বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
১০:৪৫ পি.এম
চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা রবিবার সকালে (১৮ মে ২০২৫) জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিনের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।
সভাপ্রধান জেলা প্রশাসক তাঁর বক্তব্যে উল্লেখ করেন, অর্থবছরের জুনের মধ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) রাজস্ব এবং উন্নয়ন প্রকল্পের শতভাগ বাস্তবায়ন নিশ্চিত করতে চান। তিনি জানান, চাঁদপুর পৌর এলাকায় সাপ্লাই পানি শতভাগ নিশ্চিত হয়নি এবং বিদেশি সাহায্য সংস্থা এখানে আরেকটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন করবে। এ বিষয়ে একটি সমন্বয় সভা আজকের দিনেই অনুষ্ঠিত হবে।
জেলা প্রশাসক পৌর প্রশাসকদের উদ্দেশ্যে বলেন, চাঁদপুর জেলার প্রতিটি পৌর এলাকার জলবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থাকে পরিষ্কার রাখতে হবে। তিনি জনগণের স্বস্তির জন্য লোডশেডিং এর পরিমাণ কমানোর প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং পিডিবি ও পল্লী বিদ্যুৎ বিভাগের দৃষ্টি আকর্ষণ করেন।
তিনি আরও বলেন, আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে সড়ক মহাসড়কসহ শিক্ষা প্রতিষ্ঠানের আঙিনায় এবং যত্রতত্র পশুরহাট স্থাপন করা যাবে না। পশুর হাটে চাহিদা অনুযায়ী পর্যাপ্ত পশু সরবরাহ নিশ্চিত করতে হবে এবং প্রতিটি হাটে প্রাণিসম্পদ বিভাগের মেডিকেল টিমের উপস্থিতি জরুরি। কুরবানী দেওয়ার পর পরিবেশ রক্ষায় পশুর বর্জ্য দ্রুত অপসারণের ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং কোরবানির চামড়া সংরক্ষণের জন্য যথাযথ ব্যবস্থা রাখতে হবে। সময়মতো পর্যাপ্ত লবণের যোগান নিশ্চিত করা প্রয়োজন এবং পশুর হাটে জালনোট সনাক্তকরণের জন্য মেশিন ব্যবহার করতে হবে।
সড়ক-মহাসড়কে মানুষের যাতায়াত স্বাভাবিক রাখতে সড়কগুলোর ভাঙ্গা অংশ বা গর্ত দ্রুত মেরামতের ব্যবস্থা নিতে হবে। চাঁদপুর সদর উপজেলার বাগাদি ইউনিয়নে নদী ভাঙ্গন রোধে পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। বর্ষা মৌসুমে চাঁদপুরের দুটি প্রকল্পের অভ্যন্তরে জলাবদ্ধতা তৈরির আশঙ্কা থাকে। স্লুইসগেটগুলো সচল রাখা এবং জলাবদ্ধতা প্রতিরোধে ব্যবস্থা গ্রহণের এখনই সময়। জেলা প্রশাসক বলেন, এবার এসএসসি পরীক্ষা যাই হয়েছে, এইচএসসি পরীক্ষায় আরো কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি লেখাপড়ার মান বৃদ্ধির প্রতি গুরুত্বারোপ করেন।
সভাটির শুরুতে জেলা পর্যায়ে বিভিন্ন বিভাগের উন্নয়ন প্রকল্প ও কর্মসূচির অগ্রগতি এবং বাস্তবায়ন পর্যালোচনা করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন বিগত সভার প্রতিবেদন উপস্থাপন করেন।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) লুৎফর রহমান, স্থানীয় সরকার উপপরিচালক মো. গোলাম জাকারিয়া, সিভিল সার্জন প্রতিনিধি মেডিকেল অফিসার ডা. মো. আব্দুল্লাহ আল যুবায়ের, এনএসআই যুগ্ম পরিচালক আবু আব্দুল্লাহ, চাঁদপুর জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. একেএম মাহাবুবুর রহমান, এলজিইডি নির্বাহী প্রকৌশলী মো. আহসান কবির, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী নাসিম আহমেদ টিটু, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী অলিউল হোসেন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মনজুরুল আলম শরীফ, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. জহুরুল হক, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবু মুসা মোহাম্মদ ফয়সাল, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত, ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রিজিয়া নিগার সুলতানা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসারসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ভোলা সদর উপজেলার বুড়ির মসজিদ এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষের ফলে মো. সজিব (১৭) নামের এক যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় আরো দুজন আহত হয়েছেন।
ঘটনাটি বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৮টার দিকে ঘটে। সজিব ইলিশা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গুপ্তমুন্সী গ্রামের মো. ফারুকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার সময় সজিব তার বন্ধুর মোটরসাইকেল নিয়ে দুই বন্ধুকে সঙ্গে করে পরানগঞ্জ বাজার থেকে ভোলা শহরের দিকে যাচ্ছিলেন। যখন মোটরসাইকেলটি বাপ্তা ইউনিয়নের বুড়ির মসজিদ এলাকায় পৌঁছায়, তখন একটি ইলিশাগামী অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এই দুর্ঘটনায় সজিব, তার এক বন্ধু এবং অটোরিকশাচালক আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক সজিব ও অটোরিকশাচালককে উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। হাসপাতালে নেওয়ার পথে সজিবের মৃত্যু ঘটে। তবে আহত অপর দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, "খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। তারা ঘটনাস্থল থেকে মোটরসাইকেলটি উদ্ধার করেছে। গুরুতর আহত দুজনকে বরিশালে নেওয়ার পথে মোটরসাইকেলচালক সজিব মারা যান। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম সফল ক্লাব চেলসি ফুটবল ক্লাবের মালিকানা নিয়ে বড় ধরনের পরিবর্তন ঘটেছে। ক্লাবের সভাপতি টড বোয়েহলি এবং পরিচালক মার্ক ওয়াল্টার তাদের যৌথ মালিকানার একটি অংশ বিক্রি করে দিয়েছেন। আমেরিকার প্রখ্যাত প্রাইভেট ইকুইটি প্রতিষ্ঠান ‘ক্লিয়ারলেক ক্যাপিটাল’ ২৫ শতাংশ শেয়ার প্রায় ১ বিলিয়ন (১০০ কোটি) পাউন্ডের বিনিময়ে কিনে নিয়েছে।
চেলসির ৬১.৫ শতাংশ শেয়ারের মালিক আগে থেকেই ছিল ক্লিয়ারলেক ক্যাপিটাল। বোয়েহলি ও ওয়াল্টারের ২৫ শতাংশ অংশীদারি বিক্রির পর, এখন পশ্চিম লন্ডনের ঐতিহ্যবাহী ক্লাবটির সম্পূর্ণ নিয়ন্ত্রণ ও একক কর্তৃত্ব ক্লিয়ারলেকের হাতে চলে এসেছে। এই বিশাল চুক্তির ফলে চেলসির বর্তমান বাজারমূল্য, ঋণসহ, প্রায় ৫ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।
ক্লাবের সূত্র অনুযায়ী, এই বড় অঙ্কের মালিকানা পরিবর্তনের পরেও চেলসির বর্তমান পরিচালনা পর্ষদ, ক্লাবের দীর্ঘমেয়াদী কৌশল কিংবা দৈনন্দিন কার্যক্রমে তাৎক্ষণিক কোনো বড় পরিবর্তন আসছে না। তবে কনসোর্টিয়ামের অন্যতম সহ-বিনিয়োগকারী হ্যান্সজর্গ উইস আগের মতোই মালিকানা গ্রুপে নিজের অংশীদারি বজায় রেখেছেন।
উল্লেখ্য, ২০২২ সালে রাশিয়ার ধনকুবের রোমান আব্রামোভিচের কাছ থেকে চেলসি কিনেছিল টড বোয়েহলির নেতৃত্বাধীন কনসোর্টিয়াম। চার বছরের মাথায় এসে ক্লাবটির বড় অংশের মালিকানা হস্তান্তর ব্লুজদের ফুটবলীয় এবং বাণিজ্যিক নীতিতে নতুন কোনো মাত্রা যোগ করে কিনা, সেটাই এখন দেখার বিষয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজধানীর সবুজবাগ, ভাটারা, ডেমরা, যাত্রাবাড়ী এবং আজিমপুরের বিভিন্ন স্থান থেকে পুলিশ দুই নারীসহ পাঁচজনের মৃতদেহ উদ্ধার করেছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য মৃতদেহগুলো পাঠানো হয়।
মৃতদের মধ্যে রয়েছেন, সবুজবাগের গৃহবধূ আফরোজা আইরিন (৪৮), ভাটারার প্রবাস ফেরত তামিম মোস্তফা (২২), ডেমরার ব্যবসায়ী জীবন মিয়া (৩৩), যাত্রাবাড়ীর সালমা বেগম (৩০) এবং আজিমপুরের বৃদ্ধা আঙ্গুর নেছা (৭২)।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানিয়েছেন, ময়নাতদন্তের জন্য মরদেহগুলো মর্গে রাখা হয়েছে। ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ফরিদপুরের সদরপুরে জমি নিয়ে বিরোধের কারণে এম এ মোস্তাফিজুর রহমান (৪৫) নামের এক স্কুলশিক্ষককে বাড়িতে ঢুকে গুলি করার অভিযোগ উঠেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের জাকেরডাঙ্গী গ্রামে এই ঘটনা ঘটে।
আহত মোস্তাফিজুর রহমানকে রাতেই ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে। চিকিৎসার ‘ইনজুরি নোট’ অনুযায়ী, তাঁর ডান পায়ে গুলির ক্ষত রয়েছে। এতে হাঁটুর নিচের অংশের দুটি হাড় ভেঙে গেছে। এছাড়া, ডান কাঁধের হাড়ের স্থানচ্যুতি, বুকে আঘাতের দাগ এবং ডান হাতে ফোলা ও ব্যথার বিষয়টি উল্লেখ করা হয়েছে।
মোস্তাফিজুর রহমান জাকেরডাঙ্গী গ্রামের সফিউদ্দীন রহমানের ছেলে। তিনি সদরপুর উপজেলার আকটেরচর ইউনিয়নের শোনপাচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত।
ভুক্তভোগীর পরিবারের দাবি, বুধবার স্কুল শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার সময় বিকেল ৫টার দিকে হেলমেট পরা ১৪-১৫ জন যুবক মোটরসাইকেলে করে তাঁদের বাড়িতে প্রবেশ করেন। তাঁদের মধ্যে কয়েকজনের হাতে হকিস্টিক, রামদা, চাপাতি ও কাঠের লাঠি ছিল। একজনের হাতে আগ্নেয়াস্ত্রও ছিল। তারা বাড়িতে ঢুকে মোস্তাফিজুরের ডান পায়ে গুলি করে। পরে হামলাকারীরা বাড়ির বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে চলে যান।
স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, চরভদ্রাসন উপজেলার ব্যবসায়ী আলতাফ শেখের সঙ্গে মোস্তাফিজুরের পরিবারের জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। এর জেরে গত ৭ সেপ্টেম্বর আলতাফ শেখের প্রায় দুই বিঘা জমির ৩৫০টি কলাগাছ কেটে ফেলার অভিযোগ ওঠে মোস্তাফিজুরসহ কয়েকজনের বিরুদ্ধে।
মোস্তাফিজুরের বোন মোহসীনা আক্তার বলেন, ‘জমি নিয়ে বিরোধের জেরেই আমার ভাইকে গুলি করা হয়েছে। হামলাকারীরা স্কুল থেকে তাকে অনুসরণ করে বাড়িতে এসে গুলি করে।’
মোস্তাফিজুরের বাবা সফিউদ্দীন রহমান জানান, ‘পৈতৃক সম্পত্তির ২৬ শতাংশ জমি চরভদ্রাসনের আলতাফ শেখের কাছে বিক্রি করেছিলাম। কিন্তু তিনি আরো প্রায় ৪০ শতাংশ জমি দখল করে রেখেছেন। এ নিয়ে বিরোধের জেরেই আমার ছেলের ওপর হামলা হয়েছে।’
তার অভিযোগ, আলতাফ শেখের ছেলে আব্দুল্লাহ আল মইদ আগ্নেয়াস্ত্র দিয়ে মোস্তাফিজুরের ডান পায়ে গুলি করেন।
তবে আব্দুল্লাহ আল মইদ (২৫) এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘আমাদের দেখে পালাতে গিয়ে মোস্তাফিজুর পড়ে যান। তখন তাঁর পায়ে আঘাত লাগে। তাঁর পা আগেই ভাঙা ছিল।’
এ বিষয়ে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন শাহ বলেন, ‘এ ধরনের কোনো ঘটনার কথা আমার জানা নেই। এ বিষয়ে থানায় কেউ অভিযোগও করেননি।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ