ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং

মুন্সিপুর সীমান্তে ১ কোটি ৩৫ লাখ টাকার সোনাসহ আটক দবির উদ্দিন


মুন্সিপুর সীমান্তে ১ কোটি ৩৫ লাখ টাকার সোনাসহ আটক দবির উদ্দিন

চুয়াডাঙ্গার মুন্সিপুর সীমান্তে ১ কোটি ৩৫ লাখ ৮৫ হাজার টাকার সোনার বারসহ দবির উদ্দিন (৫৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১৭ অক্টোবর) দুপুর দেড়টার দিকে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক দবির উদ্দিন দামুড়হুদা উপজেলার মুন্সিপুর গ্রামের দলিলের ছেলে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মুন্সিপুর সীমান্তের মেইন পিলার ৯৩ থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মুন্সিপুর এলাকায় অবস্থান নেন বিজিবি সদস্যরা। এ সময় গ্রামের কবরস্থানের পাশ দিয়ে ভারতে সোনা পাচারের চেষ্টাকালে দবির উদ্দিনকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ছয়টি সোনার বার উদ্ধার করা হয়।

আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে লালন সাঁইজির ১৩৬তম তিরোধান দিবসে সাধুসঙ্গ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

উদ্ধার করা সোনার বারগুলোর মোট ওজন ৭০০ গ্রাম। এগুলোর আনুমানিক মূল্য ১ কোটি ৩৫ লাখ ৮৫ হাজার টাকা।

বিষয়টি নিশ্চিত করে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে দামুড়হুদা থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধার করা সোনার বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিল্লির আদালত অভিজিৎ দীপকের মুক্তির নির্দেশ দিয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:১১ পি.এম


দিল্লির আদালত অভিজিৎ দীপকের মুক্তির নির্দেশ দিয়েছে

ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপককে দিল্লির একটি আদালত শর্তসাপেক্ষে মুক্তির নির্দেশ দিয়েছেন।

গতকাল শুক্রবার তাকে আটকের পর মুক্তি দেওয়ার পর আবারও গ্রেপ্তার করে দিল্লি পুলিশ। শনিবার দিল্লির এসইএম আদালতে হাজির করার পর আদালত তার মুক্তির নির্দেশ দেয় বলে জানায় দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদন অনুযায়ী, অভিজিৎ নির্বাচনে জালিয়াতির অভিযোগে চলমান প্রতিবাদের অংশ হিসেবে ‘তিরঙ্গা মিছিল’ করার পরিকল্পনা করেছিলেন।

ভারতের দিল্লিতে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা ওড়ানোর মিছিলে অংশ নিতে যাওয়ার সময় গতকাল শুক্রবার অভিজিৎ দীপক এবং অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) প্রধান নেহা বোরাকে আটক করে দিল্লি পুলিশ। পরে আইনের ৬৫ ধারায় আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে নেহা বোরাকে ছেড়ে দেওয়া হয়। তবে অভিজিৎ দীপকের বিরুদ্ধে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএসএস) ১২৬ ও ১৭০ ধারায় ব্যবস্থা নেওয়া হয়েছে।

সেই দিন দিল্লির কনট প্লেসের সেন্ট্রাল পার্কের কাছে জাতীয় পতাকা হাতে বিভিন্ন সংগঠনের বিক্ষোভকারী ও কর্মীরা জড়ো হন। সন্ধ্যার দিকে মিছিলে অংশগ্রহণকারীর সংখ্যা বাড়তে থাকে। পরে আরও বিক্ষোভকারী, অধিকারকর্মী ও শিক্ষার্থী সংগঠনের সদস্যরা জাতীয় পতাকা নিয়ে এতে যোগ দেন।

এদিকে, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার প্রতিবাদে ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আগামী ২৩ অক্টোবর দিল্লি অভিযানের ঘোষণা দিয়েছে বিভিন্ন কৃষক সংগঠন। সংযুক্ত কিষান মোর্চার (এসকেএম) ব্যানারে এ কর্মসূচি পালিত হবে বলে জানিয়েছে সংবাদমাধ্যম দ্য হিন্দু।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘এখন আমি কাকে সান্ত্বনা দেব’: কক্সবাজারে আগুনে স্ত্রী-সন্তানকে হারালেন নুর আলম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:১১ পি.এম


‘এখন আমি কাকে সান্ত্বনা দেব’: কক্সবাজারে আগুনে স্ত্রী-সন্তানকে হারালেন নুর আলম

‘আমার পাঁচ বছরের ছেলেটাও মায়ের সঙ্গে টয়লেটে আশ্রয় নিয়েছিল। এখন আমি কাকে সান্ত্বনা দেব?’ স্ত্রী ও একমাত্র শিশুসন্তানকে হারিয়ে এভাবে আহাজারি করছিলেন নুর আলম।

শনিবার (১৭ অক্টোবর) সকালে কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় তার স্ত্রী ফারিয়া কবীর (৩৩) এবং পাঁচ বছর বয়সী ছেলে ফায়িজান আহম্মেদের মৃত্যু ঘটেছে।

নুর আলম জানান, ‘গত ১৪ অক্টোবর আমার স্ত্রী ও পাঁচ বছরের ছেলে বেড়ানোর উদ্দেশ্যে কক্সবাজারে যায়। আজ সকালে খবর পাই, আগুন লাগার সঙ্গে সঙ্গে আমার স্ত্রী ও ছেলে টয়লেটে আশ্রয় নিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত কিন্তু সেই আশ্রয়ও তাঁদের বাঁচাতে পারেনি।’

চুয়াডাঙ্গায় ওষুধ কোম্পানি ড্রাগ ইন্টারন্যাশনালের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা হিসেবে কর্মরত নুর আলম, চাকরির সুবাদে গত আট বছর ধরে পরিবার নিয়ে চুয়াডাঙ্গা শহরের দক্ষিণ হাসপাতালপাড়ায় বসবাস করছিলেন।

প্রসঙ্গত, কক্সবাজারের ইনানীতে মেরিন ড্রাইভসংলগ্ন টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে এখন পর্যন্ত দশ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত ৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, এবং তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মানিকগঞ্জে ২২২ পূজামণ্ডপে এমপি জিন্নাহ কবিরের উপহার বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:১২ পি.এম


মানিকগঞ্জে ২২২ পূজামণ্ডপে এমপি জিন্নাহ কবিরের উপহার বিতরণ

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মানিকগঞ্জের ২২২টি পূজামণ্ডপে উপহারসামগ্রী বিতরণ করেছেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য (এমপি) এস এ জিন্নাহ কবির।

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে শিবালয় উপজেলা বিএনপির কার্যালয়ে ৯৪টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে দুটি করে ধুতি ও শাড়ি তুলে দেন তিনি। পরে ঘিওর উপজেলা বিএনপির কার্যালয়ে ৮৪টি এবং দৌলতপুরে ৪৪টি পূজামণ্ডপের প্রতিনিধিদের মধ্যে উপহারসামগ্রী বিতরণ করা হয়। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

উপহারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি জিন্নাহ কবির বলেন, শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে উদ্‌যাপনের লক্ষ্যে প্রতিটি এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সমন্বয়ে কমিটি গঠন করা হয়েছে। এসব কমিটি সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে।

তিনি আরো বলেন, ‘একটি গোষ্ঠী সব সময় বলে, বিএনপি ক্ষমতায় এলে হিন্দু ভাইয়েরা ভালো থাকবেন না। কিন্তু অতীতের যেকোনো সময়ের চেয়ে এবার সনাতন ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে তাদের ধর্মীয় উৎসব পালন করবেন। প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রতিটি মণ্ডপে এবার সরকারি সহায়তা বাড়ানোর পাশাপাশি সংসদ সদস্যদেরও ব্যক্তিগত অর্থায়নে সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।’

জিন্নাহ কবির বলেন, ‘আমি সব সময় হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে থাকার চেষ্টা করেছি। আপনারা উপহারসামগ্রীকে অর্থের অঙ্ক দিয়ে বিবেচনা করবেন না। আপনাদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগাভাগি করতেই আমার এখানে আসা। যেকোনো সমস্যায় দলীয় নেতাকর্মী ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে জানাবেন। প্রয়োজনে আমাকে ফোন দেবেন। আমি সব সময় আপনাদের পাশে আছি।’

তিনি আরো বলেন, শারদীয় উৎসবের আগেই তার নির্বাচনী এলাকার তিনটি উপজেলায় পূজামণ্ডপগুলোর সংস্কার এবং মন্দিরে যাওয়ার রাস্তাগুলো মেরামত করা হয়েছে।

এই সংসদ সদস্য বলেন, ‘এ দেশ আমাদের সবার। হিন্দু-মুসলিম ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে।’

শিবালয় উপজেলা বিএনপির সাবেক সভাপতি রহমত আলী লাভলুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট নারী উদ্যোক্তা শায়লা কবির, তাঁর মেয়ে তাসছিয়া কবির উদিতা, মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সত্যেন কান্ত পণ্ডিত ভজন, শিবালয় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিটন, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের উপজেলা সভাপতি নিখিল চন্দ্র বালোসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
দ্য হিন্দু’র প্রতিবেদন

আন্দোলনের কেন্দ্রবিন্দু, নতুন স্থানে বিক্ষোভের নির্দেশনা: যন্তর মন্তর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:১২ পি.এম


আন্দোলনের কেন্দ্রবিন্দু, নতুন স্থানে বিক্ষোভের নির্দেশনা: যন্তর মন্তর

ভারতের রাজধানী নয়াদিল্লির একটি ঐতিহাসিক নিদর্শন ও আন্দোলনের প্রতীক যন্তর মন্তরকে এখন থেকে বিক্ষোভের স্থান হিসেবে ব্যবহার করা যাবে না। সম্প্রতি দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত একটি কমিটির সুপারিশের ভিত্তিতে দিল্লি পুলিশ আনুষ্ঠানিকভাবে যন্তর মন্তর থেকে প্রতিবাদের তকমা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ভবিষ্যতে বড় ধরনের গণজমায়েত ও বিক্ষোভের জন্য বিকল্প স্থান হিসেবে রামলীলা ময়দান, বুরারি গ্রাউন্ড এবং পূর্ব দিল্লির সিবিডি গ্রাউন্ড নির্ধারণ করা হয়েছে।

ঐতিহাসিক পটভূমি অনুসারে, ১৭২৪ সালের দিকে জয়পুরের মহারাজা সাওয়াই দ্বিতীয় জয় সিংহ মোগল সম্রাট মুহাম্মদ শাহের নির্দেশে এই জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রটি নির্মাণ করেছিলেন। এটি প্রাচীনকালে খালি চোখে নক্ষত্র ও গ্রহের গতিবিধি পর্যবেক্ষণের জন্য তৈরি করা হয়েছিল। ইট ও সুরকি দিয়ে নির্মিত এই চত্বরে সম্রাট যন্ত্র, রাম যন্ত্র, জয় প্রকাশ যন্ত্র ও মিশ্র যন্ত্রের মতো গুরুত্বপূর্ণ কাঠামো ছিল, যা মূলত সময় ও গ্রহের অবস্থান নির্ণয়ে ব্যবহৃত হতো।

ভারতীয় রাজনীতির মানচিত্রে যন্তর মন্তর এক অনন্য স্থান দখল করে নিয়েছে। পূর্বে ইন্ডিয়া গেটের বোট ক্লাব কিংবা রামলীলা ময়দানে বড় বড় রাজনৈতিক সমাবেশ অনুষ্ঠিত হত। তবে সংসদ ভবনের ৩ কিলোমিটারের কম দূরত্বে অবস্থিত হওয়ায় এটি নাগরিক ও বিভিন্ন সংগঠনের কাছে নিজেদের দাবি আদায়ের একটি প্রধান মঞ্চ হয়ে উঠেছিল। কড়া নিরাপত্তার কারণে সংসদ ঘেরাও অসম্ভব হলে যন্তর মন্তরকেই প্রতীকী পথ হিসেবে বেছে নেওয়া হতো, যেখানে সংসদ চলাকালীন জনপ্রতিনিধিরাও আন্দোলনকারীদের সাথে কথা বলতে আসতেন।

এই স্থানটি ভারতের আধুনিক ইতিহাসের বহু বড় সামাজিক ও রাজনৈতিক আন্দোলনের নীরব সাক্ষী। ২০১১ সালে দুর্নীতিবিরোধী আন্দোলনের নেতা আন্না হাজারে এই যন্তর মন্তরেই ঐতিহাসিক অনশন শুরু করেছিলেন, যা তৎকালীন সরকার ও দুর্নীতি দমন আইন পাসে গভীর প্রভাব ফেলেছিল। ২০১২ সালের আলোচিত ‘নির্ভয়া’ ঘটনার পর হাজার হাজার ক্ষুব্ধ মানুষ এই স্থানে জমায়েত হয়ে কঠোর আইনের দাবি জানিয়েছিলেন। ২০১৯ সালের ডিসেম্বরে নতুন নাগরিকত্ব আইন (সিএএ) ও এনআরসি বিরোধী বিক্ষোভের সময় বহু মানুষকে এই চত্বরেই একত্রিত হতে দেখা যায়।

সাম্প্রতিক ইতিহাসেও এর প্রভাব বজায় ছিল। ২০২৩ সালের জানুয়ারি ও এপ্রিলে কুস্তি ফেডারেশনের অভ্যন্তরীণ যৌন হয়রানির বিরুদ্ধে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কুস্তিগির ভিনেশ ফোগাট, সাক্ষী মালিক ও বাজরং পুনিয়ারা দীর্ঘদিন এখানে অবস্থান কর্মসূচি পালন করেন। এমনকি ২০২৬ সালের মাঝামাঝিতে নিট পরীক্ষার প্রশ্নফাঁসের বিরুদ্ধে ককরোচ জনতা পার্টির বিক্ষোভ এবং পরবর্তীতে পরিবেশকর্মী সোনম ওয়াংচুকের অনশনও এই যন্তর মন্তরেই অনুষ্ঠিত হয়, যা ব্যাপক জনমত তৈরি করতে সক্ষম হয়েছিল। দীর্ঘ সময় ধরে গণতান্ত্রিক প্রতিবাদের ধ্বনি প্রতিধ্বনিত হওয়া ঐতিহাসিক এই স্থানটি এখন থেকে কেবল তার প্রাচীন স্থাপত্য ও প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যের জন্যই পরিচিতি পাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%