ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

বগুড়ার শেরপুরে জ্যাক খুলে ট্রাকের নিচে চাপা পড়ে নিহত ৩


বগুড়ার শেরপুরে জ্যাক খুলে ট্রাকের নিচে চাপা পড়ে নিহত ৩

বগুড়ার শেরপুরে একটি বিকল ট্রাক মেরামত করার সময় জ্যাক খুলে ট্রাকের নিচে চাপা পড়ে তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের মহিপুর ফায়ার সার্ভিস এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে রয়েছেন—বগুড়া সদর উপজেলার ইসলামপুর হরিগাড়ী এলাকার মামুন হোসেন (৩৫), নন্দীগ্রাম উপজেলার হানজালা আহম্মেদ (৩০) এবং লিটন হোসেন (৩০)।

 

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় সংঘর্ষ, আহত ১০

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র থেকে জানা যায়, ঢাকা-রংপুর মহাসড়কের মহিপুর এলাকায় একটি কাঠবোঝাই ট্রাক বিকল হয়ে পড়ে। পরে ট্রাকটি মেরামতের জন্য তিনজন সেখানে কাজ শুরু করেন। এ সময় ট্রাকটি জ্যাকের সাহায্যে উঁচু করে রাখা হয়েছিল। হঠাৎ করে জ্যাক খুলে গেলে ট্রাকটি নিচে পড়ে যায় এবং ট্রাকের নিচে থাকা ব্যক্তিরা চাপা পড়ে যান।

ঘটনার খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠান। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন, অপরজন চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে মারা যান।

শেরপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা নুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিকল ট্রাকটি মেরামতের সময় জ্যাক খুলে যাওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

আরও পড়ুন: প্রশাসন কুয়াকাটায় এমপি মাসুদ সাঈদীর ‘হালাল’ পর্যটনকেন্দ্রের নির্মাণকাজ বন্ধ করেছে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টঙ্গী-আব্দুল্লাহপুর ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনা, পুলিশ কনস্টেবল নিহত

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:১৯ এম


টঙ্গী-আব্দুল্লাহপুর ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনা, পুলিশ কনস্টেবল নিহত

ঢাকায় পুলিশ হেডকোয়ার্টার্সে ডাক পৌঁছে দেওয়ার পথে সড়ক দুর্ঘটনায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের এক কনস্টেবল প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার ১ সেপ্টেম্বর দুপুরে টঙ্গী-আব্দুল্লাহপুর ফ্লাইওভারের উপর এই দুর্ঘটনা ঘটে।

নিহত কনস্টেবল শামীম আহমেদ জিএমপির এসএফ শাখায় ডাক বাহক হিসেবে কর্মরত ছিলেন। তিনি কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার মানিকদী দক্ষিণপাড়া এলাকার আঙ্গুর মিয়ার পুত্র।

 

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মাকসুদুল আমল জানিয়েছেন, মঙ্গলবার সকাল ১১টার দিকে পুলিশ কমিশনার কার্যালয় থেকে ডাক নিয়ে পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করেন কনস্টেবল শামীম আহমেদ। ডাক বিতরণের কাজ সম্পন্ন করার পর ফেরার পথে দুপুর আনুমানিক ২টার দিকে টঙ্গী পূর্ব থানাধীন টঙ্গী-আব্দুল্লাহপুর ফ্লাইওভারের উপর সড়ক দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা তাঁকে উদ্ধার করে টঙ্গী আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুপুর সাড়ে ২টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ হাসপাতালে গিয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করেছে।

এদিকে, দায়িত্ব পালনকালে সড়ক দুর্ঘটনায় কনস্টেবল শামীম আহমেদের মৃত্যুর ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন গাজীপুরের পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার, অতিরিক্ত পুলিশ কমিশনার প্রশাসন, অর্থ মোহাম্মদ তাহেরুল হক চৌহান এবং টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মাকসুদুল আমল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেরোবিতে ডিনস অ্যাওয়ার্ড ও মেরিট অ্যাওয়ার্ড পুরস্কার প্রদান

আন্তর্জাতিক ডেস্ক

সোহেল, বেরোবি প্রতিনিধি:

বুধবার, ২ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:২২ এম


বেরোবিতে ডিনস অ্যাওয়ার্ড ও মেরিট অ্যাওয়ার্ড পুরস্কার প্রদান

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এর কলা, সামাজিক বিজ্ঞান ও বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত বিভাগসমূহের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান)/বিবিএ এবং প্রকৌশল ও প্রযুক্তি অনুষদভুক্ত বিভাগসমূহের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বি.এসসি (ইঞ্জিনিয়ারিং) চূড়ান্ত পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের ডিনস অ্যাওয়ার্ড ও মেরিট অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার (০১ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী প্রধান অতিথি হিসেবে উপরোক্ত অনুষদভুক্ত বিভাগের শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক, সনদপত্র ও চেক প্রদান করেন।

তিনি তাঁর বক্তব্যে কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, আজকের এই অর্জন শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম ও মেধার স্বীকৃতি। শিক্ষার মূল উদ্দেশ্য কেবল ভালো ফলাফল অর্জন নয়, বরং অর্জিত জ্ঞান ও যোগ্যতাকে দেশ ও বিশ্বমানবতার কল্যাণে কাজে লাগানো। উপাচার্য বলেন, সম্মাননা ও সনদ অর্জনের অনুপ্রেরণা শিক্ষার্থীদের অনেকদূর এগিয়ে নিয়ে যাবে। শিক্ষার্থীদের সততা, দেশপ্রেম ও গবেষণাধর্মী মানসিকতা নিয়ে নতুন বাংলাদেশ ও আধুনিক বিশ্ব বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বদা উচ্চশিক্ষা ও মানসম্মত গবেষণার সহায়ক পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে দ্বিতীয়বারে মতো ২০১৯-২০২০ এবং ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ৩ জন শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড- ২০২৫/২০২৬ এবং ১৫ জন শিক্ষার্থীকে মেরিট অ্যাওয়ার্ড - ২০২৫/২০২৬ প্রদান করা হয়। অনুষ্ঠানে বিজনেস স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ নূর আলম সিদ্দিক, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. বিজন মোহন চাকী, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. সুমন কুমার দেবনাথ, কলা অনুষদের ডিন প্রফেসর ড. নিতাই কুমার ঘোষ, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ নজরুল ইসলাম, জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ এমদাদুল হক, প্রক্টর প্রফেসর ড. মোঃ ফেরদৌস রহমান, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান তাবিউর রহমান প্রধানসহ শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন একাডেমিক শাখার অতিরিক্ত রেজিস্ট্রার মোঃ আমিনুর রহমান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁদাবাজির মামলায় মোহাম্মদপুরে বহিষ্কৃত শ্রমিক দল নেতা পিন্টু গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:২৬ এম


চাঁদাবাজির মামলায় মোহাম্মদপুরে বহিষ্কৃত শ্রমিক দল নেতা পিন্টু গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরে আন্তঃজেলা ট্রাক মালিক সমিতির কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি, ভাঙচুর ও মারধরের অভিযোগে পুলিশ মো. আলী কায়সার পিন্টুকে গ্রেপ্তার করেছে। পরে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম মঙ্গলবার দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলায় পিন্টুকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে মোহাম্মদপুর থানা থেকে ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে।

 

মামলার এজাহার থেকে জানা যায়, গত ৩১ আগস্ট বিকেল ৫টার দিকে মোহাম্মদপুরের সাত মসজিদ হাউজিংয়ের ভাঙা মসজিদ ট্রাক টার্মিনালে অবস্থিত আন্তঃজেলা ট্রাক মালিক সমিতির কার্যালয়ে পিন্টুসহ কয়েকজন প্রবেশ করেন। সেখানে তারা সমিতির সদস্যদের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন বলে অভিযোগ করা হয়েছে।

মামলার বাদী ও সমিতির সদস্য মো. বেলায়েত হোসেন অভিযোগ করেছেন, পিন্টুসহ অভিযুক্তরা এর আগে বিভিন্ন সময় তাদের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে হুমকি দিয়ে আসছিলেন।

এজাহারে উল্লেখ রয়েছে, ঘটনার দিন পিন্টুর নির্দেশে অভিযুক্তরা ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন এবং তাৎক্ষণিকভাবে ৫ লাখ টাকা দিতে বলেন। সমিতির সদস্যরা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা কার্যালয়ে ভাঙচুর চালান বলে অভিযোগ করা হয়।

এ সময় কার্যালয়ের টেবিল, চেয়ার ও ব্যানার ভাঙচুর করা হয়। এতে প্রায় ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে। পরে বাদী বেলায়েত হোসেনকে লাঠি দিয়ে মারধর করা হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।

একপর্যায়ে আন্তঃজেলা ট্রাক মালিক সমিতির সভাপতি মনোয়ার হোসেন মন্টু, সাধারণ সম্পাদক জহির হোসেন ও ড্রাইভার সমিতির সভাপতি মো. নুশু মিয়াসহ অন্যান্যরা এগিয়ে এসে বেলায়েত হোসেনকে উদ্ধার করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

পুলিশের সূত্রে জানা গেছে, পিন্টুর বিরুদ্ধে এর আগে মোহাম্মদপুর থানায় অন্তত আটটি মামলা রয়েছে। এছাড়া মোহাম্মদপুর এলাকার পুলিশের চাঁদাবাজির তালিকায় তার নাম ৮ নম্বরে রয়েছে বলে জানা গেছে।

এর আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২০২৫ সালের ৮ মে মো. আলী কায়সার পিন্টুকে মোহাম্মদপুর থানা শ্রমিক দলের আহ্বায়ক পদ ও দলের সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যশোরাঞ্চলে পাটের ফলন ভালো হলেও বাজারদর নিয়ে হতাশ কৃষক

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:৩২ এম


যশোরাঞ্চলে পাটের ফলন ভালো হলেও বাজারদর নিয়ে হতাশ কৃষক

যশোরাঞ্চলে চলতি মৌসুমে পাটের ফলন আশাতীত হলেও বাজারদরের কারণে স্থানীয় কৃষকরা চরম হতাশায় ভুগছেন। বর্তমানে বাজারে পাটের দাম ৩ হাজার ৫০০ থেকে ৩ হাজার ৬০০ টাকা মণ হওয়ায় উৎপাদন খরচ বাদ দিয়ে কৃষকদের হাতে খুব সামান্যই থাকছে। ফলে, বাম্পার ফলন সত্ত্বেও লোকসানের শঙ্কা তাঁদের কাটছে না।

যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, চলতি মৌসুমে জেলায় ২৫ হাজার ১৫০ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে, যেখানে মোট ৬০ হাজার ৪৪৯ মেট্রিক টন পাট উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। মৌসুমের শুরুতে ও আষাঢ়-শ্রাবণে অতিবৃষ্টির কারণে কিছু জমির ক্ষতি হলেও পরবর্তীতে অনুকূল আবহাওয়ায় প্রতি হেক্টরে গড়ে ২.৪০ মেট্রিক টন ফলন পাওয়া গেছে।

 

সরেজমিনে দেখা যায়, মাঠজুড়ে এখন পাট কাটা, পরিবহন এবং খাল-বিল ও ডোবায় জাগ দেওয়ার ব্যস্ততা চলছে। তবে, ভালো ফলন সত্ত্বেও হাটের বর্তমান দাম কৃষকদের প্রত্যাশা পূরণ করতে পারছে না।

যশোরের পাটচাষি পলাশ কুমার সরকার এবং দেবাশীষ পাল জানান, জমি তৈরি, বীজ-সার, নিড়ানি এবং পাট কাটা থেকে শুরু করে আঁশ ছাড়ানোর প্রতিটি ধাপে শ্রম ও অর্থের ব্যয় বহুগুণ বেড়েছে। সব খরচ শেষে ৩ হাজার ৫০০ থেকে ৩ হাজার ৬০০ টাকা মণ দরে বিক্রি করে লাভের মুখ দেখা কঠিন হয়ে পড়েছে।

অন্যদিকে, পাটের মৌসুমে গ্রামীণ নারী শ্রমিকদের ব্যস্ততা বেড়েছে। আঁশ ছাড়ানো ও ধোয়ার কাজে যুক্ত নারী শ্রমিক রহিমা বেগম এবং সকিনা খাতুন আক্ষেপ করে বলেন, সারাদিন নোংরা পানিতে নেমে কাজ করায় হাত-পায়ে ঘা ও চর্মরোগ সৃষ্টি হলেও তারা পান মাত্র ২৫০ থেকে ৩০০ টাকা মজুরি।

কৃষকদের অভিযোগ, মৌসুমের শুরুতে দাম কম থাকায় তাঁরা বাধ্য হয়ে কম দামে পাট বিক্রি করেন। পরবর্তীতে বাজার চড়া হলেও তার সুফল চলে যায় মধ্যস্বত্বভোগীদের পকেটে। তাই, মৌসুমের শুরুতেই পাটের উপযুক্ত ও ন্যায্য মূল্য নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন তাঁরা।

যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক আবুল হাসান জানান, জেলার অধিকাংশ এলাকায় পাটের বাম্পার ফলন হয়েছে এবং বর্তমানে কৃষকরা পাট পচানো ও আঁশ ছাড়ানোর প্রক্রিয়ায় ব্যস্ত রয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%