মেহেন্দিগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৮:০৮ পি.এম
বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার গুরুত্বপূর্ণ ইউনিয়ন ১২ নং দড়িরচর খাজুরিয়া। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে এ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে শুরু হয়েছে আলোচনা ও নির্বাচনী প্রস্তুতি। এরই মধ্যে ১২ নং দড়িরচর খাজুরিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে সদস্য (মেম্বার) পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন মোঃ সবুজ খান।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, সততা, পরিশ্রম ও সাধারণ মানুষের প্রতি আন্তরিকতার কারণে মোঃ সবুজ খান এলাকায় পরিচিত মুখ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। দীর্ঘদিন ধরে তিনি এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সুখ-দুঃখে পাশে থাকার চেষ্টা করছেন বলেও জানান স্থানীয়রা।
বিশেষ করে অসহায়, দরিদ্র ও শ্রমজীবী মানুষের প্রতি তার সহযোগিতামূলক মনোভাব এবং আন্তরিকতা অনেকের কাছে প্রশংসিত হয়েছে বলে দাবি করেন তার সমর্থকরা। তাদের প্রত্যাশা, একজন সৎ, কর্মঠ ও জনবান্ধব প্রতিনিধি নির্বাচিত হলে ৩ নম্বর ওয়ার্ডের উন্নয়ন ও নাগরিক সেবা আরও কার্যকরভাবে এগিয়ে নেওয়া সম্ভব হবে।
৩ নম্বর ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করে জানা যায়, এলাকার উন্নয়ন, নাগরিক সেবা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের পাশে থাকার প্রত্যয় নিয়ে নির্বাচনী মাঠে কাজ করছেন মোঃ সবুজ খান। তার প্রার্থিতা নিয়ে ইতোমধ্যে স্থানীয় পর্যায়ে আলোচনা তৈরি হয়েছে।
মোঃ সবুজ খান বলেন, “আমি সবসময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। নির্বাচিত হলে দল-মত ও শ্রেণি-পেশার ঊর্ধ্বে উঠে সবার জন্য কাজ করতে চাই। ৩ নম্বর ওয়ার্ডকে একটি সুন্দর, উন্নত ও আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করব।”
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ১২ নং দড়িরচর খাজুরিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে মোঃ সবুজ খানকে ঘিরে স্থানীয়দের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। এখন নির্বাচনী মাঠে তার অবস্থান ও সাধারণ মানুষের সমর্থন কতটা শক্তিশালী হয়, সেটিই দেখার বিষয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কুমিল্লা, ৯ সেপ্টেম্বর, ২০২৬ : মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের মা আমেনা বেগমের জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বাদ জোহর কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর হাইস্কুল মাঠে মরহুমার জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের (কুউক) চেয়ারম্যান উদবাতুল বারী, কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা ওয়াসার চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, জেলা প্রশাসক রোজী আকতার, পুলিশ সুপার মো. আনিসুজ্জামানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন। পরে পরানপুরে পারিবারিক কবরস্থানে মরহুমার দাফন সম্পন্ন করা হয়।
উল্লেখ্য, আমেনা বেগম গতকাল মঙ্গলবার দুপুরে ঢাকায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ১০৩ বছর। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ৫ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পিরোজপুরের কাউখালীতে ডোবার পানিতে ডুবে সাবিদ নামে আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে দিকে উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের হোগলা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত সাবিদ ওই এলাকার মোঃ হাসান ইমাম নাঈমের ছেলে।
পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার দুপুরের সময় সাবিদ সবার অগোচরে বাড়ির আঙিনায় খেলছিল। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে বাড়ির পাশে ডোবার পানিতে শিশুটিকে দেখতে
পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ অমৃতা সরকার বলেন, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।
শিশুটির এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পিরোজপুর, ৯ সেপ্টেম্বর ২০২৬ : জেলায় আজ বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা সহ নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
আজ বুধবার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল পিরোজপুর জেলা শাখার উদ্যোগে জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা বিএনপি কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন।
জেলা মহিলা দলের সভাপতি সাহিদা বেগমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রহিমা আক্তার হাসির সঞ্চালনায় এ আলোচনা সভায় জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক সুলতানা জাহান মেমী, সদর উপজেলা মহিলা দলের আহ্বায়ক ফারজানা হক সহ মহিলা দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র, উন্নয়ন ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় মহিলা দলের নেতাকর্মীদের আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ৯ সেপ্টেম্বর, ২০২৬ : প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবেশ রক্ষা, পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন।
পরিবেশ রক্ষায় সরকারের পরিকল্পনা তুলে ধরে শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা দেশের পরিবেশ সুন্দর ও সবুজ করতে ২৫ কোটি বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছি। এতে তোমাদেরও অংশগ্রহণ করা উচিত। পরিবেশ ঠিক রাখতে তোমাদের বাসা, শিক্ষাপ্রতিষ্ঠান এমনকি তোমাদের আত্মীয়স্বজনদের বাসার আশপাশেও গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে।’
তিনি আরও বলেন, ‘যেকোনো বিশেষ আয়োজন-সেটা জন্মদিন কিংবা অন্য কোনো বিশেষ দিন উপলক্ষ্যে একে অন্যকে গাছের চারা উপহার দিতে পারো। এভাবে গাছ উপহার দেওয়ার সংস্কৃতি গড়ে তুলতে হবে।’
এছাড়া দেশের ইতিবাচক পরিবর্তনে ছোট ছোট ভালো কাজ করার পরামর্শও দেন প্রধানমন্ত্রী।
আজ বুধবার বিকেলে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে রাজধানীর ইংরেজি মাধ্যমের স্কুল সানিডেলের শিক্ষার্থীরা তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) এ কথা জানান।
তিনি বলেন, শিক্ষার্থীদের জাতীয় সংসদের কার্যক্রম সম্পর্কে ধারণা দেওয়া এবং সংসদ অধিবেশন প্রত্যক্ষ করার সুযোগের অংশ হিসেবে আজ সংসদে যান সানিডেলের শিক্ষার্থীরা।
সংসদ অধিবেশন চলাকালে আসরের নামাজের বিরতির সময় শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করেন তারেক রহমান।
এ সময় প্রধানমন্ত্রী তাদের পড়াশোনা এবং স্বাস্থ্যসহ নানা বিষয়ে খোঁজখবর নেন। একইসঙ্গে পরিবেশ, পরিচ্ছন্নতা, জনস্বাস্থ্য ও ডেঙ্গুর প্রাদুর্ভাব মোকাবিলায় শিক্ষার্থীদের করণীয় নিয়েও কথা বলেন।
বিদেশের পরিচ্ছন্ন পরিবেশের উদাহরণ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘তোমাদের মধ্যে যারা বিদেশে গেছো, তারা নিশ্চয়ই দেখেছো, সেখানকার পরিবেশ কতটা পরিচ্ছন্ন। আমাদের দেশকেও আমাদেরকেই পরিচ্ছন্ন রাখতে হবে। মানুষকে যত্রতত্র ময়লা ফেলা থেকে বিরত রাখতে তোমরাও সহযোগিতা করবে। যদি দেখো, তোমাদের বন্ধু বা স্বজনদের কেউ পরিবেশ নোংরা করছে বা রাস্তায় ময়লা-আবর্জনা ফেলছে, তখন তাদেরকে বারণ করবে।’
লন্ডনে বসবাসের অভিজ্ঞতা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘সেখানকার পরিবেশ, সেদেশের নাগরিকরাই পরিচ্ছন্ন রাখে। আমরা নিজেরা যদি নিজেদের বাসা ও আশপাশ পরিষ্কার রাখি, তাহলে পুরো দেশকেই পরিচ্ছন্ন রাখা সম্ভব। পরিবর্তন নিজের ঘর থেকেই শুরু করতে হবে।’
ডেঙ্গু প্রতিরোধে সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সেপ্টেম্বর থেকে পরবর্তী তিন মাস ডেঙ্গুর ঝুঁকি বেশি থাকে। তাই আগেই প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে। তোমাদের নিজেদের বাসা ও আশপাশ পরিষ্কার রাখতে হবে। কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকেও খেয়াল রাখতে হবে।’
শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা ছোট ছোট এমন কিছু কাজ করব, যেগুলো সমাজ ও দেশের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখবে। তোমরাও এসব কাজে অংশ নেবে এবং একটি সুন্দর দেশ গড়তে সহযোগিতা করবে।’
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষার্থীরা। এ সময় তারা দেশের ইতিবাচক পরিবর্তন এবং পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে তাঁর আহ্বানে সাড়া দেওয়ার প্রতিশ্রুতি দেন।
আগামীর নেতৃত্ব গড়তে তরুণদের উৎসাহিত করার অংশ হিসেবে শিক্ষার্থীদের জাতীয় সংসদের কার্যক্রম সম্পর্কে ধারণা দিতে সংসদ অধিবেশন সরাসরি প্রত্যক্ষ করার সুযোগ দেওয়া হচ্ছে।
এর অংশ হিসেবে আজ এসেছিলো সানিডেলের ১২৪ জন শিক্ষার্থী। এ সময় তাদের সঙ্গে ছিলেন ১৪ জন শিক্ষক।
তালাশ বিডি/মিডিয়া লিঃ