১১:৫৪ পি.এম
ঢাকা, ২৫ আগস্ট, ২০২৬ : স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি)প্রধান প্রকৌশলী থাকছেন মো. বেলাল হোসেনের মেয়াদ আরও এক বছর বাড়িয়েছে সরকার।
আজ মঙ্গলবার (২৫ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব মো. গোলাম রব্বানী।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘সরকারি চাকরি আইন, ২০১৮’ এর ধারা-৪৯ অনুযায়ী বেলাল হোসেনের অবসরোত্তর ছুটি ও এ সংশ্লিষ্ট সুবিধাদি স্থগিত এবং অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে আরও এক বছর মেয়াদে এলজিইডির প্রধান প্রকৌশলী (গ্রেড-১) নিয়োগ দেওয়া হয়েছে।’
আরও পড়ুন: ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর উদ্বোধনে লালমনিরহাটে তালবীজ রোপণ কর্মসূচি
নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।
চলতি বছরের ১৪ জানুয়ারি এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী বেলাল হোসেন প্রধান প্রকৌশলী (রুটিন দায়িত্ব) হিসেবে দায়িত্ব নেন। গত ১০ ফেব্রুয়ারি তিনি প্রধান প্রকৌশলীর চলতি দায়িত্ব পান। এরপর গত ১৯ জুলাই তাকে গ্রেড-১ দেওয়া হয়।
আগামী ৩১ আগস্ট তার অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাওয়ার কথা ছিল।
সরকারি চাকরি আইন অনুযায়ী, বিশেষ প্রয়োজনে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ার সুযোগ রয়েছে।
আরও পড়ুন: কিশোরগঞ্জে ২০২৫ সালের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার প্রদান
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন