মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং
০১:৪৭ এম
ঢাকা, ৯ নভেম্বর, ২০২৬ : নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে মূল্য স্থিতিশীল রাখার জন্য, পণ্যের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করার উদ্দেশ্যে এবং সরকার নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর দেশব্যাপী বিশেষ তদারকি কার্যক্রম পরিচালনা করেছে।
ঢাকা মহানগরসহ দেশের ৪৫টি জেলায় অধিদপ্তরের পরিচালিত এ অভিযানে বিভিন্ন অনিয়মের কারণে ১১৯টি প্রতিষ্ঠানকে মোট ৯ লাখ ২১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আজ সোমবার অধিদপ্তরের ৬০টি টিম একযোগে পাইকারি ও খুচরা পর্যায়ের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতে অভিযান পরিচালনা করে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফল, চাল, ডাল ও ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা, গ্যাস সিলিন্ডারের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করা এবং সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি প্রতিরোধে এ তদারকি কার্যক্রম পরিচালিত হয়েছে।
অভিযানে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতে হালনাগাদ মূল্যতালিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ ও প্রদান, ওজন ও পরিমাপে কারচুপি রোধ, মেয়াদোত্তীর্ণ পণ্য ও ওষুধ বিক্রি প্রতিরোধ, গ্যাস সিলিন্ডারের মজুত পর্যবেক্ষণ, সিলিন্ডারের নিরাপত্তাবিধি প্রতিপালন এবং মেয়াদোত্তীর্ণ সিলিন্ডার বিক্রি হচ্ছে কি না, তা যাচাই করা হয়েছে।
এছাড়া অভিযানের সময় ব্যবসায়ীদের পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি, অযৌক্তিক মজুত এবং সরবরাহে প্রতিবন্ধকতা সৃষ্টি থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে দৃশ্যমান স্থানে হালনাগাদ মূল্যতালিকা প্রদর্শন, সঠিক ওজন ও পরিমাপ এবং সরকার নির্ধারিত দামে সিলিন্ডার বিক্রির বিষয়েও সতর্ক করা হয়েছে।
অভিযানে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে লিফলেট ও প্রচারপত্র বিতরণ করা হয় এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়। এ সময় সংশ্লিষ্ট বিভাগ ও জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, স্বাস্থ্য পরিদর্শক, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এবং সংশ্লিষ্ট শিল্প ও বণিক সমিতির প্রতিনিধিরা বাজার তদারকি কার্যক্রমে সহযোগিতা করেন।
ভোক্তাদের প্রয়োজনের অতিরিক্ত পণ্য কিনে কৃত্রিম সংকট সৃষ্টি না করার এবং পণ্য কেনার আগে মূল্যতালিকা, সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিত করে পণ্য কেনা এবং ক্রয়ের সময় বিক্রেতার কাছ থেকে ভাউচার সংগ্রহের জন্য অনুরোধ করা হয়েছে।
পণ্য কেনার ক্ষেত্রে কোনো অনিয়ম বা প্রতারণার সম্মুখীন হলে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হটলাইন ১৬১২১-এ অভিযোগ জানানোর জন্য ভোক্তাদের অনুরোধ করা হয়েছে।
বাজারে শৃঙ্খলা, ন্যায্যমূল্য ও পণ্যের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করা এবং নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে অধিদপ্তরের এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ৯ নভেম্বর, ২০২৬ : পাকিস্তান সরকারের ‘পাকিস্তান টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম’ (পিটিএপি) সেশন ২০২৬-২৭ এর আওতায় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তির আবেদন আহ্বান করা হয়েছে।
এমবিবিএস কোর্সের জন্য ২০টি আসন এবং বিডিএস কোর্সের জন্য ৫টি আসনসহ মোট ২৫টি আসন বরাদ্দ করা হয়েছে।
ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশন কর্তৃক বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো এক কূটনৈতিক নোটে এই তথ্য জানানো হয়েছে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে আজ প্রকাশিত কূটনৈতিক পত্রে উল্লেখ করা হয়েছে যে, আবেদন করতে ইচ্ছুক শিক্ষার্থীদের উচ্চমাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় রসায়ন ও জীববিজ্ঞান বাধ্যতামূলক বিষয় হিসেবে অন্তত ৬০ শতাংশ নম্বর থাকতে হবে।
এছাড়া, আবেদনকারীদের এসএটি-২ (প্রতিটি বিষয়ে ন্যূনতম ৫৫০ নম্বর), ফরেন এমসিএটি, ইউসিএটি (ন্যূনতম ৫০ শতাংশ নম্বর) অথবা এমডিসিএট পরীক্ষার যেকোনো একটিতে উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি, ইন্টার বোর্ড কমিটি অব চেয়ারম্যানস (আইবিসিসি), ইসলামাবাদ থেকে সমমান বা ইকুইভ্যালেন্স সার্টিফিকেট অর্জন করা আবশ্যক।
আগ্রহী প্রার্থীদের অর্থনৈতিক বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট (www.ead.gov.pk) থেকে নির্ধারিত আবেদন ফরম ডাউনলোড করে পূরণ করতে হবে।
পরে, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, নম্বরপত্র, আইবিসিসির সমমানের সার্টিফিকেট, পাসপোর্ট এবং পাসপোর্ট আকারের ৪টি ছবি সহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র চার সেট প্রিন্ট করে আগামী ১৬ নভেম্বরের মধ্যে গুলশানে অবস্থিত পাকিস্তান হাইকমিশনে (হাউস নম্বর এনইসি-২, রোড ৭১, গুলশান এভিনিউ, ঢাকা) জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ৯ নভেম্বর, ২০২৬ : কার্তিক মাসের শেষের দিকে এসে আজ রাজধানীতে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়েছে। সকাল থেকে আলো এবং ছায়ার খেলার পর, দুপুরের পর থেকে আকাশে মেঘের ঘনঘটা দেখা যায়। এরপর বিকেল এবং সন্ধ্যায় দমকা হাওয়া ও বজ্রপাতের সঙ্গে শীতের আগমনী বৃষ্টি নামে।
রাজধানীর উত্তরা, মিরপুর, বিমানবন্দর, ফার্মগেট, ধানমন্ডি ও সায়েদাবাদসহ বিভিন্ন এলাকায় এই বৃষ্টির ফলে শীতের আগমন অনুভূত হচ্ছে। শুধু ঢাকা নয়, পার্শ্ববর্তী গাজীপুর, নরসিংদী, কিশোরগঞ্জ, চট্টগ্রাম এবং পর্যটন নগরী কক্সবাজারের কিছু অঞ্চলেও বৃষ্টির খবর পাওয়া গেছে।
রাজধানীতে অফিস শেষে বাসায় ফেরার পথে হঠাৎ বৃষ্টিতে আটকা পড়া আব্দুর রউফ নামের একজন উচ্ছ্বাস প্রকাশ করে বাসস-কে বলেন, ‘কয়েক দিন ধরে গরমে অতিষ্ঠ হয়ে গিয়েছিলাম। নভেম্বরের এই সময়ে বৃষ্টি হবে এরকম একদম ভাবিনি। হঠাৎ বৃষ্টির এই ঠান্ডা হাওয়া মনটাকে একেবারে জুড়িয়ে দিয়েছে।’
আবহাওয়ার এই হঠাৎ পরিবর্তনে পথচারী ও সাধারণ মানুষের মধ্যে স্বস্তি এবং শীতের আগমনী বার্তায় উচ্ছ্বাস দেখা গেছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে একটি লঘুচাপের বর্ধিতাংশ সক্রিয় থাকায় আগামী কয়েক দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির এই ধারা অব্যাহত থাকতে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা কিছুটা কমে গিয়ে রাতে শীতের আমেজ আরও তীব্র হতে পারে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নেত্রকোণা, ৯ নভেম্বর, ২০২৬ : জেলার সীমান্তঘেঁষা দুর্গম পাহাড়, বহমান নদী এবং বিজয়পুরের চিনামাটি টিলার প্রাকৃতিক সৌন্দর্যকে কাজে লাগিয়ে দুর্গাপুরকে জাতীয় পর্যায়ের অন্যতম সেরা পর্যটন কেন্দ্রে রূপান্তরের জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
অবকাঠামোগত উন্নয়ন, দর্শনার্থীদের নিরাপত্তা এবং স্থানীয়দের কর্মসংস্থান সৃষ্টির উদ্দেশ্যে এক বিশেষ মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।
আজ সোমবার বিকেলে দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের সাদামাটি পর্যটন এলাকায় উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় সুধীজন ও সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ সাদাত-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান।
জেলা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন।
জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান তার বক্তব্যে বলেন, "প্রকৃতির অপার রূপ আর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বৈচিত্র্যময় কৃষ্টি মিলিয়ে এ অঞ্চলের পর্যটন সম্ভাবনা সুদূরপ্রসারী।" তিনি আরও উল্লেখ করেন, সুপরিকল্পিত বাস্তবায়ন ও তরুণদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে পর্যটন খাতকে গতিশীল করা গেলে এটি স্থানীয় রাজস্ব ও জীবিকার প্রধান উৎসে পরিণত হবে।
নিরাপত্তা ও আইনশৃঙ্খলা প্রসঙ্গে পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম জানান, "আগত পর্যটকদের নির্বিঘ্ন ভ্রমণ পরিবেশ নিশ্চিত করা পুলিশের অগ্রাধিকার।" তিনি বলেন, পর্যটন কেন্দ্রিক এই অর্থনৈতিক চাকা সচল হলে এলাকা থেকে মাদক, চোরাচালানসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধ করা সহজ হবে।
সভায় সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সাম্প্রতিক প্রশাসনিক উদ্যোগের বিষয়টি আলোচনায় উঠে আসে।
বিশেষ করে পর্যটন জোনে স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপন এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাধ্যমে সরেজমিন সমীক্ষা পরিচালনার উদ্যোগকে স্বাগত জানানো হয়।
উন্মুক্ত সেশন শেষে আসন্ন শীতকালীন পর্যটন মৌসুমে বিজয়পুর এলাকায় হোটেল-মোটেলের আবাসন ব্যবস্থা, দূরপাল্লা ও স্থানীয় হালকা যানবাহনের যাতায়াত ভাড়া নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা বিধানে একগুচ্ছ প্রশাসনিক সিদ্ধান্ত অনুমোদিত হয়।
সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমানের পরিচালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা নীপা বিশ্বাস, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক অঞ্জন কুমার চিচাম, উপজেলা বিএনপির সভাপতি জহিরুল আলম ভূঁইয়া, পৌর বিএনপির সভাপতি আতাউর রহমান ফরিদ, উপজেলা বণিক সমিতির সভাপতি রণজিৎ সেন, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন এবং বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ।
সভায় স্থানীয় সাংবাদিক, সচেতন নাগরিক, ক্ষুদ্র ব্যবসায়ী ও পরিবহন মালিক সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ফেনী, ৯ নভেম্বর, ২০২৬ : শহরের ট্রাংক রোডে ৫টি ওষুধের দোকানে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত ২৭ হাজার টাকা জরিমানা আরোপ করেছে।
আজ সোমবার দুপুরে এই অভিযানটি অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা নাসরিন কান্তার নেতৃত্বে ওষুধ প্রশাসন অধিদপ্তর ফেনীর সহযোগিতায় অভিযানটি সম্পন্ন হয়।
অভিযানের সময়, ওষুধ প্রশাসন অধিদপ্তরের লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা, অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত নয় এমন ওষুধ বিক্রির উদ্দেশ্যে মজুত রাখা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার কারণে লিংক ফার্মেসিকে ১০ হাজার, ঢাকা ফার্মেসিকে ২ হাজার এবং এম রহমান মেডিকেল স্টোর, সোলেমান মেডিকেল হল ও দৌলত ট্রেডিং কর্পোরেশনকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।
এছাড়া, কিছু ওষুধের দোকানকে ওষুধ প্রশাসন অধিদপ্তরের লাইসেন্স গ্রহণ করে ব্যবসা পরিচালনার নির্দেশনা প্রদান করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ