ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

গাজীপুরে ৬ ফিলিং স্টেশনে অভিযান, ২ কোটি টাকা জরিমানা ১ প্রতিষ্ঠানের


গাজীপুরে ৬ ফিলিং স্টেশনে অভিযান, ২ কোটি টাকা জরিমানা ১ প্রতিষ্ঠানের

গাজীপুরে ছয়টি সিএনজি ফিলিং স্টেশনের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে ভ্রাম্যমাণ আদালত। অবৈধভাবে কাভার্ড ভ্যান, লরি ও সিলিন্ডারে গ্যাস সরবরাহ এবং বিভিন্ন অনিয়মের অভিযোগে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। মেসার্স রিয়াজ এন্ড কোং লিমিটেডকে ২ কোটি টাকা জরিমানা করা হয়েছে, অন্যদিকে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ফলে জরিমানার মোট পরিমাণ দাঁড়িয়েছে ২ কোটি ৫ লাখ টাকা।

সোমবার (১২ অক্টোবর) বেলা ১১টা থেকে দিনব্যাপী গাজীপুরে পরিচালিত এক যৌথ অভিযানে এসব ব্যবস্থা নেওয়া হয়। অভিযানে অংশগ্রহণ করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) গাজীপুর সমন্বিত জেলা কার্যালয়, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি এবং বিস্ফোরক অধিদপ্তরের কর্মকর্তারা। অভিযানের নেতৃত্ব দেন দুদকের গাজীপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক এনামুল হক।

অভিযান সূত্রে জানা যায়, গ্রাহকদের নির্ধারিত গ্যাস সরবরাহ ব্যাহত করে কৃত্রিম সংকট তৈরির পাশাপাশি অবৈধভাবে গ্যাস সরবরাহের অভিযোগে বিভিন্ন সিএনজি স্টেশনে অভিযান পরিচালিত হয়। এ সময় গ্যাস সংযোগের শ্রেণি, সরবরাহব্যবস্থা এবং সংশ্লিষ্ট আইন ও বিধিবিধান প্রতিপালনের বিষয়গুলো যাচাই করা হয়।

আরও পড়ুন: ইসলামের জন্য ক্ষমতা ছাড়তে পারি, ক্ষমতার জন্য ইসলাম নয়: ফয়জুল করীম

মেসার্স রিয়াজ এন্ড কোং লিমিটেডের রিয়াজ ফিলিং স্টেশনে ক্যাপটিভ ও সিএনজি সংযোগের শ্রেণি এবং ব্যবস্থাপনা নিয়ে অনিয়মের অভিযোগ পাওয়া যায়। এই কারণে প্রতিষ্ঠানটিকে ২ কোটি টাকা জরিমানা করা হয় এবং তাদের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

এছাড়া অবৈধভাবে সিলিন্ডারে গ্যাস সরবরাহের অভিযোগে আরও পাঁচটি সিএনজি স্টেশনকে জরিমানা করা হয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো—মাহবুব ফিলিং স্টেশন, মাম সিএনজি স্টেশন, আল-হেরা সিএনজি স্টেশন, ব্লেস সিএনজি স্টেশন ও সুশল সিএনজি স্টেশন। প্রতিটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা করে মোট পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়। এসব প্রতিষ্ঠানেরও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

অভিযান শেষে ছয়টি ফিলিং স্টেশনের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার বিষয়টি নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র। গ্যাস খাতে অনিয়ম, অবৈধ সরবরাহ ও দুর্নীতি প্রতিরোধে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন দুদকের গাজীপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক এনামুল হক।

সংশ্লিষ্টদের মতে, গ্যাসের অবৈধ ব্যবহার ও অননুমোদিত সরবরাহ বন্ধে নিয়মিত তদারকি এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ জরুরি। এতে গ্যাস বিতরণব্যবস্থায় শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি সাধারণ গ্রাহকদের নির্ধারিত সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে।

আরও পড়ুন: মহাঅষ্টমীতে বরিশালের পূজামণ্ডপ পরিদর্শনে বিএমপি কমিশনার, নিরাপত্তায় কঠোর নজরদারি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জিন্নাত: নেত্রকোনার মেয়েরা বিশ্বমঞ্চে সাফল্য পাবে যদি সুযোগ দেওয়া হয়

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৪৯ পি.এম


জিন্নাত: নেত্রকোনার মেয়েরা বিশ্বমঞ্চে সাফল্য পাবে যদি সুযোগ দেওয়া হয়

এশিয়ান গেমসে উশুতে ব্রোঞ্জ পদকজয়ী নেত্রকোনার মেয়ে জিন্নাত আক্তার মন্তব্য করেছেন, "আমাদের সময়ে খেলাধুলার সুযোগ-সুবিধা তেমন ছিল না।" তবে তিনি বিশ্বাস করেন যে বর্তমান ও পরবর্তী প্রজন্মের খেলোয়াড়দের জন্য যদি কিছুটা অনুকূল পরিবেশ ও সুযোগ প্রদান করা হয়, তাহলে নেত্রকোনার মেয়েরাও বিশ্বমঞ্চে দেশের জন্য বড় সুনাম বয়ে আনতে সক্ষম হবে।

সোমবার (১২ অক্টোবর) নেত্রকোনা জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে জিন্নাতের হাতে সম্মাননা স্মারক তুলে দেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান।

জিন্নাত আক্তার বাংলাদেশ সেনাবাহিনীর একজন কৃতী উশু অ্যাথলেট। তিনি জাপানে অনুষ্ঠিত ২০তম এশিয়ান গেমসে নারীদের ৫২ কেজি ওজন শ্রেণিতে সেমিফাইনালে পৌঁছে ব্রোঞ্জ পদক অর্জন করেন। তার এই অসাধারণ সাফল্যের মাধ্যমে বাংলাদেশ দীর্ঘ ৪০ বছর পর এশিয়ান গেমসের ব্যক্তিগত কোনো ইভেন্টে পদক জয়ের গৌরব অর্জন করেছে।

গত ২৩ সেপ্টেম্বর জাপানের আইচি প্রিফেকচারাল মার্শাল আর্টস হলে নারীদের ৫২ কেজি ওজন শ্রেণির কোয়ার্টার ফাইনালে জিন্নাতের প্রতিপক্ষ ছিলেন ইন্দোনেশিয়ার থারিসা দিয়া ফ্লোরেন্তিনা। নির্ধারিত ওজনসীমা পূরণ করতে ব্যর্থ হওয়ার কারণে ইন্দোনেশিয়ার সেই প্রতিযোগীকে অযোগ্য ঘোষণা করা হয়। ফলে সরাসরি সেমিফাইনালে উঠে দেশের জন্য পদক নিশ্চিত করেন সাতবারের জাতীয় চ্যাম্পিয়ন জিন্নাত।

জিন্নাত আক্তার নেত্রকোনা পৌর শহরের খতিবনগুয়া এলাকার একটি সাধারণ পরিবার থেকে উঠে এসেছেন। তার বাবা প্রয়াত আরজ আলী এবং মা রওশনা আক্তার। আন্তর্জাতিক অঙ্গনে জিন্নাতের এই অবিস্মরণীয় সাফল্যে তার পরিবার এবং পুরো জেলাবাসী আনন্দ ও গর্বে ভাসছে।

জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. হেদায়েত উল্লাহ রুমিন, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) জেলা সহ-সভাপতি শাহাবুদ্দিন রিপন, জেলা উশু প্রশিক্ষক নাদিম আহম্মেদ, স্থানীয় উশু খেলোয়াড়রা এবং জিন্নাতের মা ও পরিবারের অন্যান্য সদস্যরা।

এর আগে, গত ২৬ সেপ্টেম্বর এশিয়ান গেমস থেকে ব্রোঞ্জ পদক নিয়ে দেশে ফেরেন জিন্নাত। তখন ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ও উশু ফেডারেশনের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ সংবর্ধনা দেওয়া হয়। জিন্নাতের এই অর্জন দেশের ক্রীড়াঙ্গনের ইতিহাসে একটি অনন্য মাইলফলক হয়ে থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টাঙ্গাইলের সদর ও ঘাটাইলে মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ৩

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ একদিল হোসেন স্টাফ রিপোর্টার

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৫১ পি.এম


টাঙ্গাইলের সদর ও ঘাটাইলে মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ৩

টাঙ্গাইলের সদর ও ঘাটাইল উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক মাদকবিরোধী অভিযানে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে মোট ১ গ্রাম হেরোইন ও ৫ গ্রাম গাঁজা জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গ্রেপ্তার তিনজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

রোববার (১১ অক্টোবর ২৬) টাঙ্গাইল সদর থানার কান্দাপাড়া এলাকার একটি স্থান এবং ঘাটাইল থানার পাকুটিয়া গ্রামে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন টাঙ্গাইলের দিঘুলিয়া বেপারীপাড়া এলাকার মো. হানিফ (৪০), কান্দাপাড়া এলাকার রিতা আক্তার (৩৫) এবং ঘাটাইল উপজেলার পাকুটিয়া গ্রামের মো. নাজমুল হোসেন শান্ত (২৪)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, টাঙ্গাইল সূত্রে জানা যায়, পৃথক অভিযানে জব্দ করা মাদকের মধ্যে ১ গ্রাম হেরোইন ও ৫ গ্রাম গাঁজা রয়েছে। এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে তিনটি ভ্রাম্যমাণ আদালতের মামলা দায়ের করা হয়।

অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. সাইফুর রহমান এবং উপপরিদর্শক তপু খান ও মোহাম্মদ রাশিদুল ইসলাম প্রসিকিউশন দাখিল করেন।

পরে টাঙ্গাইলের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাজমুস সাকিব, মোছা. ফারহানা আরেফিন জুঁই এবং কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরী তাসমিন ঊর্মির পরিচালনায় ভ্রাম্যমাণ আদালত সাজা ঘোষণা করেন।

আদালতের আদেশ অনুযায়ী, হানিফ ও নাজমুল হোসেন শান্তকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং রিতা আক্তারকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি হানিফ ও রিতা আক্তারকে ৫০ টাকা করে এবং নাজমুল হোসেন শান্তকে ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, টাঙ্গাইলের সহকারী পরিচালক মো. আহসানুল কবির বুলবুল অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চকবাজারে আরেক ভবনে ছড়াল আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৫৫ পি.এম


চকবাজারে আরেক ভবনে ছড়াল আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজার এলাকায় ‘মনজুর খান প্লাজা’ নামে পরিচিত সাততলা ভবনে আগুনের সূত্রপাত ঘটেছে, যা সংলগ্ন অন্য একটি ভবনে ছড়িয়ে পড়েছে। আগুনের পরিস্থিতি নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে।

সোমবার (১২ অক্টোবর) বিকাল ৫টা ৪ মিনিটে আগুন লাগার খবর ফায়ার সার্ভিসের কাছে পৌঁছায়।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ গণমাধ্যমকে জানান, প্রথমে সাততলা ভবনের ষষ্ঠ তলায় আগুনের সূত্রপাত ঘটে। খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দ্রুত আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে ভবনের অভ্যন্তরে প্রচুর ধোঁয়া থাকায় ফায়ার ফাইটারদের জন্য আগুন নেভাতে সমস্যা তৈরি হয়।

তিনি আরও জানান, কিছু সময় পর আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলেও তা পাশের আরেকটি ভবনে ছড়িয়ে পড়ে।

এখনো পর্যন্ত আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ অথবা হতাহতের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আলফাডাঙ্গায় ফ্যামিলি কার্ড নিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে ইউএনওর সংবাদ সম্মেলন

আন্তর্জাতিক ডেস্ক

কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

১১:০৯ পি.এম


আলফাডাঙ্গায় ফ্যামিলি কার্ড নিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে ইউএনওর সংবাদ সম্মেলন

নারীর ক্ষমতায়ন, মর্যাদা ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করতে সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় ফরিদপুরের আলফাডাঙ্গায় পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হচ্ছে। এ কর্মসূচির লক্ষ্য ও বাস্তবায়নপ্রক্রিয়া সম্পর্কে গণমাধ্যমকর্মীদের অবহিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জোবায়ের হাবিব।

সোমবার (১২ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদের মিনি কনফারেন্স কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সার্বিক সহযোগিতা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ঝুমুর সরকার।

সংবাদ সম্মেলনে ইউএনও মো. জোবায়ের হাবিব বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচি সফল করতে পরিবারের সঠিক আর্থসামাজিক তথ্য সংগ্রহ এবং যোগ্য উপকারভোগী চিহ্নিত করা জরুরি। এ জন্য তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের স্বচ্ছতা, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে, যাতে সরকারি সহায়তা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছায়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আলফাডাঙ্গা উপজেলার ছয়টি ইউনিয়ন ও একটি পৌরসভায় এ কর্মসূচির আওতায় খানা জরিপ পরিচালিত হবে। প্রাথমিক পর্যায়ে টগরবন্দ, আলফাডাঙ্গা ও বানা ইউনিয়নে তথ্য সংগ্রহ শুরু হবে। প্রথমে টগরবন্দ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড থেকে কার্যক্রম শুরুর পরিকল্পনা রয়েছে। পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য ইউনিয়নেও এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রায়হানুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া আব্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা তুষার সাহা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. প্রভাস চন্দ্র সেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. নুর জামাল খসরু, পৌর বিএনপির সভাপতি মো. রবিউল হক রিপন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মনিরুজ্জামান মনির, পৌর বিএনপির প্রচার সম্পাদক মো. কামরুজ্জামান কদর এবং উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মো. নিয়ামত হোসেন পারভেজসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সংবাদ সম্মেলন শেষে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের কাজে নিয়োজিত তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের মধ্যে ল্যাপটপ বিতরণ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%