১১:১৯ পি.এম
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদক মামলায় পাঁচ মাস কারাবাস শেষে ছেলের বিরুদ্ধে মাকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনার পর, প্রাণের ভয়ে এক মা ঘরবাড়ি ছেড়ে প্রশাসনের কাছে সাহায্য চাইতে বেরিয়ে পড়েছেন।
সোমবার (২ নভেম্বর) ওই নারীকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার জন্য পরামর্শ দিয়েছেন ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেব নাথ।
ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের কামাতআঙ্গারীয়া গ্রামের (দফাদার পাড়া) প্রয়াত হবিবর রহমানের স্ত্রী নাসিমা বেওয়া (৪৭) তিন বছর আগে স্বামী মারা যাওয়ার পর ছেলে রাজু মিয়া (২২), তার স্ত্রী, নাতি মিনহাজ (৭) এবং ছোট ছেলে লিমনকে (১৮) নিয়ে একই বাড়িতে বসবাস করতেন।
আরও পড়ুন: নান্দাইলে বৈদ্যুতিক শর্টসার্কিটে ট্রাকে আগুন, শহর বিদ্যুৎহীন
বড় ছেলে রাজু মিয়া মাদকাসক্ত হয়ে পড়লে তার নির্যাতন সহ্য করতে না পেরে স্ত্রী বছরখানেক আগে সন্তান ও স্বামীকে রেখে ঢাকায় চলে যান। এরপর থেকে রাজু আরও বেপরোয়া হয়ে ওঠে।
প্রতিবেশীরা জানান, মাদকের টাকার জন্য রাজু মায়ের ওপর নানা অত্যাচার ও নির্যাতন চালায় এবং ঘরের জিনিসপত্র বিক্রি করে দেয়। এ অবস্থায় চলতি বছরের ২ জুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক রাজুকে ১০০ টাকা জরিমানা ও পাঁচ মাসের কারাদণ্ড দেন।
স্বজনরা জানান, রাজু জেলে যাওয়ার পর তার ছোট ভাই লিমন ভয়ে ঢাকায় চলে যান। রবিবার, পাঁচ মাস জেল খেটে মুক্তি পাওয়ার পর রাজু মোবাইলে মাকে প্রাণনাশের হুমকি দেন। কোনো উপায় না পেয়ে মা নাসিমা নাতিকে নিয়ে ওইদিনই বাপের বাড়ি পাইকের চড়া চলে যান।
রাজু বাড়িতে ফিরে ঘরবাড়িতে ভাঙচুর চালান এবং মাকে খুঁজতে থাকেন। এ ঘটনায় রাতেই নাসিমা থানায় গেলে পুলিশ ইউএনওর সঙ্গে যোগাযোগ করতে বলেন।
আরও পড়ুন: নোয়াখালী কোম্পানীগঞ্জে নতুন কূপে গ্যাসের সন্ধান মিলেছে
পুলিশের পরামর্শে ওইদিন দুপুরে ইউএনওর দপ্তরে গিয়ে ঘটনার বর্ণনা দিয়ে প্রাণ বাঁচানোর দাবি জানান নাসিমা।
প্রাণ বাঁচানোর আকুতি জানিয়ে নাসিমা বলেন, ‘আমি বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছি। থানায় গেছি, তারা উপজেলা নির্বাহী অফিসারের কাছে যেতে বলেছে। ওনার কাছে আসলাম উনি আবার থানায় যেতে বলল। রাজু দেখা পেলে আমাকে মেরে ফেলবে।’
সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আব্দুল লতিফ বলেন, ‘নাসিমার বাড়িতে ভাঙচুরের খবর পেয়ে রাতেই আমি ঘটনাস্থলে যাই। কিন্তু রাজু কোনো কথাই শুনতে চায় না।
‘সে তার মাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে এবং ঘরের তালা ও বেড়া ভেঙে ফেলেছে। মাঝে মাঝে সে আত্মহত্যার হুমকিও দিচ্ছে। প্রাণ ভয়ে তার মা নাতিকে নিয়ে পালিয়ে বেড়াচ্ছে।’
আরও পড়ুন: দুর্গাপুরে ১৯ মামলার আসামি বদিউজ্জামান গ্রেপ্তার
ইউএনও অমৃত দেব নাথ বলেন, ‘অভিযোগকারী নারী আমার কাছে এসেছিল, তাকে থানায় জিডি করার পরামর্শ দেওয়া হয়েছে।’
ভূরুঙ্গামারী থানার ওসি আজিম উদ্দিন বলেন, ‘উনি (নাসিমা) এসেছিলেন কিনা আমি কোর্টে থাকার কারণে জানি না। উনি এলে জিডি গ্রহণ করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন