ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

স্থানীয় সরকারকে শক্তিশালী করতে ইউএনডিপির সঙ্গে যৌথ উদ্যোগের প্রত্যাশা ড. মঈন খানের


স্থানীয় সরকারকে শক্তিশালী করতে ইউএনডিপির সঙ্গে যৌথ উদ্যোগের প্রত্যাশা ড. মঈন খানের

ঢাকা, ১৫ সেপ্টেম্বর, ২০২৬ : দেশের স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর ও সক্ষম করার লক্ষ্যে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর সঙ্গে সমন্বিতভাবে কাজ করার প্রত্যাশা প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।

আজ মঙ্গলবার সচিবালয়ে নিজ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন রড্রিগেজের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় তিনি এ প্রত্যাশার কথা জানান।

বৈঠকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার ১৯ অক্টোবর

সাক্ষাতে স্থানীয় সরকার ব্যবস্থার উন্নয়ন, সক্ষমতা বৃদ্ধি, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন এবং নির্বাচনের প্রস্তুতির জন্য সংশ্লিষ্টদের যৌথ প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

এছাড়া টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়ন এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ইউএনডিপির সহযোগিতার বিষয়টিও আলোচনায় উঠে আসে।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, "জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়ানো জরুরি।" তিনি উল্লেখ করেন, স্থানীয় পর্যায়ে দক্ষতা উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে ইউএনডিপির কারিগরি অভিজ্ঞতা সরকারের জন্য সহায়ক হতে পারে।

তিনি আরও বলেন, "স্থানীয় সরকারকে কার্যকর করার সঙ্গে দেশের সামগ্রিক উন্নয়ন ও এসডিজি বাস্তবায়নের বিষয়টি সরাসরি সম্পৃক্ত।" তাই উন্নয়ন সহযোগীদের সঙ্গে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এ খাতে আরও কার্যকর উদ্যোগ নেওয়ার প্রয়োজন রয়েছে।

আরও পড়ুন: অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

মীর শাহে আলম বলেন, "স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সংশ্লিষ্টদের প্রস্তুতি ও দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কার্যক্রম গুরুত্বপূর্ণ।" তিনি আশা প্রকাশ করেন যে, ইউএনডিপির সঙ্গে যৌথভাবে এমন কর্মসূচি আয়োজন করা গেলে স্থানীয় সরকার ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধিতে তা ইতিবাচক ভূমিকা রাখবে।

বৈঠকে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, ইউএনডিপির সহকারী আবাসিক প্রতিনিধি সরদার আসাদুজ্জামান ও আনোয়ারুল হক, আন্তর্জাতিক প্রকল্প ব্যবস্থাপক যুগেশ প্রধানাং এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিনাজপুরে বজ্রপাত প্রতিরোধে ১০ হাজার তাল চারা রোপণের উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:২৯ পি.এম


দিনাজপুরে বজ্রপাত প্রতিরোধে ১০ হাজার তাল চারা রোপণের উদ্বোধন

দিনাজপুর, ১৫ সেপ্টেম্বর, ২০২৬ : বজ্রপাত প্রতিরোধ এবং প্রাকৃতিক দুর্যোগের মোকাবিলায় দিনাজপুরে ১০ হাজার তাল গাছের চারা রোপণের কর্মসূচির উদ্বোধন সম্পন্ন হয়েছে।

স্কয়ার ক্রপ কেয়ার ডিভিশনের উদ্যোগে আজ মঙ্গলবার দুপুর আড়াইটায় দিনাজপুর সদর উপজেলার ৩ নম্বর ফাজিলপুর ইউনিয়নের পূর্ব হরিরামপুর বসাকপাড়া-বুড়িরহাট, সংযোগ সড়কের দুই পাশে ১ হাজার তাল গাছের চারা রোপণের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

স্কয়ার ক্রপ কেয়ার ডিভিশন সদর দপ্তরের প্রতিনিধি এক্সিকিউটিভ সেলসম্যান তাওহীদ মো. ফয়সালুল বারী এই তথ্য বাসসকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, দিনাজপুর জেলার সব উপজেলায় বজ্রপাত প্রতিরোধের জন্য আজ মঙ্গলবার থেকে শুরু হওয়া ১০ হাজার তাল গাছ রোপণের কার্যক্রম আগামী এক সপ্তাহের মধ্যে বাস্তবায়ন করা হবে, ইনশাআল্লাহ।

স্কয়ার গ্রুপের কৃষিবিদ মো. আব্দুল হালিম বাসসকে বলেন, ভৌগোলিক অবস্থান এবং জলবায়ুর পরিবর্তনের কারণে ঝড়, বন্যা, খরা, সাইক্লোন ও জলোচ্ছ্বাস এই দেশের জন্য নিয়মিত সমস্যা হয়ে দাঁড়িয়েছে।

এছাড়া, প্রাকৃতিক দুর্যোগ হিসেবে ‘বজ্রপাত’ প্রতি বছর অসংখ্য মানুষের জীবনকে নীরবে কেড়ে নিচ্ছে। বিশেষজ্ঞদের মতে, দক্ষিণ এশিয়ার দেশগুলোতে বজ্রপাতের প্রবণতা বেশি দেখা যাচ্ছে, এবং এর মধ্যে বাংলাদেশ সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে।

তিনি আরো বলেন, সম্প্রতি প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, বিগত ৪০ বছরে বাংলাদেশে বজ্রপাতের সংখ্যা ১৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সরকার ২০১৬ সালে বজ্রপাতকে জাতীয় দুর্যোগের তালিকায় অন্তর্ভুক্ত করেছে। বজ্রপাতে হতাহতের মধ্যে কৃষক শ্রেণির একটি বড় অংশ রয়েছে, যারা খোলা মাঠে কাজ করে।

তাহলে প্রাকৃতিক ভারসাম্য রক্ষার পাশাপাশি বজ্রপাতের সুরক্ষা নিশ্চিত করতে স্কয়ার ক্রপ কেয়ার ডিভিশন পাবনার চাটমোহর উপজেলায় ৫০০ টি তালের চারা রোপণের মাধ্যমে সারাদেশব্যাপী বজ্রপাত প্রবণ এলাকায় তালের চারা রোপণ কর্মসূচির সূচনা করেছে।

এই সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মিজ সুরভি আক্তার, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. আবু বকর সিদ্দিক, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. আবু বোরহান, ইউপি সদস্য মো. সিরাজুল ইসলাম, স্কয়ার প্রতিনিধি জোনাল সেলস ম্যানেজার কৃষিবিদ আসাদুল্লাহ আরমান আলী, ফিল্ড ম্যানেজার নুর আলম সাগর, এসডিও আব্দুল্লাহ আল হাসিব ইমনসহ অন্যান্য ব্যক্তিবর্গ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীতে সাগর-রুনি হত্যার রহস্য উদঘাটনের দাবিতে মানববন্ধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:৩০ পি.এম


রাজশাহীতে সাগর-রুনি হত্যার রহস্য উদঘাটনের দাবিতে মানববন্ধন

রাজশাহীতে সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যার রহস্য দ্রুত উদঘাটন, দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শান্তি এবং সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাজশাহী মহানগরীর সাহেববাজার জিরো পয়েন্টে রাজশাহী প্রেসক্লাবের উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সাংবাদিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা উল্লেখ করেন, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার প্রকৃত রহস্য উদঘাটন না হওয়ায় সাংবাদিক সমাজ ও সাধারণ মানুষের মধ্যে হতাশা সৃষ্টি হয়েছে। তারা অবিলম্বে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

বক্তারা আরও বলেন, হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটনে সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও তদন্তের আওতায় আনা প্রয়োজন। মানববন্ধনে সাবেক সেনা কর্মকর্তা জিয়া ও অভিনেত্রী রোকেয়া প্রাচীর বিষয়ে তদন্ত ও জিজ্ঞাসাবাদের মাধ্যমে প্রকৃত ঘটনা দেশবাসীর সামনে তুলে ধরার দাবি জানানো হয়। বক্তাদের দাবি; সংশ্লিষ্টদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা নিশ্চিত হয়েছে-এমন কোনো তথ্য মানববন্ধনে উপস্থাপন করা হয়নি।

একই সঙ্গে দেশে সাংবাদিক নির্যাতন, হয়রানি এবং সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও হয়রানিমূলক মামলা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা বরজাহান আলী, রাজশাহী স্বার্থ রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক মাহফুজুল হাসনাইন হিকল, সিনিয়র সাংবাদিক ও এটিএন বাংলার সুজা উদ্দিন ছোটন, রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন এবং সাংবাদিক আজিবর রহমান।

বক্তারা বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ তৈরি করা রাষ্ট্রের দায়িত্ব।

সাগর-রুনি হত্যাকাণ্ডের দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার দাবি জানান তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হঠাৎ বন্ধ মেট্রোরেল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:৩০ পি.এম


হঠাৎ বন্ধ মেট্রোরেল

ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোস্টেশন এলাকায় বৈদ্যুতিক লাইনের ওপর কাপড় পড়ার কারণে মেট্রোরেল চলাচল প্রায় ১৫ মিনিটের জন্য বন্ধ হয়ে গিয়েছিল।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৪টা ৪৩ মিনিটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ করা হয়। পরে কাপড়টি সরিয়ে বিকেল ৪টা ৫৮ মিনিটে চলাচল পুনরায় স্বাভাবিক করা হয়।

ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট এমআরটি (লাইন-৬)-এর উপ প্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরিফী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি উল্লেখ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন এলাকায় ওভারহেড ক্যাটেনারি সিস্টেমের ওপর কাপড় পড়ার কারণে নিরাপত্তার স্বার্থে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। পরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে কাপড়টি সরিয়ে ফেলা হলে ট্রেন চলাচল আবার শুরু হয়।

এদিকে, ওই সময় একটি ট্রেন বন্ধ থাকায় মেট্রোরেলের অন্যান্য স্টেশনে থাকা অন্যান্য ট্রেনগুলোকেও নির্দিষ্ট দূরত্বে থামিয়ে রাখা হয়। এর ফলে যাত্রীদের জন্য সাময়িক ভোগান্তি সৃষ্টি হয়। মেট্রোরেলের সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন গ্রুপে যাত্রীরা বিভিন্ন স্টেশনে ট্রেন আটকে থাকার বিষয়টি জানিয়েছেন।

মেট্রো কর্তৃপক্ষ জানাচ্ছে, কাপড় সরানোর পর মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়ে গেছে। বর্তমানে ট্রেনগুলো স্বাভাবিকভাবেই চলাচল করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরাইলের ঢাকা-সিলেট বিশ্বরোডে ১০ কিমি চতুর্মুখী যানজট

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:৩১ পি.এম


সরাইলের ঢাকা-সিলেট বিশ্বরোডে ১০ কিমি চতুর্মুখী যানজট

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্বরোডে সড়ক উন্নয়ন কাজের কারণে ঢাকা-সিলেট মহাসড়ক, কুমিল্লা-সিলেট মহাসড়ক এবং সরাইল-লাখাই-নাছিরনগর আঞ্চলিক সড়কে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া যানজট ঢাকা-সিলেট মহাসড়কের বেড়তলা থেকে বাড়িউড়া পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার ছাড়িয়ে গেছে। বিশ্বরোড-নাসিরনগর আঞ্চলিক সড়কের সরাইল হাসপাতাল মোড় এবং কুমিল্লা-সিলেট মহাসড়কে নন্দনপুর পর্যন্ত যানজট রয়েছে। ফলে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা-সিলেট মহাসড়ক এবং বিশ্বরোড গোলচত্বরে চলমান সড়ক উন্নয়নকাজ, মহাসড়কে বেশিরভাগ ছোট বড় গর্ত এবং ভারি পণ্যবাহী যানবাহনের কারণে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে।

সরেজমিনে দেখা যায়, বিশ্বরোড গোলচত্বরে সব লেন চালু না হওয়ায় যানজটের মূল কারণ। ঢাকা থেকে সিলেটমুখী দুটি লেন চালু রয়েছে। সিলেট থেকে ঢাকা ও কুমিল্লামুখী উন্নয়নকাজ চলায় যানবাহনের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। অন্যদিকে সিএনজিচালিত অটোরিকশার চালকরা মাঝ রাস্তায় দাঁড়িয়ে যাত্রীদের উঠানামা করায় যানজটের চাপ আরও বাড়ছে। ভারি যানবাহনও অনেক সময় গর্তে আটকে পড়ে, যার ফলে যানজট ছড়িয়ে পড়েছে চারিদিকে।

সরাইল-খাঁটিহাতা হাইওয়ে থানার দায়িত্বে থাকা এসআই বাতেন বলেন, "বিশ্বরোড়ের কাজের দায়িত্বে থাকা লোকজন গোলচত্বরের কাজ শেষ না করে ডিভাইডারগুলো খুলে দেওয়ার কারণে এ যানজট সৃষ্টি হয়েছে। তারা যদি কাজ শেষ করে ডিভাইডারের বাঁশ খুলত তাহলে সমস্যা হতো না। সকাল থেকে আমরা যানজট নিরসনে চেষ্টা করছি। আশা করি দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%