনি বলেন, ঢাকায় একটি দলের শীর্ষ নেতাদের বিদেশি বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গে গোপন বৈঠকের সাথে এই উসকানির সম্পর্ক আছে কিনা, তা জনগণ জানতে চায়।
বুধবার (১১ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে কার্যপ্রণালি বিধির ৩০০ বিধিতে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব মন্তব্য করেন।
আরও পড়ুন: জুবাইদার বিশ্বনেতাদের সহধর্মিণীদের বাংলাদেশ জুট প্যাভিলিয়ন পরিদর্শনের আমন্ত্রণ
গত মঙ্গলবার সংসদে বিরোধীদলীয় নেতা ও বিরোধীদলীয় চিফ হুইপ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন। এর পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনৈতিক বক্তব্যের জবাব দেওয়ার পাশাপাশি ২০২৫ ও ২০২৬ সালের ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত বিভিন্ন অপরাধের তুলনামূলক পরিসংখ্যান উপস্থাপন করেন।
তিনি জানান, দেশে মবের কোনো অস্তিত্ব থাকবে না। ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ৫৫টি মবের ঘটনা ঘটলেও ২০২৬ সালের একই সময়ে তা কমে ১৬টিতে নেমেছে। তিনি বলেন, এই ১৬টি ঘটনার পুনরাবৃত্তি রোধে সরকার চূড়ান্ত ব্যবস্থা গ্রহণ করবে।
সালাহউদ্দিন আহমদ বলেন, এসব পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি বা অবনতি স্পষ্ট হবে। তার দাবি, বিভিন্ন অপরাধের পরিসংখ্যানেই আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির চিত্র পাওয়া যাচ্ছে।
তিনি উল্লেখ করেন, ফ্যাসিবাদের পতনের পর ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর ঢাকায় একটি অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতা রাজনৈতিকভাবে তাদের ওপর জুলুম-নির্যাতনকারীকে ক্ষমা করার ঘোষণা দিয়েছিলেন। আওয়ামী লীগের সাড়ে ১৫ বছরের শাসনামলে বাংলাদেশে যে নির্যাতন ও জুলুম চালানো হয়েছে, সে বিষয়ে কোনো অনুতাপ বা ক্ষমা চাওয়া ছাড়াই একতরফাভাবে ক্ষমা দেওয়ার বিষয়টি যৌক্তিক নয়।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২০২৪ সালের ১৩ নভেম্বর লন্ডনের একটি স্থানীয় হোটেলে ব্রিটিশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নেতাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতা বলেছিলেন, ‘আমি বারবার ফ্যাসিজম আর ফ্যাসিস্ট বলা পছন্দ করি না। এরাও তো আমাদের পরিবারের সদস্য, রাজনৈতিক পরিবারের সদস্য।’
বিরোধীদলীয় নেতা সাম্প্রতিক অস্থিরতার পেছনে সীমান্তের ওপার থেকে উসকানি দেওয়া হচ্ছে বলে যে বক্তব্য দিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী তার সঙ্গে একমত পোষণ করেন। তিনি বলেন, ঢাকায় একটি দলের শীর্ষ নেতাদের বিদেশি বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গে গোপন বৈঠকের সাথে এই উসকানির সম্পর্ক আছে কি না, তা জনগণ জানতে চায়।
সালাহউদ্দিন আহমদ অভিযোগ করেন, সীমান্তের ওপার থেকে পলাতক ফ্যাসিস্ট নেত্রী অডিও ও ভিডিও কলে তার দলের নেতাদের নির্দেশ দিচ্ছেন জুলাই আন্দোলনকারীদের তালিকা করতে এবং তাদের ঘরবাড়ি ভেঙে দিতে। তিনি বলেন, এই নেত্রী দেশে ফিরে আসলে জুলাই যোদ্ধাদের চরম শিক্ষা দেবেন বলেও হুমকি দিচ্ছেন।
তিনি বলেন, গণঅভ্যুত্থানে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা আর বাংলাদেশে ফিরতে পারবেন না এবং রাজনীতি করতে পারবেন না। এ প্রসঙ্গে তিনি জার্মানি থেকে হিটলারের নাৎসি বাহিনীর সদস্যদের পালিয়ে যাওয়ার উদাহরণ টানেন।
আরও পড়ুন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে সভাপতি করে ১২ সদস্যের সংবিধান সংশোধন কমিটি পুনর্গঠন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন