ঢাকা বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ইং ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যায় সিলিকন ভ্যালির সম্পৃক্ততা: আল-জাজিরার বিশ্লেষণ


ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যায় সিলিকন ভ্যালির সম্পৃক্ততা: আল-জাজিরার বিশ্লেষণ

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীর ও গাজায় নজরদারি, লক্ষ্যবস্তু শনাক্তকরণ এবং সামরিক অভিযানে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর গভীর সংশ্লিষ্টতা নিয়ে নতুন আলোচনা সৃষ্টি হয়েছে। মানবাধিকার সংগঠন ও বিশ্লেষকদের মতে, প্যালান্টির, মাইক্রোসফট, গুগল ও অ্যামাজনের মতো শীর্ষ মার্কিন প্রযুক্তি কোম্পানির অবকাঠামো ও কারিগরি সহায়তা ইসরায়েলের সামরিক ও অর্থনৈতিক কাঠামোর কেন্দ্রে পরিণত হয়েছে।

নজরদারি ও ক্লাউড প্রযুক্তির ব্যবহার

অ্যামাজনের ক্লাউড অবকাঠামো ব্যবহার করে লাখ লাখ ফিলিস্তিনির ছবি আপলোড করার অভিযোগ নিয়ে অধিকারকর্মীরা উদ্বেগ প্রকাশ করেছেন। ডিজিটাল ও সামাজিক অধিকার সংস্থা ‘৭মলেহ’-এর প্রতিনিধি জালাল আবুখাতের জানিয়েছেন, পূর্ব জেরুজালেম ও হেবরনসহ বিভিন্ন এলাকায় চেকপয়েন্ট ও সড়কের ক্যামেরায় প্রতিনিয়ত ফিলিস্তিনিদের ছবি তোলা হচ্ছে এবং তা অজানা উদ্দেশ্যে বিভিন্ন ব্যবস্থায় যুক্ত করা হচ্ছে।

আরও পড়ুন: অমিতাভ বচ্চনের বাড়িতে বোমা হামলার হুমকি, নিরাপত্তা জোরদার

সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, ২০২৪ সালের জানুয়ারিতে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান প্যালান্টির ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে ‘যুদ্ধসংশ্লিষ্ট মিশন’-এর জন্য কৌশলগত অংশীদারিত্বে যায়। অন্যদিকে, মাইক্রোসফটের অ্যাজুর ক্লাউড প্ল্যাটফর্ম ব্যবহার করে আড়ি পাতা বিপুল পরিমাণ ফোনালাপ সংরক্ষণের খবরও প্রকাশিত হয়েছে, যা বিমান হামলায় সহায়ক তথ্য হিসেবে ব্যবহৃত হওয়ার অভিযোগ রয়েছে। এ ছাড়া ১২০ কোটি ডলারের ‘প্রজেক্ট নিম্বাস’-এর আওতায় গুগল ও অ্যামাজন ইসরায়েলি সামরিক বাহিনীকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও উন্নত প্রযুক্তিসেবা দিচ্ছে।

এআই ও সামরিক যোগসূত্র

২০২৫ সালের জুলাইয়ে জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার ফ্রান্সেসকা আলবানিজের প্রতিবেদনে প্যালান্টিরের প্রযুক্তি ব্যবহারের বিষয়ে পর্যবেক্ষণ তুলে ধরা হয়। যদিও প্যালান্টির যুদ্ধাপরাধে মদদ দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে এবং ‘ল্যাভেন্ডার’ বা ‘গসপেল’-এর মতো লক্ষ্যবস্তু নির্ধারণকারী এআই ব্যবস্থা তৈরির কথা নাকচ করেছে, তবে করপোরেট সম্পৃক্ততা পর্যবেক্ষণকারী গোষ্ঠীগুলোর দাবি, তাদের সফটওয়্যার যোগাযোগ ও উপগ্রহচিত্র সমন্বয়ে ভূমিকা রাখছে।

গাজায় যুদ্ধ শুরুর পর ইসরায়েলের ক্লাউড ও এআই অবকাঠামোতে চাপ বাড়লে অ্যামাজন ও গুগল তা সামাল দিতে এগিয়ে আসে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। পাশাপাশি মাইক্রোসফটের অ্যাজুরের মাধ্যমে ওপেনএআইয়ের জিপিটি-৪ মডেলে ইসরায়েলি সামরিক বাহিনীর প্রবেশাধিকার ও ব্যবহার বৃদ্ধির তথ্যও ফাঁস হওয়া নথিতে উঠে আসে।

আরও পড়ুন: হামাসের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি ইহুদি গোষ্ঠীর

‘ইউনিট ৮২০০’ ও প্রতিষ্ঠানগুলোর অবস্থান

বিশ্লেষকরা ইসরায়েলি সামরিক বাহিনীর সাইবার গোয়েন্দা শাখা ‘ইউনিট ৮২০০’-এর বর্তমান ও সাবেক সদস্যদের সঙ্গে মার্কিন বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের সংযোগের বিষয়টিও সামনে এনেছেন। ২০২৫ সালের এক প্রতিবেদনে বলা হয়, বিভিন্ন মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানে ইসরায়েলি সামরিক গোয়েন্দা বাহিনীর প্রায় ১ হাজার ৪০০ বর্তমান ও সাবেক সদস্য কর্মরত রয়েছেন, যাদের বড় অংশ ইউনিট ৮২০০-এর। এতে স্বার্থের সংঘাত ও আনুগত্য নিয়ে অভ্যন্তরীণ প্রশ্ন তৈরি হয়েছে, বিশেষ করে মাইক্রোসফটের ভেতরে এ নিয়ে তদন্ত ও নীতিমালা জোরদারের পদক্ষেপ নেওয়া হয়েছে।

অভিযোগের বিষয়ে মাইক্রোসফট জানিয়েছে, বেসামরিক নাগরিকদের ওপর নজরদারিতে তাদের প্রযুক্তি ব্যবহারের অভিযোগ খতিয়ে দেখতে তারা তদন্ত চালিয়েছে এবং তদারকি ও গোপন অভিযোগ জানানোর ব্যবস্থা জোরদার করেছে। অ্যামাজন ওয়েব সার্ভিসেস জানিয়েছে, তারা গ্রাহকদের গোপনীয়তাকে সম্মান জানায় এবং সম্মতি ছাড়া সম্পর্ক নিয়ে আলোচনা করে না বা ওয়ার্কলোডে সরাসরি হস্তক্ষেপ করে না।

ওপেনএআই জানিয়েছে, ইসরায়েলি সামরিক বা গোয়েন্দা সংস্থার সঙ্গে তাদের সরাসরি কোনো চুক্তি নেই এবং জাতীয় নিরাপত্তা নীতিমালা অনুযায়ী তারা মূল্যায়ন করে। তবে প্যালান্টির, গুগল, এনভিডিয়া ও ইসরায়েলি সামরিক বাহিনী এ বিষয়ে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি। সূত্র: আল জাজিরা।

আরও পড়ুন: কুয়েতে ইরানি ড্রোন হামলায় দুই ইতালীয় নিহত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রূপগঞ্জে সাংবাদিক রিপন মিয়াকে হত্যা মামলায় ফাঁসানোর অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:১৭ পি.এম


রূপগঞ্জে সাংবাদিক রিপন মিয়াকে হত্যা মামলায় ফাঁসানোর অভিযোগ

মাদক ব্যবসা সংক্রান্ত সংবাদ প্রকাশের কারণে নারায়ণগঞ্জের রূপগঞ্জে দৈনিক যায়যায়দিনের প্রতিনিধি রিপন মিয়া এবং তার পরিবারের বিরুদ্ধে হত্যা মামলায় ফাঁসানোর অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে রিপন মিয়া এই অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে সাংবাদিক রিপন উল্লেখ করেন, গোয়ালপাড়ার মৃত আমজাদের পুত্র সুমরকে ৩ মাস আগে ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে রূপগঞ্জ থানা পুলিশ। ওই সময় সুমরকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে তাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পরে কারাহেফাজতে তার মৃত্যু ঘটে। সম্প্রতি ২নং ওয়ার্ড থেকে ইউপি সদস্য পদে প্রার্থী হওয়ার ঘোষণা দেন দৈনিক যায়যায়দিনের ডিজিটাল প্রতিনিধি ও গোয়ালপাড়ার বাসিন্দা রিপন মিয়া। এই ঘোষণার পর রিপনের বিরোধী একটি পক্ষ সুমরের পরিবারকে ম্যানেজ করে ‘সুমর হত্যা’ মামলায় তাকে ফাঁসানোর চেষ্টা করছে। সংবাদ সম্মেলনে রিপন দাবি করেন, কারাগারে সুমরের স্বাভাবিক মৃত্যু ঘটেছে। এর আগে তিনি সুমরের মাদক ব্যবসা নিয়ে একাধিক সংবাদ প্রকাশ করেছিলেন।

রিপন মিয়া আরও জানান, ষড়যন্ত্রকারী মহল তার বাড়িতে হামলা চালানোর হুমকি দিচ্ছে। তিনি লুটপাট ও অগ্নিসংযোগের চেষ্টা করার অভিযোগও করেন। এ সময় স্থানীয় এমপি মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, সাংবাদিক মহল এবং প্রশাসনের কাছে হয়রানি ও সামাজিকভাবে হেয় করার বিচার দাবি করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আশাশুনি উপজেলায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:১৭ পি.এম


আশাশুনি উপজেলায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

আশাশুনি উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ হল রুমে এই সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু। উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিদুর রহমান, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক স ম হেদায়েতুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার, বিএনপির সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন, জাকির হোসেন বাবু, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আকাশ হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আফরোজা আক্তার রুমা, যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জয় কুমার দাস, পিআইও, একাডেমীক সুপার ভাইজার মোঃ হাসানুজ্জামান, ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বক্কর ছিদ্দিক, হাজি আবু দাউদ ঢালি, প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম, ফায়ার সার্ভিসের মাহবুবর রহমান এবং অন্যান্যরা।

সভায় উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা বিষয়ক আলোচনা করা হয়। গত এক মাসের আইনশৃঙ্খলা উন্নয়নে বাস্তবায়িত কর্মকান্ড নিয়ে আলোচনা এবং বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া সম্পন্ন হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শহীদ কাপুরের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যের শুটিংয়ে স্বস্তি পেয়েছিলেন আদিতি

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:১৮ পি.এম


শহীদ কাপুরের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যের শুটিংয়ে স্বস্তি পেয়েছিলেন আদিতি

বলিউডের খ্যাতনামা অভিনেতা শহীদ কাপুরের সঙ্গে ‘দেবা’ সিনেমায় একটি অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেছিলেন আদিতি সন্ধ্যা শর্মা। সেই সময়ের অভিজ্ঞতা তুলে ধরে শহীদ কাপুরের প্রশংসা করেন তিনি।

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে, শহীদ কাপুরের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা এবং ‘দেবা’ সিনেমায় অন্তরঙ্গ দৃশ্যের শুটিংয়ের সময় তিনি কিভাবে স্বস্তি পেয়েছিলেন, তা জানিয়েছেন অভিনেত্রী।

আদিতি বলেন, "আসলে শহীদের সঙ্গে আমার প্রথম যে দৃশ্যটির শুটিং হয়েছিল, সেটি ছিল চুম্বন ও ঘনিষ্ঠতার দৃশ্য। এ ধরনের দৃশ্যে অভিনয় করার অভিজ্ঞতাও আমার প্রথম ছিল। স্বাভাবিকভাবেই একজন নারী অভিনেত্রী হিসেবে কিছুটা নার্ভাস লাগছিল।"

তিনি আরও বলেন, "সেটে যাওয়ার পর শহীদ খুব সহজভাবে আমার সঙ্গে কথা বলেন। তিনি আমাকে বলেন, তুমি ঠিক আছ, সব ঠিক আছে। যেকোনও সময় অস্বস্তি বোধ করলে আমাকে জানাবে। আমরা শুটিং বন্ধ করে দেব।"

আদিতির ভাষ্য অনুযায়ী, "দৃশ্যটির শুটিংয়ের সময় সেখানে শুধু পরিচালক, চিত্রগ্রাহক, ইন্টিমেসি কো-অর্ডিনেটর, শহীদ ও আমি উপস্থিত ছিলাম। পরিবেশ এতটাই স্বস্তিদায়ক ছিল যে আমার কোনও অস্বস্তিই হয়নি। বিষয়টি আমার কাছে বেশ অবাক করার মতো ছিল। নিজেকেই বলেছিলাম, তাহলে এভাবেও দৃশ্যগুলোর শুটিং হয়!"

অভিনেত্রীর মতে, "এ ধরনের দৃশ্যে কাজ করার সময় এমন আচরণ খুব গুরুত্বপূর্ণ। অন্য মানুষটিকে স্বস্তি দেওয়াও জরুরি। এরপর আমাদের বাকি দৃশ্যগুলোও খুব স্বাভাবিক ও সহজ হয়ে গিয়েছিল। কারণ, প্রথম দিকের জড়তা কেটে গিয়েছিল এবং আমাদের মধ্যে স্বাভাবিক সম্পর্ক তৈরি হয়েছিল।"

‘ফাইটার’ ও ‘দেবা’ সিনেমায় অভিনয়ের সুবাদে ‘গজব রাত’-এর শুটিং সেটেও পরিচিতি পেয়েছিলেন আদিতি। এ প্রসঙ্গে তিনি বলেন, "এখন ওটিটিতেও অনেক কাজ হচ্ছে। কোন কাজ আপনাকে কোথায় পৌঁছে দেবে, তা আগে থেকে বলা যায় না।"

তিনি আরও বলেন, "আমি যখন ‘গজব রাত’-এর শুটিং করছিলাম, তখন অনেকেই ‘ফাইটার’ ও ‘দেবা’ দেখেছেন। সেটে অনেকেই আমাকে ওই কাজগুলোর কথা বলেছেন। তাই কোনও কাজই বৃথা যায় না। ওই চরিত্রগুলোতে অভিনয় করতে পেরে আমি আনন্দিত।"

প্রসঙ্গত, ২০২৫ সালে শহীদ কাপুর অভিনীত ‘দেবা’ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন আদিতি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আশাশুনিতে ৮৪ বছর বয়সী বৃদ্ধ বাবাকে ভুলিয়ে জমি লিখে নেওয়ার অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:১৮ পি.এম


আশাশুনিতে ৮৪ বছর বয়সী বৃদ্ধ বাবাকে ভুলিয়ে জমি লিখে নেওয়ার অভিযোগ

আশাশুনিতে ৮৪ বছর বয়সী বৃদ্ধ পিতাকে ভুল বুঝিয়ে জমি লিখে নেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আশাশুনি প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন কাকবাসিয়া গ্রামের মোংলাই সানার ছেলে আব্দুল জলিল সানার পক্ষে সাইফুল্লাহ শাহীন।

লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন, তার পিতা মোংলাই সানার বয়স ৮৪ বছর। বয়সের কারণে তিনি স্বাভাবিক জ্ঞান-বুদ্ধি হারিয়ে অনেকটা শিশুসুলভ আচরণ করেন। এই সুযোগকে কাজে লাগিয়ে তার ভাইদের মধ্যে আব্দুর রসিদ, আব্দুল মাজিদ এবং মৃত খলিলুর রহমানের ছেলে সেনাসদস্য বিলাল হোসেন বৃদ্ধ পিতার কাছ থেকে জমি লিখে নেওয়ার চেষ্টা করছেন। গত ২২ নভেম্বর রবিবার ছলচাতুরির মাধ্যমে তার সহজ-সরল বৃদ্ধ পিতাকে ভুল বুঝিয়ে আশাশুনি সদরে নিয়ে যাওয়া হয়। এরপর খাজরা, মনিপুর ও কাকবাসিয়া মৌজার জমি লিখে নেওয়ার জন্য দলিল লেখার সেরেস্তায় প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করা হয়।

খবর পেয়ে তিনি সেখানে যাওয়ার চেষ্টা করলে তাকে বাধা দেওয়া হয়। সাংবাদিকদের প্রশ্নের জবাবে আব্দুল জলিল সানা বলেন, তার পিতাকে লুকিয়ে রাখার বিষয়ে তিনি থানায় অভিযোগ করেছেন। গত রোববার থেকে তাকে (জলিল) নিজের বাড়িতে উঠতে দেওয়া হচ্ছে না। ফলে তিনি বাড়ির বাইরে দিন কাটাতে বাধ্য হচ্ছেন। তিনি দাবি করেন, প্রায় ৮ বিঘা জমি লিখে নেওয়ার জন্য দলিল লেখকের কাছে লেখার কাজও সম্পন্ন করে রাখা হয়েছে। তিনি চান, যাতে তার পিতা এবং তার তিন বোন বঞ্চিত না হন এবং বৃদ্ধ পিতার সরলতার সুযোগ নিয়ে কেউ যেন সম্পত্তি আত্মসাৎ করতে না পারে, সেজন্য প্রশাসনের সহযোগিতা কামনা করছেন।

এসময় তার দুই বোন শাহানারা খাতুন ও জাহানারা খাতুন উপস্থিত থেকে বক্তব্য দেন। তারা তাদের পিতাকে লুকিয়ে রাখা, বাড়িতে উঠতে না দেওয়া এবং প্রায় ৮ বিঘা জমি লিখে নেওয়ার প্রস্তুতির রোধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০১
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%