ঢাকা শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৯শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ইং ২৯শে কার্তিক, ১৪৩২বাং

দেশে বাণিজ্যিকভাবে ইলেকট্রিক বোট চালুর স্বপ্ন দেখছেন মাহমুদ


দেশে বাণিজ্যিকভাবে ইলেকট্রিক বোট চালুর স্বপ্ন দেখছেন মাহমুদ

জ্বালানি তেল ছাড়াই চলবে নৌযান। ইঞ্জিনের বিকট শব্দ, কালো ধোঁয়া কিংবা জ্বালানি ব্যয় থাকবে না। জাহাজের ক্যাপ্টেন আব্দুল্লাহ আল মাহমুদ সৌরশক্তি ও ব্যাটারিচালিত একটি ইলেকট্রিক বোট তৈরি করেছেন। তার দাবি, বিশেষ প্রযুক্তির সোলার প্যানেল ও ব্যাটারির মাধ্যমে বোটটি আগামী ১০ থেকে ২০ বছর জ্বালানি খরচ ছাড়াই চালানো সম্ভব হবে। নদ-নদী রক্ষা, সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশবান্ধব নৌপর্যটন গড়ে তোলাই তার লক্ষ্য।

শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে রাজধানীর হাজারীবাগ থানার ঝাউচর গুদারা ঘাটে বোটটির পরীক্ষামূলক চালনা করা হয়। ৩৬ ফুট দীর্ঘ ও ১৪ ফুট প্রশস্ত বোটটি ডাবল হাল বা ক্যাটামারান নকশায় তৈরি করা হয়েছে। উদ্যোক্তা জানান, সাধারণ বোটের তুলনায় বেশি প্রশস্ত হওয়ায় এটি অধিক স্থিতিশীল ও নিরাপদ।

আব্দুল্লাহ আল মাহমুদ জানান, এটি তার তৈরি দ্বিতীয় ইলেকট্রিক বোট। ২০১৯ সালে প্রথম সৌরশক্তিচালিত বোট তৈরি করেন তিনি। সেটি ২০২১ সালে কানাডার প্লাগবোটস আয়োজিত ‘গুস্তাভ ত্রুভে ইলেকট্রিক বোট অ্যাওয়ার্ডস’ বা ‘দ্য গাসিস’ আন্তর্জাতিক প্রতিযোগিতায় কাস্টমাইজড/ডিআইওয়াই ইলেকট্রিক বোট বিভাগে প্রথম পুরস্কার অর্জন করে। তবে সরকারি সহযোগিতা না পাওয়ায় পাঁচ থেকে সাত বছর পর প্রথম বোটটির যন্ত্রাংশ ও প্রযুক্তি রক্ষণাবেক্ষণে আর্থিক ও কারিগরি সমস্যায় পড়তে হয় তাকে।

আরও পড়ুন: ঢাকা ডিসকাউন্ট ফেস্টে ডিজিটাল লেনদেনের দায়িত্বে ‘উপায়’

এবার নতুন সরকারের উদ্যোগ ও সরকারি পৃষ্ঠপোষকতায় প্রযুক্তিটি বাণিজ্যিকভাবে বাজারে আনতে চান তিনি। চলতি বছরের ২১ জুন নতুন বোটটির নির্মাণকাজ শুরু করেন। জাহাজের ক্যাপ্টেন হিসেবে বিভিন্ন দেশে কাজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এর নকশা ও প্রযুক্তি নির্ধারণ করেন। প্রয়োজনীয় অধিকাংশ যন্ত্রাংশ চীন থেকে আমদানি করেছেন। এর মধ্যে রয়েছে বিশেষ সোলার প্যানেল, ব্যাটারি, ইলেকট্রিক মোটর, বৈদ্যুতিক তার, ফ্যান, প্রপেলার, কন্ট্রোলার, চার্জিং সিস্টেম, সুইচসহ বিভিন্ন সরঞ্জাম।

নির্মাণ ব্যয় সম্পর্কে তিনি বলেন, সাধারণ বোটের তুলনায় প্রাথমিক খরচ ১৫ থেকে ২০ শতাংশ বেশি হতে পারে। বিদেশে এ ধরনের বিলাসবহুল বোট তৈরিতে ৭ থেকে ৮ কোটি টাকা ব্যয় হলেও বাংলাদেশে দেশীয় চাহিদা অনুযায়ী এটি তৈরি করতে খরচ হবে ৪০ থেকে ৫০ লাখ টাকা। যাত্রী পরিবহনের উপযোগী করে তৈরি করলে ব্যয় আরও কমানো সম্ভব।

আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, জ্বালানিচালিত নৌযানের পোড়া তেল, কালো ধোঁয়া ও ইঞ্জিনের শব্দ নদী ও পরিবেশের ক্ষতি করছে। বিশেষ করে সুন্দরবনে এসব শব্দ বাঘ, হরিণ ও পাখিসহ বন্য প্রাণীর স্বাভাবিক জীবনযাত্রায় বিরূপ প্রভাব ফেলতে পারে। ইলেকট্রিক বোটে জ্বালানি পোড়ানোর প্রয়োজন না থাকায় ধোঁয়া ও শব্দদূষণ কমবে। ফলে সুন্দরবন ও হাওরাঞ্চলে পরিবেশবান্ধব নৌপর্যটন গড়ে তোলা সম্ভব হবে।

নিজের উদ্যোগকে নতুন আবিষ্কার নয়, বরং বিদেশি প্রযুক্তির দেশীয় রূপান্তর হিসেবে দেখেন তিনি। তার লক্ষ্য, ব্যয়বহুল প্রযুক্তিকে বাংলাদেশের মানুষের সামর্থ্য অনুযায়ী সাশ্রয়ী করা। তিনি বলেন, বাংলাদেশ নদ-নদীর দেশ। নৌপথে পরিবেশবান্ধব নৌযান চালু করা গেলে যোগাযোগ ও পর্যটনে নতুন সম্ভাবনা তৈরি হবে।

আরও পড়ুন: বিমানবন্দর এলাকায় পাজেরোর ধাক্কায় দুই নির্মাণশ্রমিকের মৃত্যু

তবে এ প্রযুক্তির বিস্তারে সরকারি সহযোগিতা প্রয়োজন বলে মনে করেন তিনি। নরওয়ে ও সুইডেনের মতো দেশে পরিবেশবান্ধব প্রযুক্তির প্রসারে বিভিন্ন প্রণোদনা দেওয়া হয়েছে। বাংলাদেশেও নৌযান তৈরির উপকরণ আমদানি, বিনিয়োগ ও পরিচালনায় বিশেষ সুবিধা দেওয়া প্রয়োজন। নৌপরিবহণ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো এগিয়ে এলে নদ-নদী, সুন্দরবন ও হাওরাঞ্চলে এ ধরনের বোটের ব্যবহার বাড়বে। এতে জ্বালানিনির্ভরতা ও পরিবেশদূষণ কমার পাশাপাশি জীববৈচিত্র্য রক্ষায় ভূমিকা রাখা সম্ভব হবে।

পরীক্ষামূলক চালনায় উপস্থিত ছিলেন নদী ও পরিবেশ নিরাপত্তাবিষয়ক সামাজিক সংগঠন ‘আমরা দুর্বার’-এর সভাপতি এ সালাম, দৈনিক যুগান্তরের সাংবাদিক মো. জহিরুল ইসলাম, চ্যানেল আইয়ের মাল্টিমিডিয়া সাংবাদিক পান্না আক্তার, দৈনিক কালের সমাজের মাল্টিমিডিয়া সাংবাদিক ইসমাইল হোসেন, আবু আরশাদ খন্দকারসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও স্থানীয় ব্যক্তিরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে যুবকের কাছে উদ্ধার ৫ কোটি টাকার স্বর্ণ, গ্রেফতার সুধীর কুমার ধর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

১১:১০ পি.এম


চট্টগ্রামে যুবকের কাছে উদ্ধার ৫ কোটি টাকার স্বর্ণ, গ্রেফতার সুধীর কুমার ধর

চট্টগ্রামের একটি চেকপোস্টে তল্লাশি পরিচালনা করে ৩ কেজি ১২৯ দশমিক ৭ গ্রাম স্বর্ণসহ সুধীর কুমার ধর (৪১) নামে এক চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। এই স্বর্ণের বাজার মূল্য ৫ কোটি ৩৬ লাখ ৬২ হাজার টাকা বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) নগরীর আকবরশাহ থানার সিটি গেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

শুক্রবার (১৩ নভেম্বর) তাকে সংশ্লিষ্ট মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতার হওয়া সুধীর কুমার ধর চট্টগ্রামের বাঁশখালী উপজেলার উত্তর জলদী এলাকার দক্ষিণ বণিকপাড়ার ননী গোপাল ধরের পুত্র।

এ বিষয়ে নিশ্চিত করে আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজের হোসাইন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে সিটি গেট এলাকায় পুলিশ চেকপোস্টে তল্লাশি চালিয়ে চোরাই স্বর্ণসহ সুধীর কুমার ধরকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৫ কোটি ৩৬ লাখ ৬২ হাজার টাকা। এ ঘটনায় তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে এবং সেই মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সবুজবাগ থানায় খতমে নবুওয়ত কমিটি গঠন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

১১:১১ পি.এম


সবুজবাগ থানায় খতমে নবুওয়ত কমিটি গঠন

রাজধানীর খিলগাঁওয়ের পশ্চিম নন্দীপাড়ায় খতমে নবুওয়ত বিষয়ক ইসলাহী মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের সবুজবাগ থানা শাখার ৫১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) বাদ এশা পশ্চিম নন্দীপাড়ার আল মদিনা জামে মসজিদে ফিরাকে বাতিলা প্রতিরোধ কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

দারুল উলূম দক্ষিণগাঁও সবুজবাগ মাদরাসার মুহতামিম ও শাইখুল হাদীস এবং আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা শিব্বির আহমাদ কাসেমীর সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ ঢাকা মহানগরীর সভাপতি মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি।

মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শামসুল উলূম খিলগাঁও মাদরাসার শাইখুল হাদীস মাওলানা আব্দুস সামাদ, আবু বকর মসজিদ মাদরাসা বনশ্রীর শাইখুল হাদীস মুফতী বুরহান উদ্দীন, মাওলানা আব্দুর রাজ্জাক নদভী, মুফতী দেলাওয়ার হুসাইন, তাহাফফুজে খতমে নবুওয়তের যুগ্ম মহাসচিব মাওলানা মুজিবুর রহমান হামিদী, কেন্দ্রীয় অর্থ সম্পাদক মাওলানা ইউনুস ঢালী, মাওলানা নজির আহমাদ খান, ঢাকা মহানগরীর সহসভাপতি ও কেন্দ্রীয় সহকারী সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল কাইয়ুম কাসেমী এবং ঢাকা মহানগরীর সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মুফতী আল-আমীন ফয়জী। এ ছাড়া উপস্থিত ছিলেন মাওলানা নুরুল আলম নদভী, মাওলানা বাইজিদসহ অন্যান্য উলামায়ে কেরাম।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি বলেন, “আকিদায়ে খতমে নবুওয়ত ইসলাম ধর্মের অন্যতম মৌলিক ও অকাট্য আকিদা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হলেন খাতামুন নবুওয়ত বা শেষ নবী। তাঁর পরে কোনো নবী বা রাসূল আসার বিন্দুমাত্র সুযোগ নেই। কিন্তু বর্তমান সময়ে কাদিয়ানী সম্প্রদায় এই মৌলিক বিশ্বাসের মূলে কুঠারাঘাত করে সাধারণ মুসলমানদের ঈমান হরণের অপচেষ্টা চালাচ্ছে। খতমে নবুওয়তের এই পবিত্র আকিদা রক্ষায় দেশের প্রতিটি মুসলমানকে ইস্পাতসম ঐক্যের মাধ্যমে ঈমানবিরোধী এই ষড়যন্ত্র রুখে দাঁড়াতে হবে।”

সভাপতির বক্তব্যে মাওলানা শিব্বির আহমাদ কাসেমী বলেন, “কাদিয়ানীরা নিজেদের মুসলমান দাবি করলেও তারা খাতামুন নবুওয়তের অবমাননাকারী এবং ইসলাম ধর্মের একটি স্পষ্ট ও মীমাংসিত সত্যকে অস্বীকারকারী। কাদিয়ানীদের যেকোনো ধরনের চক্রান্ত ও অপতৎপরতা প্রতিহত করতে আমাদের তরুণ প্রজন্ম ও আলেম সমাজকে ঐক্যবদ্ধভাবে ময়দানে কাজ করতে হবে। খতমে নবুওয়তের পবিত্র আমানত রক্ষায় আমাদের জানমাল উৎসর্গ করতেও পিছপা হওয়া যাবে না।”

মাহফিলের শেষ পর্যায়ে আকিদায়ে খতমে নবুওয়ত হেফাজতের লক্ষ্যে আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের সবুজবাগ থানা শাখার নতুন কমিটি গঠন করা হয়।

এ সময় সংগঠনের কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ এবং স্থানীয় উলামায়ে কেরামদের সর্বসম্মতিক্রমে মাওলানা নজির আহমাদকে সভাপতি এবং মাওলানা বাহাউদ্দীনকে সেক্রেটারি করে ৫১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ, ২২২৪ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৪

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

১১:১১ পি.এম


টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ, ২২২৪ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৪

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় ২ হাজার ২২৪ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে, যা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ধর্মঘটকে কেন্দ্র করে ঘটেছে।

মামলাটি শুক্রবার (১৩ নভেম্বর) টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মোসলেম আলী বাদী হয়ে দায়ের করেন। মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২২৪ জনের নাম উল্লেখ করা হয়েছে, পাশাপাশি অজ্ঞাতনামা ১ হাজার ৫০০ থেকে ২ হাজার জনকে আসামি করা হয়েছে।

শুক্রবার বিকালে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী। তিনি জানান, এই ঘটনায় এখন পর্যন্ত ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের শুক্রবার বিকালে আদালতের মাধ্যমে গোপালগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ১০ নভেম্বর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী চৌরাস্তায় সমবেত হয়ে সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ শুরু করেন। পরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাদের সঙ্গে যোগ দিয়ে মিছিল বের করেন। একপর্যায়ে তারা সড়ক অবরোধ ও অগ্নিসংযোগের পাশাপাশি পুলিশ সদস্যদের বহনকারী সরকারি গাড়ির গতিরোধ করে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালান। লাঠিসোটা দিয়ে আঘাত করে গাড়ির সব কাচ ভেঙে ফেলা হয়।

পুলিশের পক্ষ থেকে তাদের ছত্রভঙ্গ হয়ে চলে যাওয়ার জন্য বারবার অনুরোধ করা হলেও তা উপেক্ষা করে গাড়িটিতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরবর্তীতে সরকারি সম্পত্তি ও পুলিশ সদস্যদের জানমাল রক্ষায় পুলিশ ১০ রাউন্ড রাবার বুলেট, ৫ রাউন্ড কাঁদানে গ্যাসের শেল (টিয়ারশেল) ও ৩ রাউন্ড সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নেভান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মালয়েশিয়ায় জাল ওয়ার্ক পারমিট তৈরি, দুই বাংলাদেশি গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

১১:১২ পি.এম


মালয়েশিয়ায় জাল ওয়ার্ক পারমিট তৈরি, দুই বাংলাদেশি গ্রেফতার

মালয়েশিয়ার অভিবাসন বিভাগ দুই বাংলাদেশিকে গ্রেফতার করেছে অস্থায়ী কর্মসংস্থান ভিসা (পিএলকেএস) জালিয়াতির অভিযোগে। তারা অবৈধভাবে ওয়ার্ক পারমিট সংগ্রহের জন্য জাল কাগজপত্র তৈরি করার একটি চক্রের সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। তাদের ১৪ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ১০টার দিকে পেনাং রাজ্যের সেবেরাং পেরাই সেলাতান জেলার সিম্পাং আমপাট এলাকার একটি আবাসিক ভবনে ‘অপ সারকাপ’ নামের বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

পেনাং রাজ্য অভিবাসন বিভাগের পরিচালক শামসুল ফিতরি আহমাদ জানান, গ্রেফতারকৃতদের বয়স ২৩ ও ৩২ বছর। তারা অভিবাসন সংক্রান্ত জাল পাশ তৈরির চক্রের সঙ্গে সরাসরি জড়িত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

রাজ্য অভিবাসন বিভাগের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, অভিযানের সময় ওই আবাসিক ভবনে তল্লাশি চালিয়ে একজনের কাছে অন্য ব্যক্তির পরিচয় ও তথ্য ব্যবহার করে তৈরি করা ই-পাশের মুদ্রিত কপি পাওয়া যায়। এছাড়া, কয়েকটি পরিবর্তিত ই-পাশের কপিও উদ্ধার করা হয়েছে, যেগুলো ওই ব্যক্তির নিজস্ব নয়।

অভিবাসন বিভাগের প্রাথমিক তদন্তে জানা গেছে, আবাসিক ভবনটি বিদেশি নাগরিকদের তথ্য পরিবর্তন এবং বিভিন্ন নথি জাল করে ছাপানোর কাজে ব্যবহৃত হত। কর্তৃপক্ষের ধারণা, এর মাধ্যমে অবৈধভাবে অস্থায়ী কর্মসংস্থান ভিসা (পিএলকেএস) সংগ্রহের ব্যবস্থা করা হত। তদন্ত চলছে কতজন বিদেশি নাগরিক পিএলকেএসের জন্য আবেদন করেছেন অথবা ওয়ার্ক পারমিট সংগ্রহ করেছেন তা শনাক্ত করার জন্য।

অভিযানকালে জালিয়াতির কাজে ব্যবহৃত সন্দেহে একটি প্রিন্টার, একটি ল্যাপটপ এবং এক পাকিস্তানি নাগরিকের পাসপোর্ট জব্দ করা হয়েছে। উদ্ধার করা সরঞ্জাম ও নথিপত্র পরীক্ষা করে এ চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে অভিবাসন বিভাগ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১২ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%