শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং
০৯:৪৩ পি.এম
দীর্ঘ আট বছরের বিরতির পর আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে
বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়ন (রেজি. নং-বি-৭৭) নির্বাচন-২০২৬। এই নির্বাচনে মৌলভীবাজার জেলার অধীনে ১৩৫টি পঞ্চায়েতের অন্তর্ভুক্ত ৬০ হাজার ৪৮২ জন চূড়ান্ত ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে শ্রীমঙ্গল উপজেলার ৪০টি পঞ্চায়েতের অধীনে ভোটার সংখ্যা ১৮ হাজার ৮২২ জন।
জেলার মধ্যে শ্রীমঙ্গলেই সর্বাধিক পঞ্চায়েত এবং ভোটার রয়েছে। বুধবার (২৫ নভেম্বর) বিকেলে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নির্বাচন উপলক্ষ্যে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। প্রেস ব্রিফিংয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলাপ্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদুজ্জামান পাভেল। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম।
এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়ন নির্বাচন-২০২৬-এর রিটার্নিং অফিসার মো. মামুনুর রশীদ। এ সময় শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. জিয়াউর রহমান এবং শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার আবদুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, আগামী ২৮ নভেম্বর শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দেশের ২৩০টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী জেলা ও উপজেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে কাজ করছে যাতে নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পার্বত্য চট্টগ্রাম চুক্তির তিন দশক পূর্তি উপলক্ষে চুক্তিটি বাতিল, পুনর্মূল্যায়ন নাকি নতুন চুক্তি প্রয়োজন—এ বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে শনিবার (২৮ নভেম্বর) চট্টগ্রামে। এই আঞ্চলিক সংলাপের শিরোনাম হলো ‘৩০ বছরে পার্বত্য চুক্তি: বাতিল, পুনর্মূল্যায়ন, নতুন চুক্তি?’ এবং এটি সকাল সাড়ে ১০টায় নগরের সাউর্দান ইউনিভার্সিটি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে।
চট্টগ্রাম সেন্টার ফর রিজিওন্যাল স্টাডিজ, বাংলাদেশ (সিসিআরএসবিডি)-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৈয়ব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সালেহ জহুর। সংলাপের সভাপতিত্ব করবেন সাউর্দান ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য ড. শরিফ আশরাফুজ্জামান।
আয়োজক সূত্র জানায়, অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের প্রধান এবং সিসিআরএসবিডির নির্বাহী পরিচালক অধ্যাপক ড. মাহফুজ পারভেজ। প্যানেল আলোচক হিসেবে অংশগ্রহণ করবেন সিসিআরএসবিডির পরিচালক সরওয়ার জাহান, সাবেক যুগ্ম সচিব ড. মো. নুরুল আবছার, মং রাজা মং প্রু সাইন ফাউন্ডেশনের চেয়ারম্যান কুমার সুই চিং প্রু সাইন, শিক্ষাবিদ অধ্যাপক হাসিনা জাকারিয়া, জ্যেষ্ঠ সাংবাদিক ও কবি ওমর কায়সার, এবি পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম মহানগর আহ্বায়ক অ্যাডভোকেট গোলাম ফারুক এবং গণঅধিকার পরিষদ চট্টগ্রাম মহানগরের দপ্তর সম্পাদক ইমন মোহাম্মদ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
একসময় এটি ছিল একটি অজ পাড়াগাঁ। চারপাশে ছোট ছোট টিলা, পাহাড়ের ঢালে চা-বাগান, লেবু ও আনারসের বাগান ছিল। সন্ধ্যা নামার পর নেমে আসত নীরবতা। গভীর রাত পর্যন্ত এখানে সুনসান পরিবেশ বিরাজ করত। গ্রামের জমির দাম ছিল শতকপ্রতি আনুমানিক পাঁচ হাজার টাকা। তবে এখন সেই গ্রাম আর আগের মতো নেই। পর্যটনশিল্পের বিকাশের ফলে পুরো জনপদের চিত্র বদলে গেছে। একের পর এক রিসোর্ট, কটেজ, ইকো-কটেজ, বাংলো ও আধুনিক হোটেল গড়ে উঠেছে। কিছু স্থানে জমির দাম বেড়ে দাঁড়িয়েছে শতকপ্রতি পাঁচ থেকে সাত লাখ টাকা।
অচেনা গ্রামটি এখন ‘রিসোর্টের রাজধানী’ হিসেবে পরিচিতি পেয়েছে। এখানে মৌলভীবাজারের পর্যটননগরী শ্রীমঙ্গলের রাধানগরের কথা বলা হচ্ছে। শ্রীমঙ্গল শহর থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত রাধানগর। একসময় এই গ্রামের পরিচিতি ছিল খুবই সীমিত। কিন্তু বর্তমানে পর্যটনশিল্পের প্রসারে এটি দেশ-বিদেশের পর্যটকদের কাছে একটি সুপরিচিত নাম হয়ে উঠেছে।
চা-বাগানঘেরা প্রাকৃতিক পরিবেশ, পাহাড়ি টিলা, ছড়া, সবুজ বনানী এবং নিরিবিলি পরিবেশের কারণে পর্যটকদের কাছে এর আকর্ষণ বৃদ্ধি পাচ্ছে। শ্রীমঙ্গল বেড়াতে এসে থাকার জায়গা হিসেবে অনেক পর্যটক এই রিসোর্ট পল্লীকে বেছে নিচ্ছেন। স্থানীয় সূত্রে জানা যায়, রাধানগরে পর্যটন আবাসনের যাত্রা শুরু হয় ২০০৭ সালে। ওই বছর কাজি শামসুল হকের উদ্যোগে গড়ে ওঠে নিসর্গ ইকো-কটেজ। লেবুবাগান ও পাহাড়ি ছড়ার পাশে বাঁশ, বেত ও কাঠ দিয়ে নির্মিত এই কটেজটি ছিল এলাকার প্রথম দিককার পর্যটন আবাসন।
এরপর পাঁচ তারকা মানের গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফ প্রতিষ্ঠার পর রাধানগরে পর্যটন ব্যবসার প্রসার দ্রুত বৃদ্ধি পেতে থাকে। একের পর এক রিসোর্ট, কটেজ, বাংলো ও হোটেল গড়ে উঠছে। নিসর্গ নীরব ইকো-কটেজের স্বত্বাধিকারী কাজি শামসুল হক জানান, বর্তমানে রাধানগরে ৬৫ থেকে ৭০টি রিসোর্ট গড়ে উঠেছে। এছাড়া ডলুছড়া, মোহাজিরাবাদ, বিষামনি ও রামনগর এলাকায়ও রিসোর্ট, কটেজ, ইকো-কটেজ ও বাংলো গড়ে উঠেছে। সব মিলিয়ে এসব এলাকায় পর্যটন আবাসনের সংখ্যা শতাধিক। এখনও বেশ কয়েকটি রিসোর্টের নির্মাণকাজ চলছে। তিনি বলেন, গত ১৭-১৮ বছরে এ এলাকায় জমির মূল্য প্রায় শতগুণ বেড়েছে।
রাধানগরের রিসোর্ট পল্লীর সবচেয়ে আকর্ষণীয় দিক হলো আবাসন স্থাপনার বৈচিত্র্য। এখানে রয়েছে দৃষ্টিনন্দন পাকা ভবন, টিনের ঘর, মাটির ঘর, বাঁশ-বেতের কটেজ ও কাঠের তৈরি বাংলো। প্রতিটি রিসোর্টের নির্মাণশৈলী ও সাজসজ্জায় রয়েছে আলাদা বৈশিষ্ট্য। কিছু রিসোর্ট আধুনিক স্থাপত্যে নির্মিত, আবার কিছু জঙ্গলের ভেতর বাঁশ ও কাঠ দিয়ে তৈরি। প্রকৃতির সঙ্গে মিশে থাকা এসব স্থাপনায় রয়েছে নান্দনিক সৌন্দর্যের ছোঁয়া। পর্যটকদের পছন্দ ও সামর্থ্য অনুযায়ী থাকার ব্যবস্থা রয়েছে।
শহরের আধুনিক ভবনে বসবাসে অভ্যস্ত অনেক পর্যটক ছুটি কাটাতে এসে এখানে বেছে নেন জঙ্গলের ভেতর বাঁশের ঘর, টিনের কটেজ কিংবা কাঠের বাংলো। নাগরিক জীবনের ব্যস্ততা থেকে দূরে প্রকৃতির কাছাকাছি কিছু সময় কাটানোর আকাঙ্ক্ষাই তাঁদের এমন আবাসনের প্রতি আকৃষ্ট করে। আবার যারা আধুনিক সুযোগ-সুবিধা চান, তাঁদের জন্য রয়েছে পাকা ভবন ও বিলাসবহুল রিসোর্ট। রিসোর্টগুলোতে শীতাতপনিয়ন্ত্রিত (এসি) ও সাধারণ (নন-এসি) কক্ষের ব্যবস্থা রয়েছে। পর্যটকদের খাবারের চাহিদা পূরণেও রয়েছে নানা আয়োজন। রিসোর্টের নিজস্ব রেস্তোরাঁয় বিভিন্ন ধরনের খাবার পরিবেশন করা হয়। পর্যটক যখন যে খাবার চান, তাঁর পছন্দ অনুযায়ী তা সরবরাহের ব্যবস্থা রয়েছে।
কিছু রিসোর্টে বারবিকিউ আয়োজনের সুযোগও রয়েছে। পাশাপাশি সুইমিংপুলের ব্যবস্থা রয়েছে। একেকটি রিসোর্টের সুইমিংপুলের নকশা ও সৌন্দর্যেও রয়েছে ভিন্নতা। কোথাও আধুনিক নকশার পুল, কোথাও আবার প্রাকৃতিক পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি করা হয়েছে দৃষ্টিনন্দন সুইমিংপুল। শুধু থাকা ও খাওয়ার ব্যবস্থা নয়, পর্যটকদের ভ্রমণসেবাও দিচ্ছে রিসোর্টগুলো। কোনো পর্যটক শ্রীমঙ্গলের বিভিন্ন দর্শনীয় স্থানে ঘুরতে যেতে চাইলে তাঁর চাহিদা অনুযায়ী গাড়ির ব্যবস্থা করে দেয় রিসোর্ট কর্তৃপক্ষ। দিন-রাত প্রয়োজন অনুযায়ী সেবা পাওয়ার সুযোগ থাকায় পর্যটকদের ভ্রমণ আরও স্বাচ্ছন্দ্যময় হচ্ছে।
পাঁচ তারকা গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফের পাশাপাশি এখানে প্যারাগন হোটেল অ্যান্ড রিসোর্টসহ বিভিন্ন মানের আবাসন প্রতিষ্ঠান রয়েছে। রাধানগরের পরিবর্তনের আরেকটি বড় চিত্র দেখা যায় সড়কে। শ্রীমঙ্গল শহর থেকে রাধানগর-জেরিন রোডে আগে গভীর রাতেও তেমন কোনো যানবাহন চলাচল করত না। রাত নামলে সড়ক থাকত প্রায় জনশূন্য। এখন সেই সড়কে সারারাতই চলাচল করে গাড়ি, সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন। পর্যটকদের যাতায়াত, রিসোর্টের অতিথিদের আনা-নেওয়া এবং পর্যটন ব্যবসাকে কেন্দ্র করে দিনরাত সরগরম হয়ে উঠছে পুরো এলাকা। বদলে গেছে গ্রামের রাতের চিত্রও।
রাধানগরের অন্যতম আকর্ষণ হলো গ্রামের ভেতর দিয়ে প্রবাহিত পাহাড়ি ছড়া। ছড়ার দুই পাশে গড়ে ওঠা রিসোর্ট ও কটেজ থেকে পর্যটকরা সবুজ টিলা, বাঁশঝাড় এবং পানির প্রবাহ উপভোগ করেন। অনেক রিসোর্টে ছড়ার পাশে তৈরি করা হয়েছে মাচাং ও বসার জায়গা। বর্ষায় পাহাড়ি ঢলে ছড়ায় পানির প্রবাহ বেড়ে যায়। তখন এর রূপ আরও আকর্ষণীয় হয়ে ওঠে। ছড়ার পানির কুলকুল শব্দ, পাখির ডাক এবং চারপাশের সবুজ প্রকৃতি পর্যটকদের মুগ্ধ করে। শুধু রিসোর্টে অবস্থান নয়, রাধানগরের গ্রামীণ জীবনও পর্যটকদের কাছে বাড়তি আকর্ষণ হয়ে উঠেছে। কাকডাকা ভোরে গ্রামের পিচঢালা পথ ধরে ঠেলাগাড়িতে করে ফল নিয়ে শ্রীমঙ্গল শহরের বাজারে যান স্থানীয় লোকজন। কারও গাড়িতে লেবু, কারওটিতে আনারস, কলা কিংবা কাঁঠাল থাকে। গ্রামের এই পরিচিত দৃশ্য এখন পর্যটকদের ক্যামেরায় বন্দি হয়।
প্রকৃতির পাশাপাশি স্থানীয় মানুষের জীবনযাত্রার সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পান তাঁরা। একসময় যে গ্রামে সন্ধ্যার পর নেমে আসত নীরবতা, সেখানে এখন রাতভর মানুষের আনাগোনা। রিসোর্ট, হোটেল, রেস্তোরাঁ, পরিবহণ ও পর্যটনসংশ্লিষ্ট ব্যবসাকে ঘিরে তৈরি হয়েছে নতুন অর্থনৈতিক কর্মকাণ্ড। জমির মূল্যবৃদ্ধি, নতুন স্থাপনা নির্মাণ ও কর্মসংস্থানের সুযোগ রাধানগরের অর্থনীতিতে এনেছে বড় পরিবর্তন। একটি অজ পাড়াগাঁ থেকে পর্যটনকেন্দ্রিক জনপদে রূপান্তরের এই গল্প এখন শ্রীমঙ্গলের পর্যটন বিকাশের উল্লেখযোগ্য উদাহরণ। তবে পর্যটনশিল্পের এই বিকাশের সঙ্গে পরিবেশ সংরক্ষণের বিষয়টিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। পাহাড়ি টিলা, ছড়া, বনজ উদ্ভিদ ও প্রাকৃতিক পরিবেশ রক্ষা করে পরিকল্পিতভাবে পর্যটন অবকাঠামো গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়ার প্রয়োজন রয়েছে। কারণ, রাধানগরের পর্যটন আকর্ষণের মূল শক্তিই এর প্রকৃতি ও প্রাকৃতিক পরিবেশ। সেই সৌন্দর্য অক্ষুণ্ণ রাখতে পারলেই ‘রিসোর্টের রাজধানী’ হিসেবে রাধানগরের এই পরিচিতি দীর্ঘস্থায়ী হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কুমিল্লার চৌদ্দগ্রামে আসমা আলী ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ২০২৬ সালের এই পরীক্ষাটি শিক্ষার্থীদের মেধা বিকাশ ও পড়াশোনায় উৎসাহিত করার উদ্দেশ্যে আয়োজন করা হয়।
শুক্রবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার দৌলতপুর আসমা আলী (স্বতন্ত্র) এবতেদায়ী মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই পরীক্ষায় জেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির ২১৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
পরীক্ষা শেষে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে উপহার হিসেবে স্কুলব্যাগ ও জ্যামিতি বক্স প্রদান করা হয়। এ সময় ফাউন্ডেশনের চেয়ারম্যান ও আলহাজ্ব নূর মিয়া কলেজের বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মোহাম্মদ আলীসহ পরীক্ষা পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
অধ্যাপক মোহাম্মদ আলী বলেন, "শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি পড়াশোনায় আগ্রহী করে তুলতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রত্যন্ত অঞ্চলে অনেক মেধাবী শিক্ষার্থী রয়েছে, যারা আর্থিক সীমাবদ্ধতার কারণে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ থেকে বঞ্চিত হয়। এসব শিক্ষার্থী যাতে নিজেদের মেধা ও যোগ্যতা বিকাশের সুযোগ পায়, সে লক্ষ্যেই কাজ করছে ফাউন্ডেশন। শিক্ষার প্রসারে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।"
জানা গেছে, আগামী ১৩ ডিসেম্বর বিকেলে এ পরীক্ষার ফল প্রকাশিত হবে। পরে ১৬ ডিসেম্বর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে নগদ অর্থসহ প্রায় তিন লাখ টাকার শিক্ষাসামগ্রী বিতরণ করা হবে।
পরীক্ষায় কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন আসমা আলী (স্বতন্ত্র) এবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা রিজওয়ানুল করিম। হল সুপার হিসেবে দায়িত্ব পালন করেন নাঙ্গলকোটের ঝিকটিয়া বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মফিজুর রহমান।
পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন আসমা আলী ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ আয়াত আলী পেশকার, উপদেষ্টা সুলতান আহমেদ, সদস্য ও তারাশাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম, মো. আব্দুর রউফ, মো. আইয়ুব আলী মজুমদার, মো. আবু তাহের এবং সাংবাদিক জাহিদ পাটোয়ারীসহ অন্যান্যরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ