ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

পিয়নের ব্যাগ তল্লাশি নিয়ে বিরোধ, বিচারকের খাসকামরায় পুলিশ কর্মকর্তাকে মারধরের অভিযোগ


পিয়নের ব্যাগ তল্লাশি নিয়ে বিরোধ, বিচারকের খাসকামরায় পুলিশ কর্মকর্তাকে মারধরের অভিযোগ

রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে আদালতের এক কর্মচারীর ব্যাগ তল্লাশি করার চেষ্টা নিয়ে ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-১০-এর বিচারক শাহিদুল ইসলামের বিরুদ্ধে এক পুলিশ কর্মকর্তাকে খাসকামরায় ডেকে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-১০-এ মারধরের এই ঘটনা ঘটে।

অভিযোগকারী পুলিশ কর্মকর্তা মোহাম্মদ আলী ঢাকা রেলওয়ে থানায় উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত আছেন। ঘটনার পর তিনি ন্যায়বিচার চেয়ে ঢাকা আইনজীবী সমিতিতে লিখিত অভিযোগ করেছেন। একই সঙ্গে, ঘটনার পূর্বে আদালতের কর্মচারীর হুমকির বিষয়টি উল্লেখ করে ঢাকা রেলওয়ে থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করেছেন।

আরও পড়ুন: ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত গ্রহণযোগ্য

অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত ২৯ আগস্ট সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ঢাকা রেলওয়ে থানার আওতাধীন নারায়ণগঞ্জ ও পদ্মা সেতুগামী শহরতলি রেলওয়ে প্ল্যাটফর্মে দায়িত্ব পালনকালে এএসআই (নিরস্ত্র) মৌসুমী আক্তারসহ সঙ্গীয় ফোর্স যাত্রীদের ব্যাগ তল্লাশি করছিলেন।

এ সময় সাকিব আল হাসান ব্যাগ তল্লাশি না করানোর বিষয়ে কর্তব্যরত পুলিশ সদস্যদের সঙ্গে উচ্চবাচ্য ও অসৌজন্যমূলক আচরণ করেন। এক পর্যায়ে তিনি প্রকাশ্যে মন্তব্য করেন যে, পুলিশ সদস্যদের তল্লাশি করার কোনো অধিকার নেই।

অভিযোগে আরও বলা হয়েছে, সাকিব রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে চাইলে তাকে থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি নিজেকে অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-১০-এর পিয়ন পদমর্যাদার কর্মচারী হিসেবে পরিচয় দেন। পরে বিষয়টি সংশ্লিষ্ট বিচারকের সঙ্গে কথা বলে নিষ্পত্তি করা হয়।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, সোমবার অফিসার ইনচার্জের মাধ্যমে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগের সঙ্গে সাক্ষাৎ করেন মোহাম্মদ আলী। পরবর্তীতে তাকে অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-১০-এর বিচারক শাহিদুল ইসলামের সঙ্গে দেখা করতে বলা হয়।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উন্নীত করবে: জহির উদ্দিন স্বপন

মঙ্গলবার দুপুর আনুমানিক সাড়ে ১টার দিকে ঢাকা আইনজীবী সমিতির সহসভাপতি আবুল কালাম আজাদ, কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মিজানুর রহমানসহ কয়েকজনকে সঙ্গে নিয়ে বিচারকের খাসকামরায় যান এসআই মোহাম্মদ আলী। তবে অভিযোগে বলা হয়েছে, তাদের বাইরে রেখে তাকে একাই ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়।

অভিযোগে আরও বলা হয়েছে, খাসকামরায় আগে থেকেই বিচারকের কর্মচারী সাকিব আল হাসানসহ কয়েকজন ব্যক্তি উপস্থিত ছিলেন। মোহাম্মদ আলী ভেতরে প্রবেশের পর দরজা বন্ধ করে দেওয়া হয়। এক পর্যায়ে একজন ব্যক্তি পেছন থেকে তাকে সজোরে আঘাত করে এলোপাতাড়ি মারধর করেন। আত্মরক্ষার্থে তিনি ওই ব্যক্তির হাত ধরে ফেলেন। এ সময় বিচারকের দিকে তাকিয়ে ‘স্যার, এটা কী হচ্ছে?’ জানতে চাইলে ওই ব্যক্তি দরজার দিকে পালিয়ে যাওয়ার সময় তাকে বলেন, ‘বুঝছস, আমরা কারা?’

পুরো ঘটনাটি খাসকামরায় থাকা এক ব্যক্তি মোবাইল ফোনে ধারণ করেছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী এসআই মোহাম্মদ আলী অভিযোগ করে বলেন, "কোনো অপরাধ থাকলে আমার বিরুদ্ধে থানায় অভিযোগ করা যেত বা প্রশাসনিক ব্যবস্থা নেওয়া যেত। কিন্তু এভাবে শারীরিকভাবে লাঞ্ছিত ও মানসিকভাবে হয়রানি করার কোনো কারণ দেখি না।"

আরও পড়ুন: কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উদঘাটন, ২ আসামি গ্রেফতার

তিনি আরও বলেন, "আমি জজ স্যারকে বলেছি, আমার কোনো অপরাধ হয়ে থাকলে আমি দুঃখিত, আপনার কাছে ক্ষমা চাচ্ছি। কিন্তু এভাবে আমাকে অপমান ও শারীরিকভাবে লাঞ্ছিত করার কারণ কী?"

মোহাম্মদ আলী জানান, পরে তাকে হাত ধরে ওই ব্যক্তির সঙ্গে হাত মেলাতে বাধ্য করা হয়। এরপর তিনি সেখান থেকে বের হয়ে আসেন।

তবে অভিযোগের বিষয়ে অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-১০-এর বিচারক শাহিদুল ইসলামের বক্তব্য পাওয়া যায়নি।

 

আরও পড়ুন: কোনো অবস্থাতেই আওয়ামী লীগের পুনরুত্থান হবে না: বিমানমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দক্ষিণ কোরিয়ায় প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন বাংলাদেশি শিক্ষার্থী ইয়াসমিন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:২৪ এম


দক্ষিণ কোরিয়ায় প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন বাংলাদেশি শিক্ষার্থী ইয়াসমিন

দক্ষিণ কোরিয়ার সাংকংহে ইউনিভার্সিটির প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড লাভ করেছেন বাংলাদেশি শিক্ষার্থী ইয়াসমিন আক্তার অধরা। কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় জনগণের মধ্যে মানবপাচারের জটিলতা নিয়ে গবেষণার স্বীকৃতি হিসেবে তিনি এই সম্মাননা অর্জন করেন। বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট স্কুলের এশিয়ান নন-গভর্নমেন্টাল অর্গানাইজেশনস প্রোগ্রামের শিক্ষার্থী হিসেবে ইয়াসমিন এই পুরস্কার পেয়েছেন।

২০২৫ সালের শরৎকালীন সেমিস্টারের ডিগ্রি প্রদান অনুষ্ঠান গত ১৩ আগস্ট সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন সায়েন্স বিল্ডিংয়ের জন ডেলি হলে অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে মোট ২৫৪ জন শিক্ষার্থী ডিগ্রি লাভ করেন। তাদের মধ্যে ১৮৮ জন স্নাতক এবং ৬৬ জন স্নাতকোত্তর ও ডকটরেট ডিগ্রি অর্জন করেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের মধ্যে মোট ১৩ জন শিক্ষার্থী প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড লাভ করেন। তাদের মধ্যে গ্র্যাজুয়েট স্কুল থেকে একমাত্র ইয়াসমিন আক্তার অধরা এই সম্মাননা অর্জন করেন। একই অনুষ্ঠানে একজন শিক্ষার্থী চেয়ারম্যান অ্যাওয়ার্ড এবং গ্র্যাজুয়েট স্কুলের পাঁচজন শিক্ষার্থী আউটস্ট্যান্ডিং থিসিস অ্যাওয়ার্ড লাভ করেন।

ইয়াসমিন আক্তার অধরার থিসিসের শিরোনাম হল, ‘ইন্টারনাল কলোনিজ অফ এইড এন্ড মবিলিটি: হিউমান ট্রাফিককিং উইথিং টি রোহিঙ্গ্যা রেফিউজি–হোস্ট কমিউনিটি ল্যান্ডস্ক্যাপে অফ কক্সস বাজার’।

গবেষণায় কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় জনগণের প্রেক্ষাপটে মানবিক সহায়তা, বাস্তুচ্যুতি, মানুষের চলাচল, জীবিকা ও নিরাপত্তার সঙ্গে মানবপাচারের সম্পর্ক বিশ্লেষণ করা হয়েছে।

বিশেষভাবে, শরণার্থী ও স্থানীয় জনগণের সামাজিক-অর্থনৈতিক বাস্তবতা এবং মানুষের চলাচলের ওপর বিভিন্ন সীমাবদ্ধতা কীভাবে মানবপাচারের ঝুঁকি তৈরি করতে পারে, তা গবেষণার অন্যতম গুরুত্বপূর্ণ দিক।

গবেষণাটিতে রোহিঙ্গা সংকটকে শুধুমাত্র একটি শরণার্থী সংকট হিসেবে না দেখে এর সঙ্গে জড়িত বৃহত্তর সামাজিক ও মানবিক বাস্তবতাগুলো বোঝার চেষ্টা করা হয়েছে। মানবপাচার, মানুষের চলাচল, জীবিকার সুযোগ এবং নিরাপত্তার মতো বিষয়গুলো কীভাবে পরস্পরের সঙ্গে যুক্ত—গবেষণায় সে বিষয়টিও গুরুত্ব পেয়েছে।

প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পাওয়ার অনুভূতি জানিয়ে ইয়াসমিন আক্তার অধরা বলেন, "এই স্বীকৃতি আমার জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের। একই সঙ্গে এটি আমার কাছে একটি বড় দায়িত্বেরও বিষয়। মানবপাচার কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় জনগণের কাছে একটি কঠিন বাস্তবতা। সেই বাস্তবতার একটি গুরুত্বপূর্ণ দিক নিয়ে গবেষণা করার সুযোগ আমার জন্য অনেক অর্থবহ ছিল।"

গবেষণার বিষয় নির্বাচন সম্পর্কে তিনি বলেন, "রোহিঙ্গা সংকটকে শুধু একটি শরণার্থী সংকট হিসেবে না দেখে এর সঙ্গে জড়িত মানবপাচার, মানুষের চলাচল, জীবিকা ও সামাজিক বাস্তবতার জটিলতাগুলোকে বোঝার চেষ্টা করাই ছিল আমার মূল উদ্দেশ্য।"

তিনি আরো বলেন, "গবেষণার সময় আমি উপলব্ধি করেছি, একটি সমস্যাকে বুঝতে হলে শুধু পরিসংখ্যান বা নীতিমালার দিকে তাকালেই হয় না; এর সঙ্গে জড়িত মানুষের অভিজ্ঞতা ও বাস্তবতাকেও গুরুত্ব দিতে হয়।"

আন্তর্জাতিক একাডেমিক পরিসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পেরে গর্বিত ইয়াসমিন। তিনি বলেন, "সাংকংহে ইউনিভার্সিটির প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পাওয়া আমার জন্য নিঃসন্দেহে একটি বিশেষ মুহূর্ত। এই অর্জনের পেছনে আমার পরিবার, শিক্ষক, সহপাঠী এবং গবেষণার বিভিন্ন পর্যায়ে যারা আমাকে সহযোগিতা করেছেন, তাদের সবার অবদান রয়েছে। তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।"

ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, "একজন বাংলাদেশি শিক্ষার্থী হিসেবে আন্তর্জাতিক একাডেমিক পরিসরে দেশের প্রতিনিধিত্ব করতে পেরে আমি গর্বিত। আমি বিশ্বাস করি, এই অর্জন আমার পথচলার শেষ নয়; বরং মানুষের অধিকার, সামাজিক ন্যায়বিচার এবং মানবিক সংকট নিয়ে আরও গভীরভাবে কাজ করার অনুপ্রেরণা।"

ডিগ্রি প্রদান অনুষ্ঠানে সাংকংহে ইউনিভার্সিটির প্রেসিডেন্ট কিম কিয়ং-মুন শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেন।

তিনি শিক্ষার্থীদের এমন মানুষ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার আহ্বান জানান, যারা "দয়ালু কিন্তু অজ্ঞ নন" এবং "যোগ্য কিন্তু অহংকারী নন"।

পরিচিত ও স্বস্তিকর গণ্ডির মধ্যে সীমাবদ্ধ না থেকে অস্বস্তিকর প্রশ্নের মুখোমুখি হওয়ার জন্যও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।

পরিবর্তনশীল বিশ্বে শিক্ষার্থীরা যখন পথ হারিয়ে ফেলবেন, তখন তাদের হৃদয়ে থাকা ‘উন্মুক্ততা, ভাগ করে নেওয়া এবং সেবা’—এই মূল্যবোধ অনুসরণ করার পরামর্শ দেন বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট।

কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় জনগণের মধ্যে মানবপাচারের মতো একটি জটিল সামাজিক ও মানবিক সমস্যা নিয়ে গবেষণার জন্য ইয়াসমিনের এই আন্তর্জাতিক স্বীকৃতি তার একাডেমিক সাফল্যের পাশাপাশি বাংলাদেশের গবেষণা ও মানবাধিকারভিত্তিক কাজের ক্ষেত্রেও একটি উল্লেখযোগ্য অর্জন।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জমকালো আয়োজনে ভিওডি বাংলার দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:২৭ এম


জমকালো আয়োজনে ভিওডি বাংলার দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন

দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আনন্দ-উৎসব ও প্রত্যাশার আবহে ভিওডি বাংলা অনুষ্ঠানটি আয়োজন করেছে। রাজধানী ঢাকার বাংলামোটরের প্ল্যানার্স টাওয়ারে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভিওডি বাংলার প্রধান কার্যালয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ উপস্থিত হয়ে মন্তব্য করেন, ভয়েস অব ডেমোক্রেসি (ভিওডি) দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে কাজ করে আসছে। তাদের ওপর নিপীড়ন ও ঝড়ের আশঙ্কা ছিল, তবে তারা সাহসের সঙ্গে সেই চ্যালেঞ্জ মোকাবিলা করেছে। তিনি বিশ্বাস করেন যে, তারা অচিরেই প্রথম শ্রেণির গণমাধ্যমে পরিণত হবে।

রুহুল কবির রিজভী আরও বলেন, ভিওডি বাংলা দুই বছর নানা ঝড়ঝাপটা মোকাবিলা করে এসেছে। তাই, এখন তাদের পিছিয়ে পড়ার কোনো শঙ্কা নেই। তিনি উল্লেখ করেন, এই প্রতিষ্ঠানের অনেক সদস্যকে তিনি চেনেন এবং তারা নির্ভয়ে কাজ করে চলেছেন। তারা শুধু সরকারের প্রশংসা করেন না, সমালোচনাও করেন। এটি গণতন্ত্রের অংশ এবং সংবাদপত্রের স্বাধীনতার অংশ।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ভিওডি বাংলার ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল সালাম অত্যন্ত সম্ভাবনাময় তরুণ। তিনি বিশ্বাস করেন যে, ফয়সাল সালাম ভিওডি বাংলাকে নেতৃত্ব দিয়ে প্রথম সারির গণমাধ্যমে পরিণত করবেন।

অনুষ্ঠানের শেষে অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ভিওডি বাংলাকে শুভকামনা জানান।

মন্ত্রী শেখ রবিউল আলম, যিনি সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী, তিনি বলেন, ভিওডি বাংলা গণমানুষের আকাঙ্ক্ষার চ্যানেলে পরিণত হয়েছে। তিনি ভিওডি বাংলার কর্মীদের অভিনন্দন জানান এবং বলেন, যারা ভিওডি বাংলার সঙ্গে আছেন তারা গণমানুষের আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করছেন। তিনি আশা প্রকাশ করেন যে, ভিওডি বাংলা পূর্বের মতোই জনগণের কণ্ঠস্বর হয়ে সরকারকে পথ দেখাবে।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, ‘ভয়েস অব ডেমোক্রেসি’ নামের মধ্যেই গণতন্ত্রের বিষয়টি নিহিত। তিনি মনে করেন, বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার বাস্তবায়নের লক্ষ্যেই এই প্রতিষ্ঠানের সৃষ্টি হয়েছে।

তিনি আরও বলেন, বিগত তিন ফ্যাসিস্টবিরোধী আন্দোলনে এই প্রতিষ্ঠানটি কীভাবে মানুষের কথা বলেছে এবং তা জনসাধারণের সামনে তুলে ধরেছে, তা সকলের জানা। আজকের প্রতিষ্ঠাবার্ষিকীতে তিনি তাদের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন। তিনি উল্লেখ করেন, আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাবার্ষিকী এবং আগামী দিনে ভিওডি তার বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত চৌধুরী বলেন, ভয়েস অব ডেমোক্রেসির প্রতিষ্ঠাতা আবদুস সালাম ও ভিওডির তরুণ কর্মীদের তিনি প্রাণঢালা অভিনন্দন জানান। তিনি বলেন, ভিওডি বাংলা দেশের মানুষের কথা সবার কাছে পৌঁছে দিচ্ছে এবং প্রযুক্তিগতভাবে আরও এগিয়ে গেছে। তারা দেশের প্রথম হাইব্রিড টেলিভিশন হিসেবে আত্মপ্রকাশের প্রস্তুতি সম্পন্ন করেছে।

ভিওডি বাংলার ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল সালাম সাগর জানান, ভিওডি বাংলা দুই বছরের পথচলায় ডিজিটাল কনটেন্ট ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠক ও দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। তিনি সকলকে বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য শুভেচ্ছা জানান।

এই দিন সন্ধ্যায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে মূল আয়োজন শুরু হয়। হাফেজ মোহাম্মদ আবু সাঈদ পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন। এরপর আমন্ত্রিত অতিথি ও কলাকুশলীদের অংশগ্রহণে জাতীয় সংগীত পরিবেশিত হয়।

এ সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ (সালেহ শিবলী), প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ফরহাদ হালিম ডোনার, বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল, যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না, গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত চৌধুরী, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধান, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল, জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি ও কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য দেলাওয়ার হোসেন, জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ, ইসলামী ঐক্যজোটের মহাসচিব অধ্যাপক মাওলানা আবদুল করিম, জমিয়তে ওলামায়ে ইসলামের মহাসচিব ড. মহিউদ্দিন ইকরাম, বাংলাদেশ কল্যাণ পার্টির সভাপতি শামসুদ্দিন পারভেজ, জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক ইথুন বাবু, জেডিপির আহ্বায়ক নাঈম আহমেদ, লেখক ও রাজনৈতিক বিশ্লেষক রাইয়ান জহির, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগের প্রধান রফিকুজ্জামান রুমানসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতাকর্মী ও সদস্যরা উপস্থিত ছিলেন।

২০২৪ সালের আজকের এই দিনে সত্য ও নির্ভরযোগ্য সংবাদ মানুষের কাছে পৌঁছে দেওয়ার প্রত্যয় নিয়ে পথচলা শুরু করেছিল ‘ভিওডি বাংলা’। দেখতে দেখতে সেই পথচলার দুই বছর পূর্ণ হলো আজ। এই সময়ের মধ্যে সংবাদ, তথ্য ও মানুষের গল্পকে গুরুত্ব দিয়ে পাঠকের কাছে নিজেদের একটি স্বতন্ত্র অবস্থান তৈরি করেছে 'ভিওডি বাংলা'।

‘পথ দেখে, পথ দেখায়’ স্লোগানকে ধারণ করে ভিওডি বাংলার পথচলা কেবল ‘ট্র্যাডিশনাল সংবাদ’ প্রকাশের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। ব্রেকিং নিউজ থেকে ভিন্নধারার বিশেষ প্রতিবেদন, দেশের নানা প্রান্তের মানুষের কথা, সমসাময়িক ঘটনা, জাতীয় থেকে আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু এবং জীবনঘনিষ্ঠ গল্প তুলে ধরার পাশাপাশি যাত্রার শুরু থেকেই দেশের প্রথম অনলাইনভিত্তিক টক শো চালু করে পাঠকের সামনে নতুন আঙ্গিকে কনটেন্ট উপস্থাপনের চেষ্টা অব্যাহত রেখেছে ভিওডি বাংলা মিডিয়া লিমিটেড।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অসুস্থ হয়ে হাসপাতালে বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:৩০ এম


অসুস্থ হয়ে হাসপাতালে বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জ্বর ও ঠান্ডাজনিত অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে তাকে ভর্তি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মন্ত্রীর ব্যক্তিগত সহকারী আবদুল্লা আল কায়েস।

মন্ত্রী গত চার থেকে পাঁচ দিন ধরে জ্বর ও ঠান্ডায় ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকদের পরামর্শে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।

বর্তমানে ইকবাল হাসান মাহমুদ টুকু হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। তার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দ্রুত সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেতন বৃদ্ধির প্রভাবে নিত্যপণ্যের বাজারে অতিরিক্ত চাহিদার আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:৩৪ এম


বেতন বৃদ্ধির প্রভাবে নিত্যপণ্যের বাজারে অতিরিক্ত চাহিদার আশঙ্কা

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন জাতীয় বেতন স্কেল কার্যকর হলে কিছু মানুষের ক্রয়ক্ষমতা ও পণ্যের চাহিদা বৃদ্ধি পেতে পারে। তবে, পাইকারি-খুচরা ব্যবসায়ী ও আমদানিকারকরা মনে করছেন, যদি বাড়তি চাহিদার সঙ্গে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা যায়, তাহলে অযৌক্তিক মূল্যবৃদ্ধির কোনো কারণ থাকবে না। এদিকে, শীর্ষ ব্যবসায়ী সংগঠন এফবিসিসিআই ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছে যে, নতুন পে স্কেলের সুযোগ নিয়ে পণ্যের দাম না বাড়ানোর জন্য তাদের সচেতন থাকতে হবে।

গতকাল মঙ্গলবার রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই কার্যালয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ, মজুত, আমদানি ও মূল্য পরিস্থিতি নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় ব্যবসায়ীরা এসব বিষয় নিয়ে আলোচনা করেন। সভার সভাপতিত্ব করেন এফবিসিসিআইয়ের প্রশাসক ফজলুল হক।

সভায় ব্যবসায়ী নেতারা উল্লেখ করেন, চিনি, ভোজ্যতেল, ডাল, আটা, ময়দাসহ নিত্যপণ্যের চাহিদা বাড়লেও, যদি পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা যায়, তাহলে বাজারে দাম বৃদ্ধির কোনো সুযোগ থাকবে না। এজন্য উৎপাদনমুখী শিল্পকারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ এবং আমদানির ক্ষেত্রে এলসি-সংক্রান্ত জটিলতা দ্রুত সমাধানের ওপর গুরুত্ব দেওয়া হয়।

বর্তমানে গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে বিভিন্ন মিল-কারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে। সভায় আমদানিকারকদের এলসি খোলার ক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধকতার কথাও তুলে ধরা হয়। ব্যবসায়ীরা আশঙ্কা করছেন, যদি উৎপাদন ও আমদানি স্বাভাবিক না থাকে, তাহলে সরবরাহ কমে গিয়ে বাড়তি চাহিদার বিপরীতে বাজারে মূল্যবৃদ্ধির চাপ তৈরি হতে পারে।

এদিকে, নতুন পে স্কেল নিয়ে সাধারণ মানুষের মধ্যে নিত্যপণ্যের দাম বাড়ার যে আশঙ্কা তৈরি হয়েছে, ব্যবসায়ীরা সেটিকে অমূলক বলে মনে করছেন। এফবিসিসিআই প্রশাসক বলেন, "বেতন বৃদ্ধির অজুহাতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ানো উচিত নয়।" তিনি উল্লেখ করেন, সরবরাহব্যবস্থা স্বাভাবিক রাখা এবং বাজারে অযৌক্তিক মূল্যবৃদ্ধি ঠেকাতে ব্যবসায়ীদের সহযোগিতা প্রয়োজন।

সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, জাতীয় বেতন স্কেল-২০২৬-এ ২০টি গ্রেড বহাল রেখে সর্বনিম্ন মূল বেতন ৮,২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার এবং সর্বোচ্চ ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে এক লাখ ৫৬ হাজার টাকা করা হয়েছে। নতুন এ কাঠামো ১ জুলাই ২০২৬ থেকে ধাপে ধাপে বাস্তবায়নের সিদ্ধান্ত হয়েছে।

অর্থনীতিবিদদের মতে, বেতন বৃদ্ধি মানুষের হাতে ব্যয়যোগ্য আয় বাড়াবে এবং এর ফলে ভোগ ও পণ্যের চাহিদায় কিছুটা ইতিবাচক প্রভাব পড়তে পারে। তবে, চাহিদা বৃদ্ধির তুলনায় সরবরাহ কম থাকলে মূল্যস্ফীতির চাপ তৈরি হওয়ার ঝুঁকি রয়েছে। নতুন পে স্কেলের সরাসরি প্রভাব খুব বড় না হলেও এর পরোক্ষ প্রভাব অর্থনীতিতে পড়তে পারে বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদরা।

কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে সরকার ও বেসরকারি খাত উভয়কেই আরো দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি বিশেষ করে সরবরাহ স্বাভাবিক রাখা এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দেন।

সভায় বাজারে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমানো এবং পণ্য সরবরাহের পথে অপ্রয়োজনীয় হাতবদল কমানোর ওপরও গুরুত্ব দেওয়া হয়। ব্যবসায়ীরা বলেন, উৎপাদক থেকে ভোক্তার কাছে পণ্য পৌঁছাতে যত বেশি স্তর থাকবে, তত বেশি খরচ যুক্ত হওয়ার সুযোগ তৈরি হবে। তাই সরবরাহব্যবস্থাকে আরো সংক্ষিপ্ত ও স্বচ্ছ করার প্রয়োজন রয়েছে।

এছাড়া মিলগেট, পাইকারি ও খুচরা পর্যায়ে মূল্য তদারকি জোরদার, অনিবন্ধিত ব্যবসায়ীদের নজরদারির আওতায় আনা এবং সরবরাহ ব্যবস্থায় হয়রানি বন্ধের দাবি ওঠে। প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা নেওয়ারও পরামর্শ দেন ব্যবসায়ী নেতারা।

সভায় টিসিবির পক্ষ থেকে জানানো হয়, ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রায় এক কোটি পরিবারের কাছে স্বল্পমূল্যে নিত্যপণ্য বিক্রি করা হচ্ছে। খাদ্য অধিদপ্তরও নিম্নআয়ের মানুষের জন্য খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় স্বল্পমূল্যে চাল বিতরণের তথ্য তুলে ধরে। সরকারি এসব কার্যক্রম বাজারে চাহিদা ও দামের ওপর চাপ কমাতে ভূমিকা রাখছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

সভায় বক্তারা বলেন, সব মিলিয়ে নতুন পে স্কেলের ফলে বাজারে চাহিদা বাড়ার সম্ভাবনা থাকলেও নিত্যপণ্যের দাম কতটা বাড়বে, তা অনেকাংশে নির্ভর করবে সরবরাহ, উৎপাদন, আমদানি, জ্বালানি পরিস্থিতি ও বাজার ব্যবস্থাপনার ওপর। তাই বেতন বাড়ার প্রভাবকে অজুহাত না বানিয়ে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা এবং বাজারে কার্যকর নজরদারি রাখাই হবে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখার প্রধান চ্যালেঞ্জ। বর্তমান সরকারি উদ্যোগে গুরুত্বপূর্ণ নিত্যপণ্যের সরবরাহ নিশ্চিত করতে আমদানি সহজীকরণ, শুল্ক-কর যৌক্তিকীকরণ ও বিকল্প উৎসের কথাও বলা হয়েছে।

এআরবি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%