০৫:৪০ পি.এম
ঢাকা, ১৬ নভেম্বর, ২০২৬ : দেশের বিভিন্ন আদালতের বিচারকদের যাতায়াতের সুবিধা বৃদ্ধির লক্ষ্যে নয়টি মাইক্রোবাস বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
আজ রাজধানীর আবদুল গণি রোডে নিবন্ধন অধিদপ্তর প্রাঙ্গণে, তিনি রংপুরের জেলা ও দায়রা জজের হাতে একটি মাইক্রোবাসের চাবি হস্তান্তর করে বিতরণ কার্যক্রমের সূচনা করেন।
আইন ও বিচার বিভাগের বাজেট ও উন্নয়ন অনুবিভাগের উদ্যোগে, প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে নয়টি মাইক্রোবাস ক্রয় করা হয়েছে। এই কার্যক্রমে রেজিস্ট্রেশন ব্যয়সহ মোট ৪ কোটি ৬৮ লাখ টাকা ব্যয় হয়েছে।
আরও পড়ুন: রংপুর রেঞ্জে অস্থিতিশীলতা সৃষ্টিকারী পরিকল্পনাকারীসহ ২৮ জন গ্রেফতার
নয়টি মাইক্রোবাসের মধ্যে ছয়টি বিতরণ করা হয়েছে চুয়াডাঙ্গা, লালমনিরহাট, যশোর, রংপুর, ঢাকা ও পঞ্চগড় জেলা জজ আদালতে। এছাড়া, দু’টি রাজশাহী ও সিলেট মহানগর দায়রা জজ আদালতে এবং একটি সিলেট চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে প্রদান করা হয়েছে।
এই উদ্যোগের ফলে সংশ্লিষ্ট আদালতগুলোর বিচারকদের যাতায়াতের সুবিধা বৃদ্ধি পাবে এবং বিচারিক কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক সহায়তা আরও শক্তিশালী হবে।
উদ্বোধন শেষে আইনমন্ত্রী নিবন্ধন অধিদপ্তর ও প্রশাসনিক ট্রাইব্যুনাল পরিদর্শন করেন।
এ সময় আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব মো. খাদেম উল কায়েস, নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক শামীমা আফরোজ, বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের মহাপরিচালক মো. মঞ্জুরুল হোসেন, রংপুরের জেলা ও দায়রা জজ হালিম উল্লাহ চৌধুরী, আইনমন্ত্রীর একান্ত সচিব (অতিরিক্ত জেলা ও দায়রা জজ) মো. সাজ্জাদুর রহমানসহ আইন মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: বেইজিংয়ে বাংলাদেশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি হিসেবে যোগদান করলেন জাহাঙ্গীর
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন