১১:৫৯ এম
ফরিদপুরের ভাঙ্গায় মাদকবিরোধী জনসচেতনতা বৃদ্ধি এবং মাদক ব্যবসা প্রতিরোধের দাবিতে আলোচনা সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ জুন) বিকেলে ভাঙ্গা পৌরসভার ভারইডাঙ্গা জামে মসজিদের সামনে এ কর্মসূচি আয়োজন করা হয়। আলোচনা সভার পূর্বে ভারইডাঙ্গা আঞ্চলিক সড়ক প্রদক্ষিণ করে একটি মাদকবিরোধী বিক্ষোভ মিছিল আয়োজন করা হয়েছে।
স্থানীয় ইব্রাহীম মুন্সীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা, ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান, ভাঙ্গা পৌর কৃষকদল নেতা মাহফুজুর রহমান প্রমুখ।
আরও পড়ুন: কুবি ক্যাম্পাসে ভুয়া পুলিশ সন্দেহে ৩ জনকে আটক, মারধরের অভিযোগ
বক্তারা তাদের বক্তব্যে বলেন, মাদক বর্তমানে সমাজের জন্য এক ভয়াবহ ব্যাধিতে পরিণত হয়ে গেছে। বিশেষত যুবসমাজ মাদকের ছোবলে বিপথগামী হচ্ছে। মাদকের বিস্তার রোধে পরিবার, সমাজ ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
সমাবেশে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী সাত দিনের মধ্যে এলাকায় মাদক বিক্রি ও সেবন বন্ধ না হলে স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে কঠোর সামাজিক প্রতিরোধ গড়ে তোলা হবে।
এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা বলেন, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। এলাকায় কেউ মাদক ব্যবসা বা সেবনের সঙ্গে জড়িত থাকলে তাকে চিহ্নিত করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করা হবে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান অত্যন্ত কঠোর। তবে কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিষয়ে তথ্য দিলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন: নোয়াখালীতে অসুস্থ সাংবাদিকদের রোগমুক্তির জন্য দোয়া মাহফিল
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন