সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং
০৪:৫৩ পি.এম
গত মৌসুমে রসুন ও পেঁয়াজের দাম না পাওয়ার কারণে উৎপাদন খরচ তুলতে পারেননি অনেক কৃষক। নতুন মৌসুমে ধারদেনা করে আবারও আবাদে নামার আশায় ছিলেন তাঁরা। কিন্তু কয়েক দিনের টানা বৃষ্টিতে প্রকৃতি যেন সেই স্বপ্নে পানি ঢেলে দিয়েছে। জমিতে জমে থাকা পানিতে সদ্য রোপণ করা রসুন ও পেঁয়াজের বীজ ও চারা পচে যাচ্ছে। কোথাও সেচপাম্প বসিয়ে পানি সরানোর চেষ্টা চলছে, আবার কোথাও চোখের সামনেই নষ্ট হচ্ছে ধারদেনা করে গড়ে তোলা ফসলের ক্ষেত। সব মিলিয়ে নতুন করে লোকসানের আশঙ্কায় দিশেহারা হয়ে পড়েছেন শরীয়তপুরের কৃষকেরা।
সোমবার (২৩ নভেম্বর) নড়িয়া ও জাজিরা উপজেলার বিভিন্ন এলাকায় ফসলি জমি পরিদর্শন করে দেখা গেছে, বৃষ্টির পানিতে অনেক জমি জলমগ্ন হয়ে রয়েছে। রসুন ও পেঁয়াজের ক্ষেত পানির নিচে তলিয়ে গেছে। কোথাও গাছের গোড়া পচে হলুদ হয়ে যাচ্ছে, কোথাও সদ্য গজানো চারা মাটিতে লুটিয়ে পড়েছে। জমি থেকে পানি সরাতে কেউ সেচপাম্প বসিয়েছেন, কেউ নিজের মতো করে পানি নিষ্কাশনের চেষ্টা করছেন। তবে পানি সরানোর চেষ্টা করেও অনেক জমির ফসল রক্ষা করতে পারছেন না কৃষকেরা।
নড়িয়া উপজেলার মীরবহর কান্দি এলাকার কৃষক সমেদ মিয়ার এবারের রসুন আবাদ ছিল ঘুরে দাঁড়ানোর স্বপ্ন। ১৬০ শতাংশ জমিতে রসুন চাষ করতে তাঁর খরচ হয়েছে প্রায় এক লাখ টাকা। পুরো টাকাই ধারদেনা করে জোগাড় করেছিলেন। কিন্তু টানা বৃষ্টিতে তাঁর ১২০ শতাংশ জমির রসুন পানির নিচে তলিয়ে গেছে। টিকে আছে মাত্র ৪০ শতাংশ জমির ফসল। নিজের ক্ষতিগ্রস্ত জমির দিকে তাকিয়ে হতাশ সমেদ মিয়া বলেন, "এক কানি (১৬০ শতাংশ) জমির মধ্যে গন্ডা পাঁচেক (৪০ শতাংশ) জমি শুধু টিকে আছে। বাকি সব পানিতে নষ্ট হয়ে গেছে। এক লাখ টাকার সবই ধার করে রসুন আবাদ করেছি। এখন আমাগো কোনো গতি নাই। সরকার যদি আমাদের সহযোগিতা করে, তাহলে অনেক উপকার হবে।"
একই উপজেলার ডগ্রি এলাকার কৃষক আহম্মদ খাঁর অবস্থাও প্রায় একই। এক সপ্তাহ আগে দুই বিঘা জমিতে রসুনের আবাদ করেছিলেন তিনি। কিন্তু টানা বৃষ্টিতে তাঁর পুরো ক্ষেতই এখন পানির নিচে। জমিতে জমে থাকা পানি সরাতে সেচপাম্প বসিয়েছেন। পানি কমলে কিছু রসুন বাঁচানো যাবে—এমন আশায় এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি।
আহম্মদ খাঁ বলেন, "এইবার আমাগো অনেক বড় ক্ষতি হইলো। গতবার রসুন আবাদ করে খরচই ওঠে নাই। এবার আশা কইরা লাগাইছিলাম। এমন ক্ষতি হইবো ভাবতে পারি নাই। আমাগো আশা, কৃষি বিভাগ যেন বিনামূল্যে নতুন করে বীজ আর সার দেয়।"
আরেক কৃষক রফিক ফরাজী বলেন, "উঁচু জমির কিছু ফসল হয়তো টিকবো, কিন্তু নিচু জমির সব ফসল পানিতে তলাইয়া পইচ্চা যাইবো। আমাগো অনেক ক্ষতি হইছে। আবার নতুন কইরা জমি ভাইঙ্গা লাগাইতে হইবো। এতে অনেক টাকা খরচ আছে।"
কৃষকদের আশঙ্কা, জমির পানি দ্রুত না নামলে রসুন ও পেঁয়াজের আরও বেশি চারা নষ্ট হবে। নতুন করে আবাদ করতে হলে জমি প্রস্তুত, বীজ ও সার কেনাসহ বাড়তি খরচের চাপ সামলাতে হবে। আগের মৌসুমের লোকসানের বোঝা মাথায় নিয়েই নতুন করে এই ক্ষতির মুখে পড়ায় অনেক কৃষকের পক্ষে ঘুরে দাঁড়ানো কঠিন হয়ে পড়বে।
কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে শরীয়তপুর জেলায় ৪ হাজার ৭০৬ হেক্টর জমিতে পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে মুড়িকাটা পেঁয়াজ ৪ হাজার ৩৫০ হেক্টর, হালি পেঁয়াজ ৩৫০ হেক্টর এবং বীজ উৎপাদনের জন্য ৬ হেক্টর জমি রয়েছে। এ ছাড়া ৫ হাজার ২৫০ হেক্টর জমিতে রসুন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
তবে টানা বৃষ্টিতে শুধু রসুন ও পেঁয়াজ নয়, সরিষা ও বিভিন্ন ধরনের সবজির ক্ষেতও ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রাথমিক হিসাব অনুযায়ী, বৃষ্টিতে জেলার ১৪২ হেক্টর জমির বিভিন্ন ফসল আক্রান্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত জমির পরিমাণ নিরূপণ ও কৃষকদের তালিকা তৈরির কাজ চলছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জাহীদুল আলম বলেন, "টানা বৃষ্টিপাতে শরীয়তপুরের বেশ কিছু ফসলি জমি, বিশেষ করে রসুন, পেঁয়াজ, সরিষা ও সবজির ক্ষেত আক্রান্ত হয়েছে। আবহাওয়া ভালো হলে কিছু জমির ফসল টিকে যাবে। ক্ষতিগ্রস্ত কৃষকেরা আমাদের সঙ্গে যোগাযোগ করলে অধিদপ্তরের সঙ্গে কথা বলে তাঁদের প্রণোদনার আওতায় আনার চেষ্টা করা হবে।"
একদিকে আগের মৌসুমের লোকসান, অন্যদিকে নতুন করে বৃষ্টির ক্ষতি—সব মিলিয়ে দিশেহারা শরীয়তপুরের কৃষকেরা। তাঁদের এখন একটাই প্রত্যাশা, দ্রুত জমির পানি নিষ্কাশনের ব্যবস্থা এবং ক্ষতিগ্রস্তদের জন্য সরকারি সহায়তা। তা না হলে ধারদেনা করে আবাদ করা ফসল হারানোর পাশাপাশি নতুন করে চাষাবাদের খরচ জোগাড় করাও কঠিন হয়ে পড়বে তাঁদের জন্য।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পেয়ারার ভরা মৌসুম শেষ হয়ে গেছে। বরিশালের ভৌগলিক নির্দেশক (জিআই) স্বীকৃত পণ্য আমড়ার পাইকারি বাজার এখন জমে উঠেছে পিরোজপুরের নদী-খালঘেরা জেলায়। এই ঐতিহ্যবাহী ফলের দেশজোড়া খ্যাতি ও চাহিদা রয়েছে। তাই এখানকার কৃষকরা আমড়া চাষে নতুন স্বপ্ন বুনছেন।
বর্তমানে পিরোজপুরে বছরে প্রায় ২৫০ কোটি টাকার আমড়া বেচাকেনা হচ্ছে, যা স্থানীয় কৃষি অর্থনীতিকে সমৃদ্ধ করছে।
পেয়ারার মতো আমড়া উৎপাদনেও শীর্ষ স্থান অধিকার করেছে পিরোজপুর। দীর্ঘদিন ধরে পিরোজপুর জেলা পেয়ারা উৎপাদনের জন্য পরিচিত হলেও, এখন আমড়া উৎপাদনেও তারা নিজেদের শীর্ষ অবস্থান নিশ্চিত করেছে। সম্প্রতি ‘বরিশালের আমড়া’ জিআই পণ্যের স্বীকৃতি পাওয়ার ফলে এর কদর ও খ্যাতি বেড়েছে।
জেলা কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, পিরোজপুরের ৫৭৭ হেক্টর জমিতে ১০ হাজার ১২৪ মেট্রিক টন আমড়া উৎপাদিত হয়েছে, যা বরিশাল বিভাগের মধ্যে সর্বোচ্চ।
জেলার সকল উপজেলায় আমড়ার ফলন বৃদ্ধি পেলেও উৎপাদনের দিক থেকে শীর্ষে রয়েছে নেছারাবাদ। এ উপজেলার আটঘর কুড়িয়ানা অঞ্চলে পেয়ারা মৌসুম শেষ হয়েছে। এর পরই কৃষক, ব্যাপারী ও পাইকারি ব্যবসায়ীরা এখন আমড়া নিয়ে ব্যস্ত সময় পার করছেন।
অতীতে নেছারাবাদের চাষিরা পেয়ারা উৎপাদনে বেশি আগ্রহী ছিলেন। তবে বর্তমানে বরিশালের আমড়ার বিশাল চাহিদার কারণে তারা এই পণ্য উৎপাদনের দিকে বেশি ঝুঁকছেন। এখানকার আমড়া আকারে বড় ও মিষ্টি হওয়ায় দেশ ছাড়িয়ে বিদেশেও এর সুখ্যাতি রয়েছে।
নৌকায় ভাসে আমড়ার হাট
হেমন্তের আলো-বাতাসে যখন পাকা আমড়ার সবুজ খোসা ছাড়িয়ে তামাটে রূপ ধারণ করে, তখন পিরোজপুরের নদী ও খালজুড়ে শুরু হয় এ ফল তোলার ধুম। ভোর থেকে দুপুর পর্যন্ত খালে খালে নৌকাভর্তি আমড়া নিয়ে পাইকারি হাটে ভিড় জমান চাষিরা। আটঘর কুড়িয়ানার পাইকারি মোকামগুলোতে দরদাম, পরিবহন আর লেনদেনের ব্যস্ততায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
বর্তমানে মানভেদে প্রতিমণ আমড়া এক হাজার ২০০ থেকে এক হাজার ৮০০ টাকা (আকারভেদে দুই হাজার থেকে তিন হাজারও রয়েছে) দরে বিক্রি হচ্ছে। স্থানীয় পাইকার ও ব্যবসায়ীরা চাষিদের কাছ থেকে আমড়া কিনে সড়কপথে চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, কুমিল্লা ও ময়মনসিংহসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করছেন।
কৃষকের অভিজ্ঞতা
এলাকার চাষিদের ভাষ্য, প্রাকৃতিক কারণে এ বছর আমড়ার ফলন খুব একটা ভালো না হলেও জিআই পণ্যের স্বীকৃতি পাওয়ায় তাদের আগ্রহ ও উদ্দীপনা বেড়েছে। আগে যেখানে পেয়ারায়ই মূল মনোযোগ ছিল, এখন পেয়ারার মৌসুম শেষ হতেই আমড়া নিয়ে ব্যস্ত হয়ে পড়ছেন তারা।
কৃষকদের ধারণা, জিআই স্বীকৃতি এবং দেশের বিভিন্ন প্রান্তে ব্যাপক চাহিদার কারণে আগামীতে এ জেলায় আমড়ার উৎপাদন কয়েকগুণ বাড়বে।
পাইকারি ব্যবসায়ী ও আড়তদারদের বক্তব্য
পাইকারি ব্যবসায়ীরা বলছেন, পেয়ারার ভরা মৌসুম শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই শুরু হয় আমড়ার পাইকারি বেচাকেনার মৌসুম। ব্যবসায়ীরা বিভিন্ন চাষি ও খুচরা বিক্রেতাদের কাছ থেকে আমড়া সংগ্রহ করে আড়তে নিয়ে আসেন। এরপর সেখান থেকে সড়কপথে চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, কুমিল্লা ও ময়মনসিংহসহ দেশের বিভিন্ন অঞ্চলে তা সরবরাহ করেন।
প্রাকৃতিক প্রতিকূলতার মাঝেও প্রতি মৌসুমে প্রায় ২০০ কোটি থেকে ২৫০ কোটি টাকার আমড়া বেচাকেনা হয় বলে জানান তারা।
শ্রমিকদের কর্মব্যস্ততা
নদী-খালঘেরা এই জনপদে আমড়া মৌসুম ঘিরে শ্রমিকদের জীবনযাত্রায়ও আসে বাড়তি গতি। ভোর থেকে দুপুর পর্যন্ত নৌকাভর্তি আমড়া ঘাটে খালাস করা, বাছাই করা, বস্তা বা ঝুড়িতে বোঝাই করা এবং পাইকারি বাজারে সরবরাহের কাজে শত শত শ্রমিক ব্যস্ত সময় পার করেন। এই মৌসুমে তাদের কর্মসংস্থান ও আয় উল্লেখযোগ্য পরিমাণে বাড়ে।
জেলা কৃষি বিভাগের মূল্যায়ন
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সৌমিত্র সরকার বলেন, অনুকূল পরিবেশ এবং জিআই স্বীকৃতির ফলে কৃষক আমড়া চাষে আগের চেয়ে অনেক বেশি উৎসাহিত। জেলায় ৫৭৭ হেক্টর জমিতে ১০ হাজার ১২৪ মেট্রিক টন আমড়া উৎপাদিত হয়েছে, যা বরিশাল বিভাগের ভেতর সর্বোচ্চ।
উপপরিচালকের ভাষ্য, প্রতি মৌসুমে কোটি কোটি টাকার আমড়া বেচাকেনার মাধ্যমে পিরোজপুরের গ্রামীণ জনপদে অর্থনৈতিক গতিশীলতা এসেছে, যা সামগ্রিকভাবে স্থানীয় কৃষি অর্থনীতিকে আরো শক্তিশালী করছে। প্রতি মৌসুমে জেলায় ২০০ থেকে ২৫০ কোটি টাকার আমড়া বেচাকেনা হচ্ছে। ফলে শুধু কৃষকরাই নন; পাইকার, আড়তদার, পরিবহন শ্রমিক ও স্থানীয় ব্যবসায়ী- সবাই লাভবান হচ্ছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বরিশাল নগরীতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ খোকন ফরাজি নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, সোমবার (২৩ নভেম্বর ২০২৬) রাত ১টা ৩০ মিনিটের দিকে নগরীর কোতোয়ালি মডেল থানাধীন ২৫ নম্বর ওয়ার্ডের উত্তর রূপাতলী এলাকার কারিগর বিড়ি ব্রাঞ্চ রোডে এ অভিযান পরিচালনা করা হয়।
ডিবি পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে উত্তর রূপাতলী কারিগর বিড়ি ব্রাঞ্চ রোডের কমল স্টোরের সামনে পাকা সড়কের ওপর অভিযান চালিয়ে মোঃ খোকন ফরাজিকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তারকৃত মোঃ খোকন ফরাজি উত্তর রূপাতলী, কারিগর বিড়ি ব্রাঞ্চ রোড, ২৫ নম্বর ওয়ার্ড, বরিশাল সিটি করপোরেশন এলাকার বাসিন্দা। তাঁর পিতার নাম মোঃ সুলতান ফরাজি।
বিএমপি গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
বরিশাল নগরীতে মাদকদ্রব্যের বিস্তার রোধ এবং অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চট্টগ্রামের বোয়ালখালীতে সাপের কামড়ে মৃত্যু হয়েছে ২১ মাস বয়সী আব্দুল্লাহ নামে এক শিশুর।
এই ঘটনা ঘটে রোববার (২২ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে, উপজেলার আমুচিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ধোরলা খান বাহাদুর পাড়ায় রশিদ আহমেদের বাড়িতে।
নিহত আব্দুল্লাহ ছিলেন ওই এলাকার মো. ওসমান আলীর ছেলে।
পরিবারের সদস্যরা যখন রাতের খাবার খাচ্ছিলেন, তখন হঠাৎ আব্দুল্লাহ কেঁদে ওঠে। তার মা ওয়াফিকা আলিফ একটি সাপকে চলে যেতে দেখেন এবং শিশুর শরীরে কামড়ের দাগ দেখতে পান। এরপর দ্রুত তাকে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মমিতা দাশ জানান, রাতে সাপের কামড়ে আক্রান্ত শিশুটিকে আনা হলে, তাকে অ্যান্টিভেনম দেওয়া হয় এবং উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে শিশুটি মারা যায়। চিকিৎসকের ধারণা, সাপটি পদ্মগোখরা ছিল।
সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টার দিকে শিশুটির দাফন সম্পন্ন হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কবিরা নিজেদের স্বতন্ত্র জগতের সম্রাট হিসেবে বিচরণ করেন, এই মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, কবিতা বা সাহিত্যের মধ্যে কে বড় এবং কে ছোট, সেই পার্থক্য নেই।
রোববার (২২ নভেম্বর) রাতে রাজধানীর পরিবাগে সংস্কৃতি বিকাশ কেন্দ্রে কবি রেজাউদ্দিন স্টালিনের জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি।
রিজভী উল্লেখ করেন, তিনি কবিতা বা সাহিত্যের তাত্ত্বিক ব্যক্তি নন। কবি শাহিন রেজা তাকে যেভাবে উপস্থাপন করেছেন, তা নিয়ে তিনি জানান, তিনি মোটেও কবিতা বা সাহিত্যের মানুষ নন। সাহিত্যের আলোচনা ও উপস্থাপনার জন্য যে ব্যাকরণ প্রয়োজন, তা জানেন না।
তিনি বলেন, কবিদের সম্পর্কে ছোটবেলার ধারণার কথা তুলে ধরে, অনেকের মধ্যে একটি বিশ্বাস ছিল যে কবিরা সাধু-সন্ন্যাসীদের মতো আত্মবিমোহিত। তাদের চলাফেরা ও কথাবার্তা ভিন্ন ধরনের হয়। ছোটবেলা থেকে তারও এমন ধারণা ছিল। এমনকি কবিরা ছয় মাস গোসল করেন না— এমন ধারণাও ছিল। তবে স্টালিনকে দেখে তার সেই ধারণা বদলে গেছে। কবিরা স্মার্ট ও পরিচ্ছন্ন হতে পারেন, স্টালিন তার উদাহরণ। তিনি সমাজের একজন অগ্রগণ্য মানুষ।
নারী প্রসঙ্গে নিজের এক শিক্ষকের পরামর্শ উল্লেখ করে রিজভী বলেন, বিখ্যাত কবিদের সাবধানে চলতে হয়। কবিতা লেখার প্রেরণায় অনেক নারী বন্ধু জুটতে পারেন। তবে তার এক বাংলার শিক্ষক বলেছিলেন, কবিদের বেশি জড়িয়ে পড়া উচিত নয়। কবিতার প্রেরণায় নারীরা আসতে পারেন, কিন্তু বেশি গভীরে যাওয়া যাবে না। বেশি গভীরে গেলে কাব্যপ্রতিভা নষ্ট হয়ে যেতে পারে। পুকুরে ঢিল ছুড়ে পাশ দিয়ে চলে যাওয়ার মতো বিষয়টি সামলাতে হবে।
কবি স্টালিনের সামাজিক ও পারিবারিক জীবনের প্রশংসা করে তিনি বলেন, সবার সঙ্গে তার চমৎকার সম্পর্ক রয়েছে। কোনো বিখ্যাত প্রতিষ্ঠানের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) হিসেবে কাজ করলে তার মতো যোগ্যতাসম্পন্ন দ্বিতীয় কাউকে পাওয়া কঠিন হবে। তবে প্রচণ্ড সামাজিক হওয়ার পরেও, দিনশেষে তিনি স্ত্রী ও কন্যার কাছে ফিরে যান। আড্ডার মধ্যেও স্ত্রীর বাজারের নির্দেশনা—পেঁয়াজ, ছোট মাছ ও লবণ কেনার কথা তার মাথায় থাকে। বাজার নিয়েই তাকে বাড়ি ফিরতে হয়, এটিও তার অসাধারণ একটি গুণ।
স্বৈরাচারবিরোধী ছাত্র আন্দোলনের স্মৃতিচারণ করে রিজভী বলেন, কবিতার গভীরে যেতে না পারলেও তিনি একজন কাব্যরসিক ও কাব্যপ্রেমী। এরশাদবিরোধী আন্দোলনের সময় এবং কারাবাসের দিনগুলোতে কবি মোহন রায়হানের উদ্দীপনামূলক কবিতা তাকে অনুপ্রাণিত করত। সে সময় ভিন্ন ভিন্ন ছাত্রসংগঠনের সঙ্গে যুক্ত থাকলেও স্বৈরাচারবিরোধী আন্দোলনে তারা অভিন্ন লক্ষ্যে একত্রিত হয়েছিলেন। বন্ধু, সহপাঠী ও সহপাঠিনীদের মনোযোগ আকর্ষণ করতেও সেসব কবিতা আবৃত্তি করতেন বলে জানান তিনি।
কবি স্টালিনকে ‘স্বায়ত্তশাসিত ও সার্বভৌম’ কবি হিসেবে আখ্যায়িত করে রিজভী বলেন, স্টালিন তার কবিতায় এমন একটি অন্তর্জগৎ গড়ে তুলেছেন, যার প্রতিফলন প্রতিটি অক্ষর ও বাক্যে ফুটে ওঠে। তিনি নিজের সার্বভৌম সত্তাকে কখনো বিসর্জন দেননি বলেই নিজস্ব একটি কাব্যধারা তৈরি করতে পেরেছেন।
বক্তব্যে ইংরেজ কবি পি বি শেলীর ‘পোয়েটস আর দ্য আনঅ্যাকনলেজড লেজিসলেটরস অব দ্য ওয়ার্ল্ড’ এবং রবীন্দ্রনাথ ঠাকুরের ‘অন্তর হতে আহরি বচন/ আনন্দলোকে করি বিরচন’ পঙক্তি উদ্ধৃত করেন রিজভী। তিনি বলেন, একজন কবির বড় সার্থকতা হলো, নিজের অন্তর থেকে বাণী আহরণ করে পাঠককে সেই আনন্দলোকে বিচরণ করানোর ক্ষমতা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ