০৪:৪৭ এম
ক্রীড়া প্রতিবেদক : ফর্টিস এফসি মাঝারি মানের দল থেকে বড় দলে পরিণত হয়েছে। এই মৌসুমে এএফসিতে তাদের পারফরম্যান্সও নজর কাড়ছে। অথচ, এতদিনেও জাতীয় স্টেডিয়ামে তাদের খেলার সুযোগ হয়নি! ২০২২ সাল থেকে তারা দেশের শীর্ষ ফুটবলে অংশ নিচ্ছে। তার আগের বছর থেকেই জাতীয় স্টেডিয়ামে সংস্কারের কারণে দীর্ঘ বিরতি ছিল। ২০২৫ সালে সংস্কার শেষে সেখানে ফুটবল ফিরলেও ঘরোয়া আসর এখনও শুরু হয়নি। প্রায় পাঁচ বছর পর ফর্টিসের ম্যাচের মাধ্যমে জাতীয় স্টেডিয়ামে ক্লাব ফুটবল আবার ফিরে আসছে।
আগামী মঙ্গলবাল ফর্টিস-রহমতগঞ্জের ফেডারেশন কাপের খেলা অনুষ্ঠিত হবে এই মাঠে। সংস্কারের পর গত বছর বাংলাদেশ-ভুটান ম্যাচ দিয়ে জাতীয় স্টেডিয়ামে ফুটবল ফিরে আসে। হামজা চৌধুরীর জন্য এটি ছিল ঘরের মাঠে প্রথম ম্যাচ। এরপর থেকে এই মাঠ শুধুমাত্র জাতীয় দলের খেলার নতুন গন্তব্য হয়ে উঠেছে। তবে একসময় ঢাকা স্টেডিয়াম ছিল ঘরোয়া ফুটবলের কেন্দ্রবিন্দু। আবাহনী-মোহামেডানের রূপকথার গল্পগুলো এই স্টেডিয়ামকে ঘিরে। এখন আবার ঘরোয়া ফুটবল সেখানে ফিরছে। ফর্টিস এফসির ম্যানেজার রাশেদুল ইসলাম বলেন, “আমাদের ক্লাবের জন্য এটা স্মরণীয় দিন হয়ে থাকবে, যেহেতু শীর্ষ ফুটবলে আসার পর প্রথমবারের মতো খেলতে নামছি আমরা জাতীয় স্টেডিয়ামে। খেলোয়াড়দের কাছ থেকেও শুনলাম এই মাঠে খেলা নিয়ে তারা রোমাঞ্চিত। জাতীয় স্টেডিয়ামে খেলা, তার চেয়ে বড় কথা ঘরোয়া ফুটবলে একটা ভালো মাঠ বাড়ছে। এত দিন তো শুধু এবিজি স্পোর্টস সিটির কিংস অ্যারেনার মাঠটাই ছিল মানসম্পন্ন। এখন জাতীয় স্টেডিয়ামেও আমরা ভালো ফুটবল দেখতে পারি।”
তবে এই মৌসুমে জাতীয় স্টেডিয়ামে আপাতত শুধুমাত্র ফেডারেশন কাপের ম্যাচ অনুষ্ঠিত হবে। ফর্টিস-রহমতগঞ্জের পর ১ ডিসেম্বর মোহামেডান-পুলিশের ম্যাচ হবে এই মাঠে। ৮ ডিসেম্বর আবাহনী ব্রাদার্সের বিপক্ষে নামবে। ২৯ ডিসেম্বর বসুন্ধরা কিংস খেলবে। আবাহনীর হয়ে খেলা জাতীয় দলের তারকা শেখ মোরসালিনের ক্লাব ক্যারিয়ার (শীর্ষ পর্যায়ে) ২০২২ সালে শুরু হয়েছে। তিনিও এখন পর্যন্ত জাতীয় স্টেডিয়ামে ঘরোয়া ফুটবলের কোনো ম্যাচ খেলেননি। তবে মোরসালিন এই রোমাঞ্চের চেয়ে ভালো মাঠ পাওয়াটাকে বড় করে দেখছেন, “ঢাকার বাইরে আমাদের বাজে সব মাঠে খেলতে হয়। জাতীয় স্টেডিয়ামে খেলা হলে আমাদের জন্য খুব ভালো। আমরাও নিজেদের আরো ভালো করে তুলে ধরতে পারব।”
আরও পড়ুন: নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে ভারতের দারুণ জবাব, পিছিয়ে ২০৯ রান
তবে এখনো জাতীয় স্টেডিয়ামে কোনো লিগের ম্যাচ অনুষ্ঠিত হয়নি। মোহামেডান এবং আবাহনী কুমিল্লা ভেন্যু থেকে সরে গিয়ে মুন্সীগঞ্জ ও ময়মনসিংহ স্টেডিয়ামে খেলছে। লিগের ম্যাচ এই মাঠে ফেরানো কিছুটা জটিল বিষয়। কারণ বসুন্ধরা কিংস বাদে অন্যান্য দলগুলোও হোম ভেন্যু হিসেবে এই স্টেডিয়ামকে পেতে চায়। এতে প্রতি সপ্তাহে ঢাকার বাইরে গিয়ে খেলার জটিলতা এড়ানো সম্ভব হয়; কিন্তু বাফুফে ভেন্যু কাকে দেবে?
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন