ঢাকা বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ইং ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

মুকসুদপুর থানার আগুনের ঘটনায় অতিরিক্ত এসপি আবুল হাসান গ্রেপ্তার


মুকসুদপুর থানার আগুনের ঘটনায় অতিরিক্ত এসপি আবুল হাসান গ্রেপ্তার

গোপালগঞ্জের মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় পরিকল্পনাকারী হিসেবে আলোচনায় আসা অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল হাসানকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারের পর তাকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও দলটির কর্মী টিকটিক মকবুল হত্যা মামলায়ও গ্রেপ্তার দেখানো হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

সোমবার (২৩ নভেম্বর) রাত ৮টার দিকে ময়মনসিংহের স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) ১৪ নম্বর কার্যালয় থেকে ডিবি পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে। ওই কার্যালয়ে তিনি অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ সূত্র জানায়, গত ১৯ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের ‘লকডাউন’ কর্মসূচি চলাকালে গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। হামলাকারীরা থানার ভেতরে ঢুকে আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ নথিপত্রে আগুন ধরিয়ে দেন। এ ছাড়া থানা প্রাঙ্গণে থাকা কয়েকটি গাড়িও পুড়ে যায়।

আরও পড়ুন: সংসদ সদস্য নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড: প্রকৃত কারণ অজ্ঞাত, তদন্তের সুপারিশ কমিটির

এ ঘটনায় তদন্তের একপর্যায়ে অগ্নিসংযোগের পরিকল্পনাকারী হিসেবে আবুল হাসানের নাম আলোচনায় আসে। মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনার তদন্তে তার সম্পৃক্ততার প্রাথমিক তথ্য পাওয়া গেছে। গ্রেপ্তারের আগে তাকে এসআরবি-১১ কার্যালয় ও পুলিশ সদর দপ্তরে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে তার কথাবার্তা ও অভিব্যক্তিতে অগ্নিসংযোগের ঘটনায় সম্পৃক্ততার ইঙ্গিত পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, আবুল হাসানের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর এলাকায়। ২০২৪ সালের ৫ আগস্টের আগে তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। এর মধ্যে নিউমার্কেট ও কলাবাগান থানায় দায়িত্ব পালনের বিষয়টিও বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে এসেছে। পরে তাকে এসআরবিতে বদলি করা হয়।

এদিকে, আবুল হাসানের বিরুদ্ধে অতীতে রাজনৈতিক নেতাকর্মীদের হয়রানি, বাসায় অভিযান ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগও তুলেছেন বিএনপির কয়েকজন নেতাকর্মী। কলাবাগান থানা যুবদলের সাবেক সদস্যসচিব শাহ আলম সৈকত সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এসব অভিযোগ করেন। তার দাবি, আবুল হাসান দায়িত্ব পালনকালে রাজনৈতিক বিরোধীদের দমনে ভূমিকা রেখেছিলেন। তবে এসব অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

আরও পড়ুন: শতাধিক মানুষ হত্যার দায়ে জিয়াউলকে অবাঞ্ছিত করার দাবি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক, শ্রমিক আন্দোলন শেষে পরিস্থিতি শান্ত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:৫১ পি.এম


ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক, শ্রমিক আন্দোলন শেষে পরিস্থিতি শান্ত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে উঠেছে, যা প্রায় তিন ঘণ্টার অচলাবস্থার পর ঘটেছে। আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী, বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সদস্যরা মহাসড়কে অবস্থান করে শ্রমিকদের সরিয়ে দেওয়ার মাধ্যমে যান চলাচল পুনরুদ্ধার করেছে। বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১টা থেকে মহাসড়কটি স্বাভাবিক হয়। সকাল ১০টা থেকে শ্রমিক আন্দোলনের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অচল ছিল।

প্রত্যক্ষদর্শী, পুলিশ এবং বিএনপি সূত্রে জানা যায়, এদিন সকাল ১০টা থেকে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বেশ কয়েকটি স্থানে অবরোধ সৃষ্টি করেন। গাছা থেকে টঙ্গীর গাজীপুরা পর্যন্ত জিএমপির এলাকায় শ্রমিক ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে। এই সংঘর্ষে এক পুলিশ সদস্যসহ কয়েকজন আহত হন।

এই পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর পাশাপাশি স্থানীয় বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা মহাসড়কে অবস্থান করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেন। এর ফলস্বরূপ, দুপুর ১টা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক আবার স্বাভাবিক হয়ে ওঠে।

টঙ্গীতে মহাসড়কে অবস্থানরত গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সাথী কালের কণ্ঠকে জানান, ‘আমরা শ্রমিকদের বুঝিয়ে শুনিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিয়েছি। আশা করি তারা নতুন বেতন মেনে কাজে যোগ দিবেন।’

টঙ্গী পশ্চিম থানার ওসি মো. আরিফুর রহমান মন্তব্য করেন, ‘এখন মহাসড়ক স্বাভাবিক আছে, যানচলাচল বিঘ্নে চলাচল করছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন ৩০ ডিসেম্বর দাখিল হবে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:৫২ পি.এম


বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন ৩০ ডিসেম্বর দাখিল হবে

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আদালত আগামী ৩০ ডিসেম্বর তারিখ নির্ধারণ করেছেন।

মঙ্গলবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নির্ধারিত দিন ছিল। কিন্তু তদন্তকারী সংস্থা সিআইডি এদিন প্রতিবেদন দাখিল করতে ব্যর্থ হওয়ায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম নতুন তারিখ নির্ধারণ করেন।

২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে জালিয়াতির মাধ্যমে সুইফট কোডের সাহায্যে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার চুরি করা হয়। পরে ওই অর্থ ফিলিপাইন প্রেরণ করা হয়। সংশ্লিষ্টদের ধারণা, দেশের অভ্যন্তরের একটি চক্রের সহায়তায় হ্যাকার গ্রুপ রিজার্ভের অর্থ পাচার করেছে।

এ ঘটনায় একই বছরের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্টের উপ-পরিচালক জোবায়ের বিন হুদা অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মতিঝিল থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ (সংশোধনী ২০১৫)-এর ৪ ধারাসহ তথ্য ও প্রযুক্তি আইন-২০০৬ এর ৫৪ ধারা ও ৩৭৯ ধারায় মামলা দায়ের করেন। বর্তমানে মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তদন্ত করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেতানিয়াহুকে উৎখাতে প্রথম জোট চুক্তি সম্পন্ন করলেন আইজেনকোট-লিবারম্যান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:৫২ পি.এম


নেতানিয়াহুকে উৎখাতে প্রথম জোট চুক্তি সম্পন্ন করলেন আইজেনকোট-লিবারম্যান

ইসরায়েলে নতুন সরকার গঠনের জটিল পরিস্থিতির মধ্যে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি ঘটেছে। বিরোধী শিবিরের দুই প্রভাবশালী নেতা গাদি আইজেনকোট এবং আভিগদর লিবারম্যান, তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করার প্রচেষ্টায় প্রথম আনুষ্ঠানিক জোট চুক্তিতে পৌঁছেছেন।

সংসদ বা নেসেটের ১২০টি আসনের মধ্যে গাদি আইজেনকোটের মধ্য-ডানপন্থী দল ‘ইয়াশার’ ২১টি আসন অর্জন করেছে এবং আভিগদর লিবারম্যানের দল ‘ইসরায়েল আওয়ার হোম’ ৭টি আসন পেয়েছে। রাজনৈতিক বিশ্লেষকেরা এই চুক্তিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে মূল্যায়ন করছেন; কারণ লিবারম্যান পূর্বে আরব দলগুলোর সমর্থননির্ভর সরকার গঠনের পাশাপাশি নেতানিয়াহুর সঙ্গে জাতীয় ঐক্যের সরকারে যোগ দেওয়ার ব্যাপারে কঠোর আপত্তি জানিয়েছিলেন। তবে তিনি বারবার উল্লেখ করেছেন যে, তাঁর প্রধান রাজনৈতিক লক্ষ্য হলো নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরানো।

বর্তমান সংসদীয় হিসাব অনুযায়ী, নেতানিয়াহুর দল লিকুদ এবং অতি-ডানপন্থী ও অতি-অর্থোডক্স দলগুলোর জোট ৫৩টি আসন পেয়েছে, যা সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ৬১ আসনের চেয়ে কম। অন্যদিকে, আইজেনকোটের দল ও সম্ভাব্য শরিকদের সম্মিলিত আসন সংখ্যা ৪৮। এ অবস্থায় ১৯টি আসন পাওয়া আরব দলগুলো, যারা নেতানিয়াহুর বিরোধিতায় আইজেনকোটের অবস্থানের সঙ্গে একমত, তারা আইজেনকোটের জোটকে সংখ্যাগরিষ্ঠতার দিকে এগিয়ে নিয়ে যেতে পারে।

গাদি আইজেনকোট ২৮ দিনের ম্যান্ডেটের আওতায় আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত সরকার গঠনের জন্য সময় পাচ্ছেন। প্রয়োজনে তিনি আরও ১৪ দিন সময় বাড়ানোর আবেদন করতে পারবেন। যদি তিনি ব্যর্থ হন, তাহলে নেতানিয়াহু সরকার গঠনের সুযোগ পেতে পারেন। যদি কেউ সরকার গঠনে সক্ষম না হন, তাহলে আগামী বছর ইসরায়েলে আরেকটি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।

এদিকে, একটি সম্ভাব্য জাতীয় ঐক্যের সরকার গঠনের বিষয়ে আইজেনকোট, তাঁর ‘পরিবর্তন ব্লক’-এর কয়েকজন সদস্য এবং নেতানিয়াহুর লিকুদ পার্টির মধ্যে আলোচনা চলছে। তবে এই অগ্রগতির ফলে বামপন্থী ডেমোক্র্যাটস পার্টি ভিন্ন অবস্থান নিয়েছে। ৮টি আসন পাওয়া দলটি ঘোষণা করেছে যে, লিকুদের সঙ্গে আইজেনকোটের আলোচনা এবং ‘পরিবর্তন সরকার’ গঠনে অচলাবস্থার কারণে তারা আইজেনকোটের সঙ্গে আলোচনা স্থগিত করছে। দলটির প্রধান ইয়াইর গোলান জানিয়েছেন, তিনি আরব দলগুলোর সমর্থন নিয়ে নেতানিয়াহুমুক্ত সরকার গঠনের পক্ষে। সূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
রয়টার্সের প্রতিবেদন

বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:৫৩ পি.এম


বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশসহ ১৬টি দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা করছেন। যুক্তরাষ্ট্রের ১৬টি প্রধান বাণিজ্য অংশীদারের বিরুদ্ধে অতিরিক্ত শিল্প সক্ষমতার অভিযোগে পরিচালিত একটি তদন্তের ফলাফল খুব শিগগিরই মার্কিন প্রশাসন প্রকাশ করতে যাচ্ছে। মঙ্গলবার এই বিষয়ে অবগত তিনটি সূত্র তথ্য প্রদান করেছে এবং এর ফলে বিভিন্ন পণ্যের ওপর নতুন আমদানি শুল্ক আরোপের সম্ভাবনা তৈরি হয়েছে। সূত্রগুলোর মতে, মঙ্গলবার বিকেলেই এই তদন্তের ফলাফল প্রকাশিত হতে পারে।

মার্কিন বাণিজ্য প্রতিনিধি কার্যালয় (ইউএসটিআর) নতুন শুল্কের প্রস্তাব দিতে পারে, যা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে আগে থেকে আরোপিত শুল্কের ওপর যুক্ত হবে। গত ফেব্রুয়ারিতে মার্কিন সুপ্রিম কোর্ট যেসব শুল্ক বাতিল করেছিলেন, এই নতুন শুল্কগুলো তার একটি অংশের স্থলাভিষিক্ত হবে। প্রশাসনের আরোপিত শুল্কের কারণে যুক্তরাষ্ট্রের ভোগ্যপণ্যের দাম কিছুটা বেড়ে গেছে। নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পর রয়টার্স/ইপসোসের এক জনমত জরিপে দেখা গেছে, ৬২ শতাংশ উত্তরদাতা শুল্ক বাতিলের উদ্যোগকে সমর্থন করবেন।

দেশভেদে নির্ধারিত শুল্কহার

কোন শুল্কহার প্রস্তাব করা হবে তা এখনো স্পষ্ট নয়। একটি সূত্র জানিয়েছে, শুল্কহার প্রতিটি দেশের জন্য আলাদাভাবে নির্ধারণ করা হবে এবং মেক্সিকো ও নরওয়ের পণ্যের ওপর তাৎক্ষণিকভাবে কোনো শুল্ক আরোপের সম্ভাবনা কম। ১৯৭৪ সালের বাণিজ্য আইনের ৩০১ ধারার আওতায় মার্কিন বাণিজ্য প্রতিনিধি কার্যালয় যুক্তরাষ্ট্রের বৃহত্তম বাণিজ্য অংশীদারগুলোর বিরুদ্ধে অতিরিক্ত শিল্প সক্ষমতার তথ্যের ভিত্তিতে এই তদন্ত পরিচালনা করেছে।

প্রস্তাবিত এই ঘোষণা নিয়ে রয়টার্সের প্রশ্নের জবাব দেয়নি মার্কিন বাণিজ্য প্রতিনিধি কার্যালয় ও হোয়াইট হাউস। বাণিজ্য বিভাগের সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা রায়ান মাজেরাস জানিয়েছেন, তিনি একটি দীর্ঘ প্রতিবেদন আশা করছেন, যাতে ১৬টি বাণিজ্য অংশীদারের প্রতিটির জন্য ভিন্ন ভিন্ন শুল্ক প্রতিকার থাকতে পারে। কিং অ্যান্ড স্প্যালডিংয়ের এই অংশীদার বলেছেন, বিভিন্ন খাতে অতিরিক্ত সক্ষমতা রয়েছে—এমন দেশগুলোর আমদানির ওপর প্রশাসন ১৫ থেকে ২৫ শতাংশ পর্যন্ত উচ্চ শুল্কহার প্রস্তাব করতে পারে। জোরপূর্বক শ্রমবিরোধী আইন শিথিলভাবে প্রয়োগের পৃথক তদন্তে আরোপিত ১০ বা ১২.৫ শতাংশ বিদ্যমান শুল্কের ওপর এসব শুল্ক যুক্ত হবে। তবে তিনি আরও জানান, অতিরিক্ত উৎপাদন সক্ষমতা কমাতে দেশগুলো পদক্ষেপ না নিলে সময়ের সাথে শুল্কহার বাড়ানোর শর্তসহ (এস্কেলেশন ক্লজ) কম শুল্কহারও প্রস্তাব করতে পারে প্রশাসন।

বিকল্প শুল্ক ও তদন্তের প্রেক্ষাপট

এই তদন্তের আওতায় থাকা বাণিজ্য অংশীদারগুলো হলো—চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, ভিয়েতনাম, তাইওয়ান, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সুইজারল্যান্ড, নরওয়ে, সিঙ্গাপুর, বাংলাদেশ ও কম্বোডিয়া, এবং ইউরোপীয় ইউনিয়ন। এর আগে ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, চলতি সপ্তাহেই এই তদন্তের ফলাফল প্রকাশ করা হতে পারে।

গত মার্চে মার্কিন বাণিজ্য প্রতিনিধি কার্যালয় অতিরিক্ত সক্ষমতা তদন্ত শুরু করে; পাশাপাশি ৫৯টি দেশ ও ইউরোপীয় ইউনিয়নে জোরপূর্বক শ্রমবিরোধী আইন দুর্বল বা শিথিলভাবে প্রয়োগের বিষয়ে পৃথক আরেকটি তদন্ত শুরু করে। গত ফেব্রুয়ারিতে মার্কিন সুপ্রিম কোর্টে বাতিল হওয়া ট্রাম্পের বৈশ্বিক 'লিবারেশন ডে' শুল্কগুলো নতুন করে সাজাতেই সম্মিলিতভাবে এসব শুল্ক আনা হচ্ছে।

অতিরিক্ত শিল্প সক্ষমতার সবচেয়ে বড় উৎস হিসেবে চীনকে চিহ্নিত করেছে ট্রাম্প প্রশাসন, যার ফলে ইস্পাত, অ্যালুমিনিয়াম, বৈদ্যুতিক গাড়ি, গৃহস্থালি সামগ্রী ও সৌরপণ্যসহ নানা পণ্যে বিশ্ববাজার সয়লাব হচ্ছে বলে তাদের অভিযোগ। চীন এ অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, তাদের রপ্তানি প্রতিযোগিতামূলক সক্ষমতার প্রতিফলন। মার্কিন বাজারের জন্য পণ্য তৈরি করতে এবং আগের মার্কিন শুল্ক এড়াতে ভিয়েতনাম, ইন্দোনেশিয়া ও কম্বোডিয়াসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে চীনের বিনিয়োগকেও আংশিকভাবে লক্ষ্যবস্তু করা হয়েছে এই তদন্তে।

১০ জানুয়ারি শেষ হতে যাওয়া যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য বিরতির আওতায় ট্রাম্পের প্রথম মেয়াদে আরোপিত প্রায় ২৫ শতাংশ শুল্কের পাশাপাশি দ্বিতীয় মেয়াদে চীনা পণ্যের শুল্ক সর্বোচ্চ ২০ শতাংশে সীমাবদ্ধ রাখা হয়েছে। যুক্তরাষ্ট্র ইতোমধ্যে সব চীনা আমদানির ওপর ১২.৫ শতাংশ শ্রমবিরোধী শুল্ক আরোপ করেছে, ফলে ২০ শতাংশের সীমায় পৌঁছাতে আর মাত্র ৭.৫ শতাংশ বাকি রয়েছে। এ ছাড়া উভয় পক্ষের ৩০ বিলিয়ন ডলারের অ-কৌশলগত আমদানির ওপর শুল্ক কমানোর বিষয়েও কাজ করছে যুক্তরাষ্ট্র ও চীন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%