০৯:৩৪ পি.এম
ভোলার লালমোহনে পুলিশ একটি কাভার্ডভ্যানসহ ৯ হাজার লিটার (৫০ ব্যারেল) অপরিশোধিত সয়াবিন তেল জব্দ করেছে; যার আনুমানিক বাজার মূল্য ৭ লাখ ৫০ হাজার টাকা।
মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে লালমোহন থানা পুলিশের একটি দল মিনা চানাচুর ফ্যাক্টরির মালিক হেলাল উদ্দিনের গোডাউনে অভিযান চালায়। সেখানে ২৮ ব্যারেল তেল এবং ফ্যাক্টরির সামনে একটি কাভার্ডভ্যান থেকে আরও ২২ ব্যারেল অপরিশোধিত সয়াবিন তেল জব্দ করা হয়। এই ঘটনার প্রেক্ষিতে হেলাল উদ্দিন ও নাজিম উদ্দিনসহ অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে লালমোহন থানায় মামলা দায়ের করা হয়েছে।
জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ভোলা-চরফ্যাশন মহাসড়কের পাশে ফায়ার সার্ভিস এলাকার খান সাহেব রোডে মিনা চানাচুর ফ্যাক্টরির সামনে ২২ ব্যারেল তেলসহ একটি কাভার্ডভ্যান রেখে পালিয়ে যান চালক। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় লালমোহন থানা পুলিশের একটি দল, যারা কাভার্ডভ্যানটি জব্দ করে লালমোহন থানায় নিয়ে আসে। কাভার্ড ভ্যানের ভেতরে একটি ড্রাইভিং লাইসেন্স পাওয়া যায় এবং সেটিও জব্দ করে পুলিশ। পরে তল্লাশি চালিয়ে মিনা চানাচুর ফ্যাক্টরির গোডাউনে আরও ২৮ ব্যারেল অপরিশোধিত সয়াবিন তেল উদ্ধার করা হয়।
আরও পড়ুন: ইনানীতে ৪২ ঘণ্টা ধরে জ্বলছে আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি
ওই এলাকার প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মিনা চানাচুর ফ্যাক্টরির মালিক হেলাল উদ্দিন অপরিশোধিত ও ভেজাল সয়াবিন তেল ব্যবহার করে চানাচুর তৈরি করে বাজারজাত করে আসছেন। এসব চানাচুর খেয়ে মানুষ বিভিন্ন রোগে ভুগছেন।
লালমোহন থানার অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলামের মুঠোফোনে বারবার কল করলেও তিনি রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
ভোলা জেলা পুলিশের ফেসবুকে এ ব্যাপারে উল্লেখ করা হয়েছে যে, চোরাচালান ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে ভোলা জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা রক্ষায় ভোলা জেলা পুলিশ সর্বদা জনগণের পাশে থাকবে।
আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৯ ভোটগ্রহণ কর্মকর্তা প্রত্যাহার, নতুন কর্মকর্তাদের নিয়োগ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন