মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৬:৩২ পি.এম
পশ্চিমবঙ্গ ক্যাডারের আইপিএস কর্মকর্তা বুশরা বানো হিন্দুত্ববাদী সংগঠনের সমালোচনার মুখে পড়েছেন উর্দু ও আরবি সম্ভাষণ ব্যবহারের কারণে। এই ঘটনার প্রেক্ষিতে অভিযোগ দায়েরের কয়েকদিন পর সোমবার তাকে পদ থেকে বদলি করা হয়েছে।
২০২১ ব্যাচের এই নারী কর্মকর্তা খড়গপুরের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) হিসেবে কর্মরত ছিলেন। তাকে রাজ্য সশস্ত্র পুলিশের ডেপুটি কমান্ড্যান্ট পদে বদলি করা হয়েছে।
গত ১৩ সেপ্টেম্বর, সামাজিক যোগাযোগমাধ্যমে বুশরা বানোর একটি ভিডিও প্রকাশিত হয়, যেখানে তিনি সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতি ও সফলতার গল্প শোনান এবং হবু প্রশাসনিক কর্মকর্তাদের উৎসাহিত করেন।
ভিডিওতে বুশরা বানোর ব্যবহৃত "আসসালামু আলাইকুম", "ইনশাআল্লাহ" ও "জাজাকাল্লাহ" শব্দগুলোর বিরুদ্ধে তীব্র আপত্তি জানিয়ে 'হিন্দু লিগ্যাল ফান্ড' নামে একটি ইসলাম-বিদ্বেষী সংগঠন পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্র সচিবের কাছে লিখিত অভিযোগ দায়ের করে।
সংগঠনটির দাবি, রাষ্ট্রের প্রতিনিধিত্বকারী একজন সরকারি কর্মকর্তার বক্তব্যে ধর্মীয় নিরপেক্ষতা বজায় রাখা উচিত। তাদের মতে, ধর্মীয় সম্ভাষণের পরিবর্তে "জয় হিন্দ" বা "বন্দে মাতরম" জাতীয় বাক্য ব্যবহার করা উচিত ছিল।
অভিযোগকারী সংগঠনটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) লেখে, "তিনি ভিডিওটি শুরু করেছেন আসসালামু আলাইকুম দিয়ে, মাঝে ব্যবহার করেছেন ইনশাআল্লাহ এবং শেষ করেছেন জাজাকাল্লাহ বলে। তবে তিনি কোথাও 'বন্দে মাতরম' বা 'জয় হিন্দ' ব্যবহার করেননি।" তারা এই বিষয়ে তদন্তের দাবিও তোলে। এই ঘটনার পর সিভিল সার্ভিস কর্মকর্তাদের ব্যক্তিগত বা জনসমক্ষে কথা বলার সময় নির্দিষ্ট কোনো জাতীয় বা ধর্মীয় শব্দ ব্যবহারে বাধ্যবাধকতা থাকা উচিত কি না—তা নিয়ে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে।
আইপিএস বুশরা বানোর সফলতার পথচলা
ভিডিওটিতে বুশরা বানো মূলত তাঁর সংগ্রাম ও একাডেমিক যাত্রার কথা তুলে ধরেছিলেন। উত্তরপ্রদেশের কনৌজ জেলায় জন্ম নেওয়া বুশরা আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় (এএমইউ) থেকে ম্যানেজমেন্ট স্টাডিজে পিএইচডি ডিগ্রি অর্জন করেন এবং জুনিয়র রিসার্চ ফেলোশিপের (জেআরএফ) জন্য এনইটি পরীক্ষায় উত্তীর্ণ হন। পরবর্তীতে তিনি সৌদি আরবের একটি বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। এরপর ভারতে ফিরে এসে ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি নিতে শুরু করেন।
নিজের সাফল্যের পেছনে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ‘রেসিডেন্সিয়াল কোচিং একাডেমি’র অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন তিনি, যারা তাকে স্টাডি মেটেরিয়াল, লাইব্রেরি সুবিধা ও টেস্ট সিরিজের ব্যবস্থা করে দিয়েছিল।
২০১৮ সালে ইউপিএসসি পরীক্ষায় ২৭৭তম র্যাঙ্ক অর্জন করে ‘ইন্ডিয়ান রেলওয়ে ট্রাফিক সার্ভিস’-এ সুযোগ পান বুশরা। কিন্তু সে সময় দ্বিতীয় সন্তানের জন্মদাত্রী হওয়ায় তিনি সেই চাকরিতে যোগ দিতে পারেননি। পরের বছর (২০১৯ সালে) তিনি পুনরায় পরীক্ষায় অংশ নেন এবং ২৩৪তম র্যাঙ্ক নিয়ে স্বপ্নের ‘ইন্ডিয়ান পুলিশ সার্ভিস’ (আইপিএস)-এ মনোনীত হন।
পুলিশ প্রশাসনে আরও কিছু রদবদল
২০২১ ব্যাচের আইপিএস কর্মকর্তা হিসেবে বুশরা বানোকে পশ্চিমবঙ্গ ক্যাডারে অন্তর্ভুক্ত করা হয়। হুগলি গ্রামীণ অঞ্চলের সহকারী পুলিশ সুপার হিসেবে নিজের কর্মজীবন শুরু করেছিলেন তিনি এবং চলতি বছরের জুনে তিনি অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি পান।
রাজ্য সরকারের নতুন এক ঘোষণায় বুশরা বানোর পাশাপাশি খড়গপুরের নতুন অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পার্থ ঘোষকে এবং চন্দননগর পুলিশ কমিশনারেটের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পদে শুভেন্দু মণ্ডলকে বদলি করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব সাইদুর রহমান খান বলেছেন, সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে যেসব দেশে অর্থ পাচারের অভিযোগ রয়েছে, সেসব দেশে তথ্য চেয়ে চিঠি পাঠানো হবে। তিনি উল্লেখ করেছেন, "আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ মনগড়া নয়।"
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সাইদুর রহমান খান জানান, অনুসন্ধানে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তারা পরবর্তী ধাপে গেছেন এবং তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তিনি বলেন, "এখানে মনমতো কাজ করার কোনো অবকাশ নেই।"
আসিফের বিরুদ্ধে আনা অভিযোগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন আলোচনা ও সমালোচনা হচ্ছে। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, "অনেক কথাই বলা হচ্ছে। আপনারা লক্ষ্য রাখেন, দেখেন আমরা কী করছি।"
তিনি আরও বলেন, "নিজেরা বুঝতে পারবেন এটা মনগড়া কিনা, বা আমরা কোনো উদ্দেশ্য নিয়ে কাজ করছি কিনা।" অনুসন্ধানে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হয়েছে এবং তদন্ত কার্যক্রম চলছে। অনুসন্ধান শেষে প্রতিবেদন পাওয়ার পর কমিশন পরবর্তী সিদ্ধান্ত নেবে।
এনসিপি মুখপাত্রের বিরুদ্ধে অভিযোগে বিদেশে অর্থ পাচারের বিষয় থাকলে সংশ্লিষ্ট দেশগুলোতে তথ্য চেয়ে চিঠি পাঠানো হবে কিনা—এমন প্রশ্নের উত্তরে সাইদুর রহমান খান বলেন, "আইনের আওতায় বিদেশে এমএলআর (Mutual Legal Assistance Request) পাঠানোর প্রয়োজন হলে আমরা তা অবশ্যই করব।" তিনি উল্লেখ করেন, আসিফ মাহমুদের বিরুদ্ধে যেসব দেশে অর্থ পাচারের অভিযোগ রয়েছে, প্রয়োজন হলে সংশ্লিষ্ট দেশগুলোর কাছে তথ্য চেয়ে চিঠি দেওয়া হবে। যদি সত্যতা যাচাই করে অভিযোগের সারবত্তা পাওয়া যায়, তবে পরবর্তী ধাপে অগ্রসর হবে দুদক।
দুদক সচিব বলেন, অভিযোগের বিষয়ে অনুসন্ধান ও তদন্তের ফলাফলের ভিত্তিতেই কমিশন পরবর্তী কার্যক্রম নির্ধারণ করবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ইয়েমেনের মারিব প্রদেশে হুথি বিদ্রোহীদের একাধিক অস্ত্রভাণ্ডারকে লক্ষ্য করে বিমান হামলা পরিচালিত হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, মারিবের আল-জুবাহ জেলায় এই হামলাগুলো সংঘটিত হলেও এতে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। পাশাপাশি, মারিবের হারিব জেলায় সরকারি বাহিনী হুথিদের একটি অনুপ্রবেশের চেষ্টা নস্যাৎ করেছে।
অন্য একটি ঘটনায়, তাইজ বিমানবন্দরের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ প্যাডের ওপর যুদ্ধবিমান থেকে বোমা হামলা চালানো হয়েছে। এছাড়া, তাইজের পূর্বে স্থানীয় পরিষদ ভবনে হুথি নেতাদের একটি বৈঠক চলাকালীনও বিমান হামলার খবর পাওয়া গেছে।
সরকারি বাহিনী এবং হুথি বিদ্রোহীদের মধ্যে চলমান তীব্র লড়াইয়ের অংশ হিসেবে এসব হামলা অব্যাহত রয়েছে। গত কয়েক সপ্তাহ ধরে তাইজ ও মারিব প্রদেশে হুথিদের অবস্থান এবং ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রগুলোকে লক্ষ্য করে নিয়মিত হামলা চালাচ্ছে সরকারি জোট।
উল্লেখ্য, ২০১৪ সালে হুথিরা রাজধানী সানা দখল করার পর থেকেই ইয়েমেনে এই দীর্ঘ সংঘাতের সূচনা ঘটে।
সূত্র: আনাদোলু এজেন্সি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি বিশেষ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, প্রেস সচিব ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন প্রমুখ উপস্থিত থাকবেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ১৫ সেপ্টেম্বর ২০২৬ : ইউরোপীয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা আজ ২০২৮ ও ২০২৯ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের ভেন্যু ঘোষণা করেছে। ২০২৮ সালের ফাইনাল মিউনিখের আলিয়াঁজ এরেনায় অনুষ্ঠিত হবে এবং পরবর্তী বছর বার্সেলোনার ক্যাম্প ন্যুতে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
মিউনিখে সর্বশেষ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ২০২৫ সালে অনুষ্ঠিত হয়েছিল। ঐ ম্যাচে পিএসজি ইন্টার মিলানকে ৫-০ গোলে পরাজিত করে ইউরোপীয়ান ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্ব প্রথমবারের মত অর্জন করে।
অন্যদিকে, ক্যাম্প ন্যুতে সর্বশেষ ফাইনালটি ১৯৯৯ সালে অনুষ্ঠিত হয়েছিল। সেবারের ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেড স্টপেজ টাইমে দুই গোল করে বায়ার্ন মিউনিখকে ২-১ ব্যবধানে পরাজিত করে শিরোপা জয় করে। ২০২৭ সালের ফাইনালের ভেন্যু ইতোমধ্যেই নির্ধারণ করা হয়েছে, যা মাদ্রিদের মেট্রোপালিটানো স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
এদিকে, পরবর্তী দুই বছরের ইউরোপা লিগের ফাইনালের ভেন্যু চূড়ান্ত করেছে উয়েফা। ২০২৮ সালে বুখারেস্টে এবং ২০২৯ সালে বুদাপেস্টে ফাইনাল অনুষ্ঠিত হবে। এই দুই বছরের কনফারেন্স লিগের ফাইনাল যথাক্রমে তুরিন ও বুদাপেস্টে অনুষ্ঠিত হবে।
এছাড়া, ২০২৭ সালের উয়েফা সুপার কাপের ফাইনাল এ্যামাস্টারডামে অনুষ্ঠিত হবে এবং ২০২৮ সালের ফাইনাল আস্তানায় হবে। নারী চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের ভেন্যু হিসেবে ২০২৮ সালে লিঁও এবং ২০২৯ সালে কার্ডিফকে নির্বাচন করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ