ঢাকা শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৮শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ইং ২৮শে কার্তিক, ১৪৩২বাং
পবন কল্যাণের সাবেক স্ত্রী

পুরুষরা বহু বিয়ে করতে পারে, নারীরা কি তা পারেনি?


পুরুষরা বহু বিয়ে করতে পারে, নারীরা কি তা পারেনি?

অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রী ও জনপ্রিয় দক্ষিণী অভিনেতা পবন কল্যাণ এবং তার স্ত্রী আনা কোনিদালা ১৩ বছরের দাম্পত্য জীবন শেষে পারস্পরিক সম্মতিতে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এই বিচ্ছেদের খবরের পাশাপাশি পবনের সাবেক স্ত্রী ও অভিনেত্রী রেণু দেশাইয়ের পুরনো কিছু স্মৃতিচারণ এবং তার সাম্প্রতিক প্রতিক্রিয়া প্রকাশিত হয়েছে।

সম্প্রতি পবন কল্যাণ ও আনা কোনিদালার ইনস্টাগ্রাম হ্যান্ডলে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে জানানো হয়েছে যে, তারা গভীর বোঝাপড়া ও একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ রেখেই এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ‘আমাদের বিবাহিত জীবনের অধ্যায় শেষ হলেও আমরা ভালো বন্ধু এবং আমাদের চমৎকার সন্তান দুটির যত্নবান অভিভাবক হিসেবেই থাকব। তাদের সুখ ও সুস্থতাই আমাদের সারা জীবনের অগ্রাধিকার।’ এই পরিবর্তনের সময়ে সবার কাছে গোপনীয়তা রক্ষা এবং সহানুভূতি প্রদর্শনের অনুরোধও করেছেন তারা।

আরও পড়ুন: জিওহটস্টারে মুক্তি পেল 'স্টুডেন্ট অব দ্য ইয়ার আফটার ডার্ক'

পবন কল্যাণের ব্যক্তিগত জীবন নিয়ে এর আগে বহু আলোচনা হয়েছে। এর আগে অভিনেতা পবনের সঙ্গে তার দ্বিতীয় স্ত্রী রেণু দেশাইয়ের সম্পর্ক নিয়ে অনেক চর্চা হয়েছিল। ২০০৯ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর ২০১২ সালে তাদের বিচ্ছেদ ঘটে। তাদের একটি পুত্র ও একটি কন্যাসন্তান রয়েছে।

২০১৭ সালে ‘এবিএন তেলেগু’কে দেওয়া এক সাক্ষাৎকারে রেণু দেশাই পবনের সঙ্গে তার অতীতের সম্পর্কের কথা খোলাখুলি শেয়ার করেছিলেন। তিনি জানিয়েছিলেন, তারা শুধু স্বামী-স্ত্রী ছিলেন না, বরং একে অপরের সহকর্মী এবং অত্যন্ত ভালো বন্ধুও ছিলেন। রেণু বিশ্বাস করতেন, পবনের মনকে তিনি সবচেয়ে গভীরভাবে বুঝতে পারতেন।

বিচ্ছেদের পর সমাজ ও গণমাধ্যমের বিভিন্ন প্রশ্নের মুখে পড়ে রেণু দেশাই এক জোরালো বার্তায় বলেছিলেন, ‘আমাদের সমাজে একজন পুরুষ যেকোনো কাজ করতে পারেন এবং একাধিকবার বিয়ে করতে পারেন, অথচ একজন নারীর অন্য কোনো সম্পর্কের কথা ভাবাকেও অপরাধ হিসেবে দেখা হয়। একজন নারী কি সারাজীবন অনুশোচনা নিয়ে একা কাটিয়ে দেবেন?’

যদিও তিনি পরবর্তীতে আর বিয়ে করেননি এবং জীবনের নতুন সঙ্গী ও মানসিক সাহচর্য পাওয়ার প্রয়োজনীয়তার কথাও প্রকাশ করেছিলেন।

আরও পড়ুন: বাপ ও বেটার মধ্যে শুরু হলো লড়াই

নানারকম চড়াই-উতরাই ও রাজনৈতিক ব্যস্ততার মাঝে পবন কল্যাণের এই নতুন ব্যক্তিগত অধ্যায় এবং অতীতে তার প্রাক্তন স্ত্রীদের জীবনযাত্রা নিয়ে বিনোদন জগতে এবং সাধারণ মানুষের মধ্যে ফের নতুন আলোচনার সৃষ্টি হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শাপলা চত্বরে গণহত্যার মামলায় হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৫৮ এম


শাপলা চত্বরে গণহত্যার মামলায় হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে সংঘটিত ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জন আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি আজ অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেলে এ শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

প্রসিকিউশন জানায়, গত ১ নভেম্বর এ মামলার ফরমাল চার্জ গঠনের জন্য শুনানির দিন ধার্য ছিল। তবে গ্রেফতার ১১ আসামির মধ্যে সাবেক আইজিপি একেএম শহীদুল হক অসুস্থতার কারণে ট্রাইব্যুনালে হাজির হতে পারেননি। এই কারণে ওই দিনের শুনানি পিছিয়ে ১২ নভেম্বর নতুন দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল।

শহীদুল হকসহ মামলায় গ্রেফতার অন্যান্য আসামির মধ্যে রয়েছেন—জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, তৎকালীন খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, ৭১ টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু এবং সাংবাদিক ফারজানা রুপা।

শেখ হাসিনাসহ পলাতক আসামিদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহিউদ্দিন খান আলমগীর, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, তৎকালীন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, তৎকালীন যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন মাহমুদ, গণজাগরণ মঞ্চের আহ্বায়ক ও মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার, সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার, সাবেক আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, সাবেক আইজিপি বেনজীর আহমেদ, তৎকালীন র‍্যাব মহাপরিচালক মো. মোখলেছুর রহমান, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ, তৎকালীন র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপস) লেফটেন্যান্ট জেনারেল মো. মজিবুর রহমান, সাবেক অতিরিক্ত আইজিপি শেখ মুহাম্মাদ মারুফ হাসান, সাবেক অতিরিক্ত আইজিপি (এসবি) মাহবুব হোসেন, সাবেক অতিরিক্ত আইজিপি (এসবি) মনিরুল ইসলাম, তৎকালীন ডিএমপির ডিসি (সদর দপ্তর ও প্রশাসন) মো. আনোয়ার হোসেন, তৎকালীন ডিএমপির ডিসি (ট্রাফিক-দক্ষিণ) আশরাফুজ্জামান, তৎকালীন ডিএমপির এডিসি (মতিঝিল জোন) এসএম মেহেদী হাসান, সাবেক ডিআইজি হারুন-অর-রশীদ, সাবেক ডিআইজি বিপ্লব কুমার সরকার, সাবেক ডিআইজি সুপার সৈয়দ নুরুল ইসলাম, তৎকালীন ডিএমপির এডিসি (মতিঝিল বিভাগ) মো. আসাদুজ্জামান, অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার এসএম শিবলী নোমান এবং তৎকালীন মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিএম ফরমান আলী।

এর আগে, ৩ সেপ্টেম্বর শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণের জন্য দুটি জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশনা প্রদান করে ট্রাইব্যুনাল-২। তাদের স্থায়ী ও অস্থায়ী ঠিকানায় গিয়েও হদিস মেলেনি জানিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রসিকিউশনের কাছে নন-এক্সিকিউশন রিপোর্টে (এনইআর) দাখিল করেন। ১৬ সেপ্টেম্বর আত্মসমর্পণ না করায় ৩০ আসামিকে পলাতক হিসেবে চিহ্নিত করে সরকারি খরচে আইনজীবী নিয়োগের আদেশ দেওয়া হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পুলিশ কর্মকর্তাকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ফোনে আগুন জ্বালিয়ে দেওয়ার হুমকি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

১০:০৩ এম


পুলিশ কর্মকর্তাকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ফোনে আগুন জ্বালিয়ে দেওয়ার হুমকি

বরগুনার আমতলীতে দায়িত্ব পালনকালে পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) মুঠোফোনে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইশফাক আহমেদ ত্বোহার বিরুদ্ধে।

এই ঘটনায়, এসআই আসাদের সঙ্গে ইশফাক আহমেদ ত্বোহার কথোপকথনের ১ মিনিট ৫৩ সেকেন্ডের একটি কল রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

বুধবার (১১ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে আমতলী থানায় দায়িত্ব পালনকালে এসআই আসাদের সঙ্গে মুঠোফোনে এ কথোপকথনটি ঘটে বলে জানা গেছে।

ভাইরাল হওয়া কল রেকর্ডে দেখা যায়, ফোনের অপর প্রান্তে থাকা এসআই আসাদকে নিজের পরিচয় দিয়ে ইশফাক আহমেদ ত্বোহা বলেন, তার এক বন্ধুকে ওসি গ্রেপ্তার করেছেন, এটি ভালো কথা। কিন্তু রবিউল নামের এক ছোট ভাই থানায় ওই ব্যক্তিকে দেখতে যাওয়ায় তাকে কেন থানায় ডেকে বসিয়ে রাখা হয়েছে?

এ সময়, তিনি এসআই আসাদকে উদ্দেশ্য করে হুমকিমূলক ও অশালীন ভাষা ব্যবহার করেন। এমনকি আমতলী শহরে আগুন লাগিয়ে দেওয়ার মতো হুমকিও দিতে শোনা যায় তাকে।

অন্যদিকে, এসআই আসাদকে বলতে শোনা যায়, রবিউলের বিরুদ্ধে দুটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তবে কল রেকর্ডে কথোপকথনের সত্যতা ও পূর্ণ প্রেক্ষাপট স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এদিকে, পুলিশ জানিয়েছে, ইশফাক আহমেদ ত্বোহার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহসহ একাধিক মামলা রয়েছে। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কার্যক্রম পরিচালনার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসেন বলেন, ‘ঘটনাটি জেনেছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। হুমকিদাতা ইশফাক আহমেদ ত্বোহার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১২ নভেম্বর: ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

১০:০৪ এম


১২ নভেম্বর: ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনাগুলো কালক্রমে ইতিহাসের অংশ হয়ে ওঠে। ইতিহাসের সাক্ষী হয়ে থাকে ভালো-মন্দ, সাফল্য-ব্যর্থতা, প্রথম অর্জন কিংবা মানবসভ্যতার অভিশাপ ও আশীর্বাদ। ইতিহাসই আমাদের নতুন নতুন দিগন্তের দিকে পরিচালিত করে।

আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর), ২০২৬। নানা উল্লেখযোগ্য ঘটনার দিক থেকে ইতিহাসে এই দিনটি গুরুত্বপূর্ণ ও স্মরণীয়। আসুন, একনজরে জানি ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

১৭৮১ সালে ব্রিটিশ বাহিনী দক্ষিণ ভারতের নাগাপাট্টম দখল করে।

১৮৩৭ সালে দেশীয় ও ইউরোপীয় ভূস্বামীদের স্বার্থরক্ষায় ভারতে জমিদার সভা প্রতিষ্ঠিত হয়।

১৯১৩ সালে রবীন্দ্রনাথ ঠাকুরকে নোবেল পুরস্কারে ভূষিত করার সিদ্ধান্ত ঘোষিত হয়।

১৯১৮ সালে অস্ট্রিয়াকে প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করা হয়।

১৯৩০ সালে ভারতে আইন অমান্য আন্দোলনের প্রেক্ষাপটে লন্ডনে প্রথম গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।

১৯৪৭ সালে ভারতের স্বাধীনতার পর মহাত্মা গান্ধী প্রথম ও শেষবারের মতো আকাশবাণী দিল্লি কেন্দ্রে ভাষণ দেন।

১৯৫৬ সালে মরোক্কো, তিউনিসিয়া ও সুদান জাতিসংঘে যোগদান করে।

১৯৫৬ সালে ইসরায়েলি সেনারা গাজার রাফা শহরে ফিলিস্তিনি শরণার্থী শিবিরে গণহত্যা চালায়।

১৯৭০ সালে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে ভয়াবহ ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে প্রাণ হারান ১০ থেকে ১৫ লাখ মানুষ।

১৯৭১ সালে চীনের সঙ্গে রুয়ান্ডার কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়।

১৯৮২ সালে ইউরি আন্দ্রোপভ সোভিয়েত রাষ্ট্রপতি নিযুক্ত হন।

১৯৮৩ সালে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম সীমান্ত বরাবর ভারতের পর্যবেক্ষণ টাওয়ার নির্মাণ শুরু হয়।

১৯৯০ সালে জাপানের সম্রাট আকাহিতো সিংহাসনে অভিষিক্ত হন।

১৯৯৬ সালে বাংলাদেশে ইনডেমনিটি অধ্যাদেশ বাতিলের মাধ্যমে মানবতাবিরোধী কালাকানুনের অবসান ঘটে।

১৯৯৬ সালে ভারতের হরিয়ানায় আকাশে দুটি বিমানের সংঘর্ষে ৩৫০ জন নিহত হন।

২০১১ সালে ইতালির প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকোনি পদত্যাগ করেন।

জন্মবার্ষিকী

১৮৪০ সালে জন্মগ্রহণ করেন ওগুস্ত রদ্যাঁ, আধুনিক ফরাসি ভাস্কর।

১৮৬৬ সালে জন্মগ্রহণ করেন সান ইয়াত-সেন, চীনের বিপ্লবী নেতা।

১৮৯৬ সালে জন্মগ্রহণ করেন সালিম আলী, ভারতীয় পক্ষীবিদ ও প্রকৃতিপ্রেমী।

১৯২৭ সালে জন্মগ্রহণ করেন দ্বিজেন মুখোপাধ্যায়, বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী।

১৯৩৩ সালে জন্মগ্রহণ করেন জালাল তালেবানি, ইরাকের সাবেক রাষ্ট্রপতি।

১৯৩৪ সালে জন্মগ্রহণ করেন দিলীপ মহলানবিশ, ওআরএস উদ্ভাবক বাঙালি শিশুরোগ বিশেষজ্ঞ।

১৯৩৮ সালে জন্মগ্রহণ করেন বেলাল চৌধুরী, বাংলাদেশের প্রখ্যাত কবি।

১৯৪০ সালে জন্মগ্রহণ করেন আমজাদ খান, ভারতীয় চলচ্চিত্র অভিনেতা।

১৯৪৮ সালে জন্মগ্রহণ করেন হাসান রুহানি, ইরানের ৭ম রাষ্ট্রপতি।

১৯৬১ সালে জন্মগ্রহণ করেন নাদিয়া কোমেনিচি, রোমানীয় কিংবদন্তি জিমন্যাস্ট।

১৯৮০ সালে জন্মগ্রহণ করেন রায়ান গসলিং, কানাডিয়ান অভিনেতা ও প্রযোজক।

মৃত্যুবার্ষিকী

১৯৪৬ সালে মৃত্যু বরণ করেন মদনমোহন মালব্য, ভারতীয় শিক্ষাবিদ ও রাজনীতিক।

১৯৬৯ সালে মৃত্যু বরণ করেন অজিতকুমার গুহ, শিক্ষাবিদ ও লেখক।

১৯৮১ সালে মৃত্যু বরণ করেন উইলিয়াম হোল্ডেন, মার্কিন অভিনেতা।

২০১৮ সালে মৃত্যু বরণ করেন স্ট্যান লি, মার্কিন কমিক বই লেখক, সম্পাদক ও প্রকাশক।

২০২৪ সালে মৃত্যু বরণ করেন মনোজ মিত্র, প্রখ্যাত ভারতীয় বাঙালি অভিনেতা ও নাট্যকার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রাথমিকে ৯৮% ও মাধ্যমিকে ৭০% বই ছাপা সম্পন্ন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

১০:০৪ এম


প্রাথমিকে ৯৮% ও মাধ্যমিকে ৭০% বই ছাপা সম্পন্ন

বছরের প্রথম দিনেই প্রাথমিক শিক্ষার্থীরা বই গ্রহণ করবে। প্রাথমিক স্তরের ৯৮ শতাংশ বিনামূল্যের বই ছাপানোর কাজ সম্পন্ন হয়েছে। অন্যদিকে, মাধ্যমিকের ৭০ শতাংশ বই ছাপানো হয়েছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড জানিয়েছে, ১৫ ডিসেম্বরের মধ্যে সমস্ত বই ছাপানোর কাজ শেষ হবে। তবে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন চারটি বইয়ের ছাপার কাজ এখনো শুরু হয়নি।

সরকার আগামী শিক্ষাবর্ষের জন্য ৩১ কোটিরও বেশি নতুন বই ছাপানোর উদ্যোগ নিয়েছে। ছাপাখানাগুলোতে বই ছাপানোর কাজ পুরোদমে চলছে। এই প্রক্রিয়ায় ব্যয় হচ্ছে এক হাজার ৮৭৯ কোটি টাকা।

এনসিটিবির সর্বশেষ তথ্য অনুযায়ী, প্রাথমিক স্তরের ৯৮ শতাংশ বইয়ের ছাপার কাজ সম্পন্ন হয়েছে এবং মাধ্যমিক স্তরের ৭০ শতাংশ বই ছাপানো হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০ ঘণ্টা কাজ চলছে। তারা চেষ্টা করছেন যত দ্রুত সম্ভব বইয়ের কাজ ১০০ শতাংশ সম্পন্ন করতে।

তবে আগামী শিক্ষাবর্ষের জন্য চতুর্থ এবং ষষ্ঠ শ্রেণিতে দুটি করে চারটি নতুন বই যুক্ত হচ্ছে। নতুন এই বইয়ের সংখ্যা দেড় কোটি। কিন্তু এসব বইয়ের ছাপা এখনো শুরু হয়নি।

মুদ্রণ মালিক সমিতির সাবেক সভাপতি তোফায়েল খান এ বিষয়ে মন্তব্য করেছেন, ‘এখন পর্যন্ত তিন কোটি বই আটকা পড়ে আছে। এছাড়া সরকারের নতুন করে চারটি নতুন বই যুক্ত করেছে। এত বই এই সময়ের মধ্যে দিতে পারবে কি না, এটা একটি বিষয়।’

সব বইয়ের ছাপানোর কাজ ১৫ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন হবে। বছরের প্রথম দিনেই শিক্ষার্থীরা বই পাবে বলে জানান জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সদস্য অধ্যাপক আবু নাসের টুকু।

তিনি বলেন, ‘প্রাথমিকের চেয়ে মাধ্যমিকের বইয়ের কাজ একটু দেরিতে শুরু হয়। তবে আমাদের পরিকল্পনা অনুযায়ী অবশ্যই ডিসেম্বরে বই সরবরাহ করা হবে।’

এবার ১১৭টি ছাপাখানা বই ছাপানোর কাজ করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%