প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নাশকতা, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ফ্যাসিবাদবিরোধী স্লোগান
দেশের বিভিন্ন স্থানে নাশকতা, অগ্নিসংযোগ ও অগ্নিসন্ত্রাসের অভিযোগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বরিশালে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় ছাত্রশক্তি। একই সঙ্গে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকার সমালোচনা করেছেন সংগঠনটির নেতারা।
বুধবার (১১ নভেম্বর) বিকেল ৩টায় বরিশাল নগরীর জুলাই স্মৃতিস্তম্ভ-আমতলার মোড় থেকে মিছিলটি বের হয়। জাতীয় ছাত্রশক্তি বরিশাল মহানগরের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
মিছিলের আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জাতীয় ছাত্রশক্তি বরিশাল মহানগরের সদস্যসচিব হুসাইন আল সুয়ান। তিনি বলেন, দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্রমন্ত্রী সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছেন। তাঁর দায়িত্ব পালনকালে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা দেশের বিভিন্ন স্থানে নাশকতা ও অগ্নিসন্ত্রাস চালানোর সাহস পাচ্ছে।
তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একই সঙ্গে জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতির ওপর অতর্কিত হামলার ঘটনাও ঘটেছে। এসব ঘটনায় কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণে সরকারের দৃশ্যমান তৎপরতা নেই। দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান দায়িত্ব হলেও বর্তমান পরিস্থিতি নিয়ে জনমনে উদ্বেগ তৈরি হয়েছে।
সমাবেশ থেকে বক্তারা দেশের বিভিন্ন স্থানে নাশকতা ও অগ্নিসন্ত্রাসের ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তাঁরা।
মিছিল ও সমাবেশে জাতীয় ছাত্রশক্তির বরিশাল মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন