ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

ঘুমন্ত স্ত্রীকে হত্যা, সাবেক ‘আমেরিকান আইডল’ প্রতিযোগী ক্যালেব ফ্লিন দোষী সাব্যস্ত


ঘুমন্ত স্ত্রীকে হত্যা, সাবেক ‘আমেরিকান আইডল’ প্রতিযোগী ক্যালেব ফ্লিন দোষী সাব্যস্ত

আমেরিকান আইডলের সাবেক প্রতিযোগী ও গির্জার প্রাক্তন সংগীত যাজক ক্যালেব ফ্লিন (৪০) আদালতে নিজের স্ত্রী অ্যাশলি ফ্লিনকে (৩৭) হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন। আদালতের জুরিরা তিন ঘণ্টারও কম সময় ধরে এই মামলার বিচার-বিশ্লেষণ করেন এবং রায় প্রদান করেন। রায় ঘোষণার পর ক্যালেব আদালতে কান্নায় ভেঙে পড়েন।

চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের টিপ সিটিতে, ক্যালেব তার ঘুমন্ত স্ত্রী অ্যাশলিকে মাথার পেছনে পরপর দুটি গুলি করে হত্যা করেন। বিবিসির তথ্যমতে, অ্যাশলি পেশায় স্কুলশিক্ষিকা ও ভলিবল কোচ ছিলেন। স্ত্রীকে খুন করার পর ক্যালেব পুলিশকে বোঝানোর চেষ্টা করেন যে, একটি বহিরাগত ডাকাত তাদের বাড়িতে প্রবেশ করে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।

মামলার বিচারে জানা যায়, ক্যালেবের সঙ্গে তার গির্জার এক ২৪ বছর বয়সী সাবেক সহকর্মীর প্রায় ১৮ মাসের প্রেমের সম্পর্ক ছিল। তদন্তকারীরা তাদের মধ্যে আদান-প্রদান করা এক লাখেরও বেশি টেক্সট মেসেজ উদ্ধার করেন। স্ত্রীকে হত্যার কয়েক মাস আগে ক্যালেব একটি বার্তায় লিখেছিলেন, ‘আমি শুধু চাই সে মরে যাক’। এছাড়া, তিনি এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) ব্যবহার করে একটি গান তৈরি করে তা তার প্রেমিকাকে উৎসর্গ করেছিলেন।

আরও পড়ুন: বিএমইউতে ক্যানসার গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠার প্রস্তাব বিশেষজ্ঞদের

আদালতে ক্যালেবের আইফোন, অ্যাপল ওয়াচ এবং পুলিশের বডি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করা হয়, যেখানে তার বক্তব্যের কিছু অসঙ্গতি ধরা পড়ে। প্রমাণ লোপাটের উদ্দেশ্যে, তিনি তার ফোন থেকে এআই-মিউজিক অ্যাপসহ বিভিন্ন অ্যাপ মুছে ফেলেন। সব প্রমাণ যাচাই করে ক্যালেবের বিরুদ্ধে আনা হত্যা ও প্রমাণ নষ্টের অভিযোগসহ মোট ৮টি অপরাধ প্রমাণিত হয়েছে। মার্ডার ও প্রমাণ বিকৃতির অভিযোগে ক্যালেবকে প্যারোল ছাড়া যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করতে হবে।

উল্লেখ্য, ২০১৩ সালে জনপ্রিয় সংগীত বিষয়ক রিয়্যালিটি শো ‘আমেরিকান আইডল’-এর ১২তম আসরে অংশগ্রহণ করে অডিশনে নির্বাচিত হয়েছিলেন ক্যালেব ফ্লিন, তবে মূল প্রতিযোগিতায় তিনি পৌঁছাতে পারেননি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য শক্তিশালী স্কোয়াড ঘোষণা করল অস্ট্রেলিয়া

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:৩৩ এম


বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য শক্তিশালী স্কোয়াড ঘোষণা করল অস্ট্রেলিয়া

ক্রিকেট অস্ট্রেলিয়া বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে, যেখানে নিয়মিত অধিনায়ক সোফি মলিনেক্স এবং পেসার লুসি হ্যামিল্টনকে অন্তর্ভুক্ত করা হয়নি। বাংলাদেশের সিরিজে নিয়মিত অধিনায়কের অনুপস্থিতিতে অজি মেয়েদের নেতৃত্বের দায়িত্ব তালিয়া ম্যাকগ্রার উপর অর্পণ করা হয়েছে।

নিউজিল্যান্ডের বিপক্ষে পরবর্তী টি-টোয়েন্টি সিরিজে এই দুই খেলোয়াড়কে পূর্ণ ফিট অবস্থায় পাওয়ার আশা করছে ক্রিকেট অস্ট্রেলিয়া। বাংলাদেশ ও অস্ট্রেলিয়া নারী দলের মধ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি আগামী ৯ থেকে ১৪ অক্টোবর ব্রিসবেনের অ্যালান বর্ডার ফিল্ডে অনুষ্ঠিত হবে। এরপর ১৮ থেকে ২২ অক্টোবর সিডনিতে কিউই মেয়েদের বিরুদ্ধে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে অজিরা।

পিঠের ইনজুরির কারণে গতি তারকা ডারসি ব্রাউন উভয় সিরিজ থেকেই ছিটকে গেছেন। অন্যদিকে, সাম্প্রতিক পারফরম্যান্সের ভিত্তিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে থাকা অলরাউন্ডার গ্রেস হ্যারিস বাদ পড়েছেন। ইনজুরি এবং স্কোয়াড পুনর্গঠনের কারণে ব্রিসবেনে ছয় দিনের এই সংক্ষিপ্ত সিরিজের জন্য অস্ট্রেলিয়ার হাতে এখন মাত্র ১২ জন ক্রিকেটার রয়েছে।

নির্বাচক প্রধান শন ফ্লেগলার জানিয়েছেন, অস্ট্রেলিয়ার ঘরোয়া লিগ ডব্লিউএনসিএলের পরবর্তী রাউন্ডের খেলা শেষে স্কোয়াডে আরও একজন ক্রিকেটার অন্তর্ভুক্ত করা হতে পারে। ব্রাউনের ইনজুরি প্রসঙ্গে তিনি জানান, তাকে দীর্ঘদিন মাঠের বাইরে থাকতে হবে, তবে অক্টোবরের শেষে শুরু হতে যাওয়া নারী বিগ ব্যাশ লিগের কোনো এক পর্যায়ে তিনি মাঠে ফিরবেন।

বাংলাদেশ ও নিউজিল্যান্ড সিরিজে অস্ট্রেলিয়ার ঘোষিত স্কোয়াড :

সোফি মলিনেক্স (অধিনায়ক-শুধু টি-টোয়েন্টি), নিকোলা ক্যারি, অ্যাশলে গার্ডনার, কিম গার্থ, লুসি হ্যামিল্টন (শুধু টি-টোয়েন্টি), অ্যালানা কিং, ফোবে লিচফিল্ড, তালিয়া ম্যাকগ্রা (ওয়ানডে অধিনায়ক), বেথ মুনি, এলিসে পেরি, মেগান শুট, আনাবেল সাদারল্যান্ড, জর্জিয়া ভল ও জর্জিয়া ওয়ারহ্যাম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

থাইল্যান্ডে বন্যায় মৃত্যু বেড়ে ২৩, ব্যাংকক বিমানবন্দরে চরম ভোগান্তি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:৩৪ এম


থাইল্যান্ডে বন্যায় মৃত্যু বেড়ে ২৩, ব্যাংকক বিমানবন্দরে চরম ভোগান্তি

থাইল্যান্ডে ভারি বৃষ্টির ফলে এবং বন্যায় মৃতের সংখ্যা ২৩ জনে পৌঁছেছে। ১৬ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই বন্যার ফলে রাজধানী ব্যাংককসহ ৪২টি প্রদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও ব্যাংককে পানি কমতে শুরু করেছে, তবে দেশের প্রধান বিমানবন্দর সুবর্ণভূমিতে কার্যক্রম এখনও স্বাভাবিক হয়নি। কর্মী সংকটের কারণে ফ্লাইট বাতিল ও বিলম্বের পাশাপাশি হাজার হাজার যাত্রীর লাগেজ আটকে থাকার ফলে চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দেশটির কর্তৃপক্ষ এসব তথ্য প্রকাশ করেছে।

রাজধানী ব্যাংককে গত সপ্তাহে মাত্র তিন দিনে প্রায় ৩২০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এই পরিমাণ বৃষ্টি সাধারণত পুরো সেপ্টেম্বর মাসে শহরটিতে যে পরিমাণ বৃষ্টি হয়, তার প্রায় সমান। ভারি বর্ষণের ফলে শহরের নিচু এলাকাগুলো দ্রুত পানিতে তলিয়ে যায়। ব্যাংককের গভর্নর চাদচার্ট সিত্তিপুন্ট জানিয়েছেন, প্রধান সড়কগুলো থেকে আগামী দুই দিনের মধ্যে পানি নেমে যাওয়ার আশা করা হচ্ছে। তবে যেসব এলাকা এখনও পানিতে ডুবে আছে, সেখান থেকে পানি পুরোপুরি সরতে এক সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে।

থাইল্যান্ডের দুর্যোগ প্রতিরোধ ও প্রশমন বিভাগের তথ্য অনুযায়ী, বন্যায় দেশজুড়ে ২৯টি প্রদেশ এবং ব্যাংককের ৫০টি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় ৯ লাখ ৪০ হাজার পরিবার এবং ২৬ লাখের বেশি মানুষ বন্যার প্রভাবে পড়েছেন। বিভিন্ন এলাকায় পানি কমতে শুরু করলেও কিছু অঞ্চলে পরিস্থিতি এখনও উদ্বেগজনক রয়ে গেছে।

বন্যার কারণে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে ব্যবসা-বাণিজ্য ও যোগাযোগব্যবস্থা। বিভিন্ন হিসাব অনুযায়ী, সাম্প্রতিক বন্যায় অর্থনৈতিক ক্ষতির পরিমাণ কয়েক হাজার কোটি বাত হতে পারে। রাংসিট বিশ্ববিদ্যালয়ের একটি প্রাথমিক হিসাব বলছে, ২৪ থেকে ২৭ সেপ্টেম্বরের বন্যায় দেশের অর্থনৈতিক ক্ষতি ১৬ দশমিক ৯ বিলিয়ন থেকে ৩৩ দশমিক ৮ বিলিয়ন বাতের মধ্যে হতে পারে। সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে ব্যাংকক, যেখানে ব্যবসা, সেবা ও যাতায়াতব্যবস্থা ব্যাপকভাবে ব্যাহত হয়েছে।

ব্যাংককের সুবর্ণভূমি আন্তর্জাতিক বিমানবন্দরে সবচেয়ে বেশি ভোগান্তি দেখা দিয়েছে। বিমানবন্দর চালু থাকলেও বন্যার কারণে বিপুলসংখ্যক কর্মী কাজে যোগ দিতে না পারায় থাই এয়ারওয়েজের কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। বিমান সংস্থাটি মঙ্গলবার ব্যাংকক থেকে প্রায় ৩০টি ফ্লাইট বাতিলের পরিকল্পনা করে, যা ওই দিনের নির্ধারিত উড্ডয়নের প্রায় ৩০ শতাংশ। গত দুই দিনে প্রায় সব ফ্লাইটই বিলম্বিত হয়েছে এবং সময়মতো ছেড়েছে ৩ শতাংশেরও কম ফ্লাইট।

বিমানবন্দরে থাই এয়ারওয়েজের প্রায় ৫ হাজার ৬০০টি লাগেজ আটকে ছিল। পরে সংস্থাটির প্রধান নির্বাহী চাই এমসিরি জানান, আটকে থাকা লাগেজের জট দ্রুত কাটিয়ে ওঠার চেষ্টা চলছে এবং কয়েক দিনের মধ্যে তা স্বাভাবিক করার লক্ষ্য রয়েছে। বিমানবন্দরে যাত্রীদের দীর্ঘ অপেক্ষা, তথ্যের ঘাটতি ও সংযোগকারী ফ্লাইট ধরতে না পারার আশঙ্কায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

বিমানবন্দরের এই পরিস্থিতি নিয়ে থাই এয়ারওয়েজের ব্যবস্থাপনার সমালোচনা করেছেন দেশটির পর্যটনমন্ত্রী সুরাসাক ফানচারোয়েনওরাকুল। তার অভিযোগ, নিজস্ব কার্যক্রম ব্যাহত হওয়ার মধ্যেও থাই এয়ারওয়েজের কিছু কর্মীকে অন্য বিমান সংস্থার জন্য চুক্তিভিত্তিক গ্রাউন্ড-হ্যান্ডলিং সেবায় নিয়োজিত করা হয়েছিল। এতে দেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেন তিনি এবং বিমান সংস্থার ব্যবস্থাপনাকে আরও সক্রিয়ভাবে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানান। তার বক্তব্যের বিষয়ে থাই এয়ারওয়েজ তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

বন্যা পরিস্থিতি মোকাবিলায় মঙ্গলবার জরুরি সহায়তার জন্য ৪ বিলিয়ন বাতের বেশি অর্থ অনুমোদন করেছে থাইল্যান্ডের মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠী ও এলাকাগুলোতে জরুরি সহায়তা দিতে এই অর্থ ব্যবহার করা হবে। পাশাপাশি ভবিষ্যতে বন্যার ঝুঁকি কমাতে ১৬০ বিলিয়ন বাতের একটি দীর্ঘমেয়াদি পানি নিষ্কাশন প্রকল্প অনুমোদন করা হয়েছে। প্রায় আট বছর মেয়াদি এ প্রকল্পের আওতায় মধ্যাঞ্চল, ব্যাংকক ও আশপাশের এলাকায় পানি নিষ্কাশন ও বন্যা নিয়ন্ত্রণব্যবস্থা শক্তিশালী করার পরিকল্পনা রয়েছে।

বন্যার প্রভাব পড়ছে থাইল্যান্ডের গুরুত্বপূর্ণ পর্যটন খাতেও। করোনাভাইরাস মহামারির পর দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি আঞ্চলিক কয়েকটি দেশের তুলনায় ধীরগতির রয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত বিদেশি পর্যটক আগমন গত বছরের একই সময়ের তুলনায় ৩ দশমিক ১২ শতাংশ কমে প্রায় ২ কোটি ১২ লাখ ৮০ হাজারে দাঁড়িয়েছে। বন্যার কারণে বিমান চলাচল, সড়ক যোগাযোগ ও পর্যটনকেন্দ্রিক কার্যক্রমে বিঘ্ন ঘটায় বছরের শেষ দিকে এ খাতের ওপর আরও চাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বায়ুদূষণে আজ শীর্ষে কলকাতা, ঢাকার বাতাসের খবর কী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:৪৭ এম


বায়ুদূষণে আজ শীর্ষে কলকাতা, ঢাকার বাতাসের খবর কী

জলবায়ু পরিবর্তন এবং বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের কারণে বিশ্বের বিভিন্ন শহরে বায়ুদূষণের মাত্রা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এই প্রেক্ষাপটে, ভারতের কলকাতা ১৭৩ স্কোর নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করছে। এই বাতাসের মানকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। অপরদিকে, বাংলাদেশের রাজধানী ঢাকা ১৫৩ স্কোর নিয়ে তালিকার সপ্তম স্থানে রয়েছে। ঢাকার বাতাসের মানও নাগরিকদের জন্য ‘অস্বাস্থ্যকর’ বলে বিবেচিত হয়।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এই তথ্য প্রকাশিত হয়েছে।

আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, দূষিত শহরের তালিকায় কলকাতা ১৭৩ স্কোর নিয়ে প্রথম স্থানে রয়েছে। এছাড়া, ১৬৯ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে মালয়েশিয়ার কুয়ালালামপুর, তৃতীয় স্থানে উগান্ডার কাম্পালা ১৬৬ স্কোর নিয়ে, চতুর্থ স্থানে সিঙ্গাপুর ১৬২ স্কোর নিয়ে এবং পাকিস্তানের লাহোর ১৬১ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ‘অনেক ভালো’ হিসেবে গণ্য করা হয়। ৫১ থেকে ১০০ স্কোর ‘মাঝারি বা সহনীয়’ হিসেবে বিবেচিত হয়। ১০১ থেকে ১৫০ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত হয়। ১৫১ থেকে ২০০ স্কোর ‘অস্বাস্থ্যকর’ এবং ২০১ থেকে ৩০০ স্কোর ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে গণ্য করা হয়।

বাংলাদেশে একিউআই নির্ধারণের জন্য দূষণের ৫টি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করা হয়। এই বৈশিষ্ট্যগুলো হলো, বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)।

২০১৯ সালের মার্চ মাসে পরিবেশ অধিদপ্তর এবং বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ঢাকার বায়ুদূষণের তিনটি প্রধান উৎস হলো, ইটভাটা, যানবাহনের ধোঁয়া এবং নির্মাণ সাইটের ধুলা।

ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, বায়ুদূষণের কারণে স্ট্রোক, হৃদরোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ফুসফুসের ক্যান্সার এবং তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণের কারণে মৃত্যুহার বৃদ্ধি পেয়েছে। এর ফলে বিশ্বব্যাপী প্রতি বছর আনুমানিক ৭০ লাখ মানুষ মৃত্যুবরণ করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেব-দেবীর ২৭৭ প্রতিমায় সেজেছে আলফাডাঙ্গা কেন্দ্রীয় হরি মন্দির

আন্তর্জাতিক ডেস্ক

কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:৫২ এম


দেব-দেবীর ২৭৭ প্রতিমায় সেজেছে আলফাডাঙ্গা কেন্দ্রীয় হরি মন্দির

আকাশজুড়ে যেন রঙের উৎসব। সারি সারি দেব-দেবীর প্রতিমা, লোকজ কাহিনি আর নান্দনিক সাজসজ্জায় উৎসবের রঙে সেজে উঠছে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা কেন্দ্রীয় শ্রী শ্রী হরি মন্দির। শারদীয় দুর্গোৎসবকে ঘিরে এবার এখানে বসছে ২৭৭টি প্রতিমার বর্ণিল প্রদর্শনী। গত বছরের ২৫১টি প্রতিমার আয়োজনকে ছাড়িয়ে এবার যুক্ত হয়েছে আরও ২৬টি প্রতিমা।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে মন্দির প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, সারি সারি প্রতিমায় ফুটে উঠেছে দেব-দেবীর নানা রূপ। কোথাও বেহুলা-লখিন্দরের কাহিনি, কোথাও নবদুর্গার বিভিন্ন রূপ। প্রতিমার পাশাপাশি চলছে সাজসজ্জা ও আলোকসজ্জার শেষ মুহূর্তের প্রস্তুতি। পুরো মন্দির প্রাঙ্গণে এখন উৎসবের আমেজ।

আয়োজকরা জানান, সাতক্ষীরার নীলরঞ্জন পাল ও তাঁর ছয়-সাতজনের কারিগরি দল টানা প্রায় দুই মাস ধরে ২৭৭টি প্রতিমা নির্মাণের কাজ করেছেন। মাটি, খড় ও রঙের নিপুণ ব্যবহারে তাঁরা প্রতিটি প্রতিমাকে দিয়েছেন আলাদা বৈশিষ্ট্য। দীর্ঘ দুই মাসের কর্মযজ্ঞ শেষে মঙ্গলবার সকালে মন্দিরের প্রতিমা নির্মাণের কাজ সম্পন্ন করে কারিগররা সেখান থেকে চলে যান।

কারিগরদের চলে যাওয়ার পর এখন মন্দির প্রাঙ্গণে দৃশ্যমান হচ্ছে তাঁদের দুই মাসের শ্রম ও শিল্পকর্ম। প্রতিটি প্রতিমার অবয়ব, পোশাক, অলংকার ও রঙের ব্যবহারে ফুটে উঠেছে শিল্পীদের দক্ষতার ছাপ।

ষষ্ঠী থেকে লক্ষ্মীপূজা পর্যন্ত এই ২৭৭টি প্রতিমার বিশেষ প্রদর্শনী চলবে। আয়োজকদের তথ্যমতে, আগামী ১৬ থেকে ২৫ অক্টোবর ২০২৬ পর্যন্ত উপজেলা কেন্দ্রীয় শ্রী শ্রী হরি মন্দির প্রাঙ্গণে দর্শনার্থীদের জন্য এ আয়োজন উন্মুক্ত থাকবে।

উপজেলা কেন্দ্রীয় শ্রী শ্রী হরি মন্দিরের পূজা উদযাপন কমিটির আহ্বায়ক ডা. সুমন রায় জানান, এবারের আয়োজনকে আরও আকর্ষণীয় ও বৈচিত্র্যময় করতে ২৭৭টি প্রতিমা প্রদর্শনের উদ্যোগ নেওয়া হয়েছে। দুই মাস ধরে কারিগররা পরিশ্রম করে প্রতিমাগুলো নির্মাণ করেছেন। ধর্মীয় ভাবগাম্ভীর্যের পাশাপাশি বেহুলা-লখিন্দরের কাহিনি ও নবদুর্গার উপস্থাপনার মাধ্যমে দর্শনার্থীদের সামনে বাঙালির লোকজ ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। তিনি দূর-দূরান্ত থেকে আগত ভক্ত-দর্শনার্থীদের সুশৃঙ্খলভাবে প্রতিমা দর্শনের আহ্বান জানান।

আলফাডাঙ্গা পূজা উদযাপন কমিটির সভাপতি ও আলফাডাঙ্গা সরকারি কলেজের প্রভাষক প্রবীর কুমার বিশ্বাস বলেন, উপজেলা কেন্দ্রীয় শ্রী শ্রী হরি মন্দিরের এবারের আয়োজন জেলার অন্যতম আকর্ষণীয় পূজামণ্ডপে পরিণত হবে। গত বছর ২৫১টি প্রতিমা ছিল, এবার দর্শনার্থীদের আকর্ষণ বাড়াতে তা ২৭৭টিতে উন্নীত করা হয়েছে। ইতোমধ্যে প্রতিমা নির্মাণের কাজ শেষ হয়েছে এবং সাজসজ্জার কাজ এগিয়ে চলছে।

আয়োজকরা জানান, আলফাডাঙ্গার ঐতিহ্যবাহী এই হরি মন্দিরে ২০০৫ সাল থেকে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়ে আসছে। এবার পঞ্চমবারের মতো বড় পরিসরে প্রতিমা প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে। প্রতিবছরই আয়োজনের পরিধি বাড়ছে। এবার ২৬টি প্রতিমা বাড়িয়ে ২৭৭টি করায় আয়োজন পেয়েছে আরও বৈচিত্র্য। তাঁদের প্রত্যাশা, দেশের বিভিন্ন স্থান থেকে ভক্ত-দর্শনার্থীদের পদচারণায় এ সময় মুখর হয়ে উঠবে হরি মন্দির প্রাঙ্গণ।

সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে যখন মন্দির প্রাঙ্গণে একে একে জ্বলে উঠবে রঙিন আলো, তখন ২৭৭টি প্রতিমা যেন হয়ে উঠবে এক বিশাল পৌরাণিক ও লোকজ কাহিনির দৃশ্যপট। কোথাও বেহুলার কাহিনি, কোথাও লখিন্দরের গল্প, আবার কোথাও নবদুর্গার নানা রূপ—ধর্মীয় আবহের সঙ্গে শিল্প, সংস্কৃতি ও লোকঐতিহ্যের এক বর্ণিল মেলবন্ধন তৈরি হবে।
সব মিলিয়ে গত বছরের ২৫১ থেকে এবার ২৭৭টি অর্থাৎ ২৬টি প্রতিমা বৃদ্ধিতে আলফাডাঙ্গার শারদীয় দুর্গোৎসবে যোগ করেছে নতুন মাত্রা। দুই মাস ধরে কারিগরদের শ্রমে নির্মিত এসব প্রতিমা ষষ্ঠী থেকে লক্ষ্মীপূজা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%