ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং

মাদকের বিরুদ্ধে আইন পরিবর্তন করা হচ্ছে: মুশফিকুর রহমান


মাদকের বিরুদ্ধে আইন পরিবর্তন করা হচ্ছে: মুশফিকুর রহমান

অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও কসবা-আখাউড়া আসনের সংসদ সদস্য মুশফিকুর রহমান বলেছেন, মাদকের বিরুদ্ধে বিদ্যমান আইন সংশোধন করে আরও কঠোর আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।

শনিবার (২০ জুন) দুপুরে কসবা উপজেলার বায়েক শিক্ষা সদন উচ্চবিদ্যালয়ে রহমান ফাউন্ডেশনের অর্থায়নে নির্মিত সায়েন্স ল্যাব উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

মুশফিকুর রহমান বলেন, মাদক ব্যবসায়ীরা গ্রেপ্তার হলে অনেক ক্ষেত্রে দ্রুত জামিনে মুক্ত হয়ে যায়। এ বিষয়ে জাতীয় সংসদেও আলোচনা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে মাদকবিরোধী আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে মাদক ব্যবসায়ীরা কঠোর শাস্তির মুখোমুখি হয় এবং তারা মাদক ব্যবসা থেকে সরে আসে।

আরও পড়ুন: জামায়াতকে দেশ ও জাতির প্রত্যাশা পূরণে কাজ করতে হবে: জুবায়ের

তিনি আরও জানান, নারী ও শিশু ধর্ষণের ঘটনায় দোষীদের বিরুদ্ধে যেভাবে যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ডের মতো কঠোর শাস্তির বিধান রয়েছে, ঠিক একইভাবে মাদকের বিরুদ্ধেও কঠোর আইন প্রণয়ন করা হবে।

এ সময় তিনি এলাকায় মাদক ব্যবসায়ীদের সতর্ক করে বলেন, বর্তমানে মাদক ব্যবসা বন্ধ করতে হবে। মাদক একটি বড় সমস্যা এবং এর কারণে সমাজের তরুণ প্রজন্ম ধ্বংস হচ্ছে। যদি শিক্ষার্থীরা পড়াশোনায় মনোযোগী না হয়, তাহলে ভবিষ্যতে তারা প্রতিষ্ঠিত হতে পারবে না। একজন মাদক ব্যবসায়ীর পরিবারও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাই মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

সায়েন্স ল্যাব উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ছামিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মুশফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান মেহভীন রহমান মুনিয়া, আশফাক জামিল রহমান, কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজনীন সুলতানা, জেলা বিএনপির সহসভাপতি মুহম্মদ ইলিয়াস, যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী নাজমুল হুদা খন্দকার, জেলা কৃষক দলের সাবেক সহসভাপতি নাছির উদ্দিন হাজারী এবং উপজেলা বিএনপির সহসভাপতি ইকলিল আযম।

অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মী, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: কেরানীগঞ্জে আওয়ামী লীগ নেত্রীর গলা কাটা মরদেহ উদ্ধার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আবারও মেলোনি ট্রাম্পকে কড়া জবাব দিলেন!

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

১২:৪৭ এম


আবারও মেলোনি ট্রাম্পকে কড়া জবাব দিলেন!

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির মধ্যে সাম্প্রতিক এক বাগযুদ্ধ আন্তর্জাতিক রাজনীতির অঙ্গনে যথেষ্ট আলোচনার সৃষ্টি করেছে। সম্প্রতি গত জি-৭ শীর্ষ সম্মেলনের একটি ছবি তোলার বিষয়কে কেন্দ্র করে এই বিবাদের শুরু হয়।

ট্রাম্প অভিযোগ করেন যে, সম্মেলনের সময় মেলোনি বারবার তার সাথে ছবি তোলার জন্য অনুরোধ করেছেন। ট্রাম্পের এই মন্তব্যের প্রতি কড়া জবাব দিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী। তিনি এই অভিযোগকে সরাসরি ভিত্তিহীন ও বানোয়াট বলে প্রত্যাখ্যান করেছেন এবং স্পষ্ট করে উল্লেখ করেছেন যে, তিনি বা ইতালির পক্ষ থেকে কখনো কারো কাছে কিছু ভিক্ষা চাওয়ার প্রয়োজন নেই।

এই বিতর্ক শুধুমাত্র ছবি তোলার অনুরোধের মধ্যে সীমাবদ্ধ নেই। ট্রাম্প তার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে আরও আক্রমণাত্মক মন্তব্য করে মেলোনির জনপ্রিয়তা নিয়ে প্রশ্ন তোলেন। ইতালির প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে ট্রাম্প বলেন যে, মেলোনি তার জনপ্রিয়তা বৃদ্ধি করতে তার সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছেন। ট্রাম্প ইরান ইস্যুতে ইতালির অবস্থানের সমালোচনা করে আরো দাবি করেন যে, যুদ্ধের সময়ে ইতালির আকাশপথ বা রানওয়ে ব্যবহারের অনুমতি না দেওয়ার কারণে ইতালি এক ধরনের লজিস্টিক অসুবিধায় ফেলেছিল।

মেলোনি তার প্রতিক্রিয়ায় ট্রাম্পের এই ক্রমাগত ও অশোভন আক্রমণকে অর্থহীন বলে মন্তব্য করেছেন। ইনস্টাগ্রামে এক পোস্টে তিনি দৃঢ়তার সাথে জানান যে, তার জনপ্রিয়তা ট্রাম্পের সাথে সুসম্পর্কের ওপর নির্ভর করে না। বরং, দেশীয় জাতীয় স্বার্থ রক্ষাই তার রাজনীতির মূল ভিত্তি এবং তিনি সবসময় সেটাই করার চেষ্টা করেছেন।

শেষে ট্রাম্পের উদ্দেশ্যে পাল্টা বার্তা পাঠিয়ে মেলোনি বলেন, ট্রাম্পের তার জনপ্রিয়তা নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন নেই, বরং নিজস্ব জনপ্রিয়তার দিকে নজর দেওয়ার কথা বলবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১৪১ যাত্রীসহ বজ্রপাতের কবলে ইন্ডিগোর বিমান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

১২:৪৮ এম


১৪১ যাত্রীসহ বজ্রপাতের কবলে ইন্ডিগোর বিমান

শুক্রবার সকালে কলকাতা বিমানবন্দরে এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হলো। আচমকা বজ্রপাতের কবলে পড়ে ইন্ডিগো এয়ারলাইন্সের আগরতলাগামী একটি বিমান। প্রবল বৃষ্টি আর ঝোড়ো হাওয়ার মধ্যে এই ঘটনা ঘটানোর ফলে বিমানবন্দরের কর্মী ও যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিমানবন্দর কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে কলকাতা বিমানবন্দরের ৫৬এল অ্যারোব্রিজে দাঁড়িয়ে ছিল ইন্ডিগোর ফ্লাইট ৬ই ৬০৬৪ (ভিটি-আইপিডব্লিউ)। ঠিক সেই মুহূর্তে প্রচণ্ড বজ্রপাতে বিমানটি কেঁপে ওঠে। মূলত বজ্রপাতের কারণে বিমানের মূল বিদ্যুৎ ব্যবস্থায় বড়সড় বিভ্রাট দেখা দেয় এবং বিমানের ভেতরে হঠাৎ করেই সব আলো ও যান্ত্রিক সরঞ্জাম নিভে গিয়ে অন্ধকার নেমে আসে।

ঘটনার সময় বিমানে মোট ১৪১ জন যাত্রী ও ছয়জন ক্রু সদস্য ছিলেন। সৌভাগ্যবশত, এই ঘটনায় কোনো যাত্রী আহত হননি। তবে বজ্রপাতের তীব্রতায় বিমানের ভেতরের ইলেকট্রনিক সিস্টেম পুরোপুরি অচল হয়ে যাওয়ায় যাত্রীদের মধ্যে সাময়িক চাঞ্চল্য তৈরি হয়।

নিরাপত্তার কথা মাথায় রেখে তাড়াহুড়ো করে বিমানে থাকা সমস্ত যাত্রীকে নিরাপদে নিচে নামিয়ে আনা হয়। জানা গেছে, বজ্রপাতের প্রভাব সরাসরি বিমানের বৈদ্যুতিক পরিকাঠামোর ওপর পড়ায় পাইলট এবং সংশ্লিষ্ট কর্মীরা তৎক্ষণাৎ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন।

এদিকে, এই ঘটনায় বিমানের ক্ষতি হওয়ার পাশাপাশি দুই গ্রাউন্ড স্টাফও সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। তাদের দ্রুত চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে দ্রুত মেডিকেল পরীক্ষার পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য ইন্ডিগো কর্তৃপক্ষের তরফে দ্রুত বিকল্প ব্যবস্থা করা হয়। দীর্ঘক্ষণ আটকে থাকার পর শেষ পর্যন্ত অন্য একটি এয়ারবাস এ৩২১ (ভিটি-আইসিডি) বিমানে করে যাত্রীদের আগরতলার উদ্দেশ্যে পাঠানো হয়। যাত্রীরা দুপুর ১২টা ৫০ মিনিট নাগাদ কলকাতার আকাশ ছাড়েন।

উল্লেখ্য, শুক্রবার সকাল থেকে কলকাতা এবং সংলগ্ন এলাকায় নাগাড়ে বৃষ্টি আর বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বইছিল। বিমানবন্দরের আবহওয়া নিয়ন্ত্রণ কেন্দ্র (এওসিসি) থেকেও আগেভাগেই দুর্যোগের সতর্কতা জারি করা হয়েছিল। এই খারাপ আবহাওয়ার জেরেই কলকাতা বিমানবন্দরের স্বাভাবিক কাজকর্মও বেশ কিছুটা ব্যাহত হয়েছে।

সূত্র: এনডিটিভি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নতুন উদ্ভাবনে জোর নিয়ে ডিজিটাল সামিট অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

১২:৪৯ এম


নতুন উদ্ভাবনে জোর নিয়ে ডিজিটাল সামিট অনুষ্ঠিত

১২তম ডিজিটাল সামিট অনুষ্ঠিত হলো উদ্ভাবনশীল ডিজিটাল দুনিয়ায় কৌশল, গল্প বলা, প্রযুক্তি এবং তথ্যনির্ভর সিদ্ধান্ত গ্রহণের বিষয়গুলো নিয়ে। শনিবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের আয়োজনে এই সামিটের আয়োজন করা হয়। এবারের সামিটের বিশিষ্ট প্রতিপাদ্য ছিল ‘রিথিংকিং ডিজিটাল স্ট্র্যাটেজি, স্টোরি অ্যান্ড সায়েন্স’। এখানে আলোচনায় উঠে আসে কৃত্রিম বুদ্ধিমত্তা, বদলে যাওয়া ভোক্তা প্রত্যাশা, সৃজনশীলতা এবং প্রযুক্তির ক্রমবর্ধমান সম্মিলনসহ নানা বিষয়।

এই দ্রুত বদলে যাওয়া বাস্তবতায় প্রতিষ্ঠানগুলো কীভাবে তাদের পথচলা অব্যাহত রাখতে পারে, সেটিই ছিল আলোচনার মূল কেন্দ্রবিন্দু। এই সামিটে অংশগ্রহণ করেন দেশের শীর্ষস্থানীয় বিজ্ঞাপন এবং বিপণন পেশাজীবী, ব্যবসায়িক নেতৃবৃন্দ, প্রযুক্তিবিদ, যোগাযোগ বিশেষজ্ঞ এবং শিল্প সংশ্লিষ্ট প্রতিনিধিরা।

দিনব্যাপী বক্তা এবং প্যানেলিস্টরা তুলে ধরলেন কীভাবে ব্র্যান্ডগুলো নিজেদের প্রাসঙ্গিক রেখে ভোক্তার সঙ্গে আরও দৃঢ় সম্পর্ক গড়ার উপায় নিয়ে। এবারের সামিটে ছিল ৩টি কিনোট সেশন, ৩টি প্যানেল ডিসকাশন, ৩টি ইনসাইট সেশন, ২টি কেস স্টাডি এবং ১টি এক্সপার্ট ডিপ ডাইভ।

উদ্বোধনী বক্তব্যে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের গ্রুপ প্রধান নির্বাহী কর্মকর্তা এবং নির্বাহী সম্পাদক সাজিদ মাহবুব বলেন, ডিজিটাল এখন আর কেবল একটি চ্যানেল বা ফাংশন নয়। এটি এখন সেই ভিত্তি, যার ওপর দাঁড়িয়ে প্রতিষ্ঠানগুলো প্রাসঙ্গিকতা, আস্থা এবং প্রবৃদ্ধি গড়ে তোলে। যখন প্রযুক্তি বাজার এবং ভোক্তা আচরণকে নতুনভাবে সাজাচ্ছে, তখন প্রতিযোগিতায় টিকে থাকার জন্য প্রতিষ্ঠানগুলোকে কৌশলগত স্পষ্টতা, সৃজনশীল উৎকর্ষ এবং তথ্যনির্ভর প্রজ্ঞাকে একসঙ্গে কাজে লাগাতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মানুষের বাক স্বাধীনতা নিশ্চিত করেছিলেন জিয়াউর রহমান: সালাউদ্দিন টুকু

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

১২:৫০ এম


মানুষের বাক স্বাধীনতা নিশ্চিত করেছিলেন জিয়াউর রহমান: সালাউদ্দিন টুকু

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের রাজনীতিতে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের বাক স্বাধীনতা নিশ্চিত করেছিলেন।

তার নেতৃত্বে দেশ গণতান্ত্রিক ধারায় ফিরে আসে এবং জনগণের রাজনৈতিক অংশগ্রহণের সুযোগ তৈরি হয়।

শনিবার (২০ জুন) দুপুরে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) পরিবার আয়োজিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে তার জীবন, কর্ম ও আদর্শ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, রাজনৈতিক সংকটের সময় জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন। স্বাধীনতা-পরবর্তী সময়ে তিনি দেশ পুনর্গঠন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন এবং জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করেছিলেন।

তিনি বলেন, স্বাধীনতার মূল চেতনা ছিল গণতন্ত্র এবং সেই গণতন্ত্রকে শক্তিশালী করতে জিয়াউর রহমান বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা চালু করেছিলেন। মানুষের মত প্রকাশের অধিকার ও রাজনৈতিক স্বাধীনতা নিশ্চিত করাই ছিল তার রাজনৈতিক দর্শনের অন্যতম ভিত্তি।

প্রতিমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করছে এবং জনগণই ভবিষ্যতে সরকারের কার্যক্রমের মূল্যায়ন করবে। তিনি রাজনৈতিক বিভাজন ও অনৈক্যের পরিবর্তে জাতীয় স্বার্থে ঐক্য ধরে রাখার আহ্বান জানান।

তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের চেতনা ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, যাতে দেশে আর কোনো ধরনের স্বৈরাচারী বা দমনমূলক রাজনৈতিক সংস্কৃতির পুনরাবৃত্তি না ঘটে।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। বিশেষ আলোচক ছিলেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শহিদুল ইসলাম।

সভায় সভাপতিত্ব করেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোস্তফা কামাল নাসির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু। এসময় টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সভাপতি মো. আজগর আলীসহ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের বিভিন্ন নেতাকর্মী বক্তব্য রাখেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%