ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

রাজধানীর বাদামতলীর অবৈধ পার্কিং উচ্ছেদে ডিএসসিসি প্রশাসকের নির্দেশ


রাজধানীর বাদামতলীর অবৈধ পার্কিং উচ্ছেদে ডিএসসিসি প্রশাসকের নির্দেশ

ঢাকা, ২৫ আগস্ট, ২০২৬ : পুরান ঢাকার বাদামতলী মার্কেট সংলগ্ন সকল অবৈধ পার্কিং ও অবৈধ দোকানপাট উচ্ছেদে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

আজ মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান বাদামতলী এলাকার অবৈধ স্থাপনা ও পার্কিং সমস্যা নিরসনে ডিএসসিসি প্রশাসকের কাছে সহায়তা চান। বিষয়টি অবগত হওয়ার পরপরই প্রশাসক তাৎক্ষণিকভাবে সব ধরনের অবৈধ পার্কিং ও স্থাপনা উচ্ছেদের নির্দেশ দেন।

ডিএসসিসি প্রশাসকের এই তাৎক্ষণিক সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) বলেন, ‘সরকারি কোনো দপ্তর থেকে এমন দ্রুত ও কার্যকর সিদ্ধান্ত পাওয়া সত্যিই প্রেরণাদায়ক। প্রশাসকের এই দূরদর্শী সিদ্ধান্তের ফলে আমরা দ্রুত উচ্ছেদ অভিযান পরিচালনা করতে পারব এবং বাদামতলী এলাকার দীর্ঘদিনের যানজট নিরসন করা সম্ভব হবে।’

আরও পড়ুন: আশুলিয়ায় শ্রম আন্দোলনের নামে হামলায় শ্রমিক মো. সেলিম গুরুতর আহত

এদিকে, একটি জাতীয় দৈনিকে বাবুবাজার ব্রিজ এলাকায় সিটি কর্পোরেশনের নাম ভাঙিয়ে চাঁদাবাজির সংবাদ প্রকাশিত হওয়ার বিষয়টি ডিএসসিসির নজরে এসেছে। এর প্রেক্ষিতে ৩২ নম্বর ওয়ার্ডের বাবুবাজার ব্রিজের নিচে নবনির্মিত কার পার্কিংয়ের ‘এ’ থেকে ‘ডি’ পর্যন্ত ৪টি ব্লকের ২৮,০৫১.১২ বর্গফুট খোলা জায়গায় পরিচালিত চলমান কার পার্কিংয়ের সকল কার্যক্রম পুনরাদেশ না দেওয়া পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়েছে।

এ প্রসঙ্গে ডিএসসিসি প্রশাসক বলেন, ‘সিটি কর্পোরেশন জনগণের সেবার জন্য। সুতরাং নাগরিকদের ভোগান্তি সৃষ্টি হয় বা ভাবমূর্তি ক্ষুণ্ন হয়, এমন কোনো কাজ সিটি কর্পোরেশন নিজে করবে না এবং অন্য কাউকেও করতে দেওয়া হবে না।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক, এডভোকেট সাখাওয়াত হোসেন খান, মাঠ পর্যায়ে পরিদর্শন করেন

আন্তর্জাতিক ডেস্ক

পারভীন আক্তার স্টাফ রিপোর্টার তালাশ বিডি

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

০৮:২৮ পি.এম


নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক, এডভোকেট সাখাওয়াত হোসেন খান, মাঠ পর্যায়ে পরিদর্শন করেন

মাঠপর্যায়ে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনকালে, পরিচ্ছন্নকর্মীদের দায়িত্ব পালনে গাফিলতি ও অবহেলার বিষয়ে মাননীয় প্রশাসক মহোদয় এডভোকেট সাখাওয়াত হোসেন খান কঠোরভাবে প্রশ্ন তোলেন।

তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন যে, দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা বা গাফিলতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। প্রত্যেক পরিচ্ছন্নকর্মীকে তাদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করার জন্য কঠোর নির্দেশনা প্রদান করা হয়। দায়িত্বে অবহেলা ঘটলে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার বিষয়ে সতর্ক করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তরুণদের সবুজ বিপ্লবের নেতৃত্ব ও দৃশ্যমান দূষণ দূর করার আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

০৮:২৯ পি.এম


তরুণদের সবুজ বিপ্লবের নেতৃত্ব ও দৃশ্যমান দূষণ দূর করার আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর

ঢাকা, ২৫ আগস্ট, ২০২৬ : বাংলাদেশের জন্য একটি কম-কার্বন ও পরিবেশবান্ধব ভবিষ্যৎ গড়তে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। 

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা ও প্লাস্টিক দূষণ রোধে পরিবেশগত বিভিন্ন উদ্যোগের নেতৃত্ব তরুণদের নিজেদের হাতে তুলে নেওয়ার আহ্বান জানান তিনি।

আজ (মঙ্গলবার) বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্যাম্পাসে ‘ইয়ুথ এনডিসি’ আয়োজিত ‘বাংলাদেশের লো-কার্বন ফিউচার’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ক্যাম্পাসগুলোতে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক নিষিদ্ধ করা, জ্বালানি ও বিদ্যুতের অপচয় রোধ এবং দৃশ্যমান দূষণ নিয়ন্ত্রণে স্থানীয় পর্যায়ে দ্রুত পদক্ষেপ নেওয়া দরকার। কার্বন নিঃসরণ কমানোর পাশাপাশি পরিবেশের অন্যান্য বড় চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারের ‘লো এমিশন ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি’ (এলইডিএস) গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে কাজ করছে বলেও উল্লেখ করেন।

‘দৃশ্যমান দূষণ’-কে শহরে নতুন ধরনের উপদ্রব হিসেবে উল্লেখ করে ফরিদুল ইসলাম বলেন, যত্রতত্র পোস্টার লাগানো, অতিরিক্ত আলোকসজ্জা এবং সারা রাত ধরে বাণিজ্যিক বিলবোর্ডের আলো জ্বালিয়ে রাখা পরিবেশের ওপরও নেতিবাচক প্রভাব ফেলছে। এসব নিয়ন্ত্রণে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, ‘পরিবেশেরও তো একটু বিশ্রামের সময় দরকার। গভীর রাতে বাইরে কেউ থাকে না, কিন্তু তখনও রাস্তার আলো আর বড় বিজ্ঞাপনগুলো চলতে থাকে। পরিবেশকে একটু শান্তি দিতে আমরা মধ্যরাতের পর সহজেই এসব অপ্রয়োজনীয় বাণিজ্যিক আলো বন্ধ করে রাখতে পারি।’

খাদ্যশৃঙ্খল, মাছ ও প্রসাধনসামগ্রীর মাধ্যমে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক মানুষের শরীরে প্রবেশের বিষয়টিও তুলে ধরেন প্রতিমন্ত্রী। এ সমস্যা মোকাবিলায় যুবনেতাদের নিজ ক্যাম্পাসকে প্লাস্টিকমুক্ত করার উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত একটি আলোচনার প্রসঙ্গ টেনে শেখ ফরিদুল বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর নিরাপত্তাকর্মীরা যেন একবার ব্যবহারযোগ্য পলিথিন ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করতে না দেন, সে বিষয়ে উদ্যোগ নেওয়া যেতে পারে। শিক্ষার্থীরা নিজেরাই এ দায়িত্ব নিলে মাত্র তিনমাসের মধ্যে ক্যাম্পাসে বড় ধরনের পরিবর্তন আনা সম্ভব বলেও মন্তব্য করেন।

সম্প্রতি স্বেচ্ছাসেবী ও কোস্ট গার্ডের সদস্যদের সঙ্গে সেন্টমার্টিন দ্বীপে একটি পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেওয়ার অভিজ্ঞতাও তুলে ধরেন প্রতিমন্ত্রী। 

তিনি বলেন, ‘আমরা হারিয়ে যাওয়া জমি হয়তো উদ্ধার করতে পারব, কিন্তু সুন্দরবন বা সেন্টমার্টিনের মতো সৃষ্টিকর্তার দেওয়া অমূল্য সম্পদ একবার ধ্বংস হয়ে গেলে কোনোদিন ফিরিয়ে আনা সম্ভব হবে না।’

প্রকৃতি-নির্ভর সমাধানের প্রতি সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে তরুণদের উদ্দেশে ফরিদুল ইসলাম বলেন, চিন্তাটা বৈশ্বিক হোক, কিন্তু কাজটা শুরু হোক স্থানীয়ভাবে। প্রযুক্তি ও যোগাযোগের এই যুগে তরুণদের এমন উদ্ভাবনী ধারণা দেওয়ার সক্ষমতা রয়েছে, যা বিশ্বজুড়েও প্রশংসিত ও কার্যকর হতে পারে বলেও উল্লেখ করেন।

নিজ ক্যাম্পাস ও সমাজের পরিবেশ রক্ষায় তরুণদের নেতৃত্ব দেওয়ার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, পরিবেশবান্ধব ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে তরুণদের সক্রিয় অংশগ্রহণই পরিবর্তনের অন্যতম প্রধান শক্তি হতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুমিল্লায় কৃষিজমির মাটি কাটা বন্ধে প্রশাসনকে হাইকোর্টের নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

০৮:৩১ পি.এম


কুমিল্লায় কৃষিজমির মাটি কাটা বন্ধে প্রশাসনকে হাইকোর্টের নির্দেশ

কুমিল্লা, ২৫ আগস্ট, ২০২৬ : জেলার মুরাদনগরে কৃষি ও পরিবেশ রক্ষায় সুপ্রিম কোর্টে জনস্বার্থে অ্যাডভোকেট মো. আবুল কালাম আজাদের রিট পিটিশনের নির্দেশনা বাস্তবায়নের রিপোর্ট দিতে প্রশাসনকে আদেশ দিয়েছেন হাইকোর্ট।

আজ মঙ্গলবার চিঠির মাধ্যমে ইউএনও এবং এসিল্যান্ড’র প্রতি নির্দেশনায় বলা হয়েছে, উর্বর মাটি খননের ড্রেজার ও যন্ত্রপাতি জব্দ করা, অবৈধ ব্রিক ফিল্ড বন্ধ করা, ড্রেজারে ক্ষতিগ্রস্ত আবাদি জমি ও বালুর গর্ত তদন্ত করা, সময় নির্দিষ্ট করে আবাদি জমি রক্ষায় কর্মপরিকল্পনা করা, ড্রেজার, ব্রিক ফিল্ডের মাটি কাটায় ক্ষতিগ্রস্ত গর্ত পূর্বের আবাদি জমিতে ফেরাতে পদক্ষেপ নেওয়া।

গতকাল সোমবার বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি আজিজ আহমেদ ভূঁইয়ার দ্বৈত বেঞ্চ এ রিপোর্ট দাখিলের আদেশ দেন। 

আদেশে কুমিল্লার জেলা প্রশাসক, কুমিল্লার পুলিশ সুপার, মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা, মুরাদনগরের সহকারী কমিশনার (ভূমি), মুরাদনগর ও বাংগরা বাজার থানার ওসিগণকে অগ্রগতি রিপোর্ট দাখিল করতে নিদেশনা দেন।

রিটকারি কৃষি ও পরিবেশ ফাউন্ডেশনের সভাপতি অ্যাডভোকেট মো. আবুল কালাম আজাদ উজ্জল জানান, বাংলাদেশের সংবিধান অনুচ্ছেদ ২১(১), ১৬, ১৮ক, ৩২ পালনে কুমিল্লার মুরাদনগর উপজেলায় অবৈধ ড্রেজার, অবৈধ ব্রিক ফিল্ড বন্ধ, কৃষি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় ব্যবহার রোধ করে খাদ্য সংকট মোকাবিলায় কৃষি রক্ষায় দীর্ঘদিন ধরে মুরাদনগরবাসীর প্রাণপণ চেষ্টা থাকলেও অসাধু ব্যবসায়ীরা কর্তৃপক্ষকে নিষ্ক্রিয় রেখে তাদের বেআইনি কর্ম চালিয়ে যাচ্ছিল। 

এ অবস্থার অবনতি রুখতে স্থানীয় সাংবাদিকগণ দেশবাসীর নজরে আনতে বিভিন্ন সময় রিপোর্ট করেছেন।

তিনি এলাকাবাসীর মতামত নিয়ে বছরব্যাপী মুরাদনগর উপজেলার সচেতনতা বৃদ্ধি ও পরিবেশ রক্ষায় পদক্ষেপ নিতে প্রচারণা চালিয়ে যাচ্ছেন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পলিটেকনিক শিক্ষার্থীদের জাপানে কর্মসংস্থানের সুযোগ, প্রথম ব্যাচের চাকরি নিশ্চিত

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

০৮:৩৪ পি.এম


পলিটেকনিক শিক্ষার্থীদের জাপানে কর্মসংস্থানের সুযোগ, প্রথম ব্যাচের চাকরি নিশ্চিত

ঢাকা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট এবং Town Life Japan Ltd.-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের পর, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটসহ দেশের অন্যান্য বিভাগীয় পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের জন্য জাপানে কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় দেশের কারিগরি শিক্ষায় শিক্ষিত তরুণদের জাপানের শ্রমবাজারে যুক্ত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বিশেষভাবে জাপানি ভাষা শিক্ষা, কারিগরি প্রশিক্ষণ, কর্মসংস্থানের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি এবং জাপানে যাওয়ার প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন জানিয়েছেন, জাপানে কর্মসংস্থানের জন্য নির্বাচিত বাংলাদেশি ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানি ভাষা ও কারিগরি প্রশিক্ষণ থেকে শুরু করে জাপানে পৌঁছানো পর্যন্ত সংশ্লিষ্ট সব খরচ জাপানি প্রতিষ্ঠানগুলো বহন করবে। এই কারণে নির্বাচিত শিক্ষার্থীদের জন্য এটি আন্তর্জাতিক শ্রমবাজারে প্রবেশের একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের প্রথম ব্যাচের শিক্ষার্থীদের জাপানি ভাষা প্রশিক্ষণ ইতোমধ্যে প্রায় শেষ পর্যায়ে রয়েছে এবং তাদের চাকরিও নিশ্চিত হয়েছে। তারা ২০২৬ সালের অক্টোবরের মধ্যে পর্যায়ক্রমে জাপানে গিয়ে নিজ নিজ কর্মস্থলে যোগ দেওয়া শুরু করবেন।

এদিকে, দ্বিতীয় ব্যাচের জন্য নির্বাচিত প্রার্থীদেরও জাপানে পাঠানোর প্রস্তুতি চলছে। পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের জানুয়ারির মধ্যে দ্বিতীয় ব্যাচের নির্বাচিত শিক্ষার্থীরা জাপানে যাওয়ার সুযোগ পাবেন। এর মাধ্যমে পর্যায়ক্রমে আরও দক্ষ ডিপ্লোমা প্রকৌশলীকে জাপানের কর্মসংস্থান বাজারে যুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

সভায় জাপানি প্রশিক্ষকদের বাংলাদেশে এসে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়ার বিষয়টিও গুরুত্ব পায়। বাংলাদেশে জাপানি প্রশিক্ষকদের আসার প্রক্রিয়া আরও সহজ ও কার্যকর করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এতে দেশে থেকেই শিক্ষার্থীদের জাপানি ভাষা ও প্রয়োজনীয় কারিগরি দক্ষতা অর্জনের সুযোগ আরও সম্প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে।

মতবিনিময় সভায় সংশ্লিষ্টরা বলেন, বাংলাদেশের কারিগরি শিক্ষায় শিক্ষিত তরুণদের আন্তর্জাতিক শ্রমবাজারে যুক্ত করার মাধ্যমে একদিকে যেমন তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, অন্যদিকে দেশের বৈদেশিক মুদ্রা অর্জন ও অর্থনৈতিক উন্নয়নেও ইতিবাচক ভূমিকা রাখবে। বিশেষ করে সিভিল, ইলেকট্রিক্যাল ও আর্কিটেকচারসহ বিভিন্ন কারিগরি ক্ষেত্রে দক্ষ ডিপ্লোমা প্রকৌশলীদের আন্তর্জাতিক চাহিদাকে কাজে লাগানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের প্রথম ও দ্বিতীয় ব্যাচের এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে দেশের অন্যান্য পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের জন্যও জাপানে কর্মসংস্থানের পথ আরও বিস্তৃত হবে। এর ফলে বাংলাদেশের কারিগরি শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক কর্মবাজারে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%