মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং
০১:৪৪ এম
রাজশাহী, ৯ নভেম্বর, ২০২৬ : ভাষা আন্দোলনের একজন অন্যতম বীর সেনানী, ভাষা সৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
আজ সোমবার দুপুর আড়াইটার দিকে রাজধানী ঢাকার উত্তরায় অবস্থিত একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।
মোশাররফ হোসেন আখুঞ্জির মেঝ মেয়ে খাইরুন্নাহার ওরফে সুচি বাসসকে এ তথ্য নিশ্চিত করে বলেন, বেশ কিছুদিন ধরেই বাবা বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
সর্বশেষ গত ৩১ অক্টোবর তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানী ঢাকার একটি ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানেই বাবার চিকিৎসা চলছিল। চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুর আড়াইটার দিকে তার মৃত্যু ঘটে। মৃত্যুকালে তিনি এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও স্বজন রেখে গেছেন।
তিনি আরও বলেন, রাতে তার মরদেহ ঢাকা থেকে রাজশাহী নিয়ে যাওয়া হবে। তার জানাজার সময় পরে জানানো হবে। সবার কাছে তিনি তার বাবার আত্মার মাগফিরাত কামনায় দোয়া চেয়েছেন।
প্রসঙ্গত, মোশাররফ হোসেন আখুঞ্জি ১৯৫২ সালের ভাষা আন্দোলনে রাজশাহীতে অগ্রণী ও সক্রিয় ভূমিকা পালন করেছিলেন।
রাজশাহী কলেজে অবস্থিত দেশের প্রথম শহীদ মিনার ভাষা সৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জিসহ তার সঙ্গীরা মিলে পুলিশি বাধা উপেক্ষা করে নির্মাণ করেছিলেন।
২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে তার সাক্ষাৎকার নিয়ে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসসে) একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ হয়েছিল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ৯ নভেম্বর ২০২৬ : গোলরক্ষক অ্যালিসন বেকার চলতি মৌসুমের পর লিভারপুলের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর জন্য আহ্বান জানিয়েছেন, যাতে তিনি অ্যানফিল্ডে নিজের সফল ক্যারিয়ারকে আরও দীর্ঘায়িত করতে পারেন।
২০১৮ সালে রোমা থেকে লিভারপুলে যোগ দেওয়ার পর থেকে বেকার প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ৩৪ বছর বয়সী এই ব্রাজিলিয়ান গোলরক্ষক লিভারপুলের হয়ে ৩৪৭টি ম্যাচ খেলেছেন এবং সাতটি বড় শিরোপা জিতেছেন।
চলতি মৌসুমের শেষে তাঁর বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে। যদিও অন্য ক্লাবে যাওয়ার গুঞ্জন রয়েছে, তবে তিনি নতুন চুক্তির মাধ্যমে মার্সিসাইডে থাকার সময় বাড়াতে চান।
রোববার প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেসকে ৩-১ গোলে হারানোর পর অ্যালিসন বলেন, ‘হ্যাঁ, আমার ইচ্ছা এই ক্লাবেই থাকার। প্রতিটি ম্যাচ খেলার দিকেই আমার মনোযোগ। মনে মনে আমি এখানে থাকতে পেরে খুশি।’
তিনি আরও যোগ করেন, ‘যদিও এটি বেশ কিছু বিষয় ও পরিস্থিতির ওপর নির্ভর করছে। তবে আমার ইচ্ছা থেকে যাওয়ার। এখানে আমি খুশি, আমার পরিবারও খুশি।’
অ্যালিসন বলেন, ‘এখনো শিরোপা জয়ের ক্ষুধা আমার রয়েছে। ভালো পারফরম্যান্স উপহার দিতে চাই। যত দিন সম্ভব সর্বোচ্চ পর্যায়ে খেলতে চাই। এটাই আমার ভাবনা।’
সম্প্রতি লিভারপুলের কোচ আন্দোনি ইরাওলা আশা প্রকাশ করেছেন যে গোলরক্ষক অ্যালিসন আরও দীর্ঘ সময় তাঁর দলের সঙ্গে থাকবেন।
গ্রীষ্মকালীন দলবদলের মৌসুমে জুভেন্টাসে যাওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা চলাকালীন অ্যালিসন জানান, ‘আমার এজেন্ট ক্লাবের সঙ্গে আলোচনা করছেন।’
ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে লিভারপুলের জয়ে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে তিনি আবারও নিজের গুরুত্ব প্রমাণ করেছেন।
তবে অ্যালিসনের নির্ভরযোগ্য বিকল্প হিসেবে জর্জি মামারদাশভিলি অপেক্ষায় রয়েছেন। পাশাপাশি আগামী বছর জেঙ্ক থেকে তরুণ গোলরক্ষক লুকা ব্রুগম্যান্সেরও লিভারপুলে যোগ দেওয়ার কথা রয়েছে।
মৌসুমের শুরুতে লিভারপুলের ধারাবাহিকতার অভাব নিয়ে অ্যালিসন বলেন, বাস্তবতা হলো, আমরা নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারছি না। এখনো ধারাবাহিকতা আসেনি।
তিনি আরও বলেন, ‘আমাদের একজন সেরা কোচ আছেন, সেরা খেলোয়াড়রাও আছেন। অসাধারণ কিছু করার সামর্থ্য আমাদের রয়েছে। তবে দল হিসেবে এমন একটি পর্যায়ে পৌঁছাতে হবে, যেখানে আমরা অনুভব করব এখন আমরা ঠিক আছি, আমাদের আত্মবিশ্বাস আছে এবং জয়ের জন্য প্রয়োজনীয় সবকিছুই আমাদের রয়েছে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ৯ নভেম্বর, ২০২৬ : ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবুর পিতা আলহাজ মোহাম্মদ জসিম উদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
প্রতিমন্ত্রী আজ এক শোকবার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, আলহাজ মোহাম্মদ জসিম উদ্দিন আজ সোমবার বিকেল ৪টা ৩৫ মিনিটে ঢাকার কন্টিনেন্টাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৮৬ বছর।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মেহেরপুর, ৯ নভেম্বর ২০২৬ : জেলা সদরে আজ একটি ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ পণ্য এবং প্রয়োজনীয় তথ্যবিহীন শিশু খাদ্য বিক্রির অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ সোমবার দুপুরে পৌর শহরের তাঁতীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে এই জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অ. দা.) মোহাম্মদ মামুনুল হাসান।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয় সূত্রে জানা যায়, সোমবার দুপুর ১২ টার দিকে তাতীপাড়ায় অভিযান চলাকালে হৃদয় ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ পণ্য এবং উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রয়োজনীয় তথ্যবিহীন শিশু খাদ্য (চিপস, জুস, লজেন্স, হাওয়াই মিঠাই, হালুয়া) বাজারজাত ও বিক্রির অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। প্রতিষ্ঠানটিকে একই দিনে ত্রুটি সংশোধন করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।
অভিযানকালে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা (অ. দা.) রিয়াজ মাহমুদ এবং কৃষি বিপণন কর্মকর্তা তারিকুল ইসলাম সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ৯ নভেম্বর, ২০২৬ : বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ২০২৭ সালের এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষার জন্য অনলাইন ফরম পূরণ এবং টিসি ও পিসি নম্বর এন্ট্রি কার্যক্রম আগামী ১৯ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে।
আজ প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৯ থেকে ৩০ নভেম্বরের মধ্যে অনলাইনে টিসি ও পিসি নম্বর এন্ট্রি সম্পন্ন করতে হবে। বিনা বিলম্ব ফিতে ১৯ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত এবং ৩০০ টাকা বিলম্ব ফিসহ ১৬ থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে ফরম পূরণ করা যাবে।
এছাড়া, ৩০০ টাকা বিলম্ব ফি এবং ১ হাজার টাকা প্রতিষ্ঠান জরিমানাসহ ২৫ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ফরম পূরণ করা সম্ভব হবে। সোনালী সেবার মাধ্যমে আগামী ৪ থেকে ১২ জানুয়ারি ২০২৭ পর্যন্ত ফরম পূরণের ফি জমা দেওয়ার সুযোগ থাকবে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ২০২৭ সালের এ পরীক্ষা দশম শ্রেণির পূর্ণাঙ্গ সিলেবাস, পূর্ণমান ও পূর্ণসময়ে অনুষ্ঠিত হবে। শুধুমাত্র ২০২৬ সালে উত্তীর্ণ শিক্ষার্থীরা নিয়মিত ফি-এর পাশাপাশি অতিরিক্ত ৫০০ টাকা ফি প্রদান করে মান উন্নয়ন পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন। বিশেষ চাহিদা সম্পন্ন বা প্রতিবন্ধী পরীক্ষার্থীদের জন্য আবেদন সাপেক্ষে পরীক্ষায় অতিরিক্ত সময় (প্রতি ঘণ্টায় ১০ মিনিট) ও শ্রুতি লেখকের সুবিধা প্রদান করা হবে।
অনলাইনে টিসি ও পিসি নম্বর এন্ট্রি না থাকলে সম্ভাব্য তালিকায় নাম অন্তর্ভুক্ত হবে না এবং ফরম পূরণ করা সম্ভব হবে না।
তালাশ বিডি/মিডিয়া লিঃ