০৭:৫৫ পি.এম
বাংলাদেশ পুলিশের তিনটি প্রতিষ্ঠানের শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং শিশুদের নিরাপদ পরিচর্যার পরিবেশ উন্নয়নে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি মোট ১ কোটি ৩০ লাখ টাকার অনুদান প্রদান করেছে। এই অনুদান সামাজিক দায়বদ্ধতা ও মানবিক কল্যাণের অঙ্গীকারকে আরো সুদৃঢ় করার লক্ষ্যে দেওয়া হয়েছে। ব্যাংকের করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিল থেকে এই বিশেষ আর্থিক সহায়তা প্রদান করা হয়।
অনুদানের আওতায় উত্তরা, ঢাকায় অবস্থিত এপিবিএন স্কুলের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়নে ২০ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে। এপিবিএন ডে-কেয়ার সেন্টারের অবকাঠামোগত উন্নয়নে ১০ লাখ টাকা এবং এপিবিএন মেডিকেল সেন্টারের স্বাস্থ্যসেবা কার্যক্রমের উন্নয়ন ও সম্প্রসারণের জন্য ১ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। কমিউনিটি ব্যাংক এই উদ্যোগের মাধ্যমে প্রতিষ্ঠান তিনটির সেবার মানোন্নয়ন এবং সংশ্লিষ্টদের জন্য আরো উন্নত ও সহায়ক পরিবেশ সৃষ্টিতে সাহায্য করবে।
এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান ও বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির, বিপিএম এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন সংশ্লিষ্ট তিনটি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে অনুদানের চেক হস্তান্তর করেন। এ সময় বাংলাদেশ পুলিশ এবং কমিউনিটি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: খিলগাঁও থানার গেটের সামনে ককটেল বিস্ফোরণ, নিশ্চিত করেছেন ওসি সাইফুল ইসলাম
কমিউনিটি ব্যাংকের এই উদ্যোগ কেবল আর্থিক সহায়তা প্রদান নয়; বরং শিক্ষা, স্বাস্থ্যসেবা ও মানবিক কল্যাণের মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়নে ব্যাংকের দায়িত্বশীল ভূমিকার একটি উজ্জ্বল উদাহরণ। ব্যাংক বিশ্বাস করে যে, একটি প্রতিষ্ঠানের প্রকৃত সাফল্য কেবল আর্থিক প্রবৃদ্ধি কিংবা ব্যবসায়িক অর্জনে সীমাবদ্ধ নয়; বরং মানুষের কল্যাণে অবদান রাখা, সামাজিক প্রয়োজনকে গুরুত্ব দেওয়া এবং ইতিবাচক পরিবর্তনের অংশীদার হওয়ার মধ্য দিয়েই তার প্রাতিষ্ঠানিক মূল্যবোধ ও দায়বদ্ধতা অর্থবহ হয়ে ওঠে।
'ট্রাস্ট, সিকিউরিটি ও প্রোগ্রেস'-এই মূল দর্শনকে ধারণ করে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি ভবিষ্যতেও শিক্ষা, স্বাস্থ্য, মানবিক কল্যাণ ও টেকসই সামাজিক উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণের মাধ্যমে সমাজের অগ্রযাত্রায় ইতিবাচক অবদান রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন